মো. মোয়াজ্জেম হোসেন বাদল। প্রতিকৃতি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার আকাশে এখন আর কেবল ধুলা ও ধোঁয়াই জমে না, জমে নাগরিকের অসহায়ত্বও। প্রতিদিন সকালে ঘর থেকে বের হওয়া লাখো মানুষের অজান্তেই শুরু হয় বিষাক্ত বাতাসের সঙ্গে লড়াই। শিশু বিদ্যালয়ে যাচ্ছে, শ্রমজীবী মানুষ জীবিকার সন্ধানে রাস্তায় নামছেন, অফিসগামী মানুষ যানজটে আটকে থাকছেনÑ তাদের প্রত্যেকের ফুসফুসে প্রবেশ করছে দূষিত বায়ুকণা। অথচ সুস্থভাবে বেঁচে থাকার জন্য নির্মল বাতাস পাওয়ার অধিকার রাজধানীর প্রতিটি মানুষের। সেই অধিকার নিশ্চিত করতে না পারা রাষ্ট্রীয় ও সামাজিক ব্যর্থতার ইঙ্গিতই বহন করে।
১৮ নভেম্বর প্রতিদিনের বাংলাদেশসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে রাজধানীর ভয়াবহ বায়ুদূষণের চিত্র তুলে ধরা হয়েছে। গণমাধ্যমে বলা হয়েছে, সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের বৈশ্বিক সূচকে ১৭ নভেম্বর মঙ্গলবার ঢাকার বায়ুমান সূচক ৩৯৫-এ পৌঁছায়। একই সময়ের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল ভারতের কলকাতা, যার একিউআই ২৫৬। তৃতীয় পাকিস্তানের লাহোর, ২২০। চতুর্থ ভারতের মুম্বাই, ১৭২ এবং পঞ্চম পাকিস্তানের করাচি, ১৭০। তার মানে বিশ্বের সবচেয়ে দূষিত পাঁচ নগরীর তালিকায় দক্ষিণ এশিয়ার চারটি শহরের নাম রয়েছে। আইকিউএয়ারের তথ্য অনুযায়ী ঢাকার বাতাসের দূষণ এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে সুস্থ মানুষের জন্যও বাইরে অবস্থান করা ঝুঁকিপূর্ণ। সহজ করে বললে যা বিপজ্জনক বা ‘হ্যাজার্ডাস’ পর্যায়ে। এই সূচক ঢাকার দীর্ঘদিনের বায়ুদূষণ সমস্যার গভীরতা উপলব্ধি করার জন্য যথেষ্ট।
বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার দূষণ কমাতে হলে বিচ্ছিন্ন অভিযান দিয়ে কাজ হবে না। বিশ্বব্যাংকের গবেষণায় শিল্পকারখানায় উন্নত ফিল্টার ও দূষণ নিয়ন্ত্রণ প্রযুক্তি স্থাপন, আধুনিক ইটভাটা চালু, নির্মাণস্থল ঢেকে রাখা, সড়কের ধুলা নিয়ন্ত্রণ এবং উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ানো বন্ধের ওপর গুরুত্ব দেওয়া জরুরি। একই সঙ্গে পুরনো যানবাহন পর্যায়ক্রমে সরিয়ে আধুনিক গণপরিবহন ও বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানোর কথা তারা বলছেন।
প্রশ্ন হচ্ছে, ঢাকার বায়ুমান কেন এমন বিপজ্জনক অবস্থায়? কেন দূষণ নিয়ন্ত্রণে নানা পরিকল্পনা, আইন, অভিযান ও সতর্কবার্তা থাকার পরও পরিস্থিতির স্থায়ী উন্নতি হচ্ছে না? সমস্যাটি কি কেবল জনসংখ্যার চাপ ও যানবাহনের আধিক্য, নাকি এর পেছনে রয়েছে অপরিকল্পিত নগরায়ণ, শিল্পকারখানার অনিয়ন্ত্রিত নিঃসরণ, জ্বালানির অনুপযুক্ত ব্যবহার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়হীনতাÑ এসব প্রশ্নের উত্তর খুঁজতে হবে দূষণের উৎস ও তার নিয়ন্ত্রণব্যবস্থার মধ্যে।
বিশ্বব্যাংকের ২০২৩ সালের বাংলাদেশ কান্ট্রি এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস এবং পরবর্তী বিশ্লেষণগুলোতে ঢাকার বায়ুদূষণের একাধিক উৎস চিহ্নিত হয়েছে। এর মধ্যে রয়েছে গৃহস্থালিতে কঠিন জ্বালানির ব্যবহার, বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র, ইটভাটা, শিল্পকারখানা, বর্জ্য পোড়ানো, রাস্তার ধুলা এবং যানবাহনের ধোঁয়া। ঢাকার জনসংখ্যাভিত্তিক বার্ষিক গড় সূক্ষ্ম বস্তুকণা বা পিএম ২.৫-এর সংস্পর্শের ক্ষেত্রে বিশ্বব্যাংকের একটি বিশ্লেষণে গৃহস্থালি উৎসের অবদান ২৮ শতাংশ, বিদ্যুৎ উৎপাদনের ২৪ শতাংশ, ইটভাটার ১৩ শতাংশ, পৌর বর্জ্য খোলা জায়গায় পোড়ানোর ১১ শতাংশ, সড়কের ধুলার ৮ শতাংশ এবং সড়ক পরিবহনের নিঃসরণের ৪ শতাংশ বলা হয়েছে।
ইটভাটার দূষণ ঢাকার জন্য দীর্ঘদিনের উদ্বেগের কারণ। রাজধানীর আশপাশে সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় অবস্থিত ইটভাটা থেকে নির্গত ধোঁয়া ও সূক্ষ্ম কণা বাতাসের প্রবাহে রাজধানীর ভেতরে চলে আসে। দূষণ রোধে উন্নত প্রযুক্তি ব্যবহারের দাবি থাকলেও প্রযুক্তির কার্যকারিতা, জ্বালানির মান এবং পরিবেশগত ছাড়পত্রের যথাযথ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন রয়েছে। এসব অবৈধ ও দূষণকারী ভাটা বন্ধ করতে হবে, অনুমোদিত ভাটায় নির্গমন পর্যবেক্ষণ করতে হবে এবং পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার বাড়াতে হবে।
নগরের আরেকটি বড় সমস্যা নির্মাণকাজ ও সড়কের ধুলা। প্রতিদিন রাজধানীর বিভিন্ন স্থানে রাস্তা খোঁড়াখুঁড়ি, ভবন নির্মাণ, উন্নয়ন প্রকল্প এবং অবকাঠামো সংস্কারের কাজ চলছে। এসব কাজের সময় নির্মাণসামগ্রী খোলা অবস্থায় পরিবহন, বালু-সিমেন্ট রাস্তার পাশে ফেলে রাখা, খনন করা মাটি দিনের পর দিন উন্মুক্ত রাখা এবং কাজ শেষে যথাযথভাবে স্থান পরিষ্কার না করায় বাতাসে বিপুল পরিমাণ ধুলা ছড়িয়ে পড়ে। উন্নয়নের নামে নাগরিকের শ্বাস নেওয়ার পরিবেশ ধ্বংস করা গ্রহণযোগ্য হতে পারে না। প্রতিটি নির্মাণ প্রকল্পে ধুলা নিয়ন্ত্রণের বাধ্যতামূলক ব্যবস্থা, ঢেকে নির্মাণসামগ্রী পরিবহন, নিয়মিত পানি ছিটানো এবং কাজ শেষে রাস্তা পরিষ্কারের বিধান কার্যকর করতে হবে।
ফিটনেসবিহীন গাড়ি, পুরনো ডিজেলচালিত যানবাহন, নিম্নমানের জ্বালানি এবং যানজটের কারণে দীর্ঘ সময় ইঞ্জিন চালু রেখে দাঁড়িয়ে থাকার প্রবণতা বায়ুদূষণ বাড়ায়। বিআরটিএ, পরিবেশ অধিদপ্তর ও ট্রাফিক পুলিশের মধ্যে কার্যকর সমন্বয় ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয়। যানবাহনের নিয়মিত নির্গমন পরীক্ষা, ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, পরিচ্ছন্ন জ্বালানির প্রসার এবং উন্নত গণপরিবহন নিশ্চিত করতে হবে। ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা কমিয়ে নিরাপদ, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা দরকার।
বর্জ্য ব্যবস্থাপনাও বায়ুদূষণের সঙ্গে সরাসরি সম্পর্কিত। বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য খোলা জায়গায় পোড়ানোর ফলে বিষাক্ত ধোঁয়া ছড়ায়। এ প্রবণতা বন্ধ করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং বৈজ্ঞানিক উপায়ে বর্জ্য প্রক্রিয়াকরণের ব্যবস্থা করতে হবে। নাগরিকদের সচেতন করার পাশাপাশি বর্জ্য পোড়ানোর বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও আইন প্রয়োগ প্রয়োজন।
বায়ুদূষণের স্বাস্থ্যগত প্রভাব আরও ভয়াবহ। বিশ্বব্যাংকের ২০২৪ সালের বাংলাদেশ পরিবেশ বিষয়ক প্রতিবেদনে বায়ুদূষণ, অনিরাপদ পানি, অপর্যাপ্ত স্যানিটেশন ও সিসার সংস্পর্শসহ পরিবেশগত সমস্যার কারণে বছরে দুই লাখ ৭২ হাজারের বেশি অকালমৃত্যু এবং ৫২০ কোটি দিন অসুস্থতায় কাটানোর হিসাব তুলে ধরা হয়েছে। এই পরিসংখ্যান আমাদের বুঝিয়ে দেয়, পরিবেশদূষণ কোনো বিচ্ছিন্ন সমস্যা নয়; এটি জাতীয় জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্যও বড় হুমকি। পিএম ২.৫-এর মতো অতি সূক্ষ্ম কণা ফুসফুসের গভীরে প্রবেশ করে রক্তপ্রবাহে পৌঁছাতে পারে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন এমন বাতাসে বসবাস করলে হাঁপানি, ফুসফুসের রোগ, হৃদরোগ, স্ট্রোকসহ বিভিন্ন জটিলতার ঝুঁকি বাড়ে। শিশু, প্রবীণ, গর্ভবতী নারী, শ্রমজীবী মানুষ এবং আগে থেকে শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা বিশেষভাবে ঝুঁকিতে থাকেন।
আমাদের মনে রাখতে হবে, বায়ুদূষণ কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। পরিবেশ অধিদপ্তর, সিটি করপোরেশন, রাজউক, বিআরটিএ, সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বিদ্যুৎ বিভাগ, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং শিল্প মন্ত্রণালয়ের মধ্যে কার্যকর সমন্বয় থাকতে হবে। ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে একটি শক্তিশালী আন্তঃসংস্থা সমন্বয়ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। কোন এলাকায় কী পরিমাণ দূষণ হচ্ছে, কোন উৎস থেকে কতটা নিঃসরণ ঘটছে, কোন প্রতিষ্ঠান কী ব্যবস্থা নিচ্ছে এবং সেই ব্যবস্থার ফল কীÑ এসব তথ্য নিয়মিত জনসমক্ষে প্রকাশ করতে হবে। দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনতে হবে।
একই সঙ্গে আঞ্চলিক ও আন্তঃসীমান্ত দূষণের বিষয়টিও বিবেচনায় নিতে হবে। বিশ্বব্যাংকের বিশ্লেষণ অনুযায়ী, বৃহত্তর ঢাকা অঞ্চলের সূক্ষ্ম বস্তুকণার দূষণের একটি অংশ ওই অঞ্চলের বাইরের উৎস থেকেও আসে। তাই জাতীয় পর্যায়ে সমন্বিত বায়ুমান ব্যবস্থাপনা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তথ্য বিনিময় ও সহযোগিতাও গুরুত্বপূর্ণ। তবে নাগরিকদের ভূমিকাও উপেক্ষা করার সুযোগ নেই। যেখানে-সেখানে বর্জ্য না ফেলা, বর্জ্য না পোড়ানো, ব্যক্তিগত গাড়ির অপ্রয়োজনীয় ব্যবহার কমানো, নির্মাণকাজে নিয়ম মানা এবং পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলা জরুরি। শুধু তাই নয়, বায়ুমান অত্যন্ত খারাপ হলে স্বাস্থ্য সতর্কতা জারি, দূষণের মাত্রা সম্পর্কে নিয়মিত তথ্য প্রকাশ, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় পরামর্শ এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। তবে মাস্ক পরা, ঘরে থাকা কিংবা দূষণের দিনে বাইরে কম বের হওয়ার পরামর্শ কোনো স্থায়ী সমাধান নয়। বিশেষ করে দিনমজুর, রিকশাচালক, নির্মাণশ্রমিক, পরিবহনকর্মী ও পথের ক্ষুদ্র ব্যবসায়ীদের ঘরে থাকার সুযোগ নেইÑ তাদের সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রের।
আমি মনে করি, ঢাকার বাতাসকে শ্বাস নেওয়ার উপযোগী করে তোলা অসম্ভব নয়। প্রয়োজন উন্নয়ন ও পরিবেশের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করা। নগর পরিকল্পনায় পর্যাপ্ত খোলা জায়গা, জলাধার, সবুজ এলাকা ও গাছপালা সংরক্ষণ করা। এসব বাস্তবায়নে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, বৈজ্ঞানিক পরিকল্পনা, কঠোর আইন প্রয়োগ এবং নাগরিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। দূষণের উৎস চিহ্নিত করে একে একে নিয়ন্ত্রণ করতে হবে। শুধু দূষণের সূচক বেড়ে গেলে সতর্কবার্তা দিয়ে, সাময়িক অভিযান চালিয়ে কিংবা দায় অন্যের ওপর চাপিয়ে দায়িত্ব শেষ করা যাবে না।
আমরা এমন এক ঢাকা চাই, যেখানে একটি শিশু নির্মল বাতাসে খেলতে পারবে, একজন প্রবীণ নিশ্চিন্তে হাঁটতে পারবেন, একজন শ্রমজীবী মানুষ জীবিকার সন্ধানে বেরিয়ে বিষাক্ত বাতাসের কাছে অসহায় হয়ে পড়বেন না। মনে রাখতে হবে, নাগরিকের সুস্থভাবে বেঁচে থাকার অধিকার কোনো অনুগ্রহ নয়, এটি রাষ্ট্র ও সমাজের কাছে তার ন্যায্য প্রত্যাশা। তাই ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে এখন আর আশ্বাস নয়, প্রয়োজন দৃশ্যমান ও পরিমাপযোগ্য পদক্ষেপ। দূষণের উৎস নিয়ন্ত্রণই হোক প্রধান লক্ষ্য, মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষাই হোক সব উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রবিন্দু।
নীতিমালা আছে, পরিকল্পনা আছে, বিশেষজ্ঞদের পরামর্শও রয়েছে কিন্তু বাস্তবায়নে ঘাটতি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়হীনতায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না। রাজধানীকে বসবাসযোগ্য রাখতে হলে পরিবেশ অধিদপ্তর, দুই সিটি করপোরেশন, সড়ক পরিবহন কর্তৃপক্ষ, রাজউক, স্থানীয় সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে সমন্বিতভাবে প্রকল্প গ্রহণের কথা ভাবতে হবে। মনে রাখতে হবে, ঢাকার বায়ুদূষণ এখন কেবল পরিবেশগত সমস্যাই নয়, এটি জনস্বাস্থ্য এবং অর্থনীতির জন্যও বড় ধরনের হুমকি।
লেখক: কলামিস্ট ও শিল্পোদ্যোক্তা