× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিরকালের কবি নজরুল

ড. আবুল হাসনাত মোহা. শামীম

প্রকাশ : ১৮ মিনিট আগে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকার ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের উদ্যোগ নিয়েছে। এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। কেননা এবারই প্রথমবারের মতো নজরুল বর্ষপূর্তি জাতীয়ভাবে পালন করা হচ্ছে। এমন একটি জনকাঙ্ক্ষিত সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ধন্যবাদার্হ। 

বর্ষ উদযাপনের এই আয়োজনকে শুধু একজন কবির জন্মবার্ষিকী উদযাপনের বর্ষপূর্তি হিসেবে দেখলে ভুল হবে। কারণ, কাজী নজরুল ইসলামকে শুধু সাহিত্য দিয়ে বোঝা যায় না। নজরুলকে বুঝতে হলে আমাদের যেতে হবে ইতিহাসের কাছে, যেতে হবে মানুষের মুক্তির আকাঙ্ক্ষার কাছে, যেতে হবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর অনন্ত দুঃসাহসের কাছে। কারণ তার হাতে শুধুমাত্র কলম‌ই ছিল না, ছিল আত্মপ্রত্যয়, ছিল জাতীয়তাবোধ, ছিল বিপ্লবের চেতনা। তার কলমে তো শুধু প্রেম-প্রকৃতির কবিতা আসেনি, তা হয়ে উঠেছিল প্রতিবাদের অস্ত্র। 

নজরুলের বিদ্রোহকে অনেক সময় আমরা শুধু আবেগের জায়গা থেকে দেখি। কিন্তু নজরুলের বিদ্রোহ ছিল যুক্তিযুক্ত রাজনৈতিক এবং গভীরভাবে মানবিক। তিনি প্রশ্ন করেছিলেন, কেন মানুষ পরাধীন থাকবে? কেন মানুষ শোষিত হবে? কেন মানুষ মানুষকে ধর্মের নামে বিভক্ত করবে? কেন ক্ষমতাবান দুর্বলকে নিয়ন্ত্রণ করবে? তার বিখ্যাত উচ্চারণÑ ‘বল বীর, বল উন্নত মম শির!’ এটি শুধু এক কবির কাব্যচর্চার দুরন্ত প্রকাশ নয়। এটি পরাধীন মানুষের আত্মমর্যাদার ঘোষণা। এটি অন্যায়ের সামনে মাথা নত না করার দর্শন। তাই নজরুল আমাদের শেখান, স্বাধীনতা শুধু একটি রাষ্ট্রের স্বাধীনতা নয়। স্বাধীনতা মানে মানুষের চিন্তার স্বাধীনতা। স্বাধীনতা মানে বিবেকের স্বাধীনতা। স্বাধীনতা মানে প্রশ্ন করার অধিকার। স্বাধীনতা মানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর দৃঢ়তা, সাহস।

আমরা কি এমন একটি বাংলাদেশ নির্মাণ করতে পারব, যেখানে মানুষের পরিচয়ের আগে তার মানবিক পরিচয়কে গুরুত্ব দেওয়া হবে? যেখানে দরিদ্র একজন মানুষও একজন ধনী মানুষের মতোই মর্যাদা পাবেন? যেখানে ক্ষমতাবান এবং সাধারণ দুজনের জন্যই আইন সমানভাবে প্রযোজ্য হবে? যেখানে ভিন্নমত মানেই শত্রুতা নয়! নাগরিক মানে সমমর্যাদার নাগরিক! এ প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের আবার নজরুলের কাছেই ফিরে যেতে হয়। কারণ, নজরুল আমাদের শিখিয়েছেনÑ রাষ্ট্রশক্তি মানুষের ওপর প্রয়োগ করার জন্য নয়; রাষ্ট্রশক্তি মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য।

নজরুলের আরেকটি অনন্য পরিচয় হলো, তার অসাম্প্রদায়িক চেতনা। তিনি হিন্দু মুসলমান উভয়ের সংস্কৃতিকেই মর্যাদার সাথে দেখেছেন। 

আজকের বাংলাদেশে দাঁড়িয়ে নজরুলকে নতুন করে পড়তেই হবে। আমরা ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান প্রত্যক্ষ করেছি। একটি প্রজন্ম অন্যায়, বৈষম্য ও কর্তৃত্বের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছে। তাদের কণ্ঠে ছিল প্রতিবাদ। তাদের দেয়াল ছিল ছবিতে ছবিতে প্রতিবাদ, ছিল সহস্র লেখনি, ছিল লক্ষ গ্রাফিতিতে উঠে আসা তরুণ কণ্ঠের আওয়াজ। তাদের সংস্কৃতিই যেন হয়ে ওঠে প্রতিরোধের অগ্নিশিখা। তাদের আকাঙ্ক্ষায় ছিল একটি নতুন বাংলাদেশের স্বপ্ন। এই জায়গায় এসে নজরুল আবার যেন আমাদের সামনে উপস্থিত হন। নজরুলের বিদ্রোহী চেতনা আসলে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে আটকে নেই। যখনই অন্যায় থাকবে, নজরুল সেখানেই প্রাসঙ্গিক থাকবেন। যখনই বৈষম্য থাকবে, নজরুল প্রাসঙ্গিক থাকবেন। যখনই মানুষের কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা হবে, নজরুল প্রাসঙ্গিক হয়ে উঠবেন।

তাই, জুলাই গণঅভ্যুত্থানের পর নজরুলকে নতুন করে পড়া মানে শুধু নজরুল-সমসাময়িকতাকে স্মরণ করা নয়। এটি হলো ভবিষ্যৎ বাংলাদেশকে বোঝার একটি পরিক্রমা। তবে একটি সতর্কতা জরুরিÑ জুলাইয়ের চেতনা যেমন কোনো একক দল বা গোষ্ঠীর সম্পত্তি নয়, নজরুলও তেমন কোনো একক দল বা গোষ্ঠীর সম্পত্তি নন। নজরুলকে দলীয় সংকীর্ণতার মধ্যে বন্দি করা হবে তার প্রতি চরম অবিচার। নজরুলের শক্তি তার সর্বজনীনতায়। তাকে যে দল নিজের সম্পত্তি বানাতে চাইবে, সে-ই নজরুলকে ছোট করবে। তাকে যে ব্যক্তি নিজের রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করবে, সে নজরুলের মূল দর্শনকে অস্বীকার করবে। নজরুল ছিলেন ক্ষমতার সমালোচক, শুধু মানুষের পক্ষের কবি তিনি।

আমরা আজ নতুন বাংলাদেশের কথা বলছি। রাষ্ট্র সংস্কারের কথা বলছি। গণতন্ত্রের কথা বলছি। প্রতিষ্ঠানের জবাবদিহিতার কথা বলছি। নাগরিক অধিকার ও মানবিক মর্যাদার কথা বলছি। তা কিন্তু রাষ্ট্র সংস্কারের জন্যে শুধু সংবিধান, আইন কিংবা প্রতিষ্ঠান সংস্কারের বিষয় হতে পারে না। রাষ্ট্র সংস্কারের আগে আমাদের রাজনৈতিক সংস্কৃতির সংস্কার‌ও প্রয়োজন। আমাদের মানসিকতার সংস্কার প্রয়োজন। প্রয়োজন উন্নত চৈতন্যে নিজেকে আবিষ্কার করা। আমাদের এমন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে হবে, যেখানে ক্ষমতায় থাকলে এক ধরনের নীতি আর ক্ষমতার বাইরে থাকলে আরেক ধরনের নীতি হবে না। যেখানে বিরোধী মতকে শত্রু হিসেবে দেখা হবে না। যেখানে রাষ্ট্র কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর সম্পত্তি হবে না। যেখানে নাগরিক রাষ্ট্রের কাছে জবাবদিহি করবে, আবার রাষ্ট্রও একই সঙ্গে নাগরিকের কাছে জবাবদিহি করবে। নজরুলের চেতনা আমাদের এখানেই একটি নৈতিক ভিত্তি হয়ে উঠতে পারে। নজরুলের কাছে মানুষের মর্যাদাই ছিল সর্বাগ্রে।

নজরুল বর্ষের সবচেয়ে বড় সাফল্য হবে তখনই, যখন একটি প্রজন্ম তার কবিতা শুধু মুখস্থ করবে নাÑ তার সাহসকে ধারণ করবে। তার মানবিকতাকে ধারণ করবে। তার সাম্যকে ধারণ করবে। তার অসাম্প্রদায়িকতাকে ধারণ করবে। তার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি আর সাহসকে ধারণ করবে।

নজরুলকে শেষাবধি কোনো একটি মাত্র বিশেষণ দিয়ে সংজ্ঞায়িত করা যায় না। তিনি বিদ্রোহী, কিন্তু তার বিদ্রোহে প্রেম আছে। তিনি প্রেমের কবি, কিন্তু তার প্রেমে প্রতিবাদ আছে। তিনি সাম্যের কবি, কিন্তু তার সাম্য শুধু অর্থনৈতিক নয়, মানুষের মর্যাদার সাম্য। তিনি অসাম্প্রদায়িক, কিন্তু তার অসাম্প্রদায়িকতা নিজের শিকড়কে অস্বীকার করে না; বরং নিজের ঐতিহ্যের শক্তির ওপর দাঁড়িয়ে অন্যের প্রতি সম্মান দেখানোর শিক্ষাই তার মৌলিকত্ব।

নজরুল বর্ষে আমরা একটি প্রতিজ্ঞা করতে পারিÑ অন্যায় দেখলে নীরব থাকব না। বৈষম্য দেখলে প্রশ্ন করব। ঘৃণার রাজনীতির বিরুদ্ধে মানবতার কথা বলব। ভিন্নমতকে সম্মান করব। ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে দাঁড়াব এবং মানুষের মর্যাদাকে সর্বোচ্চ মূল্য দেব। আর এভাবেই নজরুল আমাদের মধ্যে বেঁচে থাকবেন। কবিতার পাতার বাইরে তিনি বেঁচে থাকবেন আমাদের বিবেকে, আমাদের রাজনীতিতে। বেঁচে থাকবেন আমাদের সংস্কৃতিতে, আমাদের রাষ্ট্রচিন্তা এবং আমাদের প্রতিদিনের নাগরিক আচরণে।

কাজী নজরুল ইসলামের দ্রোহ আমাদের সাহস দিক। তার সাম্য আমাদের পথ দেখাক। তার সম্প্রীতি আমাদের বিভেদ ভুলিয়ে দিক। তার প্রেম আমাদের হৃদয়কে মানবিক করে তুলুক। তার স্বপ্নের মানুষ ও মানবিক বাংলাদেশ নির্মাণের দায়িত্বটি আমরা যেন অত্যন্ত সততার সঙ্গে পালন করতে পারি। নজরুল বেঁচে থাকুন আমাদের কণ্ঠে, আমাদের কর্মে। নজরুল বেঁচে থাকুন আমাদের বিবেকে চিরকাল। সময়ের গণ্ডি পেরিয়ে কাজী নজরুল ইসলাম হয়ে উঠুন চিরকালের কবি। 


লেখক: উপাচার্য, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ডিরেক্টর (ফিন্যান্স), জিয়াউর রহমান ফাউন্ডেশন 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা