মনজুরুল ইসলাম
প্রকাশ : ৮ মিনিট আগে
প্রতীকী ছবি
সময়ের হিসাবে আমাদের দেশটার বয়স এখন ৫৫ বছর। আমাদের চার বছর আগে স্বাধীন হয়েছে ভিয়েতনাম। সেই দেশটার উন্নতির দিকে তাকালে চোখ জুড়িয়ে যায়। একসময় মালয়েশিয়ার শিক্ষার্থীরা আমাদের দেশে পড়তে আসত, এখন আমরা সেই দেশে জনশক্তি পাঠাই; যারা সেই দেশের রাস্তাঘাট পরিষ্কার করে। আর আমরা কোন দিকে যাচ্ছি, তা কেউ বলতে পারছি না। অনেক রক্তের বিনিময়ে স্বাধীনতা পেলাম। নেতাকে খুন করলাম। সিপাহি-জনতার বিপ্লব করলাম। স্বাধীনতার ঘোষককেও হত্যা করলাম। স্বৈরাচার বিদায় করলাম। গণতন্ত্র আনলাম। সেই গণতন্ত্রও হারিয়ে গেল। আবার ছাত্র-জনতা মিলে অভ্যুত্থান করলাম। যারা ক্ষমতা কুক্ষিগত করেছিল তারা দেশ ছেড়ে পালিয়ে গেল।
তারপরও শান্তি পাচ্ছি না। অশান্তি-অস্থিরতা লেগেই আছে। মব, আগুন, মানুষ হত্যা, হামলা-মামলা শিল্প-কারখানা বন্ধসহ নানা ঘটনা যেন দিন দিন বাড়ছে। মানুষের অভাব বাড়ছে। অধিকাংশ মানুষের ঘরে শান্তি নেই, বাইরেও শান্তি নেই। চতুর্দিকে ভয়ংকর অস্থিরতা চলছে। দিন দিন শান্তি যেন অধরা হয়ে যাচ্ছে। এ অবস্থায় এখন আমরা কি একটু থামতে পারি? একবার কি চারপাশের দিকে তাকাতে পারি? একটু কি নিজেদের প্রশ্ন করতে পারিÑ কোথায় যাচ্ছি আমরা? যে দেশটির জন্য এত আকাঙ্ক্ষা, এত আন্দোলন, এত আত্মত্যাগ, এত স্বপ্ন। সেই দেশটিকে আমরা আসলে কোথায় নিয়ে যাচ্ছি? বুঝে না বুঝে কেন সেটা করছি?
আমরা চেয়েছিলাম একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশ। এমন একটি রাষ্ট্র, যেখানে মানুষ নির্ভয়ে কথা বলতে পারবে, ভিন্নমত প্রকাশ করতে পারবে, নিজের অধিকার নিয়ে দাঁড়াতে পারবে। চেয়েছিলাম বাকস্বাধীনতা, আইনের শাসন, ন্যায়বিচার, জবাবদিহি এবং রাজনৈতিক সহনশীলতা। আমরা চেয়েছিলাম একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও সোনার বাংলাদেশ। যে দেশে মানুষের পরিচয় হবে তার যোগ্যতা ও কর্মে, রাজনৈতিক পরিচয়ে নয়। যেখানে রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের, আর রাজনৈতিক দলের রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য। কিন্তু আমাদের সেই স্বপ্নের সঙ্গে বাস্তবতার ব্যবধান ক্রমেই বাড়ছে।
বছরের পর বছর ধরে রাজনৈতিক সংঘাত, ক্ষমতার পালাবদল, প্রতিহিংসা, দমন-পীড়ন এবং নানা অস্থিরতার মধ্য দিয়ে আমরা সময় পার করছি। একেকটি রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে আমরা নতুন আশার আলো দেখেছি। ভেবেছি, এবার হয়তো পরিস্থিতি বদলাবে। এবার হয়তো রাজনীতির ভাষা বদলাবে, রাষ্ট্র পরিচালনার সংস্কৃতি বদলাবে, মানুষের জীবনে স্বস্তি ফিরবে। কিন্তু প্রতিবারই প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির হিসাব মেলাতে গিয়ে হতাশা আরো দ্বিগুণ হয়েছে।
চব্বিশের গণঅভ্যুত্থান আমাদের সামনে তেমনই এক ঐতিহাসিক সম্ভাবনা তৈরি করেছিল। তরুণসমাজসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছিল, তার মধ্যে ছিল বৈষম্যহীন সমাজের স্বপ্ন, মর্যাদাপূর্ণ জীবনের প্রত্যাশা এবং রাষ্ট্রকে নতুন করে গড়ে তোলার অঙ্গীকার। মানুষ শুধু একটি সরকারের পরিবর্তন চায়নি, চেয়েছিল শাসনব্যবস্থার পরিবর্তন। চেয়েছিল এমন একটি রাজনৈতিক সংস্কৃতি, যেখানে ক্ষমতা কারও ব্যক্তিগত সম্পত্তি হবে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয় স্বার্থে ব্যবহৃত হবে না। নাগরিকের অধিকার রাজনৈতিক আনুগত্যের ওপর নির্ভর করবে না। আজ নতুন রাজনৈতিক বাস্তবতায় নতুন সরকার এসেছে। স্বাভাবিকভাবেই মানুষের প্রত্যাশা অনেক। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি সত্যিই সেই কাঙ্ক্ষিত পরিবর্তনের পথে হাঁটতে পারছি? চারদিকে তাকালে উদ্বেগের অনেক কারণ চোখে পড়ে। খুনোখুনি, মারামারি, সংঘর্ষ, দখল, চাঁদাবাজি, প্রভাব বিস্তারের চেষ্টা, ব্যবসা-বাণিজ্য ও প্রতিষ্ঠান নিয়ন্ত্রণের প্রতিযোগিতাÑ কোনো কিছুই যেন থামছে না। কোথাও রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা, কোথাও প্রতিপক্ষকে কোণঠাসা করার তৎপরতা। কোথাও আবার পুরনো ক্ষমতা কাঠামোর জায়গায় নতুন ক্ষমতা কাঠামো গড়ে তোলার প্রতিযোগিতা। রাজনৈতিক প্রতিহিংসা ও অসহিষ্ণুতার চর্চাও উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। সবচেয়ে বেদনাদায়ক হচ্ছে, এসব ঘটনার সঙ্গে অনেক ক্ষেত্রে রাজনীতির নাম জড়িয়ে যাচ্ছে। অথচ রাজনীতির কাজ তো মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। সমাজকে এগিয়ে নেওয়া। রাজনীতি যদি মানুষের মধ্যে ভয় তৈরি করে, ব্যবসায়ীদের বিনিয়োগে অনিশ্চয়তা তৈরি করে, সাধারণ মানুষকে নিরাপত্তাহীনতায় ফেলে, তাহলে সেই রাজনীতির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবেই।
মনে রাখতে হবে, গণতন্ত্র কেবল নির্বাচন আয়োজনের নাম নয়। গণতন্ত্র একটি রাজনৈতিক সংস্কৃতি, একটি সামাজিক চর্চা এবং নাগরিকের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতার নাম। এখানে বিরোধী মত থাকবে, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, ক্ষমতার সমালোচনা থাকবে। কিন্তু এসবের কোনোটিই সহিংসতা, প্রতিহিংসা কিংবা দখলদারত্বের বৈধতা তৈরি করে না। রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু মনে করার সংস্কৃতি গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার ও বিরোধী দলÑ উভয়েরই দায়িত্ব রয়েছে। সরকারকে মনে রাখতে হবে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনগণের দেওয়া আমানত। ক্ষমতা মানে ইচ্ছামতো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নয়। বরং জনগণের কাছে জবাবদিহির দায়িত্ব। আর বিরোধী দলকে বুঝতে হবে, বিরোধিতা মানেই অস্থিরতা সৃষ্টি নয়। গঠনমূলক সমালোচনা, বিকল্প প্রস্তাব এবং জনস্বার্থের প্রশ্নে দৃঢ় অবস্থানই একটি দায়িত্বশীল বিরোধী দলের পরিচয়।
একইভাবে রাজনৈতিক দলগুলোর প্রতিটি স্তরের নেতাকর্মীদের উপলব্ধি করতে হবে, দলীয় পরিচয় কখনো আইনের ঊর্ধ্বে ওঠার ছাড়পত্র হতে পারে না। অপরাধ করলে তার বিচার হবে, অন্যায় করলে তার জবাবদিহি করতে হবে। কেউ কোনো দলের সমর্থক, কর্মী কিংবা নেতাÑ এ কারণে তার অপরাধের দায়মুক্তি হতে পারে না। বরং রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে নিজেদের ভেতরের অপরাধপ্রবণতা ও অসহিষ্ণুতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া। এখানে সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি। কারণ আইন প্রয়োগের ক্ষমতা সরকারের হাতে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে অপরাধের বিরুদ্ধে নিরপেক্ষ ব্যবস্থা নিতে হবে। দখলদারত্ব, চাঁদাবাজি, সন্ত্রাস কিংবা রাজনৈতিক পরিচয়ে প্রভাব বিস্তারের ঘটনায় দল-মত-পরিচয় না দেখে ব্যবস্থা নিতে হবে। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। মানুষকে এই বিশ্বাস দিতে হবে যে অপরাধীর কোনো রাজনৈতিক আশ্রয় নেই এবং আইনের চোখে সবাই সমান। অপরাধী সন্ত্রাসী কোনো দলের হতে পারে না।
দেশের রাজনীতির স্থিরতার সঙ্গে অর্থনীতির সম্পর্ক অনেক বেশি। আমাদের অর্থনীতির অবস্থাও অস্থিরতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। দেশি-বিদেশি বিনিয়োগকারীরা স্থিতিশীলতা চান। উদ্যোক্তারা চান নিরাপদ ব্যবসায়িক পরিবেশ। শিল্প-কারখানার মালিকরা চান উৎপাদনের নিশ্চয়তা, শ্রমিকরা চান কাজের নিরাপত্তা। ব্যবসায়ীরা চান নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার সুযোগ। কিন্তু রাজনৈতিক সংঘাত, দখলদারত্ব ও অনিশ্চয়তা বাড়তে থাকলে বিনিয়োগ কমবে। কর্মসংস্থান বাধাগ্রস্ত হবে, নতুন শিল্প গড়ে ওঠার সম্ভাবনা সংকুচিত হবে। এর চূড়ান্ত বোঝা বহন করতে হবে নিরীহ সাধারণ মানুষকে।
আমরা কি একবারও ভাবছি, একজন বেকার তরুণের কাছে রাজনৈতিক স্লোগানের চেয়ে একটি চাকরি কত বেশি জরুরি? একজন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে ক্ষমতার পালাবদলের চেয়ে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা কত বেশি গুরুত্বপূর্ণ? একজন সাধারণ মানুষের কাছে রাজনৈতিক পরিচয়ের চেয়ে নিরাপদে ঘরে ফেরার নিশ্চয়তা কত বেশি প্রয়োজনীয়? একজন অভিভাবকের কাছে সন্তানের ভবিষ্যৎ কতটা মূল্যবান? দেশের মানুষের চাওয়া খুব জটিল কিছু নয়। তারা শান্তিতে থাকতে চায়। কাজ করতে চায়। ন্যায্য অধিকার চায়। সন্তানদের একটি নিরাপদ ভবিষ্যৎ দিতে চায়। তারা এমন একটি রাষ্ট্র চায়, যেখানে ক্ষমতাবানদের জন্য এক আইন আর সাধারণ মানুষের জন্য আরেক আইন থাকবে না। যেখানে যোগ্যতা ও মেধার মূল্যায়ন হবে, রাজনৈতিক আনুগত্যের নয়। যেখানে সংবাদমাধ্যম স্বাধীনভাবে কথা বলতে পারবে, নাগরিক তার মত প্রকাশ করতে পারবে, আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো মানুষের আস্থার জায়গা হয়ে উঠবে।
এ দায়িত্ব শুধু সরকারের একার নয়। রাজনৈতিক দল, ছাত্রসংগঠন, পেশাজীবী, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনÑ সবারই দায়িত্ব রয়েছে। আমাদের সামাজিক আচরণেও পরিবর্তন আনতে হবে। মতের অমিল হলেই কাউকে অপমান করা, মব করা, ভিন্নমত প্রকাশ করলেই তাকে শত্রু ভাবা, সামাজিক মাধ্যমে গালাগাল ও চরিত্র হননের প্রতিযোগিতাÑ এসব কোনো সুস্থ গণতান্ত্রিক সমাজের লক্ষণ নয়। এ ধরনের আচরণ কোনো সভ্যতার মধ্যে পড়ে না। গণতন্ত্রের জন্য শুধু রাজনৈতিক অধিকার যথেষ্ট নয়; প্রয়োজন গণতান্ত্রিক মন ও সহনশীল সামাজিক পরিবেশ। বিশেষ করে তরুণসমাজের প্রতি আমাদের প্রত্যাশা অনেক।
চব্বিশের আন্দোলনে তরুণদের সাহস, আত্মত্যাগ ও অংশগ্রহণ দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। কিন্তু সেই আন্দোলনের চেতনা যেন কোনোভাবেই প্রতিহিংসা, দখল কিংবা নতুন আধিপত্য প্রতিষ্ঠার হাতিয়ার না হয়। যে তরুণরা পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছেন, তাদেরই এগিয়ে আসতে হবে নতুন রাজনৈতিক ও সামাজিক সংস্কৃতি গড়ে তোলার কাজে। তাদের কাছে দেশ অনেক বড়, যেকোনো ব্যক্তি বা দলের চেয়ে অনেক বড়।
আমাদের আরও মনে রাখতে হবে, একটি দেশ গড়ে ওঠে দীর্ঘ সময়ের পরিশ্রমে; কিন্তু ধ্বংস হতে সময় লাগে খুব কম। রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বিভাজন ও অর্থনৈতিক অনিশ্চয়তা যদি একসঙ্গে বাড়তে থাকে, তাহলে তার ক্ষতি শুধু একটি সরকারের মেয়াদে সীমাবদ্ধ থাকবে না। পরবর্তী প্রজন্মকেও এর মূল্য দিতে হবে। যে মূল্য এখন আমাদের দিতে হচ্ছে। আমরা নিশ্চয়ই আমাদের সন্তানদের জন্য এমন একটি অনিশ্চিত বাংলাদেশে রেখে যেতে চাই না। তাই আজ আমাদের সবার প্রতি একটি বিনীত কিন্তু দৃঢ় আবেদনÑ এবার একটু থামুন। রাজনৈতিক দলগুলো, আপনারা একটু থামুন। ক্ষমতার প্রতিযোগিতা, আধিপত্য বিস্তার, প্রতিহিংসা ও দখলদারত্বের রাজনীতি থেকে বেরিয়ে আসুন। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো মনে করুন। মনে রাখবেন, মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করাই রাজনীতির সবচেয়ে বড় সাফল্য।
সরকারের প্রতি আবেদন, রাষ্ট্র পরিচালনায় দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠুন। আইনের শাসন প্রতিষ্ঠা করুন। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে নিরপেক্ষভাবে কাজ করতে দিন। অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বিনিয়োগ ও নাগরিক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিন।
দেশবাসীর প্রতিও আবেদনÑ আসুন, আমরা নিজেদের দায়িত্বটুকু পালন করি। অন্যায়কে অন্যায় বলি, অপরাধী যে দলেরই হোক, তার বিরুদ্ধে কথা বলি। গুজব, ঘৃণা ও উস্কানি থেকে দূরে থাকি। ভিন্নমতকে সম্মান করি। দেশকে ভালোবাসার অর্থ কোনো বিশেষ দল বা ব্যক্তিকে ভালোবাসা নয়; দেশকে ভালোবাসার অর্থ দেশের মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তাকে ভালোবাসা।
চব্বিশের গণঅভ্যুত্থান আমাদের সামনে যে সম্ভাবনার দরজা খুলে দিয়েছে, সেটি যেন আমাদের রাজনৈতিক সংকীর্ণতা ও ক্ষমতার লড়াইয়ে হারিয়ে না যায়। ইতিহাসের এই সুযোগকে কাজে লাগাতে না পারলে ভবিষ্যৎ আমাদের ক্ষমা করবে না। এবার প্রতিযোগিতা হোক দেশ গড়ার। প্রতিদ্বন্দ্বিতা হোক কে বেশি ভালো কাজ করতে পারে, কে বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, কে দুর্নীতি কমাতে পারে, কে মানুষের জীবনকে সহজ করতে পারে। রাজনীতির সাফল্য মাপা হোক মানুষের মুখের হাসিতে, নিরাপত্তায়, কর্মসংস্থানে এবং রাষ্ট্রের প্রতি আস্থায়।
আমরা সংঘাত চাই না, শান্তি চাই। প্রতিহিংসা চাই না, ন্যায়বিচার চাই। দখলদারত্ব চাই না, আইনের শাসন চাই। বিভাজন চাই না, ঐক্য চাই। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যে দেশ নিয়ে পরবর্তী প্রজন্ম গর্ব করতে পারবে। আপনারা এবার সবাই একটু থামুন। একবার দেশটার দিকে তাকান। ক্ষমতা, পদ-পদবি, দলীয় স্বার্থ কিংবা ব্যক্তিগত লাভের ঊর্ধ্বে উঠে ভাবুনÑ এই দেশটি আমাদের সবার। এর ভালো-মন্দের দায়ও আমাদের সবার। দেশটা বাঁচুক। দেশটা এগিয়ে যাক। রাজনীতির চেয়েও বড় হয়ে উঠুক আমাদের প্রিয় বাংলাদেশ।
লেখক: সম্পাদক, প্রতিদিনের বাংলাদেশ