প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ মিনিট আগে
সুগন্ধি চালের রপ্তানি নীতি ও সংকট
বিয়ে বাড়ির পোলাও, শীতের সকালের পায়েস, অতিথি আপ্যায়নের খিচুড়ি সুগন্ধি চাল বাঙালির উৎসবের ঘ্রাণ। অথচ সেই ঘ্রাণই এখন বহু পরিবারের কপালে ভাঁজ ফেলছে। বাজারে পোলাওয়ের চাল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২২০ থেকে ২৩০ টাকায়। ছয় মাসে কেজিতে বেড়েছে ৮০ টাকারও বেশি; সরকারি হিসাবেই কোনো কোনো ক্ষেত্রে এই বৃদ্ধি ৫৭ শতাংশ পর্যন্ত। দাম চড়লে আমাদের নজর সবার আগে যায় সহজ অভিযুক্তের দিকে। আর এবারের সেই অভিযুক্ত রপ্তানি। ৮ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় ২৭৮টি প্রতিষ্ঠানের রপ্তানি বরাদ্দ অর্ধেকে নামিয়ে এনেছে। কিন্তু আগুন যেখানে জ্বলছে, জল কি সেখানেই পড়ল? সংখ্যার কাছে গেলে জবাবটা আরামদায়ক নয়।
চলতি বছর দুই দফায় মোট ৪৫ হাজার ২৭০ টন সুগন্ধি চাল রপ্তানির অনুমতি মিলেছিল। ৩০ আগস্ট পর্যন্ত ১২৯টি প্রতিষ্ঠান জাহাজে তুলতে পেরেছে মাত্র ২ হাজার ৪১৯ টন অনুমোদনের ৫.৩ শতাংশ। বাকি ৯৪.৭ শতাংশ রয়ে গেছে কাগজেই। খাদ্য মন্ত্রণালয়ের হিসাবে ২০২৩-২৪ অর্থবছরে সুগন্ধি চালের উৎপাদন ছিল ১০ লাখ ২৩ হাজার টন। সেই তুলনায় এ বছর বিদেশে যাওয়া চাল উৎপাদনের ০.২৪ শতাংশের মতো প্রতি হাজার টনে আড়াই টনেরও কম। পুরো অনুমোদিত পরিমাণ রপ্তানি হলেও তা হতো প্রায় ৪.৪ শতাংশ; কোটা অর্ধেক হওয়ায় এখন সর্বোচ্চ সীমা ২২ হাজার ৬৩৫ টন, অর্থাৎ প্রায় ২.২ শতাংশ। এত সামান্য অংশ বিদেশে গিয়ে পুরো একটি বাজারকে এলোমেলো করে দেবে অঙ্কের বিচারে এ কথা বিশ্বাসযোগ্য নয়। রপ্তানির খবর হয়তো সংকটের আতঙ্ক ছড়িয়েছে, গুজবের জ্বালানি জুগিয়েছে; কিন্তু রপ্তানিই এই ঊর্ধ্বগতির একমাত্র কারণ, এমন দাবির ভিত্তি দুর্বল।
বাজারের ভেতরের ছবিটা বলছে অন্য গল্প। গণমাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে, জুলাইয়ের শেষ দিকে নামি ব্র্যান্ডগুলো প্যাকেটজাত চালের দাম এক ধাক্কায় কেজিতে ৪০ টাকা বাড়িয়ে দেয়। ঢাকার দোকানে সেই চাল এখন ২৩০ টাকায় মিলছে। একটি প্রতিবেদন বলছে, ভোজ্য তেল ও চিনির মতো সুগন্ধি চালের বাজারও কার্যত চলে হাতেগোনা দশটির মতো বড় শিল্পগোষ্ঠীর ইশারায়। রেস্তোরাঁ মালিকেরা অভিযোগ করছেন, অস্থিরতার পেছনে কর্পোরেট কারসাজি; রপ্তানিকারকেরা তা নাকচ করে বলছেন, দেশের ভেতরের চাহিদাও বেড়েছে। সবচেয়ে অস্বস্তিকর তথ্যটি আসে মাঠ থেকে। কৃষকেরা বলছেন, মৌসুমে তারা যে দামে ধান বেচেছেন, বাজারদর এখন তার প্রায় দ্বিগুণ অথচ তাদের ঘরে আর একটি ধানও নেই। অর্থাৎ দামের উল্লম্ফন ঘটেছে ধান কৃষকের হাত ছাড়ার পর। এই বাড়তি মুনাফার স্বাদ পেয়েছেন তারা, যারা কম দামে কিনে মজুদ রেখেছিলেন।
সুগন্ধি ধান সাধারণ ধানের মতো সহজ ফসল নয়। ফলন তুলনায় কম, যত্ন বেশি, প্রক্রিয়াজাতকরণও বিশেষায়িত। কৃষক এই ঝুঁকি নেন কেবল একটি কারণে আলাদা দামের আশায়। সেই আশা যদি রপ্তানির পথ সংকুচিত হওয়ায়, অনিশ্চিত বিক্রয়ে আর দামের ওঠানামায় দুর্বল হয়ে পড়ে, তবে পরের মৌসুমে তিনি স্বাভাবিকভাবেই নিরাপদ ধানের দিকে ঝুঁকবেন। জমি কমবে, সরবরাহ কমবে, আর সেই সুযোগে মজুদদারের হাতে দাম নিয়ন্ত্রণের ক্ষমতা আরও বাড়বে। ফলে যে নীতি আজ দাম কমাতে চায়, কাল সে-ই দাম বাড়ানোর পরিবেশ তৈরি করতে পারে। এর সঙ্গে জড়িয়ে আছে একটি গোটা অর্থনীতি। রপ্তানি বন্ধ বা সংকুচিত করে সাময়িক স্বস্তির প্রলোভন যত বড়ই হোক, সমাধান লুকিয়ে আছে বাজারের ভেতরের ব্যবস্থাপনায়। কয়েকটি পদক্ষেপ অগ্রাধিকার পাওয়া উচিত।
পোলাও রান্না হয় ধীর আঁচে। হুট করে আঁচ কমালে তলায় লেগে যায়, আবার বেশি বাড়ালে পুড়ে যায়। সুগন্ধি চালের নীতিও তেমন ধৈর্য, তথ্য আর সমন্বয়ের ব্যাপার। রপ্তানির কোটা কমিয়ে খবরের শিরোনাম বদলানো যায়, কিন্তু যে মজুদদার, যে অস্বচ্ছ সরবরাহ ব্যবস্থা আর যে দুর্বল তদারকি ক্রেতার থালায় আগুন লাগাচ্ছে, তাদের গায়ে আঁচ না লাগলে দাম নামবে না। আর কৃষকের আস্থা হারালে আগামী মৌসুমে আমরা হয়তো হারাব সুগন্ধি ধানের জমিই। দেশের থালা আর দেশের সম্মান দুটোই রক্ষার একমাত্র পথ হলো ন্যায্য দামে উৎপাদন, স্বচ্ছ বাজার আর পরিমিত রপ্তানি।
হাবিবুর রহমান সাগর
শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ফিরছে কি সেই মসলিন?
উপনিবেশবাদ, শিল্পায়ন ও বৈষম্যের চাপে হারিয়ে গিয়েছিল বাংলার কিংবদন্তি ও ঐতিহ্য বাংলার মসলিন কাপড়। কিন্তু কালের বিবর্তনে সেই কিংবদন্তি আবারও ফিরে এসেছে। এক আস্ত শাড়ি একটি ছোট্ট আঙ্টির ভেতর দিয়ে অনায়াসে গলে যেত- এই একটি কথাতেই স্পষ্ট হয়ে ওঠে মসলিনের অনন্য বৈশিষ্ট্য। প্রায় ১৭০ বছর পর বাংলাদেশে আবার বোনা হয়েছে সেই ঐতিহ্যবাহী কাপড়। কিন্তু এই পুনর্জন্মের গল্প যতটা না আনন্দের, তার চেয়ে বেশি এক সম্ভাবনার, সংকট ও চ্যালেঞ্জের প্রশ্নের। রাজা বাদশাহের আমলে বিশ্বজুড়ে বাণিজ্যের বাজারে রাজত্ব করা এই মসলিন হারিয়ে গিয়েছিল অবহেলা, শোষণ ও অন্যায্যতায়। অথচ, ১৮৫১ সালে লন্ডনের মহাপ্রদর্শনীতে ঢাকাই মসলিন বিপুল দর্শককে মুগ্ধ করেছিল।
মসলিনের ইতিহাস হাজার বছরের। খ্রিস্টপূর্ব ৫০০ অব্দ থেকেই এটি রোমান, গ্রিক ও আরব সাম্রাজ্যে অভিজাত ব্র্যান্ড হিসেবে সমাদৃত ছিল। কথিত আছে, প্রাচীন গ্রিসে বিশ্বাস করা হতো, মসলিনই হলো দেবীমূর্তির উপযুক্ত বস্ত্র। মোগল আমলে ঢাকা ছিল এই শিল্পের প্রাণকেন্দ্র। সম্রাট ও অভিজাতদের পৃষ্ঠপোষকতায় ঢাকাই মসলিনের খ্যাতি ছড়িয়ে পড়ে দূরদূরান্তে। এই সূক্ষ্ম বস্ত্রের কাব্যিক নাম ছিল অগণিত ‘আবে-রওয়ান’ অর্থ প্রবাহিত পানি, ‘শবনম’ অর্থ ভোরের শিশির, ‘বাফৎ হাওয়া’ অর্থ বাতাস দিয়ে বোনা কাপড়। আর সম্রাটদের জন্য সংরক্ষিত ছিল ‘মলমল খাস’, আর সুবাদারদের জন্য ‘সরকার-ই-আলা’।
মূলত, এই অসাধারণ সূক্ষ্মতার রহস্য লুকিয়ে ছিল ‘ফুটি কার্পাস’ নামের এক দুর্লভ তুলায়, যা জন্মাত মেঘনা নদীর অববাহিকায়। সুতা কাটা হতো ভোরের আগে বা বিকালের শেষে, যখন বাতাসে থাকত উপযুক্ত পরিমাণ আর্দ্রতা। কিন্তু এই রাজকীয় শিল্পের ভিত ছিল ভঙ্গুর। মসলিনের বিশাল দামের সুফল পেত সুবিধাভোগীরা, তারা নিজেদের উদর পূর্তি করত আর কখনোই সেই সুবিধা ও প্রাপ্তি পৌঁছত না তাঁতিদের হাতে। একের পর এক মধ্যস্বত্বভোগীর হাত ঘুরে একজন প্রধান তাঁতি যে মজুরি পেতেন, তা ছিল অতি নগণ্য, যা তাদের স্বাভাবিক ক্ষুধা নিবারণ পর্যন্ত করতে পারত না। ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধের পর মোগল পৃষ্ঠপোষকতা উঠে যাওয়ায় এই ভঙ্গুরতা চূড়ান্ত রূপ নেয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার বাণিজ্যে একচেটিয়া আধিপত্য কায়েম করে। তারা দাদন বা পূর্বপ্রদত্ত অর্থ ব্যবস্থার মাধ্যমে তাঁতিদের ঋণে আটকে ফেলে।
২০১৪ সালে বাংলাদেশ তাঁত বোর্ড মসলিন পুনরুদ্ধারে একটি উচ্চপর্যায়ের গবেষক দল গঠন করে। ২০১৮ সালে ‘বাংলাদেশের সোনালি ঐতিহ্য : মসলিন সুতা ও কাপড় তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার’ প্রকল্পটি ১২.১ কোটি টাকার বাজেটে চালু হয়। গবেষকরা দেশজুড়ে ৩৯টি তুলার নমুনা সংগ্রহ করে গাজীপুরের কাপাসিয়া অঞ্চলের তুলার সঙ্গে ঐতিহাসিক ফুটি কার্পাসের ডিএনএ-র প্রায় ৯৬ শতাংশ মিল খুঁজে পান।
এই সাফল্যের আড়ালে আছে আজও নানান চ্যালেঞ্জ। পুনরুদ্ধার করা মসলিনের দাম এত বেশি যে এটি এখনও সাধারণ বাজারে পৌঁছেনি। প্রযুক্তিটি বেসরকারি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়া জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর মসলিনের মূল কাঁচামাল ফুটি কার্পাসের টেকসই উৎপাদন ও বাণিজ্যিক সম্প্রসারণ এখনও রয়েছে প্রাথমিক পর্যায়ে।
মসলিনের পুনরুদ্ধার কেবল একটি কাপড় ফিরিয়ে আনার গল্প নয়; এটি একটি জাতির শিল্পসত্তা, কারিগরি জ্ঞান এবং অর্থনৈতিক ন্যায্যতার প্রশ্ন। এটি এক আভিজাত্য, যা বাঙালিকে তার নিজ জৌলুসে ফিরিয়ে আনতে সক্ষম। তাই মসলিন তার রাজত্ব তৈরি করুক বিশ্বের বাজারে এবং বাংলার নারী ও পুরুষের শোভাবর্ধক হিসেবে থেকে যাক বাংলার কোলে, এই আমাদের প্রত্যাশা।
লাবনী আক্তার শিমলা
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
রোহিঙ্গা গণহত্যা: ন্যায়বিচারের ঐতিহাসিক রায়
১৯ নভেম্বর ২০২৬, রোহিঙ্গাদের ন্যায়বিচারের দাবিতে এই দিনটি গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলায় রায় দিয়েছেন। এই রায়ে রোহিঙ্গাদের ওপর সামরিক অভিযানের সময় গণহত্যা হয়েছে বলে মিয়ানমার রাষ্ট্রকে দায়ী করেছেন আদালত। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের মুখে লাখ লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেন। তাদের অনেকেই স্বজন, ঘরবাড়ি ও জীবিকার অবলম্বন হারিয়েছে। এর ফলশ্রুতিতে উখিয়া ও টেকনাফে গড়ে ওঠে বিশ্বের অন্যতম বৃহৎ শরণার্থী বসতি। ৯ বছরের বেশি সময় পার হলেও তাদের নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরার পথ তৈরি হয়নি। এই সময়ে বাংলাদেশ মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। তবে দীর্ঘদিন ধরে এই সংকটের ভার একা বহন করা বাংলাদেশের জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছে। বিশেষ করে কক্সবাজারের স্থানীয় মানুষের ওপর আর্থ-সামাজিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত নানান প্রভাব পড়ছে।
আন্তর্জাতিক আইনে জবাবদিহি নিশ্চিত করতে গাম্বিয়ার সাহসী উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ২০১৯ সালের ১১ নভেম্বর দেশটি মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে। পরে আরও ১১টি রাষ্ট্র গণহত্যা সনদের বিভিন্ন ধারা কীভাবে ব্যাখ্যা করা হবে, সে বিষয়ে মামলায় নিজেদের মতামত জানায়। এই উদ্যোগ গণহত্যা প্রতিরোধ এবং এ ধরনের অপরাধের জন্য রাষ্ট্রের দায়বদ্ধতার বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে আরও গুরুত্বের সঙ্গে আলোচনায় নিয়ে আসে।
আদালতের রায়ে গণহত্যার দায় নির্ধারণের পাশাপাশি গণহত্যা প্রতিরোধে ব্যর্থতা এবং গণহত্যা ও সনদের তৃতীয় অনুচ্ছেদে উল্লেখ করা অন্যান্য অপরাধের শাস্তি নিশ্চিত না করার বিষয়গুলোও উঠে এসেছে। গণহত্যা সনদের বাধ্যবাধকতা পূরণে প্রয়োজনীয় আইন না করা এবং গণহত্যা-সংক্রান্ত প্রমাণ সংরক্ষণে ২০২০ সালের ২৩ জানুয়ারির অন্তর্বর্তীকালীন নির্দেশনা ঠিকভাবে পালন না করার জন্যও মিয়ানমারকে দায়ী করেছেন আদালত।
আদালত মিয়ানমারকে ২০১৭ সালের সামরিক অভিযানের সঙ্গে যুক্ত গণহত্যা সনদের তৃতীয় অনুচ্ছেদে উল্লেখ করা অপরাধের জন্য যুক্তিসঙ্গতভাবে সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্তের ভিত্তিতে প্রয়োজন হলে তাদের বিচার করতে হবে এবং শাস্তির ব্যবস্থা নিতে হবে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং গণহত্যা সনদের বাধ্যবাধকতা পূরণে প্রয়োজনীয় আইন প্রণয়ন করাও মিয়ানমারের দায়িত্ব।
রোহিঙ্গাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের বিষয়েও আদালত নির্দেশনা দিয়েছেন। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে নিজ নিজ আবাসস্থলে ফেরার সুযোগ তৈরি করতে হবে। বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলন নিশ্চিত করতে হবে। তাদের হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত ব্যক্তিগত ও সামষ্টিক সম্পত্তি, যেমনÑ জমি, বাড়িঘর, উপাসনালয়, কৃষিজমি, গবাদিপশু ও ফসল ফিরিয়ে দিতে হবে। তা সম্ভব না হলে সমমানের বিকল্প সম্পত্তির ব্যবস্থা করতে হবে।
এখানে একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার। প্রত্যাবাসন মানে শুধু শরণার্থীদের বাংলাদেশ থেকে মিয়ানমারে পাঠিয়ে দেওয়া নয়। একজন রোহিঙ্গা নিজ দেশে ফিরে যদি নাগরিক হিসেবে স্বীকৃতি না পান, স্বাধীনভাবে চলাচল করতে না পারেন কিংবা নিজের ঘরবাড়ি ও সম্পত্তির অধিকার ফিরে না পান, তাহলে সেই প্রত্যাবাসন কখনোই টেকসই হবে না। তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবিকার সুযোগ ও ব্যক্তিগত নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। তা না হলে তারা আবারও নির্যাতন, বৈষম্য ও বাস্তুচ্যুতির ঝুঁকিতে পড়বেন। তবে আদালতের রায় বাস্তবায়ন হবে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের রায় মামলার পক্ষগুলোর জন্য বাধ্যতামূলক ও চূড়ান্ত। এই রায়ের বিরুদ্ধে আপিলেরও সুযোগ নেই। তবে আদালতের নিজস্ব কোনো পুলিশ বাহিনী নেই কিংবা স্বাধীনভাবে রায় কার্যকর করার ব্যবস্থাও নেই। কোনো রাষ্ট্র আদালতের নির্দেশনা না মানলে আদালত নিজে গিয়ে তা কার্যকর করতে পারে না। এ ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের জন্য এখন কূটনৈতিক তৎপরতা বাড়ানো জরুরি। জাতিসংঘ, ওআইসি, আসিয়ান, ইউরোপীয় ইউনিয়ন এবং প্রভাবশালী রাষ্ট্রগুলোর সঙ্গে সমন্বয় করে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে। রোহিঙ্গাদের নাগরিকত্ব, মৌলিক অধিকার ও নিরাপত্তার বিষয়গুলো প্রত্যাবাসন আলোচনার কেন্দ্রে রাখতে হবে। একই সঙ্গে মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি এবং রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখা প্রয়োজন।
রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর সমস্যাগুলোকেও গুরুত্ব দিতে হবে। বিশেষ করে উখিয়া ও টেকনাফের মানুষের জীবনযাত্রায় দীর্ঘদিন ধরে নানা পরিবর্তন এসেছে। স্থানীয় শ্রমবাজার, বন ও পাহাড়, পানি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং পরিবেশের ওপর চাপ অত্যন্ত বেড়েছে। অনেক ক্ষেত্রে স্থানীয় মানুষ জীবিকা ও সামাজিক নিরাপত্তা নিয়ে নতুন নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছেন। মানবিক সহায়তার পরিকল্পনায় স্থানীয় জনগোষ্ঠীকে বাদ দেওয়া যাবে না। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি স্থানীয় মানুষের জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ ও কর্মসংস্থানে বিনিয়োগ বাড়াতে হবে। কক্সবাজারের উন্নয়ন পরিকল্পনায় আশ্রয় নেওয়া রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীÑ উভয় পক্ষের প্রয়োজনকে সমান গুরুত্ব দিতে হবে।
মো. আরিফ উল্লাহ
প্রতিষ্ঠাতা, কোস্টাল কমিউনিটি ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টারে
ভাড়া নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চাই
বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। জ্বালানির দাম বাড়লে পরিচালন ব্যয়ও বাড়েÑ এ যুক্তি বাস্তব। কিন্তু ভাড়া নির্ধারণের সময় যাত্রীদের কষ্ট, ক্রয়ক্ষমতা ও বাস্তব ব্যয়ের হিসাব কতটুকু বিবেচনা হয়, তা জানানো হয় না। ফলে মালিকপক্ষের দাবি ও সরকারি সিদ্ধান্তের ভিত্তি জনসাধারণের কাছে অস্পষ্ট থাকে। সম্প্রতি কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে যাত্রী সংগঠনগুলো বলছে, প্রকৃত ব্যয় বিশ্লেষণ ছাড়া অতিরিক্ত ভাড়া চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা বাসভাড়া বৃদ্ধির বিরুদ্ধে নই, বরং অস্বচ্ছতার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ।
ভাড়া নির্ধারণের সময় জ্বালানি, রক্ষণাবেক্ষণ, টাঁকশাল, কর, বীমা ও পরিচালন ব্যয়ের বিস্তারিত হিসাব প্রকাশ করতে হবে। ভাড়া নির্ধারণ কমিটিতে যাত্রীপ্রতিনিধি, ভোক্তা অধিকার সংগঠন ও স্বাধীন অর্থনীতিবিদদের অন্তর্ভুক্ত করা জরুরি। একই সঙ্গে প্রকাশিত ভাড়ার তালিকা প্রতিটি বাসে দৃশ্যমানভাবে টাঙানো এবং ডিজিটাল মাধ্যমে প্রকাশ করা বাধ্যতামূলক করতে হবে। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে হটলাইন ও কার্যকর জরিমানার ব্যবস্থা থাকতে হবে। জনসেবার পরিবহন ব্যবস্থা কোনো মালিকপক্ষের একচেটিয়া সুবিধার হাতিয়ার হতে পারে না। তাই শুধু নতুন ভাড়া নয়, ভাড়া নির্ধারণের প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহি ও যাত্রীর অংশগ্রহণ নিশ্চিত করুন।
মুহিবুল হাসান রাফি
শিক্ষার্থী, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ
ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কি কাজে লাগছে
একটি দেশের সবচেয়ে বড় সম্পদ তার মানুষ। বিশেষত কর্মক্ষম, উদ্যমী ও নতুন কিছু শেখার আগ্রহসম্পন্ন তরুণ জনগোষ্ঠী হতে পারে অর্থনৈতিক অগ্রগতির প্রধান চালিকাশক্তি। বাংলাদেশের জনসংখ্যার বয়সভিত্তিক কাঠামোও এমন একটি সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। কিন্তু সেই সম্ভাবনাকে বাস্তব সমৃদ্ধিতে রূপান্তর করা যাচ্ছে কি? অর্থনীতিতে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশ বলতে জনসংখ্যায় কর্মক্ষম মানুষের অনুপাত বৃদ্ধির ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধির যে বিশেষ সুযোগ তৈরি হয়, তাকে বোঝায়। যখন নির্ভরশীল শিশু ও প্রবীণ মানুষের তুলনায় কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি থাকে, তখন সঠিক শিক্ষা, দক্ষতা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান নিশ্চিত করা গেলে উৎপাদনশীলতা এবং জাতীয় আয় বাড়তে পারে।
তবে কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি হলেই এই লভ্যাংশ স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যায় না; প্রয়োজন তাদের সক্ষমতা অনুযায়ী কাজের সুযোগ সৃষ্টি করা। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের তথ্য অনুযায়ী, বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ কর্মক্ষম বয়সসীমার অন্তর্ভুক্ত। এই বিশাল জনগোষ্ঠী দেশের জন্য যেমন বড় সম্ভাবনা, তেমনি উপযুক্ত শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করতে না পারলে তা সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জেও পরিণত হতে পারে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ ২০২৩ অনুযায়ী, ১৫-২৯ বছর বয়সী তরুণদের শ্রমশক্তিতে থাকা ২ কোটি ৬৭ লাখ ৬০ হাজার মানুষের মধ্যে প্রায় ১৯ লাখ ৪০ হাজার বেকার ছিলেন। তরুণ শ্রমশক্তির বেকারত্বের হার ছিল ৭.২ শতাংশ।
এর পেছনে শিক্ষার সঙ্গে শ্রমবাজারের চাহিদার অসামঞ্জস্য, ব্যবহারিক দক্ষতার ঘাটতি, সীমিত মানসম্মত চাকরি এবং অভিজ্ঞতা-নির্ভর নিয়োগব্যবস্থা ভূমিকা রাখতে পারে। শুধু শিক্ষিত বেকারত্ব নয়, স্বল্প মজুরি, অনানুষ্ঠানিক কাজ ও অর্জিত দক্ষতার তুলনায় কম মানের কর্মসংস্থানও জনমিতিক সম্ভাবনাকে সীমিত করে। বিশ্বব্যাংকের ২০২৫ সালের এক বিশ্লেষণ অনুযায়ী, ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে প্রায় ১ কোটি ৪০ লাখ তরুণ কর্মক্ষম বয়সে প্রবেশ করলেও শ্রমবাজারে নতুন কাজে যুক্ত হয়েছিল প্রায় ৮৭ লাখ। একই সময়ে নতুন কর্মসংস্থানের একটি বড় অংশ ছিল কম উৎপাদনশীল কৃষিতে।
একই সঙ্গে স্থানীয় শিল্প, কৃষি, পর্যটন, তথ্যপ্রযুক্তি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রশিক্ষণ শেষে কর্মসংস্থান হচ্ছে কি না, আয় বাড়ছে কি না এবং অর্জিত দক্ষতার প্রয়োগ ঘটছে কি না, সেসব মূল্যায়নও জরুরি। তরুণ জনগোষ্ঠী বাংলাদেশের সম্ভাবনা, কিন্তু সেই সম্ভাবনাকে সম্পদে রূপান্তর করার দায়িত্ব রাষ্ট্র, শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্প খাত ও সমাজের সম্মিলিত। কর্মসংস্থান, দক্ষতা ও মানবসম্পদ উন্নয়নে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না গেলে জনমিতিক সুবিধা হারিয়ে যেতে পারে। আর সঠিক পরিকল্পনা ও বিনিয়োগ নিশ্চিত করা গেলে এই তরুণ জনগোষ্ঠীই হতে পারে বাংলাদেশের টেকসই সমৃদ্ধির সবচেয়ে বড় শক্তি।
বাপ্পাদিত্য চৌধুরী প্রবাল
শিক্ষার্থী, মৌলভীবাজার সরকারি কলেজ
শিশুদের জন্য এ কেমন ভবিষ্যৎ গড়ছি
১৯৫৪ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্ব শিশু দিবস পালনের সুপারিশ করে। পরবর্তী সময়ে ২০ নভেম্বর দিনটি আন্তর্জাতিকভাবে শিশুদের অধিকার ও কল্যাণের প্রতীকী দিবস হিসেবে প্রতিষ্ঠা পায়। একটি শিশুর হাতে থাকার কথা বই, চোখে থাকার কথা স্বপ্ন, আর মনে থাকার কথা পৃথিবীকে জানার অফুরন্ত কৌতূহল। অথচ আমাদের চারপাশে এমন অনেক শিশু রয়েছে, যাদের কাছে শৈশব মানে আনন্দ নয়, বরং প্রতিদিনের বেঁচে থাকার সংগ্রাম। যে বয়সে মাঠে ছুটে বেড়ানোর কথা, সে বয়সে কেউ জীবিকার তাগিদে রাস্তায় নামে, কেউ পরিবারের অভাব ঘোচাতে শ্রম বিক্রি করে। এই বাস্তবতার সামনে দাঁড়িয়ে প্রশ্ন জাগেÑ শিশুদের জন্য সুন্দর ভবিষ্যতের কথা বললেও তাদের বর্তমানকে কতটা সুন্দর করতে পেরেছি আমরা?
বিশ্ব শিশু দিবস আমাদের সেই প্রশ্নের মুখোমুখি করে। দিনটি কেবল শিশুদের নিয়ে আয়োজন, আলোচনা কিংবা শুভেচ্ছা বিনিময়ের উপলক্ষ নয়; বরং তাদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার অঙ্গীকার নতুন করে স্মরণ করার দিন। কারণ একটি শিশুর সুস্থভাবে বেড়ে ওঠা কোনো অনুগ্রহ নয়, এটি তার মৌলিক অধিকার।
শিশুদের বঞ্চনা শুধু অভাবের মধ্যে সীমাবদ্ধ নয়। কখনও পরিবারে অতিরিক্ত প্রত্যাশা, কখনও শিক্ষাপ্রতিষ্ঠানে অসহিষ্ণু আচরণ, আবার কখনও সামাজিক ও প্রযুক্তিগত অনিরাপত্তা তাদের স্বাভাবিক বিকাশে বাধা হয়ে দাঁড়ায়। আমরা অনেক সময় শিশুর ভালো ফলাফল চাই, কিন্তু তার মনের খবর রাখি না। তাকে শাসন করি, কিন্তু তার কথা শোনার সময় বের করি না। অথচ শিশুকে মানুষ হিসেবে গড়ে তুলতে হলে তার অনুভূতি, মতামত ও স্বপ্নের মূল্য দিতে হবে। মনে রাখতে হবে, প্রতিটি শিশুর বেড়ে ওঠার নিজস্ব গতি ও স্বতন্ত্র সম্ভাবনা রয়েছে।
শিশুর সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার দায়িত্ব তাই এককভাবে কোনো প্রতিষ্ঠান বা পরিবারের নয়। পরিবারকে হতে হবে শিশুর প্রথম নিরাপদ আশ্রয়, শিক্ষাপ্রতিষ্ঠান হতে হবে তার বিকাশের আনন্দময় ক্ষেত্র, আর রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে তার অধিকার ও নিরাপত্তা। শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধ, নির্যাতনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এখন সময়ের দাবি।
বিশ্ব শিশু দিবসে আমাদের অঙ্গীকার হোকÑ কোনো শিশুর স্বপ্ন দারিদ্র্যের কাছে হার মানবে না, কোনো শিশুর শৈশব অবহেলায় হারিয়ে যাবে না। প্রতিটি শিশু বেড়ে উঠবে নিরাপদে, মর্যাদায় এবং নিজের মতো করে স্বপ্ন দেখার স্বাধীনতা নিয়ে। কেননা একটি দেশের প্রকৃত উন্নয়ন শুধু তার অবকাঠামো কিংবা অর্থনৈতিক সমৃদ্ধিতে মাপা যায় না; মাপা যায় তার শিশুরা কতটা নিরাপদ, স্বাধীন ও আনন্দময় শৈশব পাচ্ছে, তার মধ্য দিয়েও।
বাঁধন মৈত্র
শিক্ষার্থী, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
পথশিশুদের কথা
পথশিশু বলতে যেসব শিশু দরিদ্র, পারিবারিক বিচ্ছিন্নতা, নির্যাতন কিংবা অন্য কোনো প্রতিকূল পরিস্থিতির কারণে রাস্তায় বসবাস করতে বা জীবিকার সন্ধানে দিনের অধিকাংশ সময় পথে কাটাতে বাধ্য হয়, তাদের সাধারণভাবে পথশিশু বলা হয়। ঢাকা শহরের বস্তি, ফুটপাত, খাবারের হোটেল, মার্কেট, রেলস্টেশন, বাসস্ট্যান্ড, গাড়ি পার্কিংয়ের স্থান, আবর্জনা ফেলার জায়গা ও নির্মাণাধীন ভবনের আশপাশে এসব শিশুর দেখা মেলে। জাতিসংঘের শিশু অধিকার সনদ অনুযায়ী ১৮ বছরের কম বয়সী প্রত্যেকেই শিশু এবং বাংলাদেশের শিশু আইন, ২০১৩ অনুযায়ী, শিশু আইনের ৪ ধারায় অনূর্ধ্ব ১৮ বছর বয়সীকে শিশু হিসেবে গণ্য করা হয়েছে।
ঢাকা শহরের পথে পথে হারিয়ে যাচ্ছে শৈশব! শিশুরা ফুলবাগানের ফুটন্ত ফুলের মতো, যারা পরিবার নামক বাগানের শোভা বর্ধন করে। ইউনিসেফ ও বিভিন্ন গবেষণা অনুযায়ী বাংলাদেশে ৩৪ লাখের বেশি পথশিশু রয়েছে।৩৩%-এর বেশি শিশু তাদের জীবনের মৌলিক সুযোগ-সুবিধা হতে বঞ্চিত। ১৯৮৯ সালের ২০ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ শিশু অধিকার সনদ গ্রহণ করে। বাংলাদেশ ১৯৯০ সালে এই সনদে অনুসমর্থন জানায়। এই সনদে শিশুর বেঁচে থাকা, বিকাশ, সুরক্ষা ও শিক্ষার অধিকার স্বীকৃত হয়েছে।
যেই শিশু আজ রাস্তায় ঘুমায়, সঠিক সুযোগ পেলে সেই শিশুই একদিন দেশের গর্ব হয় উঠতে পারে। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশের ২০২৫ সালের সমীক্ষা অনুযায়ী চরম দারিদ্র্যের কারণে ৩৭.৮% শিশু পরিবার ছেড়ে পথে নামতে বাধ্য। এদের মধ্যে ২৭ শতাংশের পিতামাতার পরিচয় নেই। বিবিএস-এর তথ্যে উঠে আসে পথশিশুদের প্রায় অর্ধেকই ৯ বছর পার হওয়ার আগেই জীবিকার সন্ধানে কাজে নামতে হয়। ছেলে পথশিশু ৯২.১% এবং মেয়ে পথশিশু ৮৪.৫ শতাংশ বেঁচে থাকার তাগিদে কাজ করে।
যে হাতে একদিন দেশের পতাকা উড়বে, সেই হাত আজ কেন বেঁচে থাকার জন্য মানুষের কাছে হাত পাতবে! বেসরকারি উন্নয়ন সংস্থার কারিতাস বাংলাদেশের ২০২৫ সালের সমীক্ষা অনুযায়ী ৫৮.২% পথশিশুর কোনো জন্মসনদ নেই। ৭১. ৪% শিশু পিতামাতার পরিচয়পত্র জানেন না। ৯৪% পথশিশু সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে রয়ে গেছে। প্রায় ২৪% পথশিশু ধূমপানে এবং ১২% পথশিশু সরাসরি মাদকাসক্তিতে জড়িয়ে পড়ছে। এ ছাড়া অনেক পথশিশু শারীরিক নির্যাতন, গালিগালাজ, যৌন হয়রানি ও বিভিন্ন ধরনের শোষণের ঝুঁকিতে থাকে।
একটি পথশিশুর হাতে ভিক্ষার পাত্র নয়, বই তুলে দিন; বদলে যেতে পারে একটি জীবন, বদলে যেতে পারে একটি দেশ। তাই পথশিশুদের বিনামূল্যে শিক্ষা উপকরণ, পোশাক, পুষ্টিকর খাবার ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। যারা দীর্ঘদিন শিক্ষার বাইরে রয়েছে, তাদের জন্য বিশেষ শিক্ষাকার্যক্রম চালু করতে হবে। পাশাপাশি দরিদ্র পরিবারগুলোর কর্মসংস্থান ও আর্থিক সহায়তা নিশ্চিত করা প্রয়োজন, যাতে জীবিকার তাগিদে শিশুদের রাস্তায় নামতে না হয়। পথশিশুদের সংকটের স্থায়ী সমাধানে শুধু খাবার বিতরণ যথেষ্ট নয়। তাদের জন্য নিরাপদ আশ্রয়কেন্দ্র, পুষ্টিকর খাবার, স্বাস্থ্যসেবা, শিক্ষার সুযোগ ও কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যেসব শিশুর জন্য পরিবারে ফিরে যাওয়া নিরাপদ, তাদের পুনর্বাসনে পরিবারকে সহায়তা দিতে হবে। পথশিশুদের প্রতি দয়া দেখানোই যথেষ্ট নয়, তাদের অধিকার নিশ্চিত করাই হোক আমাদের মানবিক দায়িত্ব।
মো. আব্দুল কাইউম
শিক্ষার্থী, ঢাকা কলেজ
উচ্ছেদ নয়, প্রয়োজন সড়কের শৃঙ্খলায়ন
ঢাকার রাস্তায় নামলেই দুটি বাস্তবতার মুখোমুখি হতে হয়, একদিকে সংকীর্ণ সড়ক, অন্যদিকে অনিয়ন্ত্রিত অটোরিকশার কারণে সৃষ্ট স্থবিরতা। এর পেছনে রিকশা অন্যতম কারণ হলেও একমাত্র কারণ নয়। অপরিসর গলি এবং জীর্ণ ও অপর্যাপ্ত গণপরিবহন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণিকে অটোরিকশার ওপর আরও বেশি নির্ভরশীল করে তুলছে। পাশাপাশি ঢাকায় লাখ লাখ পরিবারের জীবিকা নির্বাহ হয় রিকশা চালনার মাধ্যমে। ফলে সমস্যার নিরসনে টেকসই ও মানবিক সমাধান রিকশা নিষিদ্ধকরণ নয়, প্রয়োজন শৃঙ্খলায়ন।
রাজধানীর সড়কের যানজট ও সড়ক দুর্ঘটনায় যত্রতত্র রিকশা চলাচল, বিশেষ করে ব্যাটারিচালিত রিকশার প্রভাব কোনোভাবেই অস্বীকার করা যায় না। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পর্যবেক্ষণ অনুযায়ী, শুধু ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা প্রায় ৮ লাখ থেকে ১০ লাখ, যা ক্রমাগত বেড়েই চলেছে। এ ছাড়া সড়কের ধারণক্ষমতার তুলনায় এগুলোর আধিক্য এতটাই তীব্র যে, অন্যান্য গণপরিবহন এমনকি পথচারীদের চলাচলের জায়গাও সংকুচিত হয়ে পড়েছে। বিশ্বব্যাংকের তথ্যমতে, ঢাকার সড়কের যানবাহনের গড় গতি ক্রমেই কমে আসছে। ফলে গতিশীল এই নগরী ধীরে ধীরে স্থবির হয়ে পড়ছে। এর পাশাপাশি, কোনো ধরনের প্রশিক্ষণ বা নিবন্ধন ছাড়াই উচ্চগতির এই যানগুলো মূল সড়কে উঠে আসায় দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে।
এতসব সমস্যা ও দুর্ভোগের পরও প্রায় ৯ দশক ধরে রিকশা ঢাকার কর্মজীবী ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের তথ্যমতে, নগরীর মোট যাতায়াতের প্রায় ৪০ শতাংশই সম্পন্ন হয় রিকশায়, যা প্রতিদিন প্রায় ৭০ থেকে ৮০ লাখ মানুষের যাতায়াত নিশ্চিত করছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের প্রতিবেদন অনুযায়ী, সারা দেশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২ কোটি থেকে ২.৫ কোটি মানুষ জীবিকার জন্য এই খাতের ওপর নির্ভরশীল, যার মধ্যে সরাসরি চালক প্রায় ৪০-৫০ লাখ। এই খাত বছরের পর বছর ধরে অদক্ষ, নিরক্ষর ও দরিদ্র মানুষদের জীবিকার অন্যতম প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ ২৯ অক্টোবর ২০২৬ তারিখে ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল বিধিমালা, ২০২৬’-এর প্রজ্ঞাপন জারি করে। কিন্তু কোনো প্রস্তুতির সময় বা আর্থিক সহায়তা ছাড়াই স্বল্প সময়ে বাহনটির ব্যয়বহুল কাঠামোগত পরিবর্তন ও উচ্চ নিবন্ধন ফির বাধ্যবাধকতা প্রান্তিক চালকদের চরম বিপাকে ফেলেছে। প্রান্তিক চালকদের দৈনন্দিন আয়ের অনিশ্চয়তার মধ্যে হঠাৎ এই নির্দেশনা এবং তা অমান্যকারীদের রিকশা জব্দ করার মতো পদক্ষেপ তাদের অর্থনৈতিক সংকট আরও তীব্র করেছে।
রিকশা ঢাকাবাসীর বহু বছরের অভ্যাস ও স্বাভাবিক জীবনের অংশ। ঢাকার সরু রাস্তা ও গলিপথগুলোর জন্য রিকশার পূর্ণাঙ্গ বিকল্প তাৎক্ষণিকভাবে সম্ভব নয়। রিকশা একদিকে দরিদ্রের জীবিকার উৎস, অন্যদিকে সাধারণ মানুষের যাতায়াতের সহজ মাধ্যম। ফলে রাতারাতি উচ্ছেদের বিপরীতে সুনির্দিষ্ট শৃঙ্খলায়ন উভয়পক্ষকেই নগর জীবনে স্বস্তি দেবে।
ফাহমিদা তাবাসসুম ফারহা
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়