সম্পাদকীয়
প্রকাশ : ১৯ মিনিট আগে
প্রতীকী ছবি
বাংলাদেশের ব্যাংক খাতের আর্থিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ এখন আর নিছক আশঙ্কার পর্যায়ে নেই। তা যেন ক্রমশ অর্থনীতির জন্য গভীর ‘ঝুঁকির সংকেত’-এ পরিণত হয়েছে। সোমবার জাতীয় সংসদে দেওয়া অর্থমন্ত্রীর তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর প্রান্তিক শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। পাঁচ বছর আগেও অর্থাৎ ২০২২ সালে খেলাপি ঋণের হার ছিল মাত্র ৭ দশমিক ৬৪ শতাংশ। ২০২৬ সালে তা বেড়েছে চারগুণেরও বেশি, যা দেশের আর্থিক ইতিহাসে নজিরবিহীন। বলা যায়, পরিস্থিতি নিঃসন্দেহে শঙ্কিত হওয়ার মতো।
পরিস্থিতির আরও বড় ভয়াবহতা প্রকাশ পেয়েছে বাংলাদেশ ব্যাংকের ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল-জুন প্রান্তিকের ত্রৈমাসিক এক প্রতিবেদনেও। প্রতিবেদনে বলা হয়, জুন শেষে দেশের ৬১টি তফসিলি বাণিজ্যিক ব্যাংকের খেলাপি ঋণের হার বেড়ে ৩২ দশমিক ৭৮ শতাংশে দাঁড়িয়েছে। আগের প্রান্তিকে এ হার ছিল ৩২ দশমিক ২৬ শতাংশ। মূলত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণ বৃদ্ধির কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যে রয়েছে সম্প্রতি একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকও। বিশ্লেষকরা বলছেনÑ অনিয়ম, স্বজনপ্রীতি, রাজনৈতিক বিবেচনায় ঋণপ্রদান এবং দুর্বল করপোরেট সুশাসনের কারণে ব্যাংকগুলো আজ এই রুগ্ণদশায় পতিত হয়েছে। সঙ্গে ব্যাংকগুলোর মূলধন ঘাটতিও তীব্র আকার ধারণ করেছে। এ পরিস্থিতি শুধু সংশ্লিষ্ট ব্যাংকগুলোর জন্য নয়, সামগ্রিক অর্থনীতি ও আমানতকারীদের আস্থার জন্যও বড় হুমকি। এক কথায় খেলাপি ঋণের অশুভ প্রবণতা দেশের অর্থনীতির জন্য দুর্বহ এক বোঝা হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণ অনুযায়ী, সম্পদের মানের অবনতি, মূলধনের ঘাটতি এবং মুনাফা কমে যাওয়ার মতো সমস্যা ব্যাংক খাতকে চাপে রেখেছে। অতিরিক্ত তারল্যের কারণে কিছুটা স্বস্তি থাকলেও ব্যাংকগুলোর সামগ্রিক আর্থিক অবস্থার উন্নতি হয়নি। এটা মানতে হবে, ব্যাংক খাতে খেলাপি ঋণের এই বিপুল বোঝা এক দিনে তৈরি হয়নি। দীর্ঘদিন ধরে প্রভাবশালী ঋণগ্রহীতাদের অনিয়ম, রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব, ঋণ অনুমোদনে স্বচ্ছতার অভাব, জালিয়াতি এবং দুর্বল তদারকির সুযোগে বিপুল অর্থ ব্যাংক থেকে বেরিয়ে গেছে। অনেক ক্ষেত্রে ঋণ পরিশোধের পরিবর্তে পুনঃতফসিলের মাধ্যমে প্রকৃত পরিস্থিতি আড়াল করার প্রবণতাও দেখা গেছে।
বলা বাহুল্য, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো সুস্থ ও সবল ব্যাংকিং খাত। কিন্তু আমানতকারীদের অর্থ সেখানে অনিরাপদ হয়ে পড়ে এবং তারল্য সংকট দেখা দেয়, তা হলে বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়াটাই স্বাভাবিক। এ অবস্থায় শুধু পরিসংখ্যান প্রকাশ বা দায়সারা বক্তব্য দিয়ে সংকট কাটানো সম্ভব নয়। কারণ, খেলাপি ঋণের বড় অংশই জালিয়াতি ও ভুয়া প্রতিষ্ঠানের নামে, যাদের কাছ থেকে অর্থ আদায় প্রায় অসম্ভব।
আমরা মনে করি, ব্যাংক খাতকে খাদের কিনারা থেকে ফিরিয়ে আনা শুধু সরকারের একার দায়িত্ব নয়। কেন্দ্রীয় ব্যাংক ও সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত দায়িত্ব। এখনই যদি আমূল সংস্কারের পথে হাঁটা না হয়, তাহলে দেশের পুরো অর্থনীতি দীর্ঘমেয়াদি পঙ্গুত্ববরণ করতে পারে। এ অবস্থা থেকে উত্তরণে প্রয়োজন খেলাপি ঋণের প্রকৃত চিত্র নিরূপণ, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং ঋণের টাকা উদ্ধারে কঠোর পদক্ষেপ নেওয়া। ইচ্ছাকৃত ঋণখেলাপি ও ব্যবসায়িক কারণে সাময়িকভাবে বিপাকে পড়া উদ্যোক্তাদের এক পাল্লায় মাপা যাবে না। প্রকৃত ব্যবসায়িক সংকটে থাকা প্রতিষ্ঠানকে স্বচ্ছ ও শর্তসাপেক্ষ পুনর্বাসনের সুযোগ দিতে হবে। অন্যদিকে ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা, সম্পদ শনাক্ত ও আইনানুগভাবে আদায় এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিদেশে পাচার করা অর্থ ফেরত আনার উদ্যোগ নিতে হবে।
পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের তদারকি সক্ষমতা ও স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। ঋণ অনুমোদন, শ্রেণীকরণ, পুনঃতফসিল এবং মূলধন সংরক্ষণের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড কঠোরভাবে প্রয়োগ করতে হবে। দুর্বল ব্যাংক পুনর্গঠন বা একীভূত করার উদ্যোগও হতে হবে স্বচ্ছ, বাস্তবসম্মত ও আমানতকারীদের স্বার্থ সুরক্ষার ভিত্তিতে। আমরা মনে করি, শুধু একীভূত করলেই দুর্বল ব্যাংকের আর্থিক স্বাস্থ্য ভালো হয়ে যাবেÑ এমন ধারণা এখনও সফল বলা যাবে না। তাই এখনই প্রয়োজন সুশাসন, দক্ষ ব্যবস্থাপনা এবং কার্যকর ঝুঁকি নিয়ন্ত্রণ। একই সঙ্গে ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনায় পেশাদারত্ব নিশ্চিত করা।
মনে রাখতে হবে, ব্যাংক খাত অর্থনীতির রক্তপ্রবাহ। এই খাতে আস্থার সংকট তৈরি হলে বিনিয়োগ, কর্মসংস্থান ও উৎপাদনÑ সবই ক্ষতিগ্রস্ত হয়। তাই খেলাপি ঋণের পরিসংখ্যানকে কেবল একটি আর্থিক সূচক হিসেবে দেখার সুযোগ নেই। বলার অপেক্ষা রাখে না, ঋণখেলাপিদের দায়মুক্তির সংস্কৃতি বন্ধ করতে না পারলে ব্যাংকিং ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়। দেশের অর্থনীতিকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে হলে যেকোনো মূল্যে ব্যাংক খাতের চলমান বিপর্যয় ঠেকাতেই হবে।