× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্ষমতার দম্ভ ক্ষণস্থায়ী

জাহিদ ইকবাল

প্রকাশ : ৮ মিনিট আগে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজনীতি কখনোই একক আধিপত্য, প্রতিপক্ষকে অবজ্ঞা কিংবা অন্যায়ের সঙ্গে আপসের মাধ্যমে দীর্ঘস্থায়ী হতে পারে না। ক্ষমতার দাপট, প্রশাসনিক প্রভাব, সাংগঠনিক শক্তি কিংবা বিরোধী কণ্ঠকে সাময়িকভাবে স্তব্ধ করে দিয়ে হয়তো কিছু সময় রাষ্ট্র পরিচালনা করা যায়। তবে মানুষের মনের ভেতরে পুঞ্জিভূত ক্ষোভ, বঞ্চনা ও অসন্তোষকে চিরদিন চাপা দিয়ে রাখা যায় না। ইতিহাস বারবার প্রমাণ করেছে, জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করে কোনো রাজনৈতিক শক্তি অনন্তকাল ক্ষমতায় টিকে থাকতে পারেনি। ক্ষমতা মানুষকে সাময়িকভাবে শক্তিশালী করতে পারে। কিন্তু জনগণের আস্থা হারিয়ে গেলে সেই শক্তির ভিতও একসময় তাসের ঘরের মতো ভেঙে পড়ে।

বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এই বিষয়গুলো নতুন নয়। স্বাধীনতার পর থেকে দেশের রাজনৈতিক ইতিহাসে বহু উত্থান-পতন, আন্দোলন-সংগ্রাম, ক্ষমতার পরিবর্তন এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। প্রতিটি সময়ের ঘটনাপ্রবাহ থেকে রাজনৈতিক নেতৃত্বের শিক্ষা নেওয়ার যথেষ্ট সুযোগ ছিল। কিন্তু দুঃখজনকভাবে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে প্রতিপক্ষকে সম্মান করার পরিবর্তে প্রতিপক্ষকে দুর্বল করা, রাজনৈতিক মতভিন্নতাকে সহ্য করার পরিবর্তে দমন করা এবং জনস্বার্থের চেয়ে দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার প্রবণতা বারবার ফিরে এসেছে।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৯০ সালের গণঅভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ছাত্রসমাজ, রাজনৈতিক দল, পেশাজীবী এবং সাধারণ মানুষের সম্মিলিত আন্দোলনের মুখে তৎকালীন স্বৈরশাসনের বিদায় ঘটে। সেই আন্দোলন আমাদের শিখিয়েছিল, জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কোনো শাসন দীর্ঘস্থায়ী হয় না। এরপর ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। কিন্তু পরবর্তী সময়ের রাজনৈতিক ঘটনাপ্রবাহ পর্যালোচনা করলে দেখা যায়, ক্ষমতার পালাবদল ঘটলেও রাজনৈতিক সংস্কৃতির তেমন পরিবর্তন হয় নি। সংসদ বর্জন, রাজনৈতিক সংঘাত, হরতাল-অবরোধ, প্রতিহিংসার রাজনীতি এবং দলীয় স্বার্থে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ব্যবহারের অভিযোগ গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে।

বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে শেখ হাসিনার দীর্ঘ শাসনামল ক্ষমতার একক আধিপত্য, রাজনৈতিক অসহিষ্ণুতা এবং জনআকাঙ্ক্ষাকে উপেক্ষা করার পরিণতি বোঝার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘদিন রাষ্ট্রক্ষমতায় থাকার ফলে তৎকালীন শাসকগোষ্ঠীর একটি অংশের মধ্যে এমন আত্মবিশ্বাস তৈরি হয়েছিল যে, রাষ্ট্রক্ষমতা বুঝি তাদের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত। তারা ভেবেছিল, রাষ্ট্রের ক্ষমতা তাদের ব্যক্তিগত সম্পত্তি, আর জনগণ কেবল সেই ক্ষমতার আনুগত্য করার জন্যই রয়েছে। কিন্তু তারা ছিল ভ্রান্ত। 

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন সে বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন থেকে শুরু হওয়া প্রতিবাদ ক্রমে ব্যাপক গণআন্দোলনে রূপ নেয়। আন্দোলন দমনে প্রাণহরণ, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ দেশের ইতিহাসে গভীর ক্ষত তৈরি করে। একপর্যায়ে ৫ আগস্ট ২০২৪ শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে। ক্ষমতার যে মসনদকে একসময় অপ্রতিদ্বন্দ্বী ও অপ্রতিরোধ্য বলে মনে করা হয়েছিল, তা মুহূর্তেই রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হয়। শেখ হাসিনার শাসনামলের এই পরিণতি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্বের জন্য একটি স্থায়ী সতর্কবার্তা হয়ে থাকা উচিত। ক্ষমতার দম্ভ, রাজনৈতিক প্রতিপক্ষকে তুচ্ছজ্ঞান করা এবং জনগণের অসন্তোষকে অবজ্ঞা করার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, তার বাস্তব উদাহরণ এখন বাংলাদেশের ইতিহাসের অংশ। 

বিশ্ব রাজনীতির ইতিহাসেও ক্ষমতার একক আধিপত্যের পরিণতি সম্পর্কে অসংখ্য উদাহরণ রয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের ওয়াটারগেট কেলেঙ্কারি তার অন্যতম দৃষ্টান্ত। ১৯৭২ সালে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর নজরদারি ও ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত ঘটনা প্রকাশ্যে আসার পর ব্যাপক তদন্ত শুরু হয়। সংবাদমাধ্যমের অনুসন্ধান, বিচারিক প্রক্রিয়া এবং কংগ্রেসের সাংবিধানিক তৎপরতার মুখে শেষ পর্যন্ত ১৯৭৪ সালের ৯ আগস্ট নিক্সন পদত্যাগ করেন। বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েও তিনি জবাবদিহিতার ঊর্ধ্বে থাকতে পারেননি। এ ঘটনা প্রমাণ করে, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী হলে শোসকের কর্তৃত্ববাদী হয়ে ওঠার সুযোগ থাকে না। 

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন-হের ঘটনাও রাজনৈতিক নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত কেলেঙ্কারির পর ২০১৬ সালে দেশটিতে ব্যাপক গণবিক্ষোভ শুরু হয়। শেষ পর্যন্ত দেশটির জাতীয় পরিষদ তাকে অভিশংসিত করে এবং ২০১৭ সালে সাংবিধানিক আদালত সেই সিদ্ধান্ত বহাল রাখে। অর্থাৎ জনগণের প্রতিবাদ, সংসদের ভূমিকা এবং বিচার বিভাগের স্বাধীনতা সম্মিলিতভাবে রাজনৈতিক জবাবদিহি নিশ্চিত করেছিল।

শ্রীলঙ্কার ২০২২ সালের ঘটনাপ্রবাহও আমাদের জন্য শিক্ষণীয়। অর্থনৈতিক বিপর্যয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট, খাদ্যসংকট এবং সরকারের প্রতি মানুষের অনাস্থা দেশটিতে ব্যাপক গণবিক্ষোভের জন্ম দেয়। একপর্যায়ে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন এবং পদত্যাগ করেন। 

বাংলাদেশের জন্যও এই শিক্ষা অত্যন্ত জরুরি। আমাদের এখানে সরকার পরিবর্তন হয়েছে, রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন হয়েছে। কিন্তু রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত ও জনগণের প্রতি দায়বদ্ধ করা যায় নি। একটি রাষ্ট্রের প্রশাসন কোনো রাজনৈতিক দলের সম্পত্তি হতে পারে না। পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে, কোনো দলের রাজনৈতিক স্বার্থ রক্ষা করবে না। বিচার বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে, রাজনৈতিক নির্দেশনার অনুসারী হবে না। সংবাদমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, ক্ষমতাসীনদের প্রশংসা করার প্রতিষ্ঠানে পরিণত হবে না। আর জনপ্রতিনিধিরা জনগণের সেবক হিসেবে কাজ করবেন, নিজেদের প্রভাব বিস্তারের সুযোগ হিসেবে তার পদের অপব্যবহার করবেন না।

রাজনীতিতে আরেকটি বিপজ্জনক প্রবণতা হচ্ছে দলীয় পরিচয়ের আড়ালে অন্যায়কে প্রশ্রয় দেওয়া। নিজের দলের কেউ দুর্নীতি করলে তাকে রক্ষা করা, রাজনৈতিক পরিচয়ে অপরাধ আড়াল করা, ক্ষমতাবানদের অন্যায় উপেক্ষা করা কিংবা বিরোধী দলের অপরাধের বিচার চাইলেও নিজ দলের অপরাধের ক্ষেত্রে নীরব থাকাÑ এসব আচরণ রাজনীতির নৈতিকতাকে ধ্বংস করে। অথচ আমাদের দেশে এমনটিই ঘটে চলেছে। 

মানুষের দৈনন্দিন জীবনের সমস্যার সমাধান করতে না পারলে বড় বড় রাজনৈতিক প্রতিশ্রুতিও একসময় অর্থহীন হয়ে পড়ে। আরেকটি বিষয় মনে রাখা দরকার, জনগণের নীরবতাকে কখনোই সম্মতি বা তাদের শক্তিহীনতা মনে করা উচিত নয়। মানুষ সবসময় প্রতিবাদ করেনা, সবসময় রাজপথে নামেনা, সবসময় প্রকাশ্যে অসন্তোষ জানায় না। কখনো ভয়ে, কখনো বাস্তবতার কারণে, কখনো উপযুক্ত সময়ের অপেক্ষায় মানুষ নীরব থাকে। কিন্তু সেই নীরবতার অর্থ এই নয় যে তারা সবকিছু মেনে নিয়েছে।

রাজনীতিতে দূরদর্শিতার পরিচয় হচ্ছে, নিজের ক্ষমতার সীমাবদ্ধতা উপলব্ধি করা। আজ যিনি ক্ষমতায় আছেন, আগামীকাল তিনি বিরোধী দলে যেতে পারেন। আজ যিনি সংখ্যাগরিষ্ঠ, আগামীকাল তিনি সংখ্যালঘু হতে পারেন। আজ যিনি অন্যের রাজনৈতিক অধিকার সীমিত করছেন, আগামীকাল তাকেও একই পরিস্থিতিতে পড়তে  হতে পারে। তাই রাজনৈতিক আচরণে এমন কোনো দৃষ্টান্ত স্থাপন করা উচিত নয়, যা ভবিষ্যতে নিজের জন্যই বিপজ্জনক হয়ে ওঠে।

আমাদের প্রত্যাশা, বাংলাদেশের রাজনীতি প্রতিহিংসা, আধিপত্য ও বিভাজনের বৃত্ত থেকে বেরিয়ে আসবে। রাজনৈতিক দলগুলো নিজেদের দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে গুরুত্ব দেবে। ক্ষমতাসীনরা বিরোধী দলের অধিকার নিশ্চিত করবে, বিরোধী দলও রাষ্ট্রের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে কাযকর করতে ইতিবাচক ভূমিকা পালন করবে। সংবাদমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, নাগরিক সমাজ প্রশ্ন করার সুযোগ পাবে এবং সাধারণ মানুষ নির্ভয়ে নিজের মত প্রকাশ করতে পারবে।

রাজনীতি কোনো ব্যক্তির একক সম্পত্তি নয়, কোনো দলের চিরস্থায়ী আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রও নয়। রাজনীতি হচ্ছে জনগণের সেবা, রাষ্ট্রের কল্যাণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও মর্যাদাপূর্ণ সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার। যারা ক্ষমতায় থাকেন, তাদের মনে রাখতে হবেÑ ক্ষমতা মানুষকে সাময়িকভাবে প্রভাবশালী করতে পারে, কিন্তু মানুষের ভালোবাসা অর্জন করতে হলে ন্যায়, সততা, সহনশীলতা ও জবাবদিহিতার বিকল্প নেই। আর যারা ক্ষমতার বাইরে থাকেন, তাদেরও মনে রাখতে হবে, গণতন্ত্র শুধু ক্ষমতায় যাওয়ার অধিকার নয়; গণতন্ত্র মানে অন্যের ক্ষমতায় থাকার অধিকারকেও সম্মান করা।

ইতিহাস কাউকে চিরস্থায়ী ক্ষমতার নিশ্চয়তা দেয় না। ক্ষমতার পালাবদল রাজনীতির স্বাভাবিক বাস্তবতা। কিন্তু অন্যায়, দুর্নীতি, দমন-পীড়ন ও জনবিচ্ছিন্নতার পরিণতি একসময় সংশ্লিষ্ট নেতৃত্বকে বহন করতেই হয়। কারণ জনগণ সবসময় সব কথা বলে না, কিন্তু সবকিছু মনে রাখে। ক্ষমতার দম্ভ হয়তো কিছুদিন মানুষকে নীরব রাখতে পারে। কিন্তু মানুষের বিবেক, অধিকারবোধ ও ন্যায়ের আকাঙ্ক্ষাকে পরাজিত করতে পারে না। রাজনীতিতে প্রতিটি সিদ্ধান্তের প্রতিক্রিয়া আছে, প্রতিটি অন্যায়ের পরিণতি আছে। ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু ইতিহাসের বিচার দীর্ঘস্থায়ী।


লেখক: সিনিয়র সাংবাদিক ও সভাপতি, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা