মহিউদ্দিন খান মোহন। প্রতিকৃতি: প্রতিদিনের বাংলাদেশ
আমাদের এ দেশটি যে সমস্যাক্রান্ত তা নিয়ে বিতর্কের অবকাশ নেই। নানা সমস্যা আমাদের আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। জনসংখ্যা সমস্যা, অর্থনৈতিক সমস্যা, আইনশৃঙ্খলার সমস্যা, সামাজিক নানা অপরাধজনিত সমস্যায় জনজীবন একেবারে অতিষ্ঠ। সমস্যার আবর্তে তলিয়ে যেতে বসেছে দেশের ব্যাংকিং খাত। অধুনা আবার পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে অযৌক্তিক আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির যে অপচেষ্টা চলছে, তা-ও নতুন এক সমস্যা হিসেবে আবির্ভূত। এসব সমস্যার মোকাবিলা করেই এ দেশের মানুষ এখন পর্যন্ত বেঁচেবর্তে আছে। তারা ধরেই নিয়েছে, জীবন মানেই সমস্যা। যেন সমস্যাই এ দেশের মানুষের নিয়তি। সামাজিক-অর্থনৈতিক এসব সমস্যাকে ছাপিয়ে বর্তমানে যে সমস্যাটি সচেতন মানুষদের ভাবিয়ে তুলেছে, সেটা একটু ভিন্ন ধরনের। সে সমস্যার নাম শেখ হাসিনা। কেউ কেউ তাকে বলেন ‘সমস্যার জননী’। প্রবল প্রতাপে দেড় দশকেরও বেশি সময় দেশের শাসনদণ্ড হাতে যিনি একচ্ছত্রাধিপতি সেজে বসেছিলেন, তিনি নিজেই এখন পরিণত হয়েছেন মূর্তিমান সমস্যায়।
২০২৪ সালে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা যে এমন সমস্যায় পরিণত হবেন, তা বোধকরি তিনি নিজেও কল্পনা করতে পারেননি। আর তা পারবেনই বা কী করে? ক্ষমতায় থাকাকালে এটা তার বোধে আসেনি, রাষ্ট্রক্ষমতার গদি চিরস্থায়ী হয় না। পৃথিবীর ইতিহাস ঘেঁটে পাওয়া যায়, কেউ কেউ রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তাকে চিরস্থায়ী বন্দোবস্তের চেষ্টা করেছেন। কিন্তু পরিণামে নিক্ষিপ্ত হয়েছেন আস্তাকুঁড়ে। বলা হয়ে থাকে, সব শাসকের চোখেই রঙিন চশমা থাকে। রাষ্ট্রক্ষমতার সে রঙিন চশমার কারণে তারা রাজনীতির রুক্ষ বাস্তবতাকে দেখতে পান না। কিন্তু যখন সে চশমা খসে পড়ে, তখন বাস্তবতার ছবি দেখে শিউরে উঠলেও করার কিছুই থাকে না।
সাড়ে পনেরো বছর বাংলাদেশে দুঃশাসন কায়েম করে শেখ হাসিনা ভেবেছিলেন, সামনের দিনগুলো বুঝি এভাবেই যাবে। তিনি ভেবেছিলেন, এদেশে তাকে চ্যালেঞ্জ করতে পারে, এমন শক্তি আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এটা ছিল তার ভ্রান্তিবিলাস। কেননা ইতিহাস বলে দুঃশাসকদের অজান্তেই তাদের পরিণতির পরোয়ানা লেখা হতে থাকে। হিন্দু পুরানের পঙক্তিÑ ‘তোমারে বধিবে যে, গোকুলে বাড়িছে সে’-এ ক্ষেত্রে প্রণিধানযোগ্য। পৌরাণিক কাহিনি মতে, কংস রাজা যখন জানতে পারেন, তার বোন দেবকীর অষ্টম গর্ভে জন্ম নেওয়া পুত্রসন্তান তাকে বধ করবে, তখন সে দেবকীর সব সন্তানকে হত্যা করতে থাকে। দেবকী তার অষ্টম সন্তান কৃষ্ণকে বাঁচানোর জন্য জন্মের পরপরই গোকুলে নন্দরাজের ঘরে সরিয়ে দেয়। কারারক্ষীরা কংস রাজকে খবর দেয়Ñ দেবকীর কন্যাসন্তান হয়েছে। কংস রাজা তখন সে কন্যাকেও মারতে উদ্যত হলে সে আকাশে উড়ে যায় এবং উপরোক্ত উক্তিটি করে। এর মর্মার্থ হলো, যার হাতে নিয়তি ধ্বংস লিখে রাখে, সে সংশ্লিষ্ট ব্যক্তির অগোচরে-অলক্ষ্যে বড় হতে থাকে। বিএনপির বড় বড় আন্দোলন দমন করে শেখ হাসিনা যখন নিজেকে অপরাজেয় ভাবতে শুরু করেছিলেন, তখন নিয়তি তার পরিণতির দলিল লিখছিল। তার অজান্তে, এমনকি চিন্তাভাবনারও বাইরে বেড়ে উঠছিল বিক্ষুব্ধ মানুষের মিছিল। সে মিছিল নীরবে বাড়লেও এক সময় তা সরব হয়ে তার পতনের ডাক দেয়।
রাষ্ট্রক্ষমতায় থাকাকালে দেশের অসংখ্য মানুষের জীবনে নানা সমস্যা সৃষ্টি করেছিলেন শেখ হাসিনা। দোর্দণ্ড প্রতাপশালী এ রাজনীতিকের নিজেই সমস্যায় পরিণত হওয়া ইতিহাসের অমোঘ নিয়মকেই স্মরণ করিয়ে দেয়। তিনি দেশান্তরী হওয়ার পরেও রেহাই পাচ্ছেন না। একসময় ছিলেন নিজ দেশের জন্য সমস্যা, এখন যে দেশে আশ্রয় নিয়েছেন, সে দেশের জন্যও প্রকট সমস্যা হিসেবে দেখা দিয়েছেন। তাকে আশ্রয় দিয়ে ভারত সরকার পড়েছে উভয়সংকটে। তাদের এখন ‘শ্যাম রাখি না কুল রাখি’ অবস্থা। একদিকে দীর্ঘদিনের ‘ইয়ার’ (দোস্ত) শেখ হাসিনা ও আওয়ামী লীগ, অন্যদিকে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের হিসাব-নিকাশ। এই দুইয়ের ভারসাম্য রক্ষা করা ভারতের জন্য কঠিন হয়ে পড়েছে। শেখ হাসিনা ভারতের জন্য এখন এক অস্বস্তির নাম। তাকে দিল্লিতে রেখে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা বা রাখা কঠিন হয়ে পড়েছে। গলার কাঁটায় পরিণত হওয়া শেখ হাসিনাকে ভারত না পারছে গিলতে, না পারছে ফেলতে।
এ প্রসঙ্গে এটা বলা নিশ্চয়ই অত্যুক্তি হবে না যে, ভারত সব সময়ই আওয়ামী লীগ ও শেখ পরিবারের আশ্রয়স্থল। স্মরণযোগ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সামরিক অভ্যুত্থানে শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর কতিপয় বাকশালি দুর্বৃত্ত ভারতে আশ্রয় নিয়ে দেশবিরোধী চক্রান্তে লিপ্ত হয়েছিল। সে দুর্বৃত্ত গ্রুপটির নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগ নেতা আবদুল কাদের সিদ্দিকী। সশস্ত্র দুষ্কৃতকারীরা তার নেতৃত্বে ময়মনসিংহ-জামালপুর-শেরপুর সীমান্ত এলাকায় নানা রকম নাশকতামূলক তৎপরতা চালিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছিল। অন্যদিকে শেখ হাসিনা তার স্বামী-সন্তানসহ আশ্রয় নিয়েছিলেন ভারতে। সুতরাং এটা ঐতিহাসিকভাবেই স্বীকৃত যে ভারত বাংলাদেশের চেয়ে আওয়ামী লীগ ও শেখ পরিবারের সঙ্গে বন্ধুত্বকে অগ্রাধিকার দেয়। তাছাড়া এ দেশে আওয়ামী লীগকে রাষ্ট্রক্ষমতায় আনতে এবং টিকিয়ে রাখতে ভারতের নানা চক্রান্ত-ষড়যন্ত্র এখন আর গোপন কোনো বিষয় নয়। সব রাজনৈতিক দলের বয়কটের মুখে যখন ২০১৪ সালে অনুষ্ঠিতব্য দশম জাতীয় সংসদ নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছিল, তখন আওয়ামী লীগের ত্রাতা্ হিসেবে আবির্ভূত হয়েছিল ভারত। আন্তর্জাতিক রীতিনীতি ও কূটনৈতিক শিষ্টাচারের সব সীমানা লঙ্ঘন করে ২০১৩ সালের ডিসেম্বর মাসে দেশটির তৎকালীন পররাষ্ট্রসচিব সুজাতা সিং ঢাকায় ছুটে এসেছিলেন। তিনি এসে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদকে নির্বাচনে অংশ নিতে রাজি করান। একটি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এমন নগ্ন হস্তক্ষেপ বিশ্বের ইতিহাসে বিরল।
আজ যখন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের পলাতকা নেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে তার কর্মী-সমর্থকরা দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে, তখন অনেকেই পঁচাত্তর-পরবর্তী কাদের সিদ্দিকীর রাষ্ট্রদ্রোহী তৎপরতায় ভারতের মদদদানের কথা স্মরণ করছেন। অনেকেই মনে করছেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ লীগের নেতাকর্মীদের ধ্বংসাত্মক কার্যকলাপের পেছনেও সীমান্তের বাইরের শক্তির উস্কানি থাকা অসম্ভব নয়। সরকারের প্রভাবশালী মন্ত্রী-এমপিরা এমন অভিযোগ প্রকাশ্যেই এনেছেন। ফলে আম-জনতার এটা বদ্ধমূল ধারণা, নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার পেছনে নিকটতম কোনো বহিঃশক্তি কলকাঠি নাড়ছে।
প্রশ্ন হলো, যে বা যারাই কলকাঠি নাড়ুক, লীগ কর্মীরা কি এতটাই অবুঝ যে এভাবে দেশান্তরী কাউকে ফিরিয়ে আনা যায় না, সেটা কি তারা বোঝে না? সামাজিক মাধ্যমে দলটির কর্মী-সমর্থকদের প্রচারণা দেখলে যে কারও মনে হওয়া স্বাভাবিক, শেখ হাসিনাকে বরণ করার জন্য বাংলাদেশের মানুষ বোধ করি বৃষ্টির জন্য আকাশের দিকে তাকিয়ে থাকা চাতক পাখির ন্যায় উন্মুখ হয়ে আছে। কিন্তু বাস্তবতা যে তা থেকে বহু যোজন দূরে তা বলার অপেক্ষা রাখে না। এটা অবশ্যই স্মরণ রাখতে হবে, শেখ হাসিনা কোন পরিস্থিতিতে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। দীর্ঘ শাসনামলে অত্যাচার-নিযাতন ও দুঃশাসনের দ্বারা তিনি এ দেশের মানুষকে এতটাই অতিষ্ঠ করে তুলেছিলেন যে তারা প্রতিনিয়ত তার পতন কামনা করত। সে কারণেই চব্বিশের জুলাই আন্দোলনে আওয়ামী লীগ ও তাদের বশংবদরা ছাড়া দল-মত নির্বিশিষে সবাই শেখ হাসিনাকে গদিচ্যুত করতে জীবন বাজি রেখে মিছিলে শামিল হয়েছিল। শেখ হাসিনার শাসনামলের হত্যা, গুম, জেল-জুলুমের সে দুঃসহ স্মৃতি কি এ দেশের মানুষ এত তাড়াতাড়ি ভুলে যাবে? লীগ নেতাকর্মীদের স্মরণে রাখা ভালো, মানুষের স্মৃতিশক্তি মাছের মতো ক্ষণস্থায়ী নয়। সুতরাং দীর্ঘ সাড়ে পনেরো বছর দুঃশাসনের স্টিমরোলারের নিচে পিষ্ট হওয়া বাংলাদেশের জনগণ শেখ হাসিনার জন্য বরণডালা নিয়ে দাঁড়িয়ে থাকবেÑ এমনটি ধারণা করা শুধু ভুল নয়, আত্মঘাতী ভাবনাও বটে।
এটা ইতিহাস-স্বীকৃত সত্য যে, ব্যাপক জনসাধারণের সমর্থন বা অংশগ্রহণ ছাড়া কোনো আন্দোলনই সফলতা পায় না। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে যে আন্দোলনের কসরত লীগ-কর্মীরা করছে, তাতে জনগণের সমর্থন পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। একজন সংবাদকর্মী হিসেবে প্রতিদিন নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আমাকে কথা বলতে হয়, যোগাযোগ রাখতে হয়। তাদের মধ্যে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের কর্মী-সমর্থকরাও রয়েছেন। তাদের কেউ এখনও বলেননি, শেখ হাসিনার দেশে ফেরানোর তথাকথিত আন্দোলনকে সমর্থন করেন। সাধারণ মানুষদের মধ্যে এমন কাউকে পাইনি, যিনি মনে করেন শেখ হাসিনার শাসনকাল ভালো ছিল বা তাকে দেশে ফিরতে দেওয়ার দাবি যৌক্তিক। তাহলে কার ইশারায়, কোন ভরসায় আওয়ামী লীগের কর্মীরা জ্বালাপোড়াও উৎসবে মেতে উঠেছেন? এখানেই সীমান্তের বাইরের কোনো শক্তির মদদের বিষয়টি প্রাসঙ্গিক হয়ে ওঠে। কেননা প্রবাদে আছেÑ ‘খুঁটার জোরে, ভেড়া কুঁদে’। এখানে ভেড়া আর খুঁটার বিষয়ে বিশদ কিছু বলার দরকার পড়ে না।
যারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য নাশকতায় লিপ্ত, তাদের উচিত বিশিষ্ট সাংবাদিক ও নিউ এজ সম্পাদক নূরুল কবীরের সাম্প্রতিক একটি মন্তব্যের তাৎপর্য অনুধাবন করা। গত ১৭ নভেম্বর এক ফেসবুক পোস্টে তিনি শেখ হাসিনার দেশে ফেরার একটি সহজ ও আইনসম্মত উপায় বাতলে দিয়েছেন। নূরুল কবীর লিখেছেন, ‘শেখ হাসিনার দেশে ফেরার সহজ উপায় হলো, তিনি দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সংশ্লিষ্ট ভারতীয় কর্মকর্তা ও বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে ঘোষণা দিতে পারেন যে, ঢাকায় ফিরে তিনি আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত।’
প্রশ্ন হলো, শেখ হাসিনা কি সে সহজ ও আইনসম্মত উপায় অবলম্বন করবেন? সেটা অবলম্বনের সৎসাহস যে তার নেই, সে কথা বোধ করি কাউকে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না।
লেখক: সহকারী সম্পাদক, প্রতিদিনের বাংলাদেশ