অবিস্মরণীয় মওলানা ভাসানী
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
পৃথিবীতে যুগে যুগে কিছু মানুষ এসেছেন, যাদের কথা মানুষের মন থেকে বিস্মরণ ঘটেনি। তারা তাদের কর্মগুণে মানুষের অন্তরে বেঁচে থাকেন শতাব্দীর পর শতাব্দী। তারা হয়ে থাকেন একটি জাতির প্রেরণার উৎস। তেমনি একজন ক্ষণজন্মা মহাপুরুষ মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। আজ তার ৫০তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের এদিনে বাংলাদেশের মানুষকে শোকের সাগরে ভাসিয়ে তিনি চলে গেছেন অনন্তলোকে। আমরা তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
মজলুম জননেতা মওলানা ভাসানী এদেশের ইতিহাসে মিশে আছেন অত্যন্ত নিবিড়ভাবে। দেশীয় জমিদার ও রাজন্যবর্গের অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের মধ্য দিয়ে তার রাজনৈতিক পথচলা শুরু। তারপর তা বিস্তার লাভ করে ব্রিটিশ শাসকদের হাত থেকে এদেশের মুক্তির সংগ্রামে। সবখানেই মওলানা ছিলেন নিপীড়িত মানুষের কণ্ঠস্বর। তার কণ্ঠে উচ্চারিত হয়েছে শ্রমিক-কৃষক, গরিব-দুঃখী, মেহনতি মানুষের অধিকার আদায়ের দাবি। ব্রিটিশ শাসনের অবসানের পর নবসৃষ্ট রাষ্ট্র পাকিস্তানের ক্ষমতাসীন মুসলিম লীগ সরকারের জনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বপ্রথম গর্জে উঠেছিলেন মওলানা ভাসানী। তিনি উপলব্ধি করতে পেরেছিলেন, মুসলিম লীগের কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর দ্বারা পূর্ব বাংলার মানুষের ভাগ্যের উন্নতি সম্ভব নয়। তাই স্বাধীন পাকিস্তানে একটি নতুন রাজনৈতিক দল গঠনের তাগিদ অনুভব করেন তিনি। তার সে অনুভবের ফসল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, যা পরে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ নাম ধারণ করে। তার অক্লান্ত পরিশ্রমে অল্প দিনেই আওয়ামী লীগ পরিণত হয় গণ-সংগঠনে। গোটা পূর্ব পাকিস্তান পরিণত হয় মুসলিম লীগবিরোধী জনদুর্গে।
মজলুম জননেতা ছিলেন একজন ক্যারিশম্যাটিক নেতা। তার কথায় মানুষ উদ্বুদ্ধ হতো দুঃশাসনের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। তার প্রমাণ পাওয়া যায় পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে। ১৯৫৪ সালে অনুষ্ঠিত সে নির্বাচনে তার নেতৃত্বাধীন হক-ভাসানী যুক্তফ্রন্ট ভূমিধস বিজয় অর্জন করে মুসলিম লীগ সরকারের ভিত কাঁপিয়ে দেয়। সেটাই ছিল পশ্চিম পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিজয়। যদিও কতিপয় স্বার্থলোভী বাঙালি নেতা ও পাকিস্তানি শাসক চক্রের চক্রান্তের কারণে সে বিজয় বেশি দিন স্থায়ী হতে পারেনি। শুধু তাই নয়, পূর্ব বাংলার মানুষের দাবি আদায়ের সোচ্চার কণ্ঠ ভাসানী নিজের গড়া দল আওয়ামী লীগ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন একই কারণে। পাকিস্তানের পররাষ্ট্রনীতির প্রশ্নে দলের অপর নেতা ও সরকারের প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে মতবিরোধের কারণে তিনি আওয়ামী লীগ ত্যাগ করেন। ১৯৫৭ সালে গঠন করেন অসাম্প্রদায়িক প্রগতিশীল রাজনৈতিক দল ন্যাশনাল আওয়ামী পার্টি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সে দলের চেয়ারম্যান ছিলেন।
শেরেবাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দীসহ অনেক বরেণ্য রাজনৈতিক নেতা ছিলেন আমাদের। তারা এদেশের মানুষের অধিকারের পক্ষে কথা বলেছেন। কিন্তু পূর্ব বাংলা তথা আজকের বাংলাদেশের স্বাধীনতার কথা সর্বপ্রথম উচ্চারিত হয়েছিল মওলানা ভাসানীর কণ্ঠে। ১৯৫৭ সালে টাঙ্গাইলের কাগমারীতে (বর্তমান সন্তোষ) অনুষ্ঠিত আওয়ামী লীগের সম্মেলনে পশ্চিম পাকিস্তানি শাসকদের উদ্দেশে তার বলা ‘আসসালামু আলাইকুম’ এবং ১৯৭০ সালের ২৩ নভেম্বর পল্টন ময়দানের জনসভায় ‘লা-কুম দ্বীনি কুম ওয়াল ইয়া দ্বীন’ ছিল এদেশের স্বাধীনতার প্রথম স্পষ্ট উচ্চারণ। সুতরাং মওলানা ভাসানী আমাদের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা।
মজলুম এই জননেতার পুরোটা জীবনই কেটেছে মানুষের জন্য সংগ্রাম করে। ভাষা আন্দোলন, গণতন্ত্র, বাকস্বাধীনতা, স্বায়ত্তশাসনের আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত তার ভূমিকা অনন্য। স্বৈরশাসক আইয়ুব খানের পদত্যাগ, কথিত আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার ও শেখ মুজিবুর রহমানের মুক্তির দাবিতে গণ-আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে তিনি ছিলেন প্রধান রূপকার। তার তেজোদীপ্ত ভাষণ সে সময় এদেশের মানুষকে রাজপথে প্রতিরোধ গড়ে তুলতে প্রেরণা জুগিয়েছিল।
১৯৭০ সালের ১২ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে সন্দ্বীপ, হাতিয়া, ভোলাসহ বিস্তীর্ণ উপকূলাঞ্চল লন্ডভন্ড হয়ে গিয়েছিল। খবর পেয়ে অসুস্থ ভাসানী হাসপাতাল থেকে সরাসরি ছুটে গিয়েছিলেন উপদ্রুত অঞ্চলে। অগণিত মানুষের মৃত্যু, বেঁচে থাকাদের মানবেতর জীবনযাপনের দৃশ্য মওলানার হৃদয়কে ক্ষতবিক্ষত করে দেয়। মানুষের কষ্টে সেদিন তার চোখ দিয়ে অশ্রুর পরিবর্তে বেরিয়েছিল আগুন। সপ্তাহব্যাপী ত্রাণ তৎপরতা চালিয়ে ঢাকায় ফিরে পল্টন ময়দানে গর্জে উঠেছিলেন মওলানা। তার সেদিনের ভাষণকে উপজীব্য করে কবি শামসুর রাহমান লিখেছেলেন তার বিখ্যাত কবিতা ‘সফেদ পাঞ্জাবি’। রোমাঞ্চিত কবি লিখেছিলেন, ‘বল্লমের মতো তাঁর হাত ঝলসে ওঠে বারবার/ অতিদ্রুত স্ফীত হয়, স্ফীত হয়, মওলানার সফেদ পাঞ্জাবি/ যেন তিনি ধবধবে একটি পাঞ্জাবি দিয়ে তিনি সব/ বিক্ষিপ্ত বেআব্রু লাশ কী ব্যাকুল ঢেকে দিতে চান!’
এভাবেই এদেশের মানুষকে সব সময় ছায়া দিয়ে রেখেছেন মওলানা ভাসানী। সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে শাসক-শোষকের রোষানলে পড়েছেন বারবার। কিন্তু কোনো রক্তচক্ষু তাকে দমাতে পারেনি। তিনি ছিলেন আমাদের অভিভাবক। আজ পঞ্চাশ বছর আমরা সে অভিভাবকহীন। তবে, তিনি সশরীরে না থাকলেও তার আদর্শ আমাদের আজও পথ দেখিয়ে চলেছে। শোষণ-বঞ্চনা ও আধিপত্যবাদী শক্তির আগ্রাসন থেকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তিনি আমাদের প্রেরণা হয়ে আছেন, থাকবেন চিরকাল।