মোয়াজ্জেম হোসেন বাদল। প্রতিকৃতি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশের শিল্প খাত বর্তমানে এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির প্রত্যাশা, অন্যদিকে বিদ্যমান শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়া, উৎপাদন সক্ষমতা হ্রাস, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ক্রমবর্ধমান লোকসান এবং জ্বালানি ও আর্থিক সংকট পরিস্থিতিকে জটিলতর করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে শ্রমিক অসন্তোষ ও শিল্পাঞ্চলে উৎপাদন বিঘ্নিত হওয়ার নতুন উদ্বেগ। এমন পরিস্থিতিতে শিল্প খাতের পুনরুদ্ধার জরুরি। মনে রাখতে হবে, এটি কেবল অর্থনৈতিক নীতির বিষয় নয়- এটি কর্মসংস্থান, সামাজিক স্থিতিশীলতা, রপ্তানি আয় এবং সামগ্রিক অর্থনৈতিক নিরাপত্তার জন্য প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কেননা, শিল্পের চাকা সচল থাকলেই অর্থনীতি এগোতে পারে।
এমন বাস্তবতায় ১২ নভেম্বর জাতীয় সংসদে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দেশের শিল্প পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ চিত্র সামনে এনেছেন। তার বক্তব্য অনুযায়ী, ৫ আগস্ট ২০২৪-এর রাজনৈতিক পটপরিবর্তন ও পরবর্তীতে দেশের শিল্প খাতের বর্তমান পরিস্থিতি অনুযায়ী, বর্তমানে সারা দেশে ছোট ও মাঝারি খাতের ৩৮১টি শিল্পকারখানা বন্ধ রয়েছে। সাম্প্রতিক সময়ে শ্রমিক অসন্তোষের কারণে দেশের বিভিন্ন স্থানে কারখানাগুলোতে ছুটি ও অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা অব্যাহত রয়েছে। শিল্পমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকা ২২টি কারখানা নতুন করে চালু করা হয়েছে। উল্লেখ্য, বিসিকের অধীনে সারা দেশে ৮৪টি শিল্পনগরীর মোট ৬,৩৪৪টি কারখানা রয়েছে।
শিল্পমন্ত্রীর বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায়, বিসিকের শিল্পনগরীগুলোতে এখন মোট শিল্পকারখানা বন্ধ ৬.০১ শতাংশ। ২২টি কারখানা পুনরায় চালু হওয়ার উদ্যোগ অবশ্যই ইতিবাচক। কিন্তু ৩৮১টি কারখানা বন্ধ থাকার বাস্তবতা বলছে, সমস্যা বিচ্ছিন্ন নয়। এর পেছনে কী ধরনের আর্থিক, অবকাঠামোগত, প্রশাসনিক কিংবা বাজারসংক্রান্ত প্রতিবন্ধকতা কাজ করছে, তার পূর্ণাঙ্গ অনুসন্ধান প্রয়োজন। আরও উদ্বেগজনক চিত্র পাওয়া যায় রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে। তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত ৫৫টি শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ২০টি বন্ধ। অবশিষ্ট ৩৫টির মধ্যে ৩০টি লোকসানে এবং মাত্র পাঁচটি লাভজনক।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ২৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫টি বন্ধ, চালু ১০টির মধ্যে ৯টিই লোকসানে। বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) ১৪টি প্রতিষ্ঠানের পাঁচটি বন্ধ এবং চালু ৯টির মধ্যে ছয়টি লোকসানে। অন্যদিকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) ১৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫টি লোকসানে। এই পরিসংখ্যান রাষ্ট্রীয় শিল্প ব্যবস্থাপনার দীর্ঘদিনের দুর্বলতা ও কাঠামোগত সমস্যাকে সামনে নিয়ে এসেছে।
খাতওয়ারি বিশ্লেষণে দেখা যায়, দেশের চিনিশিল্পের পরিস্থিতি বিশেষভাবে বিবেচনার দাবি রাখে। রাষ্ট্রায়ত্ত ১৫টি চিনিকলের মধ্যে বর্তমানে ৯টি চালু থাকলেও ছয়টির উৎপাদন ২০২০-২১ অর্থবছর থেকে স্থগিত। চালু চিনিকলগুলো ২০২৫-২৬ মাড়াই মৌসুমে ৪৩ হাজার ৩২৬ দশমিক ৮৫ মেট্রিক টন চিনি উৎপাদন করেছে। অথচ দেশের বার্ষিক চিনির চাহিদা প্রায় ২০ লাখ টন। ৯টি চালু চিনিকলের সম্মিলিত বার্ষিক উৎপাদন সক্ষমতা ১ লাখ ৩২ হাজার ৩৮০ টন। এখানে স্পষ্ট যে, দেশীয় উৎপাদন দিয়ে চিনির বাজারের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। চিনিকল বন্ধ রাখা মানে শুধু একটি শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ থাকা নয়- এর সঙ্গে আখচাষি, পরিবহন, শ্রমিক, স্থানীয় ব্যবসা এবং সংশ্লিষ্ট এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডও ক্ষতিগ্রস্ত হয়। তাই চিনিকল পুনরায় চালুর প্রশ্নটি কেবল লোকসান বা লাভের হিসাব দিয়ে বিচার করলে চলবে না। আখের উৎপাদন, কৃষকের ন্যায্যমূল্য, আধুনিক প্রযুক্তি, উৎপাদন ব্যয় এবং বাজার ব্যবস্থাপনাকে একই পরিকল্পনার আওতায় আনতে হবে।
আসলে শিল্পকারখানা বন্ধ হওয়ার পেছনে একক কোনো কারণ নেই। গ্যাস ও বিদ্যুতের অপর্যাপ্ত সরবরাহ, উৎপাদন ব্যয় বৃদ্ধি, ব্যাংকঋণ-প্রাপ্তির জটিলতা, উচ্চ সুদ, কাঁচামাল আমদানির ব্যয়, বাজারে চাহিদার অনিশ্চয়তা এবং ব্যবস্থাপনাগত দুর্বলতা- সবকিছুই কোনো না কোনোভাবে প্রভাব ফেলছে। গত সেপ্টেম্বর মাসে গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে শিল্প পুলিশের মূল্যায়নের ভিত্তিতে বলা হয়েছিল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলের ৪১৩টি কারখানা উৎপাদন সমস্যায় পড়েছে। এর মধ্যে ২০২টি কারখানা সংকট অব্যাহত থাকলে এক থেকে দুই মাসের মধ্যে সম্পূর্ণ বন্ধ হওয়ার ঝুঁকিতে ছিল।অনেক কারখানায় উৎপাদন স্বাভাবিক সক্ষমতার তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে যায়। বিশেষ করে বস্ত্র, স্পিনিং, সিরামিক ও অন্যান্য জ্বালানিনির্ভর শিল্প বেশি চাপে পড়ে।
এই সংকটের সঙ্গে যুক্ত হয়েছে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ। ১৩ নভেম্বর একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১২ নভেম্বর গাজীপুর ও আশুলিয়ার দুই শতাধিক কারখানায় উৎপাদন ব্যাহত হয়। শ্রমিক অসন্তোষের কারণে ৯টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের হিসাবে এতে প্রায় ২০ হাজার শ্রমিক প্রভাবিত হয়েছেন। এই পরিস্থিতি শ্রমিকদের ন্যায্য দাবি, মালিকপক্ষের সক্ষমতা এবং শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা ব্যবস্থাপনার মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তা আরও বাড়িয়ে দিয়েছে। তবে শ্রমিক অসন্তোষকে শিল্পসংকটের একমাত্র কারণ হিসেবে দেখা ঠিক হবে না। শ্রমিকের বেতন-ভাতা, কর্মপরিবেশ ও চাকরির নিরাপত্তা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মালিকের উৎপাদন অব্যাহত রাখার সক্ষমতা এবং ব্যবসায়িক বাস্তবতাও বিবেচনায় নিতে হবে।
বন্ধ কারখানা পুনরুজ্জীবনে দরকার বাস্তবভিত্তিক উদ্যোগ। এই ক্ষেত্রে প্রথমত. শিল্প মন্ত্রণালয়, বিসিক, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ ব্যাংক এবং শিল্প পুলিশের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ জাতীয় শিল্প-তথ্যভান্ডার তৈরি করতে হবে। কোন কারখানা কেন বন্ধ, কতদিন ধরে বন্ধ, কতজন শ্রমিক কর্মহীন, কারখানার ঋণ ও দায় কত এবং পুনরায় চালুর সম্ভাবনা কীÑ এসব তথ্য নিয়মিত হালনাগাদ করতে হবে। বিসিক শিল্পনগরীর বাইরের কারখানাগুলোকেও এই জরিপের আওতায় আনতে হবে। শ্যামপুর শিল্পাঞ্চলের সব কারখানার সঠিক পরিসংখ্যান বিসিকের কাছে নেই বলে মন্ত্রীর বক্তব্যে যে তথ্যগত সীমাবদ্ধতা উঠে এসেছে- তা এখনই দূর করা জরুরি।
দ্বিতীয়ত. বন্ধ কারখানাগুলোকে একশ্রেণিতে না রেখে কারণভিত্তিক শ্রেণিবিন্যাস করতে হবে। যেসব প্রতিষ্ঠান সাময়িক আর্থিক সংকটে বন্ধ, সেগুলোর জন্য ঋণ পুনর্গঠন ও কার্যকরী মূলধনের ব্যবস্থা করা যেতে পারে। যেসব প্রতিষ্ঠানে প্রযুক্তি পুরনো, সেখানে আধুনিকায়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধির উদ্যোগ প্রয়োজন। আবার যেসব প্রতিষ্ঠান দীর্ঘদিন বাজার হারিয়েছে বা অর্থনৈতিকভাবে অকার্যকর, সেগুলোর ক্ষেত্রে নতুন বিনিয়োগকারী কিংবা বিকল্প শিল্প ব্যবহারের সম্ভাবনা যাচাই করতে হবে।
তৃতীয়ত. রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় পেশাদারত্ব ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। প্রতিটি প্রতিষ্ঠানের জন্য পৃথক পুনরুদ্ধার পরিকল্পনা, নির্দিষ্ট সময়সীমা এবং পরিমাপযোগ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। দীর্ঘদিনের লোকসান, অতিরিক্ত জনবল, অদক্ষ ক্রয়ব্যবস্থা, অনিয়ম এবং অব্যবহৃত সম্পদের বিষয়গুলো নিরপেক্ষভাবে নিরীক্ষা করা প্রয়োজন। তবে লোকসান হলেই প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া কিংবা ঢালাও বেসরকারিকরণ কোনো সমাধান নয়। যেখানে অর্থনৈতিক ও কৌশলগত যৌক্তিকতা রয়েছে, সেখানে রাষ্ট্রীয় মালিকানা বজায় রেখেও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব।
চতুর্থত. শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহকে অগ্রাধিকার দিতে হবে। বিশেষ করে রপ্তানিমুখী, কর্মসংস্থান-নির্ভর এবং জ্বালানি সংবেদনশীল শিল্পের জন্য নির্ভরযোগ্য গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন। শিল্পকারখানার ছাদে সৌরবিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানি এবং যৌথ বিদ্যুৎ উৎপাদনের সুযোগ বাড়াতে হবে। এ ক্ষেত্রে অর্থায়ন, প্রযুক্তিগত সহায়তা ও প্রয়োজনীয় নীতিসহায়তা নিশ্চিত করা দরকার।
পঞ্চমত. শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে কার্যকর ত্রিপক্ষীয় সংলাপ চালু রাখতে হবে। বেতন-ভাতা, বকেয়া পরিশোধ, কর্মপরিবেশ ও চাকরির নিরাপত্তা নিয়ে বিরোধ দেখা দিলে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা থাকা প্রয়োজন। একই সঙ্গে শিল্পাঞ্চলে বহিরাগত উস্কানি, সহিংসতা ও উৎপাদন ব্যাহত করার অপচেষ্টা প্রতিরোধ করতে হবে। মনে রাখা দরকার, শ্রমিকের ন্যায্য অধিকার রক্ষা এবং শিল্পের উৎপাদনশীলতা বজায় রাখা- দুটিই কার্যত রাষ্ট্রের দায়িত্ব।
ষষ্ঠত. বন্ধ চিনিকল ও অন্যান্য রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ, যৌথ উদ্যোগ ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের সম্ভাবনা যাচাই করতে হবে। ১২ নভেম্বর সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির বৈঠকেও বন্ধ ও লোকসানি শিল্পপ্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত করা, যৌথ বিনিয়োগের সম্ভাবনা যাচাই এবং অব্যবহৃত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। আমি মনে করি, এই সুপারিশগুলো বাস্তবায়নে সময়সীমাভিত্তিক উদ্যোগ প্রয়োজন।
বাংলাদেশের শিল্প খাত শুধু জিডিপি প্রবৃদ্ধির একটি উপাদান নয়, এটি লাখ লাখ মানুষের জীবিকা, রপ্তানি আয়, স্থানীয় অর্থনীতি এবং নতুন উদ্যোক্তা তৈরির প্রধান ক্ষেত্রগুলোর একটি। একটি কারখানা বন্ধ হলে শুধু মালিকের বিনিয়োগ আটকে থাকে না, শ্রমিকের আয়, পরিবারের জীবনযাত্রা, সরবরাহকারী প্রতিষ্ঠানের ব্যবসা এবং সংশ্লিষ্ট এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডও সংকুচিত হয়। তাই শিল্প পুনরুদ্ধারের উদ্যোগ হতে হবে তথ্যনির্ভর, বাস্তবসম্মত ও জবাবদিহিমূলক। বন্ধ কারখানার সংখ্যা প্রকাশ করা গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো কেন বন্ধ, কীভাবে চালু হবে এবং কতদিনের মধ্যে চালু করা সম্ভব- এই প্রশ্নগুলোর সুনির্দিষ্ট উত্তর খোঁজা।
শিল্পমন্ত্রী সংসদে যে চিত্র তুলে ধরেছেন- সেটিকে কেবল সংকটের পরিসংখ্যান হিসেবে নয়, শিল্প পুনর্গঠনের একটি নীতিগত সূচনা হিসেবে দেখা উচিত। সরকারকে প্রমাণ করতে হবে- বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবন, নতুন বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং রাষ্ট্রীয় সম্পদের দক্ষ ব্যবহারে কার্যকর অগ্রগতি সম্ভব।
আমরা মনে করি, শিল্প বাঁচলে বিনিয়োগ বাঁচবে, কর্মসংস্থান বাড়বে, অর্থনীতির ভিত শক্ত হবে। আর শিল্পের সংকট দীর্ঘায়িত হলে তার মূল্য দিতে হবে শ্রমিক, উদ্যোক্তা, ভোক্তা এবং শেষ পর্যন্ত পুরো দেশকে। সুতরাং এখন প্রয়োজন ঘোষণার চেয়ে বাস্তবায়ন, আশ্বাসের চেয়ে জবাবদিহি এবং বিচ্ছিন্ন উদ্যোগের পরিবর্তে সমন্বিত জাতীয় শিল্প পুনরুদ্ধার কর্মসূচি।
লেখক: কলামিস্ট ও শিল্পোদ্যোক্তা