× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্দোলনের নামে নাশকতা প্রতিহত করতে জাতীয় ঐক্য প্রয়োজন

সম্পাদকীয়

প্রকাশ : ২৩ মিনিট আগে

আপডেট : ২২ মিনিট আগে

গাজীপুরে আন্দোলনের সময় পুড়িয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরে আন্দোলনের সময় পুড়িয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

এ মুহূর্তে দেশে যে অস্থিরতা বিরাজ করছে, তা কোনোভাবেই বরদাস্তযোগ্য নয়। একদিকে মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শিল্প শ্রমিকদের ধ্বংসাত্মক আন্দোলন, অপরদিকে আদালতের রায়ে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের দাবিতে আওয়ামী লীগের জ্বালাও পোড়াও কর্মসূচি দেশবাসীকে শঙ্কিত করে তুলেছে। সাদা চোখে এই দুই তৎপরতা পৃথক মনে হলেও এর মধ্যে যোগসূত্র থাকা বিচিত্র নয়। কেননা, সরকার ঘোষিত মজুরি বোর্ড গঠিত হওয়ার পরও শ্রমিকরা কারখানায় ফিরে না গিয়ে রাস্তায় ভাঙচুর-অগ্নিসংযোগের মতো ধ্বংসাত্মক কাজে লিপ্ত রয়েছে। তাদের তাণ্ডবের কারণে ইতোমধ্যে দুই শতাধিক কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন মালিকরা।

ফলে দেশের অর্থনীতির এ স্তম্ভটি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। অভিজ্ঞমহলের মতে, পোশাক শ্রমিকদের আন্দোলন তাদের রুটি-রুজির ন্যায়সঙ্গত দাবিতে শুরু হলেও এখন তা ক্রমশ হিংসাত্মক রূপ নিচ্ছে। ফলে এ আন্দোলনের পেছনে কোনো রাজনৈতিক শক্তির মদদ রয়েছেÑ এমন সন্দেহ অযৌক্তিক নয়। অনেকেই মনে করেন, বর্তমান সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলে রাজনৈতিক স্বার্থ হাসিলের লক্ষ্যে বিশেষ মহল পোশাক শ্রমিকদের ব্যবহার করছে। এর প্রমাণও মিলেছে। ভাঙচুর-অগ্নিসংযোগের মতো ধ্বংসাত্মক কাজে লিপ্ত যাদের আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে, তাদের একটি বড় অংশ ক্ষমতাচ্যুত দলটির কর্মী। এ থেকে এটা নিশ্চিত করেই বলা যায়, পোশাক শ্রমিকদের আন্দোলনের ছদ্মাবরণে চিহ্নিত রাজনৈতিক শক্তি অরাজকতা ছড়িয়ে দেওয়ার অপতৎপরতায় লিপ্ত রয়েছে। ফলে বিজ্ঞজনেরা বলছেন, সরকারের উচিত সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে দেশবিরোধী এ চক্রান্ত নস্যাৎ করে দেওয়া। 

অন্যদিকে ক্ষমতাচ্যুত ও দেশান্তরী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে গত কয়েক দিন ধরে গোপালগঞ্জ ও তার আশপাশের কয়েকটি জেলায় কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের কর্মী পরিচয়ে দুষ্কৃতকারীরা যে তাণ্ডব চালাচ্ছে, তা ক্রমেই সীমা অতিক্রম করে যাচ্ছে। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত একজন ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনার দাবি শুধু অযৌক্তিকই নয়, এক ধরনের অপরাধও বটে। সে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর যানবাহন, সরকারি-বেসরকারি অফিসে হামলা-অগ্নিসংযোগ, গোপালগঞ্জ থানা ভবন ও সরকারি দলের একজন এমপির বাড়ি পুড়িয়ে দেওয়ার যে ঔদ্ধত্য দুষ্কৃতকারীরা দেখাচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়ার উপায় নেই। যারা এসব আইন ও জনশান্তিবিরোধী কার্যকলাপে লিপ্ত রয়েছে, তাদের মনে রাখা উচিত, যাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে তারা সন্ত্রাসে লিপ্ত হয়েছে, তিনি একজন দণ্ডিত পলাতক আসামি। তাকে দেশে ফিরতে হলে দেশের প্রচলিত আইন ও আন্তর্জাতিক রীতি মেনেই ফিরতে হবে। তা ছাড়া এ বিষয়ে সরকারের তেমন কিছু করারও নেই। দণ্ডিত আসামিদের যেভাবে দেশে ফিরতে হয়, তাকেও সেভাবেই ফিরতে হবে। বাংলাদেশের সঙ্গে ভারতের যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, আন্তর্জাতিক রীতি অনুযায়ী ভারতকে তা মেনে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে হবে। এ ছাড়া শেখ হাসিনার ফেরত আসার সহজ ও স্বাভাবিক কোনো পথ খোলা নেই। 

নেত্রীকে ফিরে পাওয়ার জন্য যারা গোপালগঞ্জে নৈরাজ্য সৃষ্টি করছে, রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা চালিয়ে জনমনে ভীতি সঞ্চারের চেষ্টা করছে, তারা হয়তো ভুলেই গেছে, এভাবে জনসমর্থন পাওয়া যায় না। এটাতো সত্যি যে, দীর্ঘ সাড়ে পনেরো বছরের দুঃশাসনে আওয়ামী লীগ তথা শেখ হাসিনা এদেশের মানুষের জীবনে যে বিভীষিকা সৃষ্টি করেছিলেন, সে দুঃসহ স্মৃতি এখনও একেবারে তরতাজা। লীগ সরকারের জুলুম-নির্যাতনের শিকার এদেশের মানুষ এত দ্রুত সেসব দুঃসহ স্মৃতি ভুলে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগকে বরণ করে নেবেÑ এমন দুরাশা না করাই ভালো। বরং সাড়ে পনেরো বছরে কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ ও জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে করুণা ভিক্ষা করাই উত্তম। জনগণ যদি তাদের ক্ষমা করে, তাহলে বাংলাদেশের রাজনীতির মাঠে তাদের পা রাখার সুযোগ হতে পারে, অন্যথায় নয়। কিন্তু বিস্ময়কর হলো, সাড়ে পনেরো বছরের দুঃশাসনের জন্য তো দূরের কথা, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় গণহত্যার মতো জঘন্য অপরাধের ব্যাপারেও তারা এতটুকু অপরাধবোধে ভুগছেÑ এমন মনোভাব দেখাচ্ছে না। ফলে জনমনে ধারণা, পেশিশক্তিনির্ভর আওয়ামী লীগ আবারও একই পন্থায় রাজনীতিতে ফেরার কসরত করছে। 

পতিত শক্তির এ অপচেষ্টা রুখতে হলে দেশের গণতান্ত্রিক শক্তির ঐক্যের কোনো বিকল্প নেই। গতকালের প্রতিদিনের বাংলাদেশের প্রধান প্রতিবেদনে একই তথ্য তুলে ধরা হয়েছ। তাতে বলা হয়েছে, সরকার যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্যের উদ্যোগ নেয়, তাহলে বিরোধী দল তাতে সমর্থন জানাবে। আমরা গোড়া থেকেই এ বিষয়ে সরকারকে বহুবার সতর্ক করে দেওয়ার পাশাপাশি জুলাই আন্দোলনের পক্ষশক্তির মধ্যে দৃঢ় ঐক্যের তাগিদ দিয়ে আসছি। আর সে ঐক্যের উদ্যোগ নিতে হবে সরকারকেই। অন্যথায় দেশ ও জাতির ভাগ্যে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত দুর্বিপাক নেমে আসা বিচিত্র নয়। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা