নিরঞ্জন রায়
প্রকাশ : ১২ মিনিট আগে
আমেরিকা এমন একটি দেশ, যেখানে আছে বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতি, সুবিশাল মুদ্রাবাজার, সুনিয়ন্ত্রিত আর্থিক বাজার এবং বিশাল করপোরেট খাত। শুধু তাই নয়, আমেরিকার অর্থনীতি, আর্থিক বাজার এবং করপোরেট খাত বিশ্ব অর্থনীতির নার্ভাস সিস্টেম হিসেবে কাজ করে। আমেরিকার অর্থনীতি এবং আর্থিক খাত যা শুরু করে, তা দ্রুতই অন্যান্য দেশ অনুসরণ করে। একইভাবে আমেরিকার অর্থনীতিতে কিছু ঘটা মাত্র, তার প্রভাব পড়ে বিশ্বের অন্যান্য অঞ্চলের অর্থনীতিতে। যেমনÑ আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক সুদের হার পরিবর্তন করার সাথে সাথে এর প্রতিক্রিয়া শুরু হয়ে যায় বিশ্বের অন্যান্য দেশ ও অঞ্চলে। আমেরিকা পৃথিবীর পণ্য আমদানির ওপর শুল্ক বাড়িয়ে দিয়েছে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চ ট্যারিফ নামে পরিচিত। এই আমদানি শুল্কের খেসারত দিচ্ছে আমেরিকার জনগণ, কেননা তাদেরকে উচ্চ মূল্যে পণ্য ক্রয় করতে হচ্ছে। অথচ এই উচ্চ শুল্কের প্রভাবে আমেরিকার জনগণ যত না বিচলিত, তার চেয়ে অনেক বেশি বিচলিত সমগ্র বিশ্ব। এখানেই আমেরিকার অর্থনীতির শক্তি এবং বিশেষত্ব। আর এ রকম অর্থনীতিতে প্রতিনিয়ত কিছু ঘটনা ঘটবেÑ এটাই স্বভাবিক।
আমেরিকার অর্থনীতি, আর্থিক বাজার এবং করপোরেট বিশ্বে প্রতিনিয়ত ঘটনা ঘটা স্বাভাবিক হলেও একাধিক ঘটনা একসাথে সংঘটিত হওয়া একেবারেই অস্বাভাবিক, যেমনটা হয়েছে গত সপ্তাহে। আগে ব্যাংক খাতে সমস্যা হয়েছে কিন্তু আইটি এবং করপোরেট খাত ঠিক ছিল। আবার আইটি খাতে সমস্যা হয়েছে তো ব্যাংক, করপোরেট এবং অন্যান্য খাত ঠিক ছিল। সেই প্রেক্ষাপটে গত সপ্তাহের ঘটনা ছিল একেবারেই ভিন্ন। আমেরিকায় গত সপ্তাহে এক সাথে করপোরেট, আইটি এবং এভিয়েশন বা বিমান চলাচল খাতে অঘটন ঘটেছে। প্রথম অঘটন ঘটে আইটি, বিশেষ করে এআই খাতে, যেখানে এন-ভিডিয়ার প্রধান নির্বাহী নারীঘটিত কেলেঙ্কারি এবং স্পাই কর্মকাণ্ডের অভিযোগে পদত্যাগ করতে বাধ্য হন। দ্বিতীয় অঘটন ঘটে যখন আমেরিকায় বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ ঘোষণা করে সমস্ত বাণিজ্যিক বিমানকে গ্রাউন্ডেড করার নির্দেশ দেওয়া হয়। আর তৃতীয় অঘটন ঘটে মাইক্রোসফটের সার্ভার ডাউন হওয়ার কারণে।
জেনসেন হুয়াং ছিলেন এন-ভিডিয়ার একজন সহযোগী প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী। জেনসেনের নেতৃত্বেই এন-ভিডিয়া আজ বিশ্বের অন্যতম বৃহৎ এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) কোম্পানিতে পরিণত হয়েছে। যে এআই খাত আমেরিকার অর্থনীতিতে বিশাল সম্ভাবনার সুযোগ সৃষ্টি করেছে এবং যে খাতে আগামী কয়েক বছরের মধ্যে প্রায় দশ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা জাগিয়েছে, সেই খাতের অন্যতম পুরোধা হচ্ছে এই এন-ভিডিয়া। অধিকাংশ এআই কোম্পানির চিপস বা যন্ত্রাংশ সরবরাহের উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে এন-ভিডিয়া। শুধু তাই নয়, এন-ভিডিয়াকে বলা হয় এআই খাতের কেন্দ্রীয় ব্যাংক। কেননা অন্যান্য এআই খাতকে সহযোগিতা করার ক্ষেত্রে, বিশেষ করে বিনিয়োগযোগ্য অর্থের সরবরাহ নিশ্চিত করতে এন-ভিডিয়া ভালো ভূমিকা রাখে। এ রকম একটি কোম্পানির প্রধান নির্বাহী যখন পদত্যাগে বাধ্য হন, তখন সেটি সেই কোম্পানির জন্য তো বটেই, পুরো ইন্ডাস্ট্রির জন্য এক দুঃসংবাদে পরিণত হয়। জেনসেনের পদত্যাগের খবরে আমেরিকার পুরো এআই খাত থমকে গিয়েছিল। বিনিয়োগকারীরা হতাশ এবং অন্যান্য এআই কোম্পানি উদ্বিগ্ন, যার তাৎক্ষণিক প্রভাব পড়ে এন-ভিডিয়া এবং অন্যান্য এআই কোম্পানির শেয়ারের দরপতন হয়।
গত শুক্রবার আমেরিকার এভিয়েশন কর্তৃপক্ষ বিমান চলাচলের বন্ধ করে দেয় এবং সকল বাণিজ্যিক ফ্লাইটকে অবতরণ অবস্থায় থাকার বা গ্রাউন্ডেড করার নির্দেশ দেয়। ফলে প্রায় একদিনের জন্য আমেরিকার সাথে বিমান চলাচল স্থগিত হয়ে যায়। বাতিল করতে হয় আমেরিকাগামী হাজার হাজার ফ্লাইট এবং লক্ষাধিক যাত্রী আটকা পড়ে আমেরিকার বিভিন্ন বিমানবন্দরে। প্রতিটি বিমানবন্দরে ফ্লাইট শিডিউলে বিপর্যয় নেমে আসে। আমেরিকার প্রতিবেশী দেশ, বিশেষ করে কানাডার বিমানবন্দরেও ফ্লাইট শিডিউলেও বিপর্যয় দেখা দেয়। আজ থেকে পঁচিশ বছর আগে নাইন-ইলেভেনের ঘটনার পর আমেরিকায় এভাবে বিমান চলাচল স্থগিত করা এবং সকল ফ্লাইট অবতরণ অবস্থায় রাখার মতো ঘটনা আর কখনোই ঘটেনি। যদিও ১০-১২ ঘণ্টা পরেই এই নির্দেশ প্রত্যাহার করা হয়, কিন্তু আমেরিকায় বিমান চলাচল স্বাভাবিক হতে ২-৩ দিন লেগে যায়।
সবচেয়ে বড় অঘটন ঘটেছিল মাইক্রোসফটের সার্ভারে, যা প্রায় দের দিন বন্ধ বা ডাউন ছিল। অন্য দুটো অঘটনের সাথে মাইক্রোসফটের সার্ভার বন্ধ থাকার পার্থক্য হচ্ছে যে এর প্রাভব পড়েছিল আমেরিকা এবং আমেরিকার বাইরে বিশ্বব্যাপী। একজন সাধারণ কম্পিউটার ব্যবহারকারী থেকে শুরু করে করপোরেট প্রতিষ্ঠান, যারাই মাইক্রোসফটের প্রডাক্ট ব্যবহার করে, তারাই প্রভাবিত হয়েছে। মাইক্রোসফটের সবচেয়ে জনপ্রিয় প্রডাক্ট হচ্ছে অফিস-৩৬০ এবং আউটলুক ইমেইল সেবা। অফিস প্রডাক্ট ব্যবহার করে ওয়ার্ড ডকুমেন্টে লেখা, এক্সেল ব্যবহার করে ডাটা বিশ্লেষণ এবং পাওয়ার পয়েন্ট ব্যবহার করে সভা-সেমিনারে প্রেজেন্টেশন দেওয়ার কাজ করা হয়। এই পদ্ধতিতে আবার তথ্য-উপাত্ত সংরক্ষণ করেও রাখা হয়। তাছাড়া মাইক্রোসফটের এই প্রডাক্টগুলো এতটাই উন্নত, নিখুঁত এবং ব্যবহারবান্ধব যেÑ খুব সহজে, নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে এই প্রডাক্টগুলো অফিসিয়াল কাজে ব্যবহার করা যায়। আর এ কারণেই মাইক্রোসফটের এই প্রডাক্টগুলো বিশ্বে সবচেয়ে জনপ্রিয় এবং এর ধারেকাছেও আর কোনো বিকল্প প্রডাক্ট নেই। এখন আবার এসব প্রডাক্ট অনলাইনভিত্তিক হয়ে গেছে। ফলে ব্যবহারকারী এই প্রডাক্ট ব্যবহার করেÑ যা কিছুই করুক না কেন, তার সবকিছু সংরক্ষিত হয় মাইক্রোসফটের প্রধান ও কেন্দ্রীয় সার্ভারে বা ক্লাউডে। এ কারণে মাইক্রোসফটের সার্ভার ডাউন থাকায় কোনো কাজ করা সম্ভব হয়নি।
সবচেয়ে বড় সমস্যা হয়েছে ইমেইলের ক্ষেত্রে। মাইক্রোসফটের সার্ভার সমস্যার কারণে ইমেইল একেবারেই কাজ করেনি। ইমেইল যেমন পাঠানো সম্ভব হয়নি, তেমনই কোনো ইমেইল আসেনি। অফিস যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। এক কথায় অফিসিয়াল কাজকর্মে স্থবিরতা নেমে এসেছিল। বলার অপেক্ষা রাখে না যে, অধিকাংশ করপোরেট অফিসে ইমেইলের মাধ্যমে সকল প্রকার যোগাযোগ করা হয়। এখানে মুখে কোনো নির্দেশ/আদেশ দেওয়া হয় না। সবকিছু ইমেইলের মাধ্যমে। একজন কর্মকর্তা তার পাশে বসা আরেক কর্মকর্তাকে মুখে কিছু না বলে, ইমেইলের মাধ্যমে সেটি জানিয়ে দেয়। এক কথায় অফিস চলে ইমেইলের মাধ্যমে। ইমেইল নেই তো, অফিসের কাজও নেই। এর অনেক কারণও আছে। প্রথমত, ইমেইল খুব দ্রুত এবং নিরাপদ যোগাযোগ মাধ্যম। শুধু তাই নয়, ইমেইলে যোগাযোগ করলে সেটি দিন, তারিখ-ক্ষণসহ সংরক্ষিত থাকে। ফলে কারও পক্ষে কোনো কিছু অস্বীকার করার সুযোগ নেই। সবচেয়ে বড় কথা, ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে যথেষ্ট গোপনীয়তাও রক্ষা করা যায়। যেমনÑ একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যদি গোপনীয় একটি বিষয় আলোচনার জন্য তার অধস্তনকে ডেকে পাঠায়, তাৎক্ষণিক বিষয়টি নিয়ে অফিসে ফিসফাস শুরু হয়ে যায়। বিষয়টি জানা না গেলেও একধরনের কৌতূহলের জন্ম দেয়। যে কারণে বিষয়টি হয়তো গোপন না-ও থাকতে পারে। কিন্তু সেই কর্মকর্তা যখন ইমেইল পাঠিয়ে তাকে দেখা করতে বলে, তখন অন্যরা বুঝতেও পারে না যে সে কখন, কোথায় কার সাথে দেখা করতে গেছে।
ইমেইল ব্যবহার ব্যতীত অফিসের কাজকর্ম কল্পনাই করা যায় না। আর অফিসিয়াল ইমেইলের ক্ষেত্রে মাইক্রোসফটের আউটলুক সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। অধিকাংশ সরকারি এবং বেসরকারি অফিসে মাইক্রোসফটের আউটলুক ব্যবহার করা হয়। শুধু আমেরকায় নয়, বিশ্বের অনেক দেশেই মাইক্রোসফটের আউটলুক ব্যবহার করা হয়। অফিসিয়াল ইমেইল হিসেবে এখন পর্যন্ত মাইক্রোসফটের আউটলুক সবচেয়ে সহজ, নিরাপদ এবং ব্যবহারবান্ধব যোগাযোগ মাধ্যম। এক কথায় আউটলুক অফিসিয়াল যোগাযোগের একচেটিয়া মনোপলি ভোগ করে থাকে। এই মনোপলির কারণে এই কোম্পানি একচেটিয়া সুবিধা নিয়ে থাকে। যেমনÑ তারা ইচ্ছামতো মূল্য পরিবর্তন করতে পারে। আমি যেহেতু ব্যক্তিগতভাবে মাইক্রোসফটের অফিস প্রডাক্ট ব্যবহার করি, যার মূল্য গত বছর এক লাগে ৭০ ডলার থেকে এক লাফে ১৪০ ডলার হয়ে গেল। প্রায় দ্বিগুণ হয়ে যাওয়া মূল্য আমাকে পরিশোধ করতে হয়েছে। কেননা আমার সামনে কোনো বিকল্প নেই। বিকল্প না থাকলে যে কী ভয়াবহ পরিণতি হয়, তা সরকারি অফিস-আদালত এবং করপোরেট বিশ্ব দারুণভাবে উপলব্ধি করতে পেরেছে গত সপ্তাহে, যখন মাইক্রোসফটের সার্ভার ডাউন ছিল।
মাইক্রোসফট কয়েক ঘণ্টা পরে সমস্যাটির আংশিক সমাধান করতে পারলেও পুরো বিষয়টা সুরাহা করতে প্রায় দেড় দিন সময় লেগেছে। যদি এই সমস্যা ঠিক করতে কয়েক দিন সময় লাগত, তাহলে যে কী ভয়ংকর অবস্থার সৃষ্টি হতো, তা কল্পনা করাও কঠিন। উন্নত বিশ্ব তো অনেক আগেই পরিপূর্ণ প্রযুক্তিনির্ভর হয়ে গেছে। সমগ্র বিশ্ব এখন ক্রমান্বয়ে প্রযুক্তিনির্ভর হওয়ার পথে। এই অতি প্রযুক্তিনির্ভরতার পাশাপাশি, সবকিছু হাতেগোনা কয়েকটি বৃহৎ প্রযুক্তি কোম্পানির হাতে চলে গেছে। কোনো কারণে যদি এসব প্রযুক্তি কোম্পানিতে অঘটন ঘটে, তার প্রভাবে বিপর্যয় নেমে আসা অস্বাভাবিক নয়, যার কিছুটা ইঙ্গিত পাওয়া গেছে গত সপ্তাহের মাইক্রোসফটের সার্ভারে ত্রুটি দেখা দেওয়ার সময়। সমস্যা হচ্ছে এই বিষয়টি যারা দেখবে, চিন্তা করবে এবং সমাধান খুঁজে বের করার চেষ্টা করবে, তারাই কেন জানি নির্লিপ্ত। দেখা যাক আমেরিকায় যে ঘটনাবহুল সপ্তাহ গেল, সেখান থেকে বিকল্প ভালো কিছু আসে কি না।
লেখক: সার্টিফায়েড অ্যান্টি-মানিলন্ডারিং স্পেশালিস্ট ও ব্যাংকার, টরন্টো, কানাডা