মো. আশরাফুল ইসলাম
প্রকাশ : ২৭ মিনিট আগে
মো. আশরাফুল ইসলাম। প্রতিকৃতি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর। এটি জলাবদ্ধতা, তীব্র যানজট, অপরিকল্পিত ভবন নির্মাণ এবং অনিয়মিত পরিষেবা ব্যবস্থার মতো বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন। ঢাকার প্রশাসনিক কাঠামো অত্যন্ত খণ্ডিত হওয়ায় এসব সমস্যা দীর্ঘস্থায়ী হচ্ছে। বর্তমানে ৫০টিরও বেশি স্বতন্ত্র সংস্থা শহরটি পরিচালনা করছে, অথচ এদের কার্যক্রম সমন্বয় করার মতো কোনো একক কর্তৃপক্ষ নেই।
গুরুত্বপূর্ণ সংস্থাগুলোকে একটি সমন্বিত মহানগর কর্তৃপক্ষের আওতায় নিয়ে আসতে পারলে ঢাকাকে একটি বাসযোগ্য মেগাসিটিতে রূপান্তর করা সম্ভব। এই সংস্থাগুলোর মধ্যে রয়েছে রাজউক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ওয়াসা এবং ডেসকো ইত্যাদি। টোকিও ও সিউলের মতো মেগাসিটিগুলো একই ধরনের সংকট সমাধানে সমন্বিত মহানগর সরকার মডেলটি ব্যবহার করেছে।
ঢাকার নগর ব্যবস্থাপনার ক্ষেত্রে রয়েছে দায়িত্বের ক্ষেত্রে অস্পষ্টতা ও অতিব্যাপ্তি (Overlapping Jurisdictions) যেমন জনসেবা, রাস্তাঘাট এবং পরিবেশগত নিরাপত্তার মতো বিষয়গুলোতে একাধিক সংস্থার দায়িত্ব একে অন্যের সঙ্গে জড়িয়ে থাকে। এই অতিব্যাপ্তির ফলে প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়, অর্থের অপচয় ঘটে এবং সরকারি প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হয়।
অন্যদিকে রয়েছে জবাবদিহিতার অভাব যার দরুণ শহরের বাসযোগ্যতা নিশ্চিত করার জন্য কোনো একক কর্তৃপক্ষের ওপর পূর্ণাঙ্গ জবাবদিহিতা ন্যস্ত নেই। বিভিন্ন সংস্থা একে অন্যের থেকে বিচ্ছিন্নভাবে কাজ করে, যার ফলে নগরজীবনে কোনো সংকট দেখা দিলে সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাব প্রকট হয়ে ওঠে।
ঢাকার মতো জনবহুল শহরে রয়েছে টোকিও ও সিউল। উক্ত শহরসমূহ সমন্বিত নগর ব্যবস্থাপনার মাধ্যমে একটা উদাহরণ তৈরি করেছে। টোকিও একটি বিশাল শহুরে এলাকায় ১ কোটি ৪০ লাখেরও বেশি বাসিন্দার জীবনযাত্রা পরিচালনা করে। বিশ্বমানের দক্ষতা বজায় রাখার জন্য টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্ট একটি দ্বি-স্তরবিশিষ্ট প্রশাসনিক ব্যবস্থা ব্যবহার করে। উক্ত সংস্থা বন্যা নিয়ন্ত্রণ, উচ্চ-ক্ষমতাসম্পন্ন পরিবহন ব্যবস্থা এবং সামগ্রিক নগর পরিকল্পনার মতো বড় আকারের আঞ্চলিক বিষয়গুলো দেখাশোনা করে। অন্যদিকে স্থানীয় পৌরসভাগুলো এলাকাভিত্তিক প্রয়োজনগুলো যেমন স্থানীয় ক্লিনিক পরিচালনা বা বর্জ্য সংগ্রহের মতো বিষয়গুলো সামলায়।
টোকিও তাদের বিস্তৃত সাবওয়ে নেটওয়ার্ক এবং ট্রেন লাইনগুলোকে একটি কেন্দ্রীয় পরিবহন নীতির অধীনে সমন্বয় করে। ঢাকাও এই মডেল অনুসরণ করে তাদের মেট্রো রেল, বাস নেটওয়ার্ক এবং কমিউটার ট্রেনগুলোকে একটি একক মেট্রোপলিটন পরিবহন কর্তৃপক্ষের আওতায় নিয়ে আসতে পারে।
অন্যদিকে সিউল যুদ্ধ-পরবর্তী একটি জনাকীর্ণ শহর থেকে নিজেকে একটি আধুনিক, পরিবেশবান্ধব প্রযুক্তি কেন্দ্রে রূপান্তরিত করেছে। সিউল মেট্রোপলিটন গভর্নমেন্ট তথ্য-নির্ভর কেন্দ্রীয় পরিকল্পনা এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে এটি অর্জন করেছে। সিউল ‘স্মার্ট সিউল নেটওয়ার্ক’-এর মতো ডেটা প্লাটফর্ম ব্যবহার করে, যার মাধ্যমে যান চলাচল, বাতাসের গুণমান এবং জননিরাপত্তা সংক্রান্ত তথ্য সরাসরি পর্যবেক্ষণ করা যায়। ঢাকাও অনুরূপ একটি কেন্দ্রীয় ব্যবস্থা ব্যবহার করে তাদের বিশৃঙ্খল বাস রুটগুলোকে সুবিন্যস্ত করতে এবং যান চলাচল নিয়ন্ত্রণ করতে পারে। সিউল একটি উড়ালসড়ক অপসারণ করে ‘চেওংগিয়েচেওন’ (Cheonggyecheon) খাল বা জলধারাকে পুনরুদ্ধার করেছিল। এই প্রকল্পটি স্থানীয় তাপমাত্রা কমাতে সাহায্য করেছে এবং পর্যটন শিল্পের বিকাশ ঘটিয়েছে।
ঢাকার জন্য একটি সমন্বিত কর্তৃপক্ষ একইভাবে মৃতপ্রায় বুড়িগঙ্গা নদী এবং বেদখল হয়ে যাওয়া খালগুলোকে পুনরুদ্ধার ও রক্ষা করতে পারে। খণ্ডিত নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে ঢাকা দীর্ঘস্থায়ী নগর অচলাবস্থার কবলে পড়েছে। শহরের নগর ব্যবস্থাপনায় বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও পরিষেবা সংস্থা কার্যক্রম পরিচালনা করছে, যার প্রতিটিই শহরের অবকাঠামোর একটি ছোট অংশের নিয়ন্ত্রণ করে। এসব সংস্থাকে একত্রিত করার মতো রাজনৈতিক ক্ষমতা বা আইনি এখতিয়ার কোনো একক কেন্দ্রীয় কর্তৃপক্ষের নেই। এই কাঠামোগত অচলাবস্থা ঢাকার উন্নয়নকে বাধাগ্রস্ত করছে, যার ফলে শহরের প্রায় ২ কোটি বাসিন্দাকে একটি বসবাসের অযোগ্য নগরীর পরিণাম ভোগ করতে হচ্ছে। শুধু বিচ্ছিন্ন কিছু মেগাপ্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ঢাকা এই সংকট থেকে বেরিয়ে আসতে পারবে না। শহরের সামগ্রিক অবকাঠামো ও পরিবেশ যদি পুরোপুরি অব্যবস্থাপনার মধ্যে থাকে, তবে উড়ালসড়ক নির্মাণ বা মেট্রোরেল চালু করার মতো পদক্ষেপগুলো কেবল সাময়িক স্বস্তিই দিতে পারবে।
এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বাংলাদেশকে বর্তমান প্রশাসনিক কাঠামো সংস্কার করতে হবে। শহরের জন্য প্রয়োজন একটি সমন্বিত মহানগর সরকার, যা বিভিন্ন স্বতন্ত্র পরিষেবা সংস্থার নিরঙ্কুশ স্বায়ত্তশাসনের অবসান ঘটাবে। সমস্ত নগর পরিষেবাকে একটি একক ও ক্ষমতাপ্রাপ্ত পরিচালনা পর্ষদের নির্বাহী নিয়ন্ত্রণে নিয়ে আসার মাধ্যমেই ঢাকা পরস্পর প্রতিদ্বন্দ্বী বিভিন্ন সংস্থার সমষ্টি থেকে বেরিয়ে এসে একটি কার্যকর ও সুসংহত মহানগরীতে রূপান্তরিত হতে পারে।
এই সংস্থাগুলোকে একটি একক মহানগর সরকারের অধীনে একত্রিত করলে ঢাকার সবচেয়ে গুরুতর নগর সমস্যাগুলোর তাৎক্ষণিক সমাধান পাওয়া সম্ভব। একটি সমন্বিত বাজেট থাকলে একই ধরনের প্রকল্পের পুনরাবৃত্তি ঘটে না, যা সরকারি অর্থের সাশ্রয় করে। এর ফলে নাগরিকরা শহরের সামগ্রিক জীবনযাত্রার মানের জন্য বহু আলাদা সংস্থার কাছে না গিয়ে, একটি একক পরিচালনা কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইতে পারেন।
রাজউক, সিটি করপোরেশন, ওয়াসা এবং ডেসকোর মতো সংস্থাগুলোর বিচ্ছিন্ন উন্নয়ন প্রকল্প ও সমন্বয়হীন কার্যক্রম করে টেকসই উন্নয়ন করা যাচ্ছে না। টোকিও এবং সিউলের সফল মডেল অনুসরণ করাই হবে এগিয়ে যাওয়ার সর্বোত্তম উপায়। একটি সমন্বিত ‘ঢাকা মেট্রোপলিটন সরকার’ গঠন করলে তা শক্তিশালী ও কেন্দ্রীয় নেতৃত্বের সুযোগ তৈরি করবে, যা বিভিন্ন পরিষেবা সংস্থার মধ্যে সমন্বয় সাধন, জোনিং আইন কার্যকর করা এবং আধুনিক অবকাঠামো নির্মাণের জন্য অপরিহার্য। ঢাকাকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে এই সংস্থাগুলোকে একটি একক কাঠামোর অধীনে নিয়ে আসা অত্যন্ত জরুরি।
লেখক: প্রধান নগর পরিকল্পনাবিদ, রাজউক