ব্যক্তির হাতে অলস অর্থ
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
গতকাল প্রতিদিনের বাংলাদেশে ‘ব্যাংকের টাকা ঘরে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে যেসব তথ্য তুলে ধরা হয়েছে, তাতে দেশের আর্থিক খাতের চরম অব্যবস্থাপনার চিত্র এবং সে সঙ্গে দেশে চলমান সহিংস ঘটনায় ঘরে মজুদ টাকা ব্যবহৃত হয়েছে বলে এক ভয়াবহ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বর্তমানে ব্যাংকিংব্যবস্থার বাইরে রয়েছে প্রায় ৩ লাখ ১১ হাজার কোটি টাকারও বেশি সম্পদ। ২০২৪ সালে এর পরিমাণ ছিল ২ লাখ ৯০ হাজার ৪৩৬ কোটি ৫০ লাখ টাকা। অর্থাৎ সোয়া দুই বছরে ব্যাংকের বাইরে জমেছে ২০ হাজার ৬২৯ কোটি ১০ লাখ টাকা, শতাংশ হিসেবে ৭ দশমিক ১৫ শতাংশ। এ সময়ে দেশে সিন্দুক বিক্রির পরিমাণও বেড়েছে। অর্থাৎ মানুষ তাদের উদ্বৃত্ত অর্থ ব্যাংকে জমা না রেখে বাড়িতে নিজেদের হেফাজতে রাখছে। বলার অপেক্ষা রাখে না, নানা কারণে দেশের ব্যাংকিংব্যবস্থার ওপর মানুষের আস্থায় বড় ধরনের চিড় ধরেছে। তারা এখন ব্যাংকে টাকা রাখতে নিরাপদ বোধ করে না। ব্যাংকে টাকা রাখতে অনাগ্রহী মানুষদের মধ্যে দুটি শ্রেণি রয়েছে। এক. যারা ব্যাংকিংব্যব্স্থা সম্পর্কে সম্যক অবগত ও অভ্যস্ত নয়। দুই. যাদের অর্থ আয়ের উৎস প্রশ্নবিদ্ধ। অর্থাৎ বেআইনি পথে অর্জিত অর্থ তারা ব্যাংকে গচ্ছিত রাখা নিরাপদ মনে করে না।
এমনিতে আমাদের দেশের প্রান্তিক পর্যায়ের মানুষরা ব্যাংক লেনদেনে অভ্যস্ত নয়। তার ওপর সময়ে সময়ে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের আমানতসহ মূলধন খেলাপি হওয়ার খবর তাদের শঙ্কিত করে সঙ্গত কারণেই। বিগত চল্লিশ বছরের মধ্যে দেশের বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের দেউলিয়া হওয়া এবং তার ফলে গ্রাহক ও আমানতকারীদের ক্ষতিগ্রস্ত হওয়ার খবর কারও অজানা নয়। সেসব ঘটনা দেশের ব্যাংকিং সেক্টরে অরাজকতা ও লুটপাটের স্বাক্ষর বহন করছে। শুধু তা-ই নয়, বেসরকারি ব্যাংকগুলোর উদ্যোক্তা-পরিচালকদের যথেচ্ছ লুটপাট ও অর্থ পাচার দেশের বেশ কয়েকটি বড় ও নামিদামি ব্যাংককে জীবন্মৃত অবস্থায় উপনীত করেছে। তারল্য সংকটে ভোগা ওই সব ব্যাংককে অর্থ সরবরাহ করে সচল রাখতে বাংলাদেশ ব্যাংককে হিমশিম খেতে হচ্ছে। এসব খবর সাধারণ মানুষকে ব্যাংক বিমুখ করে তুলেছে। তারা মনে করছে, নিজের কষ্টার্জিত টাকা ব্যাংক মালিকদের তহবিল স্ফীত করার কাজে না লাগিয়ে নিজের হেফাজতে রাখাই শ্রেয়। ব্যাংকব্যবস্থার প্রতি জনমনের এ নেতিবাচক ধারণাই বিপুল পরিমাণ অর্থ ব্যাংক খাতের বাইরে চলে যাওয়ার প্রধান কারণ। তা ছাড়া চোরাচালান, ঘুষ-দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে আয় করা অর্থও ব্যাংকে আসছে না।
অর্থনীতিবিদদের মতে, ব্যাংকিংব্যবস্থার বাইরে ব্যক্তির হাতে অর্থ মজুদের পরিমাণ বেড়ে যাওয়া দেশের আর্থিক খাতে শৃঙ্খলার অভাবকে মনে করিয়ে দেয়। এই বিপুল পরিমাণ নগদ অর্থ মূলত ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের আয়কর না দেওয়া কালো টাকা। হিসাবের বাইরে জমে ওঠা এসব কালো টাকা চোরাচালান, মানি লন্ডারিং এবং সামাজিক ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের কাজে ব্যবহৃত হয়ে থাকে। অনেকের মতে, সম্প্রতি পোশাক শিল্প শ্রমিকদের আন্দোলন এবং গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের তথাকথিত আন্দোলনে অর্থের জোগান এসেছে ব্যক্তির হাতে থাকা কালো টাকা থেকেই।
আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো ও জবাবদিহি প্রতিষ্ঠার জন্য নানা রকম উপায় অবলম্বনের অভিমত দিয়েছেন আর্থিক খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ঘুষ, দুর্নীতি বা চাঁদাবাজির মাধ্যমে যারা অর্থ আয় করে, তারা ব্যাংকে টাকা রাখতে নিরাপদ মনে করে না। তারা অর্থ নিজেদের ঘরেই সঞ্চয় করে। অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেছেন, অর্থনীতির একটি বড় অংশ এখনও অনানুষ্ঠানিক লেনদেনের ওপর নির্ভরশীল। যে কারণে ব্যাংকে লেনদেন বাড়ছে না। বিশেষজ্ঞরা ব্যাংকিং লেনদেন সহজ করা এবং ডিজিটাল লেনদেন প্রসারের ওপরও গুরুত্ব দিয়েছেন। এ সমস্যা নিরসনের লক্ষ্যে কেউ কেউ ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পরামর্শ দিয়েছেন। তাদের মতে, মানুষ সাধারণত বড় নোটই জমিয়ে রাখে। নির্দিষ্ট সময় দিয়ে সেসব নোট বাতিলের ঘোষণা দিলে ব্যাংকিংব্যবস্থার বাইরে থাকা বিপুল পরিমাণ অর্থের একটি বড় অংশ ব্যাংকে জমা হবে। বিভিন্ন দেশে এ পদক্ষেপ অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। তাই আমরা মনে করি, বড় নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়াই হবে ঘরে থাকা বেহিসাবি টাকা ব্যাংকে ফেরানোর, অর্থাৎ হিসাবের মধ্যে আনার সবচেয়ে সময়োপযোগী পদক্ষেপ। এতে আয়কর আদায় করে সরকারের রাজস্ব আয়ও বাড়ানো যাবে। তা ছাড়া বর্তমানে কিছু ব্যাংক যে তারল্য সংকটে ভুগছে, ব্যক্তির হাতে জমে থাকা এই বিপুল পরিমাণ অর্থ জমা হলে সে সংকটেরও কিছুটা সমাধান হবে।
বস্তুত দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ব্যক্তির আয়কে জবাবদিহির আওতায় আনার লক্ষ্যে সরকারের দ্রুত কাযকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ব্যক্তির ঘরে অলস পড়ে থাকা অর্থকে ব্যাংকিং খাতে ফেরালে তা জাতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব হবে।