× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কর্তৃত্ববাদীদের শিকার সাংবাদিকতা

ইব্রাহিম নোমান

প্রকাশ : ১৩ মিনিট আগে

সত্য প্রকাশের দায়ে কোথাও সাংবাদিককে কারাগারে যেতে হচ্ছে, কোথাও বন্ধ হয়ে যাচ্ছে সংবাদমাধ্যম। কায়রো থেকে মস্কো, এমনকি ওয়াশিংটনেও সাংবাদিকতার স্বাধীনতা চাপে। প্রতীকী ছবি

সত্য প্রকাশের দায়ে কোথাও সাংবাদিককে কারাগারে যেতে হচ্ছে, কোথাও বন্ধ হয়ে যাচ্ছে সংবাদমাধ্যম। কায়রো থেকে মস্কো, এমনকি ওয়াশিংটনেও সাংবাদিকতার স্বাধীনতা চাপে। প্রতীকী ছবি

সত্য প্রকাশের দায়ে কোথাও সাংবাদিককে কারাগারে যেতে হচ্ছে, কোথাও বন্ধ হয়ে যাচ্ছে সংবাদমাধ্যম। কায়রো থেকে মস্কো, এমনকি ওয়াশিংটনেও সাংবাদিকতার স্বাধীনতা চাপে। অথচ যুদ্ধ, অপতথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারের এই সময়ে সত্য তুলে ধরতে স্বাধীন সাংবাদিকতার প্রয়োজন আগের চেয়ে অনেক বেশি। তাহলে কর্তৃত্ববাদীরা সাংবাদিকদের এত ভয় পায় কেন? এ প্রশ্নের উত্তর খোঁজা জরুরি।

কায়রো থেকে মস্কো কোথায় সাংবাদমাধ্যমের স্বাধীনতা 

মিসরের প্রভাবশালী সাংবাদিক লিনা আতাল্লাহ। অথচ গত মাসের আগ পর্যন্ত নিজের বিরুদ্ধেই দেওয়া একটি গুরুত্বপূর্ণ ও উদ্বেগজনক রায়ের কথা তিনি জানতেন না। ২০২৪ সালে তার অনুপস্থিতিতেই একটি আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেন। অভিযোগ, তিনি ‘মিথ্যা সংবাদ প্রচার’ করেছেন এবং লাইসেন্স ছাড়া একটি ওয়েবসাইট পরিচালনা করেছেন। অথচ লাইসেন্স পাওয়ার জন্য তিনি বারবার আবেদন করেছিলেন। দেশে অবস্থান করলেও তার অনুপস্থিতিতে বিচারকাজ চলে। গত অক্টোবরে পৃথক আরেকটি মামলায় বিচার হওয়ার পরই আতাল্লাহ আগের রায়ের কথা জানতে পারেন। ওই মামলায় তাকে বড় অঙ্কের জরিমানা করা হয় এবং তার পরিচালিত সংবাদমাধ্যম মাদা মাসর-এর ওয়েবসাইট বন্ধের নির্দেশ দেওয়া হয়। চলতি মাসের শেষ দিকে তার পুনর্বিচার হওয়ার কথা।

এদিকে তথ্য যাচাইভিত্তিক ওয়েবসাইট মাতসাদাশের পুরো সংবাদকক্ষের ছয় সাংবাদিককে কয়েক সপ্তাহ আগে আটক করা হলেও তারা এখনও কারাগারে। কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠীতে যোগ দেওয়া ও অর্থায়ন এবং মিথ্যা সংবাদ ছড়ানোর অভিযোগ এনেছে। তাদের আইনজীবীদের দাবি, সাংবাদিকদের নির্যাতন করা হয়েছে এবং জোর করে মিথ্যা স্বীকারোক্তি রেকর্ড করানো হয়েছে।

সোমবার রাশিয়া শেষ পর্যন্ত বহুল পরিচিত সংবাদপত্র নোভায়া গাজেতাকে স্তব্ধ করে দিতে সক্ষম হয়েছে। কয়েক দশক ধরে ক্রমবর্ধমান দমন-পীড়নের বিরুদ্ধে লড়াই করে আসছিল পত্রিকাটি। এর ছয় সাংবাদিক, যাদের মধ্যে আনা পলিতকভস্কায়াও ছিলেন, সাংবাদিকতার কারণে প্রাণ দিয়েছেন। তারপরও পত্রিকাটির প্রকাশনা চালু ছিল। কিন্তু সংবাদকক্ষ, অনুদান সংগ্রহের প্লাটফর্ম এবং প্রকাশনার অধিকার কেড়ে নেওয়ার পর শেষ পর্যন্ত কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয় তারা। তবে পত্রিকাটির সাবেক অনেক সাংবাদিকের প্রতিষ্ঠিত পৃথক সংবাদমাধ্যম নোভায়া গাজেতা ইউরোপ এখনও প্রকাশনা চালিয়ে যাচ্ছে।

বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা তলানিতে

এ ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, বরং বিশ্বজুড়ে চলা বৃহত্তর একটি প্রবণতার অংশ। রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) এ বছরের বসন্তে জানিয়েছে, গত ২৫ বছরের মধ্যে সংবাদমাধ্যমের স্বাধীনতা এখন সবচেয়ে খারাপ অবস্থায়। সংস্থাটির জরিপ করা ১৮০টি দেশের অর্ধেকেরও বেশি দেশে সাংবাদিকদের কাজের পরিবেশকে ‘কঠিন’ অথবা ‘অত্যন্ত গুরুতর’ বলে বিবেচনা করা হয়েছে। বিশ্বজুড়ে যুদ্ধ-সংঘাত বেড়ে যাওয়ায় সাংবাদিকদের ওপর চাপ ও ঝুঁকিও বাড়ছে। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) হিসাব অনুযায়ী, ২০২৫ সালে সাংবাদিক ও অন্যান্য সংবাদমাধ্যমকর্মী নিহত হওয়ার সংখ্যা ১২৯-এ পৌঁছেছে, যা নতুন রেকর্ড। গত সপ্তাহে ইউনেসকো জানিয়েছে, সাংবাদিক হত্যার প্রায় ১০টির মধ্যে ৯টিরই বিচার হয় না।

সংঘাত, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার এবং বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণাধীন প্লাটফর্মে ছড়িয়ে পড়া উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা তথ্যের এই সময়ে মানসম্মত সাংবাদিকতার প্রয়োজন আগের চেয়ে অনেক বেশি। এসব প্রতিষ্ঠান নৈতিক দায়িত্বের বিষয়টিকে প্রায় গুরুত্বই দেয় না। আতাল্লাহ নিজেও বলেছেন, পেশাদার সংবাদমাধ্যমের বিলুপ্তি ষড়যন্ত্রতত্ত্ব ও অপতথ্য ছড়িয়ে পড়ার সুযোগ বাড়িয়ে দেয়।

যুক্তরাষ্ট্রেও সাংবাদিকতার স্বাধীনতা প্রশ্নের মুখে

একসময় যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশে হুমকির মুখে থাকা সাংবাদিকদের পক্ষে কথা বলত। অনেক ক্ষেত্রে তাদের কাজের পরিবেশ উন্নত করতেও ভূমিকা রেখেছে দেশটি। কিন্তু এখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এমন একজন ব্যক্তি রয়েছেন, যিনি সংবাদমাধ্যমকে ‘আমেরিকান জনগণের শত্রু’ বলে আখ্যা দিয়েছেন। তার প্রশাসনের এফবিআই গত জানুয়ারিতে এক সংবাদদাতার বাড়িতে তল্লাশি চালিয়েছে। একই সঙ্গে বিবিসির বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মামলা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এমন সব সংস্থার কার্যক্রমও বন্ধ করে দিতে চেয়েছেন, যেগুলো সরকারি অর্থায়নে পরিচালিত হলেও বিশ্বের বিভিন্ন দমনমূলক শাসনব্যবস্থার বিষয়ে স্বাধীন সংবাদ সংগ্রহ ও প্রকাশের গুরুত্বপূর্ণ উৎস ছিল।

এ সপ্তাহে একটি আপিল আদালতের বেঞ্চ রায় দিয়েছেন, ভয়েস অব আমেরিকার প্রধানকে বরখাস্ত করে ট্রাম্প প্রশাসন বেআইনি কাজ করেছে। ভয়েস অব আমেরিকা, রেডিও ফ্রি এশিয়া ও রেডিও ফ্রি ইউরোপের কার্যক্রমও ব্যাপকভাবে সংকুচিত হয়েছে। তবে নিবেদিতপ্রাণ কর্মীদের প্রচেষ্টায় সংস্থাগুলো এখনও টিকে আছে। সাম্প্রতিক সময়ে সার্বিয়া, ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের নির্বাচন দেখিয়েছে, গণতন্ত্রের ক্রমাবনতি ঠেকাতে সাংবাদিকতার পাশাপাশি নাগরিক আন্দোলনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গত মাসে তুরস্কে রিসেপ তাইয়েপ এরদোয়ানের সংবাদমাধ্যমবিরোধী দমন-পীড়নের প্রতিবাদে হাজারো মানুষ রাস্তায় নেমেছিলেন।

এখনও সমাজের বড় একটি অংশ সত্য জানতে চায়। নানা বাধা ও প্রতিকূলতার মধ্যেও বিশ্বের বিভিন্ন প্রান্তে সাহসী সাংবাদিকরা সত্য অনুসন্ধান করছেন এবং তা মানুষের সামনে তুলে ধরছেন। কর্তৃত্ববাদী শাসকেরা সাংবাদিকদের যেভাবে নিরলসভাবে নিশানা করছে, তা-ই প্রমাণ করে সমাজ ও গণতন্ত্রের জন্য সাংবাদিকতা কতটা গুরুত্বপূর্ণ।

দ্য গার্ডিয়ান অবলম্বনে

লেখক: সাংবাদিক

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা