× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কূটনীতিকদের তৎপরতা

রাজনৈতিক হস্তক্ষেপ কাম্য নয়

সম্পাদকীয়

প্রকাশ : ২৭ মিনিট আগে

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও বিদেশি কূটনীতিকদের তৎপরতা লক্ষ করা যাচ্ছে। গতকাল প্রতিদিনের বাংলাদেশের প্রধান প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে পর্দার অন্তরালে যে কূটনৈতিক তৎপরতা চলছিল, এখন তা প্রকাশ্যে আসতে শুরু করেছে। অভ্যন্তরীণ নানা সংকটকে কেন্দ্র করে প্রভাবশালী দেশগুলোর কূটনৈতিক যোগাযোগ ক্রমেই বাড়ছে। এমন তথ্যও মিলেছেÑ প্রভাবশালী দেশগুলোর প্রতিনিধিরা সরকারের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও যোগাযোগ রাখছেন। তারা ‘বাংলাদেশ’ প্রসঙ্গকে আলোচনার কেন্দ্রে রেখে নিজেদের মধ্যে আলাদা বৈঠকও করছেন। গত ১২ নভেম্বর বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ভারতীয় হাইকমিশনে গিয়ে দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন। তবে দুই কূটনীতিকের মধ্যে কী আলোচনা হয়েছে, সে সম্পর্কে কিছু জানা যায়নি। প্রশ্ন উঠেছে, এ তৎপরতা কি স্বাভাবিক কূটনৈতিক তৎপরতার অংশ, নাকি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তার ও এর গতিপ্রবাহকে নিয়ন্ত্রণের কোনো প্রচেষ্টা?

বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতির ডিসেম্বরে দেশে ফেরাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন বিশৃঙ্খল হয়ে ওঠার আশঙ্কার মধ্যে কূটনৈতিক মহলের তৎপর হয়ে ওঠা কীসের ইঙ্গিত বহন করে, এ প্রশ্ন দেখা দিয়েছে সচেতন মহলে। তারা বলছেন, সরকার যদি দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নিতে না পারে, তাহলে এ ধরনের তৎপরতা আরও বাড়বে। এ প্রসঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ড. ইমতিয়াজ আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেছেন, বর্তমান রাজনৈতিক বিভাজন, অর্থনৈতিক অস্থিরতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি কূটনীতিকদের হস্তক্ষেপের ক্ষেত্র তৈরি করে দিচ্ছে। তবে এই তৎপরতাকে ‘স্বাভাবিক প্রক্রিয়া’ হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আ ন ম মুনীরুজ্জামান। তিনি বলেছেন, পশ্চিমা দেশগুলো ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের মধ্যে এগুলো কার্যত নিয়মিত বৈঠক।

বাস্তবতা হচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে বিদেশি কূটনীতিকদের অযাচিত হস্তক্ষেপ নতুন কিছু নয়। অতীতে বিভিন্ন রাজনৈতিক সমস্যা-সংকট, নির্বাচন, ক্ষমতার পালাবদল এবং গণতান্ত্রিক উত্তরণের সময় প্রভাবশালী দেশগুলোর প্রতিনিধিদের সক্রিয় ভূমিকা দেখা গেছে। তারা কখনও সংলাপ-সমঝোতার আহ্বান জানিয়েছেন, কখনও নির্বাচন ও মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে সব ক্ষেত্রে এসব উদ্যোগ যে সংকট নিরসনে ইতিবাচক ভূমিকা রেখেছে, তা বলা যায় না। উল্টো কোনো কোনো ক্ষেত্রে অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করেছে।

অভিজ্ঞ মহলের মতে, বিদ্যমান পরিস্থিতিতে কূটনৈতিক তৎপরতার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ থাকতে পারে। বিশেষ করে মজুরি বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ ও নৈরাজ্যের কারণে এ খাতের রপ্তানি বাণিজ্যে স্থবিরতার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে আন্তর্জাতিক অংশীদারদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। অন্যদিকে শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে সহিংসতা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ১৯ নভেম্বর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাঁচ গুরুত্বপূর্ণ দেশের কূটনীতিকের পৃথক বৈঠকও চলমান কূটনৈতিক যোগাযোগের অংশ বলে মনে করছেন অনেকে। 

বৈদেশিক বিনিয়োগ-বাণিজ্য, রোহিঙ্গা সংকট, জ্বালানি নিরাপত্তা, শ্রম অধিকার এবং অন্যান্য আন্তর্জাতিক সহযোগিতার স্বার্থেই বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে বাংলাদেশের নিয়মিত যোগাযোগ রক্ষার বিষয়টি অনস্বীকার্য। কিন্তু কূটনৈতিক যোগাযোগ আর অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ এক বিষয় নয়। কোনটি বন্ধুত্বপূর্ণ পরামর্শ এবং কোনটি জাতীয় সিদ্ধান্ত গ্রহণে অযাচিত প্রভাব বিস্তারের চেষ্টাÑ সেই সীমারেখা স্পষ্ট থাকা জরুরি। তবে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি কূটনীতিকদের প্রভাব বিস্তারের এ চেষ্টা অনভিপ্রেত হলেও রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীলতার অভাব, ক্ষেত্রবিশেষে ক্ষমতা লাভ অথবা টিকে থাকার উদগ্রতা এ ধরনের তৎপরতাকে আমন্ত্রণ জানিয়ে থাকে। আমাদের দেশের অতীত ইতিহাস এমনই সাক্ষ্য দেয়। 

এ প্রবণতার অবসানের জন্য রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল হওয়া গুরুত্বপূর্ণ। ক্ষমতাসীন দল কিংবা বিরোধী দল কারোরই উচিত নয় নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বিদেশি শক্তির সমর্থনের জন্য ধরনা দেওয়া। বিদেশি কূটনীতিকদের মাধ্যমে নয়, বরং রাজনৈতিক সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে। অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য বিদেশি কূটনীতিকদের সালিশ মানা আত্মঘাতী প্রবণতা।

আমরা মনে করি, সরকার যদি দেশের অপরাপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমস্যা সমাধানে আন্তরিক হয়, তাহলে বিদেশি কূটনীতিকরা তাতে নাক গলানোর সুযোগ পাবে না। ভিয়েনা কনভেনশনে একটি স্বাধীন রাষ্ট্রে নিয়োজিত বিদেশি কূটনীতিকদের কর্মপরিধি ও আচরণবিধি স্পষ্ট লেখা আছে। প্রত্যেক বিদেশি কূটনীতিক তা মেনে চলতে বাধ্য। আমরা বিদেশি কূটনীতিকদের অতিথি হিসেবে সম্মান ও মর্যাদা দিতে প্রস্তুত। তবে তাদেরও মনে রাখতে হবে, তারা কূটনীতিক, বাংলাদেশের অভিভাবক নন। তাদের এটাও মনে রাখতে হবে, বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র, পরাশক্তির মল্লযুদ্ধের রিং নয়। সবার সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব বজায় রাখা আমাদের পররাষ্ট্রনীতির প্রধান বৈশিষ্ট্য। তাই এ দেশের রাজনৈতিক সমস্যা সমাধানের প্রধান নিয়ামক জনগণ, বিদেশি কূটনীতিকরা নন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা