নাহিদ নজরুল
প্রকাশ : ১৫ মিনিট আগে
বাংলাদেশের বর্তমান রাজনীতিতে তারেক রহমান এক আলোকিত নাম। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা তাকে ঋদ্ধ করেছে, তিনি রাজনীতির চড়াই-উতরাই পেরিয়ে আজ এক শক্ত অবস্থানে এসে দাঁড়িয়েছেন। এ জন্য তাকে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর রোষানলে পড়তে হয়েছে, কারাভোগ এবং বিদেশে নির্বাসনেও থাকতে হয়েছে। তবে সব নির্যাতনকে হাসিমুখে ধারণ করে নিজেকে দেশ ও জনগণের জন্য তৈরি করেছেন। সমুদ্রের গভীরে ডুব দিয়ে মণি-মুক্তা সঞ্চয়ের যে আনন্দ, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে গণতন্ত্রের অভিযাত্রায় সেই আনন্দের প্রতীক তারেক রহমানই। এ জাতি দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের সধ্য দিয়ে তাদের কাঙ্ক্ষিত নেতাকে নিজেদের মধ্যে ফিরে পেয়েছে। তারেক রহমান অন্ধকার সময়ে কাঙ্ক্ষিত আলোর সাড়া।
তারেক রহমান মানেই একজন জিয়াউর রহমানের নিখুঁত প্রতিকৃতি। একজন সৎ, দায়িত্ববান, প্রতিশ্রুতিশীল কর্মঠ, সমকালীন ও আধুনিক চিন্তাশীল দেশপ্রেমিক মহান নাগরিকের পরিপূর্ণ অবয়ব। নেতৃত্বের পরিপূর্ণ ঐশ্বর্য যাকে দেশ ও গণমানুষের অভিভাবক হিসেবে অভিষিক্ত করেছে। জিয়াউর রহমান থেকে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াÑ এই দুইয়ের নেতত্বের সফলতার আলোয় আলোকিত তারেক রহমান। বিগত প্রায় তিন দশকে তিনি নিজেকে তৈরি করেছেন খাঁটি সোনা হিসেবে। দেশ ও গণমানুষের সেবক হিসেবে তার কথাবার্তা, আচার-আচরণ এবং নেতৃত্ব প্রচলিত রাজনীতির খণ্ডিত সীমানা অতিক্রম করে তিনি আজ দেশের সর্বস্তরের মানুষের কাঙ্ক্ষিত আশ্রয়স্থলে পরিণত হয়েছেন।
ছিন্নমূল উৎপাটিত বৃক্ষের মতো মানুষের সব আশা-ভরসা যখন দুঃসময়ের ঝঞ্ঝায় হারিয়ে যেতে বসেছিল, তারেক রহমান তখন গণমানুষের সামনে দাঁড়িয়েছিলেন আশার মাশাল হয়ে। প্রবালের মসৃণতা যার দেশপ্রেমের ভাঁজে ভাঁজে। ফ্যাসিস্টবিরোধী গণআন্দোলনকে তারেক রহমান অর্থবহ করে তুলেছেন তার সুমহান নেতৃত্বের বলিষ্ঠতায়। তারেক রহমান নিজের নামের শাব্দিক অর্থের মতোই এক উজ্জ্বলতম নক্ষত্র, সারাক্ষণ গণমানুষের অন্তরের জানালায় এসে দাঁড়ান গণতন্ত্রের নয়া জাগরণের শপথ হয়ে। গণতন্ত্রহীনতায় বিধ্বস্ত মানুষের কাছে তারেক রহমান নিশ্চয়ই সময়ের কাঙ্ক্ষিত দূত। প্রত্যাশার নির্ভীক বিজয়ী পুরুষ। সময়ের বিমূর্ত আবহে তারেক রহমান অকস্মাৎ আলোকিত সৌরভের চৈতন্য। পৃথিবীর অনন্ত সময় নিশ্চয়ই মনে রাখবে তারেক রহমানকে।
বাংলাদেশের ইতিহাসে তারেক রহমান গণতন্ত্র পুনর্জাগরণে কিংবদন্তি প্রাণপুরুষ। তার নেতৃত্বে প্রায় স্থবির হয়ে যাওয়া জাতীয়তাবাদী শক্তিতে অনুপ্রেরণায় উজ্জীবিত হয়েছে গণতন্ত্রকামী মানুষ। তার আদর্শের ফল্গুধারায় চারদিকে মানুষের জীবনযাত্রায় আবার জেগেছে প্রত্যাশার কলতান। দেশ ও জাতিরাষ্ট্রের তিনি কাঙ্ক্ষিত অভিভাবক, আস্থার অবলম্বন। প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যুগপৎ নেতৃত্বের তিনি সম্মিলিত মোহনা। জিয়া-খালেদা জিয়াকে কেন্দ্র করেই তারেক রহমানের নেতৃত্ব ও রাজনীতি। জনাব তারেক রহমান মনেপ্রাণে, চিন্তায়, অনুভবে, অস্থিমজ্জায় বাংলাদেশকে আপাদমস্তক ধারণ ও লালন-পালন করছেন একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে। এই যে তার ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান, তা মূলত একজন খাঁটি বাংলাদেশি দেশপ্রেমিক নাগরিকের আদর্শগত চিন্তার বহিঃপ্রকাশ।
দেশে ফেরার দিন তারেক রহমান স্বতঃস্ফূর্তভাবে লাখো জনতার মাঝে ঘোষণা দিয়েছিলেন ‘আই হ্যাভ আ প্ল্যান’। এই প্ল্যান কিন্তু এক দিন-দুই দিনের জন্য নয়। ১/১১-এর পূর্বাপর সময় থেকে দেশে ফেরা পর্যন্ত তার দেখা রাজনীতি, অর্থনীতি, সামাজিক-সংস্কৃতির, হাল-অবস্থা, যা তিনি অনুভব করেছন তার নিরিখেই তিনি ফ্যাসিস্ট বিধ্বস্ত বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার পরিকল্পনা করেছেন। হিংসা, প্রতিশোধ ও আক্রমণাত্মক মনোভঙ্গির পরিবর্তে সত্যিকারের গণতান্ত্রিক মূল্যবোধে দীক্ষিত হয়ে রাজনীতিকে সবার কাছে গ্রহণযোগ্য ও সহনীয় করে তোলার মানসিকতাতেই তিনি নিজেকে ব্যাপৃত করেছেন। তবে সৃষ্টের লালন, দুষ্টের দমন এই আপ্তবাক্যটি উচ্চারণের মধ্য দিয়ে তিনি তার সরকারের দেশ পরিচালনার ক্ষেত্রে নিজস্ব দৃষ্টিভঙ্গিও তুলে ধরেছেন।
সম্প্রতি বিরোধী দলের একজন সংসদ সদস্য তার এলাকায় নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছিলেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই বক্তব্য নিয়ে যথেষ্ট হইচই পড়ে গিয়েছিল। ‘একই দেশে দুই প্রধানমন্ত্রী’ এ রকম বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে মামলা হতে পারত, সামাজিক-রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি হতে পারত। এই সংসদ সদস্য সেদিন নিজেই সামাজিক মাধ্যমে হাসতে হাসতে বললেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলাম কুশলাদি বিনিময় করার জন্য। তিনি আমাকে দেখে হাসতে হাসতে বললেন ‘আপনিও তো প্রধানমন্ত্রী’।” আমি বললাম, ‘আমি তো সিম্বলিকভাবে এ কথা বলেছি ‘ মাননীয় প্রধানমন্ত্রী হাসতে হাসতে আমাকে বললেন, আমি সেটা জানি। এই যে প্রধানমন্ত্রী অতিশয় বিনয়ের সঙ্গে একজন এমপিকে বললেন, ‘আমি সেটা জানি’। এ ধরনের আচরণ সবাই করতে পারে না। এর চেয়ে মানবিক, এর চেয়ে গণতান্ত্রিক সহজ-সরল আচরণ বাংলাদেশের ইতিহাসে জনগণ প্রত্যক্ষ করেছে কি? সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এমপি বলেছেন, তারেক জিয়া উনি তো আরেক জিয়া। এ বিষয়ে তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে তারেক রহমানের নেতৃত্ব, ব্যক্তিগত সততা ও আচার-আচারণের যথেষ্ট মিল খুঁজে পেয়েছেন বলেই তারেক রহমানকে আরেক জিয়া বলে উল্লেখ করেছেন।
২০১৫ সালে শিল্পী পলাশের কণ্ঠে তারেক রহমানের ওপর আমার লেখা একটি গান রেকর্ড করি মগবাজারের দিলু রোডের এক স্টুডিওতে। সে গানের সুরকার ছিলেন বিখ্যাত সুরকার বদরুল আলম বকুল ভাই। উনি এখন আর বেঁচে নেই। জনাব তারেক রহমানকে নিয়ে লেখা আমার যে গানটি সুরারোপ করেছিলেন, সে গানের পঙক্তি ছিল এ রকম—‘তারেক রহমান তোমার নেতৃত্বে আমরা দেশ গড়ার নিলাম শপথ/তোমাকেই গড়তে হবে আমাদের সোনালি ভবিষ্যৎ/আমাদের চোখের তারায় তারেক রহমান অন্তরে শহীদ জিয়া/জাতীয়তাবাদ গণতন্ত্র, রাজনীতির মূলমন্ত্র/আমাদের আশ্রয় খালেদা জিয়া। তারেক জিয়া তুমি আরেক জিয়া।’
জনাব তারেক রহমান প্রচলিত রাজনীতির অচলায়তন ভেঙে বাংলাদেশের রাজনীতিতে সৃজনশীলতার এবং পরমতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের নজির স্থাপন করেছেন। সংসদে এবং সংসদের বাইরে যে ভাষায় সরকারের বিরুদ্ধে, এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী এবং জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচার এবং মিথ্যাচার চালানো হচ্ছে, অতীতে এ রকম ন্যক্কারজনক পরিস্থিতি কখনোই দৃশ্যমান হয়নি। আলোচনা-সমালোচনার নামে অকথ্য ভাষায় যে ভায়োলেন্স তৈরি করা হচ্ছে, তা রীতিমতো ফ্যাসিস্ট আচরণের নগ্ন বহিঃপ্রকাশ। নিশ্চয়ই এসব আচরণ গণতান্ত্রিক রীতি-নীতির বিরুদ্ধে একধরনের তথ্যসন্ত্রাস। কিন্তু জনাব তারেক রহমানের এমন কোনো রেকর্ড নেই, যে তিনি সংসদে কিংবা সংসদের বাইরে এ ব্যাপারে কোনো প্রকার পাল্টা জবাব দিয়েছেন। এর অর্থ হচ্ছে জনগণকে বুঝতে দেওয়া, জনগণকেই ভালোমন্দ খুঁজে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া। তারেক রহমানের নেতৃত্বের সবচেয়ে আকর্ষণীয় যে দিকটি আজকে নতুন প্রজন্মকে প্রভাবিত করছে, তা হলো সময়ের সঙ্গে সঙ্গতি রেখে বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে আমাদের তরুণ প্রজন্মকে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করা। তারেক রহমান আধুনিক বাংলাদেশের নিপুণ কারিগর।
আজ তার জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রত্যাশা করি, তিনি এ দেশ ও জাতিকে নেতৃত্ব দিয়ে পৌঁছে দেবেন সাফল্যের শিখরে।
লেখক: গীতিকার ও কলামিস্ট