প্রধানমন্ত্রীর আহ্বান
সম্পাদকীয়
প্রকাশ : ২৩ মিনিট আগে
প্রতীকী ছবি।
বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সমাপনী বক্তব্যে দেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বার্তা এসেছে। প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে এই পরাজিত শক্তির পুনরুত্থান ঠেকাতে সংসদের ভেতরে ও বাইরে থাকা গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর এই আহ্বানে বিরোধীদলীয় নেতার সমর্থন এবং সহমতের বিষয়টি তাৎপর্যপূর্ণ। বিরোধী দলের এই ইতিবাচক সাড়া একটি সম্ভাবনার ইঙ্গিত দেয়। যা কাজে লাগিয়ে গণতান্ত্রিক চর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্রের সুরক্ষা এবং স্বৈরাচারী প্রবণতা প্রতিরোধে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অস্বীকার করার সুযোগ নেই। তবে এই ঐক্যের ভিত্তি হতে হবে গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা।
প্রধানমন্ত্রী বলেছেন, এই সন্ত্রাসী গোষ্ঠীর হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌম সংসদ রক্ষার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, বাংলাদেশকে আর কোনো তাঁবেদারের হাতে তুলে দেওয়া হবে না। তাদের শাসনামলে বিরোধী দল ও ভিন্নমতের মানুষের গুম, খুন ও অপহরণের মাধ্যমে দেশে ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল। দেশের ভেতরে গড়ে ওঠা তাঁবেদার অপশক্তিকে ব্যবহার করে এসব ষড়যন্ত্র চালানো হয়েছে। সে সময় পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সেনা হত্যাযজ্ঞ এবং শাপলা চত্বরে নিরীহ মানুষকে গুলি করে হত্যার ঘটনাও তারা ঘটিয়েছে।
প্রধানমন্ত্রীর বক্তব্যে ফ্যাসিস্ট শাসনামলে নির্বাচন কমিশনসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান অকার্যকর হয়ে পড়ার বিষয়টিও উঠে এসেছে। যার দৃষ্টান্ত হিসেবে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের প্রসঙ্গ টানা হয়েছে। বক্তব্যে ২০২৪ সালের আন্দোলনে ক্ষমতা ধরে রাখতে প্রাণহানি ও বহু মানুষের পঙ্গুত্ববরণের অভিযোগসহ ছাত্র-জনতার আত্মত্যাগের কথা স্মরণ করা হয়। এসব ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গভীর ক্ষত সৃষ্টি করেছে। আমরা মনে করি, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে যখন এসব গুরুতর অভিযোগ ও ঐতিহাসিক প্রেক্ষাপট উত্থাপিত হয়, তখন তা কেবল রাজনৈতিক বক্তব্যের গণ্ডিতে সীমাবদ্ধ থাকে নাÑ এটি রাষ্ট্রীয় জবাবদিহি, আইনের শাসন এবং গণতান্ত্রিক সংস্কারের প্রশ্নকে সামনে নিয়ে আসে।
প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক ঐক্যের আহ্বান নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। তবে সেই ঐক্য হতে হবে গণতান্ত্রিক রীতিনীতি, আইনের শাসন এবং মৌলিক অধিকারের সুরক্ষার ভিত্তিতে। আর ঐক্যের আহ্বান তখনই অর্থবহ হবে, যখন তা জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার বাস্তব কর্মসূচিতে রূপ নেবে। এ ক্ষেত্রে সবচেয়ে বড় দায়িত্ব ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃত্বের। একইভাবে বিরোধী দলগুলোরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। মনে রাখতে হবে, মতপার্থক্য থাকা সত্ত্বেও যেকোনো গণতান্ত্রিক ব্যবস্থার মৌলিক প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের বিকল্প নেই।
অতীতের কর্তৃত্ববাদী প্রবণতা বা সাংবিধানিক কাঠামোর দুর্বলতা যেন আর ফিরে না আসে, সেজন্য প্রাতিষ্ঠানিক সংস্কার ও স্বাধীন তদারকি অপরিহার্য। আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশনসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও সক্ষমতা পুনর্গঠন ছাড়া টেকসই গণতন্ত্র নিশ্চিত করা কঠিন। একই সঙ্গে কোনো গোষ্ঠী বা তৎপরতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের পদক্ষেপ যেন আইনসম্মত, স্বচ্ছ ও মানবাধিকারের মানদণ্ডের সাথে সঙ্গতিপূর্ণ থাকে, সেটিও নিশ্চিত করা জরুরি।
চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থান প্রমাণ করেছেÑ বাংলাদেশ আর কোনো কর্তৃত্ববাদী শাসনের পুনরাবৃত্তি দেখতে চায় না। একই সঙ্গে প্রতিহিংসা, রাজনৈতিক নিপীড়ন কিংবা বিভাজনের রাজনীতিতেও ফিরে যেতে চায় না। যে কারণে মুক্তিকামী মানুষ মনে করেÑ অতীতের অপরাধের বিচার, বর্তমানের গণতান্ত্রিক চর্চা এবং ভবিষ্যতের প্রাতিষ্ঠানিক সুরক্ষাÑ এই তিন ভিত্তির ওপরই গড়ে উঠতে পারে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। ফ্যাসিবাদ প্রতিরোধে ঐক্য অবশ্যই প্রয়োজন; তবে সেই ঐক্যের চূড়ান্ত লক্ষ্য হতে হবে এমন একটি বাংলাদেশ, যেখানে রাষ্ট্র কোনো দলের নয়, রাষ্ট্র হবে সব নাগরিকের।
আমরা বলতে চাই, সংসদের সমাপনী অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্যগুলো বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণকে নির্দেশ করে। অতীতের ভুল ও সহিংসতার পুনরাবৃত্তি রোধ করতে হলে প্রয়োজন শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা, আইনের কঠোর প্রয়োগ এবং সব পক্ষের দায়িত্বশীল আচরণ। এই দায়িত্বশীল আচরণ দিয়েই একটি সহিংসতামুক্ত, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলাই হোক সকলের অঙ্গীকার।