× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পূরবী বসুকে নিয়ে কিছু স্মৃতি

অলক কুমার মিত্র

প্রকাশ : ১৯ মিনিট আগে

পূরবী বসু। ছবি: সংগৃহীত

পূরবী বসু। ছবি: সংগৃহীত

সাহিত্যিক ও বিজ্ঞানী-গবেষক পূরবী বসুর প্রয়ান ঘটেছে অতিসম্প্রতি। হঠাৎ করে আসা তার মৃত্যুসংবাদ স্বজন ও ভক্ত-সুহৃদদের মেনে নিতে কষ্ট হচ্ছে। বিক্রমপুরের সন্তান পূরবী বসুর সঙ্গে আমার রয়েছে রক্ত সম্পর্কীয় আত্মীয়তার বন্ধন।  আমার মা ছিলেন তার বড় বোন। ছয় বোন দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। এমন স্বজন-আত্মীয় পেয়ে আমরা গর্বিত। পূরবী মাসির সাথে আমার স্মৃতির কথা বলে শেষ করার মতো নয়। লিখতে বসে সব এলোমেলো হয়ে গেছে।  সেই ছোটবেলা হতে আমি মাসি-মামাদের আদরে বড় হয়েছি। কারণ, মাতৃকুলে ছিলাম তাদের বড় ভাগনে। তাদের কোলেপিঠে উঠেই কেটেছে আমার শৈশব-কৈশোর। পূরবী মাসি ছিলেন আমাদের সব দুষ্টুমির আশ্রয়-প্রশ্রয়দাতা।

পূরবী বসু শুধু একজন লেখক বা বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন মানবিক একজন মানুষ। আমিসহ আমার শুভানুধ্যায়ীরা লৌহজংয়ের তরুণ কবি রাজিবের চিকিৎসা সংক্রান্ত কাজে মানুষের দ্বারে দ্বারে যখন ঘুরছিলাম, তখন আমেরিকা থেকে একটা বড় অঙ্কের টাকা চিকিৎসা তহবিলে দান করেন তিনি। বিক্রমপুরের মেধাবী গরিব একটি মেয়ে যখন টাকার অভাবে মেডিকেল কলেজে ভর্তি হতে পারছিল না, তখন অনুজ হান্নান মাসিকে জানালে মাসি সেখানেও একটা বড় সহযোগিতা করেন। বঙ্গীয় পাঠাগারেও তিনি প্রথম আর্থিক সহায়তা করেন। শুধু বিক্রমপুর নয়, তার মানবিকতা ছিল দল, দেশ, জাত, ধর্মের ওপরে।

২১ সেপ্টেম্বর ১৯৪৯, বাংলাদেশের মুন্সীগঞ্জ শহরে তার জন্ম। মফস্বল শহর মুন্সীগঞ্জ হতে তার সাহিত্য-সংস্কৃতির হাতেখড়ি। মুন্সীগঞ্জ শহর থেকে সে সময় প্রকাশিত ‘গ্রাম বার্তা’র নিয়মিত লেখক ছিলেন। ১৯৬৭ সালে মাসির বিয়ে হয় কথাসাহিত্যিক জ্যোতি প্রকাশ দত্তের সঙ্গে। জ্যোতি প্রকাশ দত্ত শহীদ অধ্যাপক ড. গোবিন্দ চন্দ্র দেবের দত্তক পুত্র। থাকতেন ফুলার রোডে। মাসির বিয়ের পর লাল রঙের সে বাড়িতে আমি বহুদিন থেকেছি। 

মূলত মাসি পূরবী বসুর উৎসাহে আমি পত্রিকায় চিঠিপত্র বিভাগে লেখা শুরু করি। সে থেকেই আমার সামান্য লেখালেখির শুরু। তিনি তার বই ‘নোবেল বিজয়ী নারী’ সাংবাদিক সোহরাব হাসানের সাথে আমাকে উৎসর্গ করে অপরিশোধ্য স্নেহঋণে আবদ্ধ করে গেছেন। অথচ আমার বিবেচনায় এ সম্মানের কোনো যোগ্যতাই আমার ছিল না। 

১৯৬৫ সালে তিনি সম্মিলিত বোর্ডে মেধা তালিকায় চতুর্থ হয়ে মানবিক বিভাগ হতে মেট্রিক পাস করেন। হরগঙ্গা কলেজে ভর্তি হলেও তিনি পরবর্তী সময়ে ঢাকার ইডেন কলেজে চলে আসেন এবং বিজ্ঞান বিভাগে ভর্তি হন। হরগঙ্গা কলেজে অধ্যয়নকালে তিনি ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র ইউনিয়নের প্যানেল থেকে সাহিত্য সম্পাদক পদে ছাত্র লীগ প্রার্থী (পরবর্তীকালে জনপ্রিয় টিভি অভিনেতা ও নাট্যকার) আল মানসুরকে পরাজিত করে নির্বাচিত হন। 

পূরবী বসু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রে মেডিকেল কলেজ অব পেনসিলভানিয়া থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর এবং ইউনিভার্সিটি অব মিসৌরি থেকে পুষ্টিবিজ্ঞানে পিএইচডি লাভ করেন। তিনি নিউইয়র্কের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টারে গবেষণা কর্মকর্তা হিসেবে কাজ করেন এবং কর্নেল ইউনিভার্সিটিতে অধ্যাপনা ও গবেষণায় যুক্ত ছিলেন। দীর্ঘদিন প্রবাসজীবন শেষে কিছুদিনের জন্য তিনি দেশে আসেন। আমাদের মুক্তিযুদ্ধের সময় তার স্বামী জ্যোতি প্রকাশ দত্ত শহীদ কাদরী, আবু সায়িদ চৌধুরী প্রমুখের সাথে নিউইয়র্কে জাতিসংঘের সামনে বাংলাদেশের পক্ষে বিক্ষোভ সমাবেশে অংশ নেন। 

তিনি বাংলাদেশে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং ব্র্যাকের স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। নারীর জীবন ও আত্মোপলব্ধি, প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম এবং সাম্প্রদায়িক সম্প্রীতি তার লেখায় উঠে এসেছে। পূরবী বসুর একক লেখা ছোটগল্প, প্রবন্ধ ও গবেষণা গ্রন্থসহ মোট প্রকাশিত বইয়ের সংখ্যা ৪০টি। এ ছাড়া যৌথ সম্পাদনায় কয়েকটি বই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত হয়েছে। 

তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘প্রাচ্য পুরাণ ও প্রাচ্যে পুরাতন নারী,’ ‘আমার এ দেহখানি,’ ‘অবিনাশী যাত্রা,’ ‘আজন্ম পরবাসী,’ ‘জোছনা করেছে আড়ি’, ‘দিনরাত্রির ছায়াঘর ও নারী’ ‘সৃষ্টি ও বিজ্ঞান’ ইাত্যাদি উল্লেখযোগ্য। সাহিত্যে অবদানের জন্য তিনি ২০০৫ সালে অনন্যা সাহিত্য পুরস্কার, ২০১৪ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। পূরবী বসু একজন লেখক হিসেবে, একজন বিজ্ঞানী হিসেবে অমর হয়ে থাকবেন।

 পূরবী বসুর সঙ্গে আমা শেষ দেখা ২০২৩ সালে। তিনি নিয়ম করে প্রতিবছর দেশে আসতেন, বিশেষ করে অমর একুশে বইমেলার সময়। কখনও কখনও বছরে দুবারও আসতে স্বামী জ্যোতিপ্রকাশ দত্তসহ। তখন তাদের শান্তিনগরের বাসটি লেখক-সাংবাদিক, স্বজন-শুভানুধ্যায়ী বন্ধুদের কলরবে মুখরিত হয়ে উঠত। মাতৃভূমির প্রতি প্রবল টান থাকা সত্ত্বেও শারীরিক অসুস্থতা ও সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হওয়ার কারণে তিনি আর আসতে পারেন নি।  

পূরবী বসুর লেখা ‘অবিনাশী যাত্রা’ গল্পের শেষ পঙ্‌ক্তি ছিলÑ ‘আজ কেউ নেই, কিছু নেই, তবুও সেখানেই ফিরে যাচ্ছি।’ তেমনি তিনি নিজেও এ নশ্বর পৃথিবীর ভ্রমণ শেষে শেষে যাত্রা করেছেন অনন্তলোকের পথে। যে পথে তার সঙ্গে কেউ নেই, কিছু নেই।

লেখক: সাংবাদিক

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা