× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রমিকের মজুরি: ন্যায়সঙ্গত স্থায়ী ব্যবস্থা প্রয়োজন

নয়ন বিশ্বাস রকি

প্রকাশ : ৪২ মিনিট আগে

পোশাক কারখানায় কাজ করছেন নারী শ্রমিক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পোশাক কারখানায় কাজ করছেন নারী শ্রমিক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শ্রমিকের জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা ও শিল্পের সক্ষমতা বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণের একটি স্থায়ী, স্বচ্ছ ও পূর্বনির্ধারিত ব্যবস্থা এখন সময়ের দাবি। প্রশ্ন উঠেছে, শ্রমিকের মজুরি কত হবেÑ তা নিয়ে দেশ সংকটের মুখোমুখি কেন? গত কয়েক বছর পরপর একই দৃশ্য। এক মাসে মজুরি বোর্ড বসে, পরের মাসে শ্রমিকরা রাস্তায় নামেন, কোথাও সংঘর্ষ হয়, কোথাও কারখানার শাটার নামে। তারপর নতুন মজুরি ঘোষণা করা হয়। শ্রমিক বলেন, যথেষ্ট নয়। মালিক বলেন, সামর্থ্যের বাইরে। ক্রেতা বলেন, পণ্যের দাম বাড়ানো যাবে না। সরকার বলে, এটাই চূড়ান্ত। কিছুদিন পর পরিস্থিতি শান্ত হয়। কিন্তু সমস্যার সমাধান হয় না। পরবর্তী মজুরি নির্ধারণের সময় আবার একই নাটকের পুনরাবৃত্তি ঘটে।

শ্রমিকের এই মজুরি নির্ধারণ কি কয়েক বছর পরপর এমন একটি সামাজিক ও অর্থনৈতিক সংঘাতের মধ্য দিয়ে যেতে হবে? বিশেষ করে দেশের প্রধান রপ্তানি আয় খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য কেন প্রতিবারই রাজপথের উত্তাপ, কারখানা বন্ধ, উৎপাদন ব্যাহত হওয়া এবং সরকারি হস্তক্ষেপের প্রয়োজন হবে? এর অর্থ, আমরা সমস্যাটির উপসর্গ নিয়ে কাজ করছি, মূল কাঠামোগত দুর্বলতা দূর করছি না। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে ন্যূনতম মজুরির ইতিহাস পর্যালোচনা করলেই বিষয়টি স্পষ্ট হয়।

১৯৮৬ সালে একজন পোশাক শ্রমিকের ন্যূনতম মাসিক মজুরি নির্ধারিত হয়েছিল ৬২৭ টাকা। ১৯৯৪ সালে তা হয় ৯৩০ টাকা। ২০০৬ সালে ১ হাজার ৬৬২ টাকা, ২০১০ সালে ৩ হাজার টাকা, ২০১৩ সালে ৫ হাজার ৩০০ টাকা এবং ২০১৮ সালে ৮ হাজার টাকা। সর্বশেষ ২০২৩ সালে তা বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। প্রায় চার দশকে মজুরি বেড়েছে অনেক গুণ। কিন্তু এই বৃদ্ধির পাশাপাশি জীবনযাত্রার ব্যয়, খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াতের খরচ কতটা বেড়েছে, সেটিই হওয়া উচিত প্রকৃত মূল্যায়নের ভিত্তি।

২০২৬ সালের এই নভেম্বরেও আমরা একই বাস্তবতার মুখোমুখি। নতুন মজুরি বোর্ড গঠিত হয়েছে। শ্রমিক প্রতিনিধিরা মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন। মালিকপক্ষের প্রস্তাব এখনও আলোচনার বিষয়। বোর্ডের কাজ চলছে। অথচ এই আলোচনার ফলাফল যা-ই হোক, কয়েক বছর পর আবার একই প্রশ্ন সামনে আসবে। অর্থাৎ নতুন একটি অঙ্ক ঘোষণা করলেই সমস্যার স্থায়ী সমাধান কি হবে?

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৮ থেকে ১৪১ ধারায় শিল্পভিত্তিক ন্যূনতম মজুরি নির্ধারণের বিধান রয়েছে। মজুরি বোর্ড জীবনযাত্রার ব্যয়, জীবনযাত্রার মান, উৎপাদন ব্যয়, উৎপাদনশীলতা, পণ্যের দাম, মূল্যস্ফীতি, মালিকের ব্যবসায়িক সক্ষমতা এবং দেশের আর্থ সামাজিক পরিস্থিতি বিবেচনা করতে পারে। অর্থাৎ প্রয়োজনীয় বিবেচ্য বিষয়গুলো আইনে মোটামুটি চিহ্নিত রয়েছে। কিন্তু এসব বিষয় কীভাবে পরিমাপ করা হবে, কোন সূচককে কতটা গুরুত্ব দেওয়া হবে এবং মজুরি পুনর্নির্ধারণের সময় কোন সূত্র অনুসরণ করা হবে, তার একটি স্বচ্ছ ও বাধ্যতামূলক কাঠামো প্রয়োজন।

স্থায়ী সমাধানের জন্য প্রথমত. একটি জাতীয় মজুরি নির্ধারণ নীতিমালা প্রণয়ন করতে হবে। সব খাতের জন্য একই ন্যূনতম মজুরি নির্ধারণ বাস্তবসম্মত নয়। কারণ তৈরি পোশাক, চা, চামড়া, নির্মাণ, কৃষি ও অন্যান্য শিল্পের উৎপাদনশীলতা, কর্মপরিবেশ এবং ব্যবসায়িক সক্ষমতা এক নয়। তাই খাতভিত্তিক মজুরি কাঠামো থাকতে পারে, কিন্তু সব খাতের জন্য একটি অভিন্ন নীতিগত ভিত্তি থাকতে হবে।

দ্বিতীয়ত. মজুরি নির্ধারণে একটি জীবনযাত্রার ব্যয় সূচক তৈরি করা জরুরি। একজন শ্রমিক ও তার পরিবারের ন্যূনতম খাদ্য, বাসস্থান, পোশাক, চিকিৎসা, শিক্ষা, যাতায়াত এবং অন্যান্য মৌলিক চাহিদা পূরণে মাসে কত টাকা প্রয়োজন, তার নিয়মিত হিসাব থাকতে হবে। 

তৃতীয়ত. মজুরি পুনর্নির্ধারণের একটি স্বয়ংক্রিয় সূত্র থাকা প্রয়োজন। উদাহরণস্বরূপ, বার্ষিক মূল্যস্ফীতির সঙ্গে শ্রমিকের প্রকৃত জীবনযাত্রার ব্যয়ের পরিবর্তন এবং খাতভিত্তিক উৎপাদনশীলতার একটি নির্দিষ্ট অংশ যুক্ত করে মজুরি সমন্বয় করা যেতে পারে। এতে প্রতি বছর নতুন করে রাজনৈতিক বা সামাজিক দর-কষাকষির প্রয়োজন কমবে। মূল্যস্ফীতি নির্দিষ্ট সীমা অতিক্রম করলে মধ্যবর্তী সময়েও মজুরি সমন্বয়ের ব্যবস্থা থাকতে পারে।

চতুর্থত. মজুরি বোর্ডকে প্রকৃত অর্থেই স্বাধীন ও তথ্যনির্ভর করতে হবে। সেখানে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিত্ব থাকবে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণে নিরপেক্ষ অর্থনীতিবিদ, পরিসংখ্যানবিদ, শ্রমবাজার বিশেষজ্ঞ এবং জীবনযাত্রার ব্যয় বিশ্লেষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে। 

পঞ্চমত. আন্তর্জাতিক ক্রেতাদের দায়বদ্ধতার প্রশ্নটি আলোচনায় আনতে হবে। বাংলাদেশের শ্রমিকের মজুরি শুধু স্থানীয় মালিকের ব্যবসায়িক সক্ষমতার বিষয় নয়; বৈশ্বিক সরবরাহব্যবস্থার সঙ্গেও এটি যুক্ত। ক্রেতারা যদি কম দামে পণ্য কেনার প্রতিযোগিতা অব্যাহত রাখেন এবং উৎপাদন ব্যয়ের ন্যায্য অংশ বহন না করেন, তাহলে শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা কঠিন হবে। একই সঙ্গে ছোট ও মাঝারি কারখানার সক্ষমতার বিষয়টিও উপেক্ষা করা যাবে না। 

আমাদের আরেকটি মজুরি আন্দোলন, আরেকটি কারখানা বন্ধ কিংবা আরেকটি সরকারি ঘোষণার অপেক্ষায় থাকা উচিত নয়। প্রয়োজন এমন একটি ব্যবস্থা, যেখানে শ্রমিককে ন্যায্য মজুরি পাওয়ার জন্য রাস্তায় নামতে হবে না, মালিককে প্রতি কয়েক বছর পরপর অনিশ্চয়তার মুখোমুখি হতে হবে না এবং সরকারকে সংকটের শেষ মুহূর্তে সমঝোতার অঙ্ক ঘোষণা করতে হবে না। আমরা বলতে চাই, মজুরি নির্ধারণের স্থায়ী সমাধান কোনো মাঝামাঝি অঙ্ক নয়, স্থায়ী সমাধান হলো এমন একটি ন্যায়সঙ্গত নিয়ম, যা সবার জন্য আগে থেকেই জানা, তথ্য দিয়ে যাচাইযোগ্য এবং সময়মতো কার্যকর।


লেখক: সমাজ কর্মী ও কলামিস্ট

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা