× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিকিৎসায় অব্যবস্থাপনা ও বিদেশমুখী প্রবণতা

আমানুর রহমান

প্রকাশ : ১৪ মিনিট আগে

চিকিৎসায় অব্যবস্থাপনা ও বিদেশমুখী প্রবণতা

মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ তার স্বাস্থ্য। অথচ সেই স্বাস্থ্য রক্ষার জন্য যখন মানুষ নিজ দেশের চিকিৎসাব্যবস্থার ওপর আস্থা হারিয়ে বিদেশের পথে পা বাড়ায়, তখন স্পষ্ট হয়ে ওঠে, সংকটটি কেবল চিকিৎসাসেবার সীমাবদ্ধতায় আটকে নেই; এর শিকড় আরও গভীরে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, জবাবদিহি ও জন-আস্থার সংকটে। বাংলাদেশে প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ সহায়-সম্বল বিক্রি করে, জমিজমা বন্ধক রেখে কিংবা ঋণের বোঝা মাথায় নিয়ে চিকিৎসার জন্য ভারত, থাইল্যান্ড ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে ছুটে যাচ্ছেন।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ২০২১ সালের এক খাতভিত্তিক প্রতিবেদনে বিশ্বব্যাংকের তথ্যের ভিত্তিতে বলা হয়েছিল, প্রতিবছর প্রায় সাত লাখ বাংলাদেশি চিকিৎসার জন্য বিদেশে যান এবং এ খাতে ব্যয় হয় প্রায় ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার। পরবর্তী সময়ে বিভিন্ন প্রাক্কলনে এই ব্যয়ের পরিমাণ আরও বেশি বলে উল্লেখ করা হয়েছে। এই বিদেশমুখিতা একদিকে দেশের স্বাস্থ্য খাতের দুর্বলতা ও আস্থাহীনতার চিত্র তুলে ধরছে, অন্যদিকে বিপুল বৈদেশিক মুদ্রা দেশের বাইরে চলে যাওয়ায় জাতীয় অর্থনীতির ওপরও চাপ সৃষ্টি করছে। এই দ্বিমুখী সংকট মোকাবিলায় বিদেশে চিকিৎসা নেওয়ার কারণগুলো চিহ্নিত করে দেশের স্বাস্থ্যব্যবস্থায় মানসম্মত সেবা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। অন্যথায় চিকিৎসার জন্য মানুষের বিদেশমুখিতা যেমন বাড়বে, তেমনি দেশ হারাবে মূল্যবান বৈদেশিক মুদ্রা ও নাগরিকের আস্থা।

চিকিৎসার জন্য বিদেশমুখী হওয়ার অন্যতম প্রধান কারণ হলো দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি আস্থার সংকট এবং রোগ নির্ণয়ের অনিশ্চয়তা। একজন অসুস্থ মানুষ শুধু ওষুধ বা চিকিৎসা চান না; তিনি চান রোগ সম্পর্কে সঠিক ধারণা, নির্ভুল পরীক্ষা-নিরীক্ষা এবং উপযুক্ত চিকিৎসার নিশ্চয়তা। কিন্তু আমাদের দেশে প্রায়ই একই রোগের পরীক্ষায় বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার থেকে ভিন্ন ভিন্ন প্রতিবেদন পাওয়া যায়, যা রোগী ও স্বজনদের মনে বিভ্রান্তি ও অবিশ্বাস তৈরি করে। অনেক প্রতিষ্ঠানে পরীক্ষার মান নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের ঘাটতি থাকায় এই অনিশ্চয়তা আরও বাড়ছে। ফলে সামান্য জটিলতা দেখা দিলেও অনেকেই দেশীয় চিকিৎসাব্যবস্থার ওপর ভরসা রাখতে পারেন না; ছুটে যান বিদেশের হাসপাতালে। বিশেষ করে ভারত বাংলাদেশি রোগীদের অন্যতম প্রধান চিকিৎসা-গন্তব্য হয়ে উঠেছে। 

গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, বাংলাদেশের অনেক চিকিৎসকের মেধা, জ্ঞান ও পেশাগত দক্ষতা আন্তর্জাতিক মানের সঙ্গে প্রতিযোগিতা করার সক্ষমতা রাখে। মূল সংকট চিকিৎসাগত দক্ষতার পাশাপাশি মানবিক যোগাযোগ, সহানুভূতি ও রোগীর প্রতি পর্যাপ্ত মনোযোগের অভাবেও নিহিত। একজন সংকটাপন্ন রোগী ও তার স্বজনেরা হাসপাতালে আসেন চরম উদ্বেগ, উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মধ্যে। এমন পরিস্থিতিতে চিকিৎসা দেওয়ার পাশাপাশি তাদের প্রয়োজন আশ্বাস, আন্তরিকতা ও মানসিক সমর্থন। কারণ রোগীর সুস্থতায় ওষুধ ও চিকিৎসাপদ্ধতির পাশাপাশি চিকিৎসকের সহানুভূতিশীল আচরণ এবং ইতিবাচক যোগাযোগও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু সরকারি হাসপাতালের উপচে পড়া ভিড়, চিকিৎসকদের ওপর অতিরিক্ত কাজের চাপ এবং বেসরকারি হাসপাতালের বাণিজ্যিক প্রবণতার কারণে অনেক ক্ষেত্রেই রোগীরা প্রয়োজনীয় সময় ও মনোযোগ পান না। ফলে চিকিৎসকের সঙ্গে রোগী ও স্বজনদের দূরত্ব তৈরি হয়, জন্ম নেয় অবিশ্বাস ও অসন্তোষ। 

স্বাস্থ্য খাতের এই নৈরাজ্যের অন্যতম প্রধান কারণ হলো জবাবদিহির অভাব এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর দুর্বলতা। চিকিৎসাসেবার অনিয়ন্ত্রিত বাণিজ্যিকীকরণ আজ এই মানবিক পেশাকে অনেকাংশেই মুনাফা অর্জনের ব্যবসায় পরিণত করেছে। দেশে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন, সেবার মান যাচাই এবং অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রশাসনিক দুর্বলতা স্পষ্ট। চিকিৎসায় অবহেলা ও অনিয়মের অভিযোগের যথাযথ তদন্ত এবং রোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রেও নানা সীমাবদ্ধতা রয়েছে। 

দেশের প্রতিটি নাগরিক যখন নিজ দেশেই মানসম্মত, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য চিকিৎসাসেবা পাওয়ার নিশ্চয়তা পাবেন, তখনই বিদেশমুখী চিকিৎসার প্রবণতা কমবে এবং দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। তাই আর কালক্ষেপণ না করে স্বাস্থ্য খাতে কার্যকর সংস্কার, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থার সংকট আরও গভীর হবে, যার নেতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতি ও মানবসম্পদের ওপর।


লেখক: শিক্ষার্থী, হাবিবুল্লাহ বাহার কলেজ, ঢাকা

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা