সাব্বির রহমান
প্রকাশ : ১৮ মিনিট আগে
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
উনিশ শতকের মাঝামাঝি সময়ে তৎকালীন পূর্ব বাংলায় আধুনিক পাশ্চাত্য শিক্ষার কোনো প্রাতিষ্ঠানিক ভিত ছিল না। সেই অভাব দূর করতেই ১৮৩৫ সালে ‘ঢাকা ইংলিশ সেমিনারি স্কুল’ প্রতিষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় ১৮৪১ সালের ২০ নভেম্বর ব্রিটিশ ভারতের লর্ড বিশপ রেভারেন্ড ড্যানিয়েলের হাত ধরে এবং প্রথম অধ্যক্ষ জেমস আয়ারল্যান্ডের নেতৃত্বে পথচলা শুরু করে ‘ঢাকা সেন্ট্রাল কলেজ’, যা আজকের ঐতিহ্যবাহী ঢাকা কলেজ।
ঢাকা কলেজ কেবল নিজে বড় হয়েছে তা নয়, এটি এই অঞ্চলের পড়াশোনার মূল ভিত্তি বা ‘মাদার ইনস্টিটিউশন’ হিসেবে কাজ করেছে। ১৯২১ সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, তখন এই বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো, লাইব্রেরি এবং গবেষণার মূল ভিত্তি গড়ে উঠেছিল মূলত ঢাকা কলেজের হাত ধরেই। তৎকালীন ঢাকা কলেজের সমৃদ্ধ গ্রন্থাগারের দুর্লভ বইপত্র, বিজ্ঞান গবেষণাগারের যন্ত্রপাতি এবং একদল মেধাবী শিক্ষককে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছিল। এমনকি শুরুর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু ক্লাস ও আবাসিক কার্যক্রমও পরিচালিত হয়েছিল ঢাকা কলেজের পুরনো ভবন ও ছাত্রাবাসকে কেন্দ্র করে।
এ কলেজের ছাত্র বিজ্ঞান ও অর্থনীতিতে বিশ্বখ্যাত জ্যোতির্বিজ্ঞানী মেঘনাদ সাহা, জাতীয় অধ্যাপক কাজী মোতাহার হোসেন, অর্থনীতিবিদ মোজাফফর আহমদ ও দেবপ্রিয় ভট্টাচার্য, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ ব্যক্তিগণ দেশের জন্য অনন্য অবদান রেখে গেছেন। আর সাহিত্য ও মননচর্চায় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ, কবি শামসুর রাহমান, সৈয়দ ওয়ালীউল্লাহ, আখতারুজ্জামান ইলিয়াস ও হুমায়ুন আজাদের মতো গুণী মানুষেরা এই কলেজকেই নিজেদের পাদপীঠ বানিয়েছেন। এভাবে সমাজের প্রতিটি স্তরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা নিজেদের মেধার ছাপ রেখে চলেছেন।
এত সব অর্জনের পরও আজ ১৮৬ বছরের এই পুরনো প্রতিষ্ঠানটি নানা বাস্তব সমস্যায় জর্জরিত। বিশ হাজারেরও বেশি শিক্ষার্থীর জন্য এখানে থাকার জায়গার বা হলের বড় সংকট রয়েছে। এ ছাড়া বিভিন্ন প্রশাসনিক জটিলতা এবং সেশনজটের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা প্রায়ই থমকে যায়। যুগের সঙ্গে তাল মিলিয়ে উন্নত ল্যাবরেটরি, আধুনিক লাইব্রেরি আর পর্যাপ্ত ক্লাসরুমের অভাবও রয়েছে। তা ছাড়া বিভিন্ন সময়ে ক্যাম্পাসের অস্থিতিশীল পরিস্থিতি শিক্ষার সুষ্ঠু পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে।
ঢাকা কলেজকে তার পুরনো গৌরব ও সুনামে ফিরিয়ে আনতে হলে শিক্ষক, শিক্ষার্থী এবং প্রশাসন, সবার সম্মিলিত উদ্যোগ ও সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন। প্রথমত, ক্যাম্পাসকে সব ধরনের হানাহানি ও দলীয় রাজনীতিমুক্ত রাখতে হবে। হলের সিটগুলো যেন কেবল মেধার ভিত্তিতে দেওয়া হয়, সেদিকে কঠোর নজর রাখতে হবে, যাতে দূর-দূরান্ত থেকে আসা একজন মেধাবী শিক্ষার্থী নির্বিঘ্নে তার পড়াশোনা চালিয়ে যেতে পারে। দ্বিতীয়ত, পড়াশোনার একটি সঠিক রুটিন বা একাডেমিক ক্যালেন্ডার থাকতে হবে, যেন যথাসময়ে পরীক্ষা শেষ হয় এবং সেশনজট দূর হয়। তৃতীয়ত, গতানুগতিক মুখস্থ বিদ্যার বদলে আধুনিক প্রযুক্তি, ভালো ল্যাব এবং ই-লাইব্রেরির ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চাগুলোকেও আবার আগের মতো জীবন্ত ও প্রাণবন্ত করে তুলতে হবে।
১৮৬ বছরের এই দীর্ঘ যাত্রায় ঢাকা কলেজ আমাদের আত্মপরিচয় ও মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে। আজকের শিক্ষার্থীদের কাজ হলো নিজেদের যোগ্য করে এই প্রতিষ্ঠানের নাম আরও ওপরে তুলে ধরা। ঐতিহ্যের হাত ধরে আধুনিকতার পথে এগিয়ে চলুক প্রিয় ঢাকা কলেজ, জন্মদিনে এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া।
লেখক: শিক্ষার্থী, ঢাকা কলেজ