× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চির বিদ্রোহী এক মওলানার কথা

ড. দেওয়ান আযাদ রহমান

প্রকাশ : ১১ মিনিট আগে

মওলানা আবদুল হামিদ খান ভাসানী। ছবি: সংগৃহীত

মওলানা আবদুল হামিদ খান ভাসানী। ছবি: সংগৃহীত

মানুষের ন্যায্য অধিকার আদায় করা ছিল তার জীবনের অন্যতম সংকল্প। ব্রিটিশ শাসন-শোষণ থেকে উপমহাদেশের স্বাধীনতা অর্জনের আন্দোলন এবং এদেশের মানুষের মুক্তির লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম করে কেটেছে তার পুরোটা জীবন। যেখানে রাজনীতির মুখ্য উদ্দেশ্য রাষ্ট্রক্ষমতায় আরোহণ, সেখানে তার একমাত্র লক্ষ্য ছিল মানুষের সার্বিক মুক্তি। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষকে শোষকের শৃঙ্খল থেকে মুক্ত করতে তিনি পালন করেছেন অতন্দ্র প্রহরীর ভূমিকা। তিনি আর কেউ নন, তিনি এদেশের রাজনৈতিক আকাশের উজ্জ্বল জ্যোতিষ্ক মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। 

১৮৮০ সালে বর্তমান সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামে যে শিশুটি জন্ম নিয়েছিল, বাবা-মা তার নাম রেখেছিলেন আবদুল হামিদ খান। তবে শিশুকালে সবাই তাকে ডাকত ‘চেগা মিয়া’ নামে। তখন কেউ কি ভেবেছিল, চেগা মিয়া নামের এ শিশুটিই একদিন হয়ে উঠবে উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ ও কৃষক শ্রমিক সর্বহারা মানুষের পক্ষে সোচ্চার কণ্ঠের মহান নেতা? স্থানীয় মাদ্রাসায় পড়াশোনার পর বালক আবদুল হামিদ টাঙ্গাইলের কাগমারীতে একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরে ময়মনসিংহের হালুয়াঘাটে একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। এ সময় টাঙ্গাইলের জমিদার সন্তোষের প্রজা পীড়নমূলক নীতির বিরুদ্ধে প্রতিবাদী হন মওলানা ভাসানী। ফলাফলে তাকে বিতাড়িত হতে হয় টাঙ্গাইল থেকে। তিনি চলে যান আসামে। সেখানে থাকার সময় ব্রিটিশ সরকার কুখ্যাত লাইন প্রথার প্রবর্তন করে। এর উদ্দেশ্য ছিল পূর্ববঙ্গ থেকে গিয়ে আসামে বসতি স্থাপনকারী বাঙালি মুসলমানদের অধিকারকে সীমিত করা। ব্রিটিশ সরকারের নির্দেশে আসাম সরকার বাঙালি অভিবাসীদের বসতি বিস্তারের ওপর সীমানা টেনে দিয়েছিল। ভাসানী এই বিধিনিষেধের বিরুদ্ধে চাষিদের সংগঠিত করেন। ব্রহ্মপুত্রের ভাসানচরে স্থানীয় মানুষকে সঙ্গে নিয়ে বন্যা ঠেকাতে বাঁধ নির্মাণেও তিনি উদ্যোগ নেন। যেখানে বসতির নিরাপত্তা আর ফসল রক্ষা পরস্পরের সঙ্গে জড়িত, সেখানে বাঁধ তৈরির মতো কাজেরও রাজনৈতিক তাৎপর্য ছিল। কৃষকদের দৈনন্দিন সমস্যার সঙ্গে তার নেতৃত্বের সম্পর্ক এ ঘটনায় স্পষ্ট হয়।

ব্রিটিশ সরকারের লাইন প্রথা ছিল একটি বৈষম্যমূলক ব্যবস্থা। মওলানা ভাসানী এ অবিচারের বিরুদ্ধে স্থানীয় জনগণকে সংগঠিত করে আন্দোলন শুরু করেন। আসামের ভাসানচরে তিনি এক কৃষক সম্মেলনের আয়োজন করেন। লাখ লাখ মানুষ তাতে অংশ নেয়। সে থেকে তার নামের সঙ্গে প্রথমে ‘ভাসান চরের মওলানা’ পরবর্তীতে ‘মওলানা ভাসানী’ অভিধা যুক্ত হয়ে যায়। 

 ১৯৪৭ সালে ভারত ভাগ হয়ে পাকিস্তান রাষ্ট্র জন্ম নেয়। পাকিস্তানের দুটি অংশÑ পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। নতুন রষ্ট্রে পাকিস্তানের ক্ষমতা দখল করে থাকে মুসলিম লীগ। তারা পূর্ব পাকিস্তানকে নানাভাবে বঞ্চিত করতে থাকে। এই বঞ্চনার বিরুদ্ধে সর্বপ্রথম গর্জে ওঠেন মওলানা ভাসানী। বাংলা ভাষার অধিকার, প্রাদেশিক স্বায়ত্তশাসন ও ভোটাধিকার নিয়ে সোচ্চার হন। স্বাধীন বাংলাদেশেও খাদ্যসংকট ও গঙ্গার পানিবণ্টন নিয়ে আন্দোলন চালিয়ে যান। নির্যাতিত ও বঞ্চিত মানুষের ন্যায্য পাওনা আদায়ে আপসহীন সংগ্রামী ভাসানী ‘মজলুম জননেতা’ উপাধিতে ভূষিত হন। 

পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব বাংলায় ফিরে ভাসানী কৃষক সমিতির পাশাপাশি আদমজী পাটকলের মজদুর ইউনিয়ন ও রেলওয়ে কর্মচারীদের সংগঠনের নেতৃত্বে যুক্ত হন। ১৯৫৪ সালে ঢাকা ও নারায়ণগঞ্জে মে দিবসের শ্রমিক সমাবেশে তিনি সভাপতিত্ব করেন। পাটকল ও রেলওয়ের কর্মীরা নিজ নিজ সংগঠনের মাধ্যমে নিজেদের দাবি সম্মিলিতভাবে তুলে ধরতে পারতেন। ভাসানীর অংশগ্রহণ কর্মক্ষেত্রের এসব দাবিকে বৃহত্তর রাজনৈতিক পরিসরে পৌঁছাতে সাহায্য করে।

মুসলিম লীগ সরকারের অব্যাহত শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে পূর্ব বাংলার জনগণকে সংগঠিত করার লক্ষ্যে ১৯৪৯ সালে তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন। তিনি নির্বাচিত হন এ রাজনৈতিক দলের প্রথম সভাপতি। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলিবর্ষণের নিন্দা জানান। এর দুই দিন পর তাকে গ্রেপ্তার করা হয়। মুক্তির পর বিরোধী দলগুলোর মধ্যে নির্বাচনী ঐক্য গঠনে তিনি কাজ করেন। এ কে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীসহ অন্য নেতাদের সঙ্গে গড়ে তোলা যুক্তফ্রন্ট ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে বিপুল বিজয় পায়। এই ফল পূর্ব বাংলায় মুসলিম লীগের বিরুদ্ধে সংগঠিত বিরোধিতার শক্তি প্রকাশ করে।

১৯৫৭ সালের কাগমারী সম্মেলনে ভাসানী পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের পক্ষে অবস্থান নেন এবং পাকিস্তানের পশ্চিমা সামরিক জোটনির্ভর পররাষ্ট্রনীতির বিরোধিতা করেন। এ নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে তার প্রকাশ্য মতভেদ হয়। একই বছর তিনি আওয়ামী লীগ ছেড়ে ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ গঠনে নেতৃত্ব দেন। ১৯৫৮ সালে আইয়ুব খান ক্ষমতা দখলের পর ভাসানী আটক হন। পরে তিনি প্রাপ্তবয়স্ক নাগরিকদের সরাসরি ভোটাধিকারের পক্ষে আন্দোলন করেন। ১৯৬৯ সালে আইয়ুব সরকারের পদত্যাগ এবং আগরতলা মামলা প্রত্যাহার ও শেখ মুজিবুর রহমানসহ অভিযুক্তদের মুক্তির আন্দোলনে তিনি ছিলেন সিপাহসালার।

১৯৭০ সালের নভেম্বরে ভয়াবহ ঘূর্ণিঝড়ে উপকূলের ব্যাপক ক্ষয়ক্ষতির পর ভাসানী দুর্গত মানুষের ত্রাণে ঝাঁপিয়ে পড়েন। দুর্গত মানুষের ত্রাণ নিয়ে পাকিস্তান সরকারের উদাসীনতা তাকে ক্ষুব্ধ করে। তিনি উপদ্রুত অঞ্চল সফর শেষ করে ঢাকায় ফিরে পল্টন ময়দানের জনসভায় পূর্ব বাংলাকে পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করে স্বাধীন পূর্ব বাংলা গঠনের জন্য দেশবাসীকে আহ্বান জানান। 

১৯৭১ সালের ৯ মার্চ ঢাকার পল্টনের জনসভায় ভাসানী পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে পূর্ব বাংলার স্বাধীনতা মেনে নেওয়ার আহ্বান জানান। তিনি বাঙালিদের উদ্দেশে বলেন, আমি শেখ মুজিবের নেতৃত্ব মেনে নিয়েছি, তোমরাও তার নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়। মওলানা ভাসানী আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমানকে ইয়াহিয়া খানের আলোচনার ফাঁদে পা না দেওয়ার জন্য সতর্ক করে দেন। একই তারিখের একটি প্রচারপত্রে তিনি দল, মত ও ধর্মের ভেদাভেদ অতিক্রম করে স্বাধীনতার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন করেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ভারতে যান। যুদ্ধ চলাকালে প্রবাসী সরকারের উদ্যোগে বিভিন্ন দলের প্রতিনিধিদের নিয়ে গঠিত পরামর্শ কমিটির বৈঠকেও তিনি অংশ নেন। এই কমিটি মুক্তিযুদ্ধের বিষয়ে প্রবাসী সরকারকে পরামর্শ দেওয়ার জন্য গঠিত হয়েছিল।

মওলানা ভাসানী ১৯৭২ সালের ২২ জানুয়ারি দেশে ফেরেন। পরের বছর খাদ্যসংকট ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অনশন করেন। ১৯৭৬ সালের ১৬ মে গঙ্গার পানিতে বাংলাদেশের ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহী থেকে ফারাক্কা অভিমুখে লংমার্চের নেতৃত্ব দেন। শুষ্ক মৌসুমে নদীতে পানিপ্রবাহ কমলে সেচ, মাছ ধরা ও নদীনির্ভর জীবিকার ওপর চাপ পড়ে। ভাসানীর পদযাত্রা পানিবণ্টনের আলোচনায় ভাটির মানুষের এই অভিজ্ঞতাকে সামনে নিয়ে আসে।

রাজনীতির পাশাপাশি তিনি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার কাজ করেন। টাঙ্গাইলের সন্তোষে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও মেয়েদের বিদ্যালয় এবং কাগমারীতে মওলানা মোহাম্মদ আলী কলেজ প্রতিষ্ঠায় তার উদ্যোগ ছিল। আসামে কৃষকের জমির দাবি থেকে সন্তোষে শিক্ষার সুযোগ তৈরির কাজ পর্যন্ত তার কর্মকাণ্ডে স্থানীয় মানুষের প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার পরিচয় পাওয়া যায়।

১৯৭৬ সালের ১৭ নভেম্বর ভাসানী মৃত্যুবরণ করেন। টাঙ্গাইলের সন্তোষে তাকে সমাহিত করা হয়। তার সময়ে রাষ্ট্রের সীমানা ও শাসনব্যবস্থা একাধিকবার বদলেছে। প্রতিটি পর্বে তিনি দেখিয়েছেন জমি, ভোট ও পানির মতো বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় যাদের জীবন সরাসরি প্রভাবিত হয়, তাদের কথাও শোনা দরকার। কৃষক, শ্রমিক ও নদীতীরের মানুষের দাবি জাতীয় রাজনীতিতে তুলে ধরার এই কাজেই মওলানা ভাসানীর দীর্ঘ সংগ্রামের গুরুত্ব।

মজলুম জননেতা মওলানা ভাসানীর সংগ্রামী জীবনের বর্ণনা একটি ছোট্ট নিবন্ধে বিধৃত করা অসম্ভব। শুধু বলা যায়, তিনি ছিলেন এক চির বিদ্রোহী জননেতা। মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মনিবেদিত এই চির বিদ্রোহীর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানাই। 

লেখক: প্রবন্ধকার ও গবেষক


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা