× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সহিংসতায় উস্কানি

সামাজিক মাধ্যমের অপব্যবহার রোধ জরুরি

সম্পাদকীয়

প্রকাশ : ১২ মিনিট আগে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

একসময় স্কুল-কলেজে ‘বিজ্ঞান আশীর্বাদ, না অভিশাপ’ শিরোনামে বিতর্ক অনুষ্ঠান হতো। বিজ্ঞানের পক্ষে যারা বলতেন তাদের যুক্তি থাকতÑ পৃথিবীর যত অগ্রগতি, তার সবই বিজ্ঞানের অবদান। আর প্রস্তাবনার বিপক্ষে যারা থাকত, তারা অ্যাটম বোমা, মারণাস্ত্র ইত্যাদি ক্ষতিকর বস্তুর আবিষ্কারকে উদাহরণ হিসেবে উল্লেখ করত। বস্তুত, যেকোনো আবিষ্কার বা উদ্ভাবনের ইতিবাচক-নেতিবাচক দুটি দিক থাকে। চিকিৎসাশাস্ত্রের আজ যে অগ্রগতি তার সবই বিজ্ঞানের অবদান। এমনকি মারণব্যাধি ক্যানসারও এখন নিরাময়যোগ্য।

এদিক দিয়ে বিজ্ঞানকে বিশ্বমানবতার জন্য আশীর্বাদ না বলে উপায় নেই। আবার যখন জাপানের হিরোশিমা-নাগাসাকির দুঃসহ ইতিহাস আমাদের সামনে এসে দাঁড়ায়, তখন বিজ্ঞানকে মানবজাতির জন্য অভিশাপ মনে হয়। আসলে আবিষ্কারের কোনো দোষ নেই। তা কীভাবে ব্যবহার হলো সেটাই বড় প্রশ্ন। যেমন একই ফুল থেকে মৌমাছি সংগ্রহ করে মধু, আর ভ্রমর সংগ্রহ করে বিষ। সুতরাং একটি আবিষ্কারের ক্ষতিকারক ব্যবহারের জন্য সে আবিষ্কার, অর্থাৎ বিজ্ঞানকে দায়ী করা অযৌক্তিক। 

এটা স্বীকার্য যে, একের পর এক আবিষ্কারের ফলে পৃথিবী আজ উৎকর্ষের চরমে পৌঁছেছে। তারপরও নিত্যনতুন আবিষ্কার অব্যাহত আছে। বর্তমান সময়ের সবচেয়ে আকর্ষণীয় ও জনসম্পৃক্ত আবিষ্কার সেলফোন, যেটাকে সাধারণত মোবাইল ফোন নামে অভিহিত করা হয়। কোনোরকম তারের সংযোগ ছাড়া ক্ষুদ্র একটি ডিভাইসের মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্তে যোগাযোগের সুবিধার ফলে এর গ্রহণযোগ্যতা অন্য যেকোনো আবিষ্কারের চেয়ে বেশি। এই সেলফোনকে কেন্দ্র করে অবিষ্কৃত হয়েছে সামাজিক যোগাযোগের নানা মাধ্যম। ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রামসহ নানা উপজাত আজ মানুষের হাতের নাগালের মধ্যে। এগুলোর মধ্যে ফেসবুক ও ইউটিউবের ব্যবহার সবচেয়ে বেশি। বলা যায়, যতজনের কাছে মোবাইল ফোন রয়েছে, তাদের সবার কাছে এ দুটি মাধ্যমের সংযোগ রয়েছে। কেউ একজন কোনো একটি ঘটনার ছবি তুলে বা বক্তব্য রেকর্ড করে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দিলে কয়েক সেকেন্ডে তা বিশ্বব্যাপী ভাইরাল হয়ে যায়। স্বীকৃত গণমাধ্যম, অর্থাৎ পত্রিকা, টেলিভিশন কিংবা রেডিওতে সেটা প্রচারের আগেই জেনে যাচ্ছে সবাই। এটাকে নেতিবাচক হিসেবে দেখার সুযোগ নেই। তবে এ মাধ্যম ব্যবহার করে যখন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়, সমস্যা তখনই দেখা দেয়। কেননা একটি অপতথ্য একটি দেশ বা সমাজের জন্য ভয়ংকর বিপর্যয় ডেকে আনতে পারে। 

গতকাল প্রতিদিনের বাংলাদেশের প্রধান প্রতিবেদনে সে কথাই তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে যথার্থই বলা হয়েছে যে, সাম্প্রতিক দুটি সহিংস ঘটনার পেছনে সামাজিক মাধ্যমের অপব্যবহার জ্বলন্ত আগুনে বাতাসের কাজ করেছে। পোশাক শিল্প শ্রমিকদের আন্দোলন এবং গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের সহিংসতার পেছনে উস্কানি দেওয়া হয়েছে সামাজিক মাধ্যমকে ব্যবহার করে। দেশ-বিদেশ থেকে প্রচারিত ওইসব অপতথ্য মুহূর্তে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে, যা ঘটেছে তার অতিরঞ্জন আর যা ঘটেনি তার কাল্পনিক বর্ণনা এবং ফটোশপে বানানো পুরনো ছবি ব্যবহার করে জনমনে বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে চিহ্নিত মহলগুলো। ফলে সমাজে সৃষ্টি হচ্ছে ভীতিকর পরিস্থিতি, দেশবাসী ভুগছে আতঙ্কে। প্রতিদিনের বাংলাদেশ লিখেছে, এসব অপপ্রচার বাংলাদেশি পোশাকের বিদেশি ক্রেতাদের মধ্যে ভীতি ছড়িয়ে দিচ্ছে; যার ফলে তারা পোশাক কেনার ক্ষেত্রে বাংলাদেশের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। একই সঙ্গে তা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশ সম্পর্কে ভুল তথ্য দিচ্ছে। বিশেষজ্ঞগণ বলছেন, এতে দেশের ভাবমূর্তি যেমন বিনষ্ট হচ্ছে, তেমনি নিকট ভবিষ্যতে বিনিয়োগ খাতে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। 

সামাজিক মাধ্যমের এই অপব্যবহার রোধে প্রধান পদক্ষেপ নিতে হবে সরকারকেই। এই ক্ষেত্রে বিটিআরসি নামে যে প্রতিষ্ঠানটি রয়েছে, তার সক্ষমতা বাড়ানো অপরিহার্য। এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নূরুল হুদা সাকিব প্রতিদিনের বাংলাদেশকে বলেছেন, ‘অপতথ্য প্রচারণা শনাক্তে মনিটরিং সেল গঠন, স্বাধীন তথ্য যাচাই ব্যবস্থা শক্তিশালী করা ও নাগরিকের ডিজিটাল লিটারেসি বাড়ানো প্রয়োজন।’ 

নাগরিকদের তথ্যপ্রযুক্তি জ্ঞান বাড়ানো সময়সাপেক্ষ ব্যাপার। ধীরে ধীরে সেটা তারা আয়ত্ত করবে। তবে এ মুহূর্তে এ ব্যাপারে সরকারেই কার্যকর পদক্ষেপ নিতে হবে। তথ্যপ্রযুক্তির অপব্যবহরের বিরুদ্ধে যে আইনটি রয়েছে, তার সঠিক ব্যবহারের মাধ্যমে অপতথ্য প্রচারকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। আইনের সঠিক ও কঠোর প্রয়োগ যেকোনো অপরাধের লাগাম টেনে ধরতে সবচেয়ে কার্যকর উপায়। স্মরণযোগ্য, দেশে একসময় অ্যাসিড নিক্ষেপের ঘটনা মহামারি আকার ধারণ করেছিল। পরবর্তীতে মৃত্যুদণ্ডের বিধান করে আইন পাসের ফলে অ্যাসিড নিক্ষেপের ঘটনা এখন বিরল হয়ে পড়েছে। আমরা মনে করি, সরকারের কঠোর পদক্ষেপই সামাজিক মাধ্যমের অপব্যবহার ও অপতথ্য ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি রোধ করতে পারে। এ ব্যাপারে কালক্ষেপণের কোনো সুযোগ আছে বলে মনে হয় না। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা