× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অর্থনীতিতে নারীর অবদান ও প্রতিবন্ধকতা

আফিয়া মোবাশসিরা ঐশী

প্রকাশ : ১৫ মিনিট আগে

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

এদেশের লাখো ঘরে শুরু হয় এক নীরব কর্মযজ্ঞ, যার অন্যতম চালিকাশক্তি নারী। গৃহস্থালির কাজ সামলে কেউ ছুটে চলেন পোশাক কারখানায়, কেউ বাড়ির আঙিনায় গড়ে তোলেন ছোট খামার, আবার কেউ  মোবাইল ফোনের পর্দায় বুনে চলেন অনলাইন ব্যবসার স্বপ্ন। শহর থেকে গ্রাম সর্বত্রই নারীরা তাদের শ্রম, মেধা ও উদ্যোগে তৈরি করছেন নিজস্ব পরিচয়।

একজন নারী নিজের উদ্যোগে ব্যবসা শুরু করতে চান, তার পরিকল্পনা আছে, পরিশ্রম করার মানসিকতা আছে, এমনকি নিজের তৈরি পণ্য নিয়ে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্নও আছে। কিন্তু ব্যবসা বড় করার জন্য যখন তিনি ব্যাংকের দরজায় যান, তখন তার সামনে নতুন এক বাধা এসে দাঁড়ায়। প্রয়োজনীয় জামানত, নিজ নামে সম্পত্তির দলিল কিংবা গ্যারান্টরের অভাবে অনেক নারী উদ্যোক্তাকেই ঋণ পেতে নানা জটিলতার মুখোমুখি হতে হয়। এ থেকেই প্রশ্ন আসে অর্থনীতিতে নারীর গুরুত্বপূর্ণ অবদান থাকা সত্ত্বেও ব্যাংকঋণ ও অর্থায়নের ক্ষেত্রে কেন তারা সমান সুযোগ পাচ্ছেন না এবং অর্থায়নের এই বৈষম্য কি নারীর অর্থনৈতিক অগ্রগতির পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে!

অনেক নারীর নিজ নামে জমি বা ফ্ল্যাট না থাকায় ঋণ পেতে সমস্যা হয়। বাংলাদেশ ব্যাংকের নীতিমালায় নারী উদ্যোক্তাদের জন্য ২৫ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণের সুযোগ থাকলেও প্রয়োজনীয় কাগজপত্র ও ব্যাংকিং প্রক্রিয়ার জটিলতা অনেকের জন্য বাধা হয়ে দাঁড়ায়। আর এই সমস্যাগুলোর কারণে নারী উদ্যোক্তারা তাদের প্রয়োজনীয় সময়ে ঋণ পান না। ফলে অনেক নারী উদ্যোক্তার ব্যবসা ছোট পরিসরেই সীমাবদ্ধ থেকে যায়। কেউ নতুন উদ্যোগ শুরু করার চেষ্টা করেও ব্যর্থ হন, আবার কেউ পর্যাপ্ত পুঁজি না থাকায় কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসার পরিধি বাড়াতে পারেন না। 

এক্ষেত্রে প্রথমত, নারী উদ্যোক্তাদের জন্য ব্যাংকঋণ পাওয়ার প্রক্রিয়া সহজ করতে হবে এবং জামানতের বিকল্প ব্যবস্থা চালু করতে হবে ও প্রয়োজনীয় কাগজপত্রের জটিলতা কমাতে হবে। দ্বিতীয়ত, বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ঋণ বরাদ্দের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে নিয়মিত তদারকি করতে হবে এবং পুনঃঅর্থায়ন তহবিলের সুবিধা প্রকৃত নারী উদ্যোক্তাদের কাছে পৌঁছাচ্ছে কি না তা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, নতুন নারী উদ্যোক্তাদের জন্য ট্রেড লাইসেন্স ও ব্যবসা নিবন্ধনের প্রক্রিয়া সহজ করতে ডিজিটাল ওয়ান-স্টপ সেবা চালু করা প্রয়োজন। পাশাপাশি ব্যাংকের প্রতিটি শাখায় নারী উদ্যোক্তা ডেস্ক কার্যকর করতে হবে। চতুর্থত, নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক সক্ষমতা সম্পর্কে ব্যাংক কর্মকর্তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে। পঞ্চমত, ঋণ প্রদানের ক্ষেত্রে জমির দলিলের পাশাপাশি নারীদের ডিজিটাল লেনদেন ও সঞ্চয়ের ইতিহাস বিবেচনায় নিতে হবে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন শুধু কর্মক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ তৈরির মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তাদের আর্থিক সিদ্ধান্ত গ্রহণ ও প্রয়োজনীয় পুঁজি পাওয়ার অধিকারও নিশ্চিত করতে হবে। একজন নারী তার মেধা, যোগ্যতা ও পরিশ্রম দিয়ে যে উদ্যোগের সূচনা করেন অর্থের অভাবে যেন সেই উদ্যোগের সম্ভাবনা থেমে না যায়।

লেখক: শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা