ড. মিহির কুমার রায়
প্রকাশ : ৯ মিনিট আগে
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাম্প্রতিক প্রতিবেদন বলছে, বাংলাদেশে প্রতি ১০০ শিক্ষিত তরুণের মধ্যে ৩৬ জন বেকার। শিক্ষিত তরুণদের উচ্চ বেকারত্বের এই হার নিয়ে সঙ্গত কারণেই আমাদের উচ্চশিক্ষা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। আইএলও, বিশ্বব্যাংক, কমনওয়েলথের হিসাব মতে, এক দশকে বেকারত্বের হার বেড়েছে ১.৬ শতাংশ, বাংলাদেশ অর্থনীতি সমিতির এক গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশে বছরে ২২ লাখ মানুষ শ্রমবাজারে প্রবেশ করছে। এদের মধ্যে মাত্র ৭ লাখ মানুষের কর্মসংস্থান হয়।
এর মধ্যে শিক্ষিত-অশিক্ষিত বেকারও রয়েছে। দেশের একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দেশে উচ্চশিক্ষিত বেকার প্রায় পৌনে এক কোটি, প্রতিবছর এর সঙ্গে বেকারদের নতুন তালিকা যুক্ত হচ্ছে। পরিসংখ্যানগত তথ্য অনুযায়ী, বাংলাদেশে কর্মসংস্থানের সবচেয়ে বড় মাধ্যম বেসরকারি প্রতিষ্ঠান, এসব প্রতিষ্ঠান শতকরা ৯৫ ভাগ কর্মসংস্থান করে, এর মধ্যে এককভাবে সবচেয়ে বেশি কর্মসংস্থান করছে পোশাক শিল্প। এখাতে প্রায় ৪০ লাখ লোক কাজ করছে। কিন্তু প্রশ্ন হলো, কর্মের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারছে না দেশের প্রচলিত শিক্ষা। এ জন্য দিন দিন শিক্ষিত ও তরুণ বেকারের চাপ বাড়ছে। বিশেষ করে, উচ্চশিক্ষিতদের মধ্যে বেকার আশঙ্কাজনক। ফলে সম্ভাবনাময় এই জনগোষ্ঠীর মধ্যে বেড়ে যাচ্ছে হতাশা এবং দেশ বঞ্চিত হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতির সুবিধা থেকে।
বিআইডিএস, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোসহ (বিবিএস) বিভিন্ন সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র। এ প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষিত তরুণরা বেকার থাকায় রাষ্ট্রীয় ও ব্যক্তি সম্পদের অপচয় হচ্ছে। ফলে দক্ষতা বাড়ানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেজন্য বিশ্ববিদ্যালয় কীভাবে কর্মসংস্থানে ভূমিকা পালন করতে পারে, তা নিয়ে সরকার চিন্তাভাবনা করছে। সম্প্রতি বাংলাদেশ সরকার ও কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (কোয়িকা) সহায়তায় দক্ষিণ কোরিয়ায় একটি শিক্ষা সফরের আয়োজন করা হয়েছিল। সফরের উদ্দেশ্য ছিল কোরিয়ার স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়ন নীতি, বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এবং কর্মসংস্থান সৃষ্টির অভিজ্ঞতা সম্পর্কে ধারণা অর্জন। বাংলাদেশের উচ্চশিক্ষায় এসব অভিজ্ঞতা কীভাবে কাজে লাগানো যায়, সেটিও ছিল সফরের অন্যতম বিবেচ্য। সফরের অভিজ্ঞতা থেকে উপলব্ধি হয়েছিল, বিশ্ববিদ্যালয়কে শুধু ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে দেখলে তার সম্ভাবনার বড় একটি অংশ অব্যবহৃত থেকে যায়। বিশ্ববিদ্যালয় একই সঙ্গে জ্ঞান সৃষ্টি, উদ্ভাবন, প্রযুক্তির প্রয়োগ, উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থান সৃষ্টির কেন্দ্র হয়ে উঠতে পারে।
কোরিয়া মডেল কী
কোরিয়া দক্ষিণ-পূর্ব এশিয়া ফার ইস্টের একটি দেশ, যা উন্নয়ন চিন্তায় এখানকার বিশ্ববিদ্যালয়গুলো এরই মধ্যে স্থান করে নিয়েছে বিশ্বদরবারে বিশেষত উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে স্বনিয়েজিত কর্মসংস্থানে। এই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে হানইয়াং বিশ্ববিদ্যালয়, কুকমিন বিশ্ববিদ্যালয়, কোরিয়া ইনস্টিটিউট অব স্টার্টআপ অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্টের (কিসেড) গ্লোবাল স্টার্টআপ সেন্টার, অরেঞ্জ প্ল্যানেট এবং ইওয়া উইমেন্স ইউনিভার্সিটি। হানইয়াং বিশ্ববিদ্যালয়ে গবেষণাগার, শিল্প-অংশীদার ও ইনকিউবেশন সুবিধাকে একই উদ্যোগ-উন্নয়ন ব্যবস্থায় যুক্ত করা হয়েছে। কুকমিন বিশ্ববিদ্যালয়ের সিউল ক্যাম্পাস টাউন মডেলে বিশ্ববিদ্যালয় ও নগরভিত্তিক স্টার্টআপ সহায়তা দেওয়া হয়। কিসেড গ্লোবাল স্টার্টআপ সেন্টার বিদেশি উদ্যোক্তাদের জন্য সমন্বিত সহায়তা দেয়। অরেঞ্জ প্ল্যানেট করপোরেট সামাজিক দায়বদ্ধতার অর্থায়ন, বিনামূল্যের কর্মপরিসর ও পরামর্শকের মাধ্যমে উদ্যোক্তাদের সহায়তা করে। ইওয়া উইমেন্স ইউনিভার্সিটি নারী উদ্যোক্তা এবং আন্তঃবিষয়ক উদ্ভাবনী দল গঠনে গুরুত্ব দেয়।ইয়োনসেই বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতাও বিশেষভাবে উল্লেখযোগ্য। ১৯৯৮ সালে একটি ইনকিউবেশন সেন্টার হিসেবে শুরু হওয়া উদ্যোগটি দীর্ঘ সময়ের ধারাবাহিকতায় শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও সাবেক শিক্ষার্থীদের জন্য বিস্তৃত উদ্যোক্তা সহায়তা ব্যবস্থায় পরিণত হয়েছে। এখানে ব্যবসার ধারণা যাচাই, মেন্টরিং, গবেষণার বাণিজ্যিক প্রয়োগ, বিনিয়োগ সংগ্রহ এবং বাজারে প্রবেশের সহায়তা দেওয়া।
বাংলাদেশের প্রাসঙ্গিকতা
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের ২০২৫ সালের তথ্য অনুযায়ী, দেশের মোট জনসংখ্যার প্রায় ৬৬ শতাংশের বয়স ১৫ থেকে ৬৪ বছরের মধ্যে। কর্মক্ষম মানুষের এই বড় অংশ আমাদের জনমিতিক লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জনের সুযোগ সৃষ্টি করেছে। তবে এই সুবিধা স্বয়ংক্রিয়ভাবে আসে না। কর্মক্ষম জনগোষ্ঠী উপযুক্ত শিক্ষা, দক্ষতা ও উৎপাদনশীল কাজের সুযোগ না পেলে জনমিতিক লভ্যাংশ বাস্তবে রূপ নেয় না। এ সুযোগ চিরস্থায়ীও নয়। তাই তরুণদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়- উদ্যোক্তা, উদ্ভাবক ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া প্রয়োজন এখনই। সরকারের নির্বাচনী ইশতেহারেও কর্মসংস্থান সৃষ্টি, কর্মসংস্থানমুখী শিক্ষা, তরুণদের দক্ষতা বৃদ্ধি, স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এসব অঙ্গীকার বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
কোরিয়ার অভিজ্ঞতা থেকে পাঁচটি নীতিগত শিক্ষা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রথমত. বিচ্ছিন্ন কর্মসূচির পরিবর্তে একটি সমন্বিত সহায়তা ব্যবস্থা ‘ওয়ান পাইপলাইন, ওয়ান ফ্রন্ট ডোর’ গড়ে তুলতে হবে। দ্বিতীয়ত. মেধাস্বত্ব, শিক্ষক-উদ্যোক্তা কার্যক্রম ও গবেষণার বাণিজ্যিক প্রয়োগ নিয়ে সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন। তৃতীয়ত. প্রশিক্ষণের সংখ্যা নয়; উদ্যোগের স্থায়িত্ব, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ফল মূল্যায়ন করতে হবে। চতুর্থত. উদ্যোক্তা শিক্ষা হবে ধাপে ধাপে- উদ্যোক্তা-মানসিকতা তৈরি, ধারণার বিকাশ এবং বাস্তব উদ্যোগ প্রতিষ্ঠার সহায়তা। পঞ্চমত. শিক্ষার্থী, শিক্ষক, নারী, গবেষক, সাবেক শিক্ষার্থীসহ সবার জন্য অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে।
বিশ্ববিদ্যালয় ৩.০: জ্ঞান
আন্তর্জাতিক আলোচনায় ‘বিশ্ববিদ্যালয় ৩.০’ ধারণাটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পাশাপাশি উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর এবং অর্থনৈতিক ও সামাজিক মূল্য সৃষ্টির সম্প্রসারিত ভূমিকা বোঝায়। এটি কোনো সর্বজনস্বীকৃত আনুষ্ঠানিক শ্রেণিবিন্যাস নয়; বরং বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য ভূমিকার একটি ধারণাগত কাঠামো। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সক্ষমতা অনুযায়ী প্রযুক্তি হস্তান্তর দপ্তর, উদ্ভাবন কেন্দ্র ও ব্যবসায়িক ইনকিউবেশন কেন্দ্র গড়ে তোলা যেতে পারে। এগুলো শিক্ষার্থী ও গবেষকদের ধারণা যাচাই, প্রোটোটাইপ তৈরি, মেধাস্বত্ব সংরক্ষণ, ব্যবসায়িক পরিকল্পনা এবং বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগে সহায়তা করবে। একটি কার্যকর উদ্যোক্তা ইকোসিস্টেম গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের ভেতরে চারটি পক্ষের ভূমিকা প্রয়োজন: প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী ও অশিক্ষক কর্মচারী। প্রশাসন নীতি ও বাজেট নিশ্চিত করবে; শিক্ষক গবেষণা, উদ্ভাবন ও মেন্টরিংয়ে যুক্ত হবেন; শিক্ষার্থীরা উদ্যোগ নেবেন; অশিক্ষক কর্মচারীরা প্রশাসনিক সহায়তা দেবেন। বিশ্ববিদ্যালয়ের বাইরেও পাঁচটি পক্ষকে যুক্ত করতে হবে: সরকার, শিল্পপ্রতিষ্ঠান, নগর কর্তৃপক্ষ ও স্থানীয় জনগোষ্ঠী, বিনিয়োগকারী এবং অংশীদার ও সাবেক শিক্ষার্থী। সরকার নীতি ও অর্থায়ন দেবে, শিল্পপ্রতিষ্ঠান প্রযুক্তি ও বাজারের সঙ্গে সংযোগ তৈরি করবে, স্থানীয় জনগোষ্ঠী বাস্তব সমস্যা ও চাহিদা তুলে ধরবে, বিনিয়োগকারীরা পুঁজি দেবেন ও সাবেক শিক্ষার্থীরা মেন্টরিং ও নেটওয়ার্কে সহায়তা করবেন। বিশ্ববিদ্যালয় হবে এই অংশীদারত্বের কেন্দ্রীয় সমন্বয়কারী। সব বিশ্ববিদ্যালয়ের জন্য একই উদ্যোক্তা মডেল উপযোগী হবে না। কৃষিপ্রধান অঞ্চলের বিশ্ববিদ্যালয় কৃষিপ্রযুক্তি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণে, উপকূলীয় বিশ্ববিদ্যালয় সামুদ্রিক সম্পদ ও জলবায়ু অভিযোজনে এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রযুক্তি, সফটওয়্যার ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্যোগে ভূমিকা রাখবে। এভাবে বিশ্ববিদ্যালয় স্থানীয় অর্থনীতিরও চালিকাশক্তি হয়ে উঠবে। এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সাফল্য মূল্যায়নে ডিগ্রি ও গবেষণাপত্রের পাশাপাশি স্নাতকদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান, নতুন উদ্যোগের সংখ্যা, সৃষ্ট কর্মসংস্থান, প্রযুক্তি হস্তান্তর এবং গবেষণার বাস্তব প্রয়োগ বিবেচনা করা প্রয়োজন। নারী শিক্ষার্থীদের উদ্যোক্তা কার্যক্রমে অংশগ্রহণের বাধা দূর করাও জরুরি।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো কি করছে
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অনুমোদিত তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে ৬১টি সরকারি ও ১১৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১১০টির একাডেমিক কার্যক্রম চালু রয়েছে। চারটির কার্যক্রম এখনও শুরু হয়নি। আর তিনটি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ অথবা পরিচালনার আইনগত অনুমতি নেই। বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ার সঙ্গে নতুন প্রশ্নও সামনে এসেছেÑ এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী কতটা পাওয়া যাবে, কোন বিষয়ে পড়ানো হবে এবং সেসব বিষয়ের বাস্তব চাহিদা কতটা। কারণ বর্তমানে দেশের অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়েই আসনের উল্লেখযোগ্য অংশ ফাঁকা থাকে। ফলে শুধু বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ানো নয়, প্রয়োজন ও চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার সম্প্রসারণ এখন বড় বিষয় হয়ে উঠেছে। শিক্ষা এখন বাণিজ্যের হাতিয়ার এবং বিশ্ববিদ্যালয়গুলো এখন বেকার সৃষ্টির অভিনব কারখানা।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকেরা কেবল লাভ চায়, যত ছাত্র তত লাভ যার কোনো অংশই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ব্যয়িত করছে না। ফলে আলোচিত কোরিয়া মডেল সবার দৃষ্টি আকর্ষণ করতে পারে কিন্তু বাস্তবায়ন সহজ নয়। বিশ্ববিদ্যালয়ে বিনিয়োগের সুফল শুধু কতজন স্নাতক তৈরি হলো বা কতটি গবেষণাপত্র প্রকাশিত হলো, তা দিয়ে মাপা যথেষ্ট নয়। দেখতে হবে কত নতুন উদ্ভাবন বাস্তবে রূপ পেল, কত উদ্যোগ তৈরি হলো এবং কত মানুষের কর্মসংস্থান সৃষ্টি হলো। আমার মনে হয়, এই বিষয়গুলো নিয়ে ভাববার সময় এসেছে এবং সরকার তাদের সংস্কার কর্মসূচিতে বিষয়গুলো প্রাধিকারের মধ্যে রাখবে। কর্মসংস্থান সৃষ্টিতে দেশকে এগিয়ে নিতে এটা হতে পারে সময়োপযোগী সিদ্ধান্ত।
লেখক: গবেষক ও শিক্ষাবিদ