মুহাম্মাদ মুস্তফা জামান
প্রকাশ : ১০ মিনিট আগে
মানুষের শরীরের ক্ষুদ্র একটি অঙ্গ জিহ্বা। অথচ এর দ্বারাই মানুষ জান্নাতের পথ খুঁজে পায়, আবার এর দ্বারাই জাহান্নামের গর্তে পড়ে। কথা বলা আল্লাহ তায়ালার বড় নিয়ামত, কিন্তু এর ব্যবহার হতে হবে সচেতনভাবে। আসুন, কুরআন-হাদিসের আলোকে জবানের হিফাজতের গুরুত্ব ও এর অপব্যবহারের ক্ষতি জেনে নিই।
জবানের হিফাজতের ফজিলত
১. নাজাতের উপায় : হজরত উকবা ইবনু আমের (রা.) নাজাতের উপায় জানতে চাইলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘তোমার কথাবার্তা সংযত রাখো, তোমার ঘর যেন তোমার জন্য যথেষ্ট হয় এবং নিজের অপরাধের জন্য কান্নাকাটি করো।’Ñ তিরমিজি।
২. সর্বোত্তম মুসলিম : রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, প্রকৃত মুসলমান সেই, যার হাত ও মুখ থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে।Ñ সহিহ বোখারি।
৩. আখিরাত বা পরকালে বিশ্বাসীর পরিচয় : যে আল্লাহ ও আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে।Ñ সহিহ বোখারি ও সহিহ মুসলিম।
৪. আমল সংশোধন ও ক্ষমা : আল্লাহ তায়ালা বলেন, ‘হে মুমিনরা! তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। তাহলে তিনি তোমাদের কার্যক্রম সংশোধন করবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করবেন।’Ñ সূরা আহজাব : ৭০-৭১।
৫. জান্নাতের জিম্মাদারি : রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু (জিহ্বা) এবং দুই পায়ের মধ্যবর্তী বস্তু (লজ্জাস্থান) হিফাজতের দায়িত্ব নেবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব।Ñ সহিহ বোখারি।
৬. দেহের অঙ্গের আবেদন : সকালে মানুষ ঘুম থেকে উঠলে সব অঙ্গ জিহ্বাকে বলে, ‘আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তুমি সোজা থাকলে আমরাও সোজা থাকব, বাঁকা হলে আমরাও বাঁকা হয়ে যাব।’Ñ তিরমিজি।
জবানের সাধারণ অপব্যবহার
১. গালিগালাজ : রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মুসলিমকে গালি দেওয়া গুনাহের কাজ এবং তাকে হত্যা করা কুফরি।Ñ সহিহ বোখারি ও সহিহ মুসলিম। দুজন গালাগালি করলে প্রথম গালিদাতার ওপরই গুনাহ বর্তায়, যতক্ষণ নির্যাতিত ব্যক্তি সীমা লঙ্ঘন না করে। সহিহ মুসলিম।
২. হাসানোর জন্য মিথ্যা : রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘ধ্বংস তার জন্য, যে মানুষকে হাসানোর উদ্দেশ্যে মিথ্যা বলে। ধ্বংস তার জন্য! ধ্বংস তার জন্য!’Ñ মুসনাদে আহমাদ।
৩. অভিশাপ দেওয়া : রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘তোমরা একে অপরকে আল্লাহর লানত, গজব বা জাহান্নামের বদদোয়া দিও না।’Ñ তিরমিজি।
৪. গিবত বা পরনিন্দা : আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা একে অপরের গিবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করো।’Ñ সূরা হুজুরাত : ১২। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, গিবত ব্যভিচারের চেয়েও জঘন্য অপরাধ। Ñ বায়হাকি।
৫. মিথ্যা বলা : হজরত ইবনু উমর (রা.) থেকে বর্ণিত, বান্দা মিথ্যা বললে এর দুর্গন্ধে ফেরেশতারা এক মাইল দূরে চলে যান।Ñ তিরমিজি। শিশুকে কিছু দেওয়ার কথা বলে ডেকে না দিলেও তা মিথ্যা হিসেবে লেখা হয়।Ñ আবু দাউদ।
৬. শোনা কথা ছড়ানো : কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শোনে তাই বলে বেড়ায়।Ñ সহিহ মুসলিম।
৭. না ভেবে কথা বলা : বান্দা ভালো-মন্দ বিচার না করে এমন কথা বলে ফেলে, যার কারণে সে জাহান্নামের এত গভীরে পতিত হয়, যা পূর্ব ও পশ্চিমের দূরত্বের সমান।Ñ সহিহ বোখারি।
আবার একটি কল্যাণের কথাও আল্লাহর সন্তুষ্টি কিয়ামত পর্যন্ত লিখে দেয়।Ñ তিরমিজি, মুয়াত্তা মালেক।
৮. কথায় প্রতিবেশীকে কষ্ট দেওয়া : এক নারী অনেক নফল নামাজ, রোজা ও দান করত, কিন্তু মুখের ভাষায় প্রতিবেশীদের কষ্ট দিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, সে জাহান্নামি। অন্য নারী কম আমল করলেও কাউকে কষ্ট দিত না, তাকে তিনি জান্নাতি বললেন।Ñ মুসনাদে আহমাদ।
অপব্যবহারের পরিণাম
হজরত মুআজ ইবনু জাবাল (রা.) জিজ্ঞাসা করলেন, ‘আমরা যা বলি, তার জন্যও কি পাকড়াও করা হবে?’ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘মানুষকে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপের মূল কারণ তো তাদের জিহ্বার ফসল।’Ñ তিরমিজি ও ইবনু মাজাহ।
জবানের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে সম্পূর্ণ পবিত্র ছিলেন। আল্লাহ তায়ালা বলেন, ‘সে নিজের খেয়ালখুশি থেকে কিছু বলে না। এটা তো ওহি, যা তাঁর কাছে পাঠানো হয়।’Ñ সূরা নাজম : ৩-৪।
তবুও তিনি দোয়া করতেন : অর্থ : হে আল্লাহ! আমি আমার কান, চোখ, জবান, হৃদয় ও লজ্জাস্থানের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই।Ñ আবু দাউদ, তিরমিজি।
শিক্ষা ও সমাপ্তি
জবান আল্লাহ তায়ালার অমূল্য আমানত। এর সঠিক ব্যবহারে আছে নাজাত, জান্নাত ও গুনাহ মাফ; আর অপব্যবহারে আছে ধ্বংস। তাই ঘরে-বাইরে, পরিবার-পরিজন, ছাত্র-শিক্ষক, মালিক-কর্মচারী, সবার সঙ্গে কথায় সতর্ক থাকা আমাদের কর্তব্য। কথা বলার আগে ভাবি : এটি কি সত্য, কল্যাণকর ও প্রয়োজনীয়? না হলে চুপ থাকাই উত্তম।
হে আল্লাহ! আমাদের জবানকে অনর্থক কথা, মিথ্যা ও গিবত থেকে হিফাজত করুন এবং সর্বদা আপনার জিকিরে ব্যস্ত রাখুন।
লেখক: পেশ ইমাম, বনানী মসজিদ আত-তাক্বওয়া