গতিহীন প্রশাসন
সম্পাদকীয়
প্রকাশ : ১৩ মিনিট আগে
ছবি: এআই দিয়ে তৈরি
রাষ্ট্রের উন্নয়ন পরিকল্পনা ও নীতিনির্ধারণী সিদ্ধান্তগুলো মাঠপর্যায়ে বাস্তবায়নের মূল কারিগর হলো প্রশাসন। কিন্তু সম্প্রতি সরকারের শীর্ষ পর্যায়ের মূল্যায়নে প্রশাসনের ভেতরকার যে স্থবিরতা ও ধীরগতির চিত্র উঠে এসেছে, তা গভীর উদ্বেগের। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কাজের দীর্ঘসূত্রতা, কর্মকর্তাদের দায়িত্ব পালনে অনীহা এবং তাদের পেশাগত দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। এমন প্রেক্ষাপটে প্রশাসনে গতি আনতে সচিবদের প্রতি সরকারের ‘কঠোর বার্তা’ অত্যন্ত সময়োপযোগী ও যৌক্তিক পদক্ষেপ। সরকারের স্পষ্ট বক্তব্য, ব্যক্তিগত সম্পর্ক, পরিচিতি কিংবা সখ্য দিয়ে কর্মকর্তাদের মূল্যায়ন করা হবে না। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে যারা দক্ষতা, আন্তরিকতা ও নিষ্ঠার পরিচয় দিতে পারবেন, তারাই দায়িত্বে থাকবেন। অদক্ষ কর্মকর্তাদের প্রয়োজনে সরিয়ে দেওয়া হবে। দায়িত্ব পালনে ব্যর্থ হলে পদ ছেড়ে দেওয়ারও আহ্বান জানানো হয়েছে। গতকাল প্রতিদিনের বাংলাদেশ-এ “প্রশাসনে গতি আনতে ‘রেড অ্যালার্ট’” শীর্ষক প্রতিবেদনে এসব বিষয় উঠে এসেছে।
এ কথা সত্য যে সরকার পরিবর্তনের সঙ্গে জনগণের প্রত্যাশারও পরিবর্তন ঘটে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, উন্নয়ন কর্মকাণ্ডে গতি সঞ্চার এবং রাষ্ট্র পরিচালনায় দৃশ্যমান পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়। কিন্তু এসব প্রত্যাশা পূরণের অন্যতম প্রধান শর্ত হচ্ছে একটি দক্ষ, গতিশীল, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন। দুর্ভাগ্যজনকভাবে সরকারের শীর্ষ পর্যায়ের মূল্যায়নেও যদি এর বিপরীত চিত্র উঠে আসে, তা শঙ্কিত হওয়ার মতো বৈকি।
বর্তমান সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ হলো জনগণের কাছে দেওয়া নির্বাচনী অঙ্গীকার পূরণ এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর সফল বাস্তবায়ন। কিন্তু প্রশাসনের একটি অংশের অদক্ষতা ও দায়িত্ব পালনের চেয়ে নিজেদের পদ-পদবি ও অবস্থান ধরে রাখার প্রবণতা সে প্রচেষ্টাকে ব্যাহত করে। এ ধরনের প্রতিবন্ধকতা উন্নয়ন কর্মকাণ্ডকে স্থবির করে দেয়। যার নেতিবাচক প্রভাব অনিবার্যভাবেই দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রায় পড়ে।
প্রশাসন রাষ্ট্রের নীতি বাস্তবায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। যে কারণে কর্মকর্তাদের দক্ষতা, অভিজ্ঞতা ও পেশাদারত্ব রাষ্ট্রের প্রতি আনুগত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এটিও মনে রাখতে হবে, প্রশাসন কোনো ব্যক্তি বা দলের স্বার্থরক্ষার প্রতিষ্ঠান নয়; এটি জনগণের অর্থে পরিচালিত একটি সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা। অতএব রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে এর কাজের গতি সচল বা স্থবির হওয়ার সুযোগ নেই, তা কাঙ্ক্ষিতও নয়। প্রশাসনের কর্মকর্তাদের আনুগত্য হবে রাষ্ট্রের প্রতি, কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের প্রতি নয়। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানও এ কথার প্রতিধ্বনি করেছেন। বলেছেন, রাজনৈতিক আনুগত্য ভোটের বাক্সে দেখাবেন, অফিসে নয়। তার এ উক্তির তাৎপর্য প্রশাসনের কর্মকর্তাদের অনুধাবন করতে হবে।
প্রশাসনের শীর্ষ কর্মকর্তা হিসেবে সচিবদের দায়িত্ব সবচেয়ে বেশি। নিজ নিজ মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরগুলোর কাজের তদারকি জোরদার করা এবং জবাবদিহি নিশ্চিত করা তাদের প্রধান কর্তব্য। এ অবস্থায় সচিবদের প্রতি সরকারের কঠোর বার্তা যথাসময়েই এসেছে। সচিবদের দায়িত্ব কেবল নির্দেশনা গ্রহণ বা সভায় অংশ নেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। নিজ নিজ মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ, সিদ্ধান্ত বাস্তবায়নের বাধা চিহ্নিত করে অধস্তনদের জবাবদিহির আওতায় এনে এবং নির্ধারিত সময়ে প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়নে কার্যকর নেতৃত্ব দেওয়া তাদের অন্যতম দায়িত্ব।
তবে শুধু কঠোর বার্তা কিংবা সতর্কবার্তা দিয়ে প্রশাসনে কাঙ্ক্ষিত গতি আনা সম্ভব নয়। প্রয়োজন সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা, সময়সীমা নির্ধারণ এবং নিয়মিত অগ্রগতি মূল্যায়ন। একই সঙ্গে প্রশাসনের ভেতরে ভীতি ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি করা যাবে না। কর্মকর্তারা যেন আইনসম্মতভাবে স্বাধীন মতামত দিতে পারেন, ভুল সিদ্ধান্তের ঝুঁকি সম্পর্কে সতর্ক করতে পারেন এবং পেশাগত দক্ষতার ভিত্তিতে দায়িত্ব পালন করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা জরুরি। ভালো কাজের স্বীকৃতি এবং দায়িত্বে অবহেলার ক্ষেত্রে নিরপেক্ষ জবাবদিহিÑ দুটিই সমান গুরুত্বপূর্ণ। পদায়ন, পদোন্নতি ও মূল্যায়নের ক্ষেত্রেও মেধা, দক্ষতা, সততা ও কর্মসম্পাদনকে অগ্রাধিকার দিতে হবে।
মনে রাখতে হবে, প্রশাসনের গতি বাড়ানোর উদ্দেশ্য শুধু সরকারের কর্মসূচি দ্রুত বাস্তবায়ন নয়, এর চূড়ান্ত লক্ষ্য জনগণের জীবনমানের উন্নয়ন এবং রাষ্ট্রযন্ত্রকে সচল করা। কেননা সচল রাষ্ট্রই জাতীয় অগ্রগতিকে তরান্বিত করতে পারে। কাজেই প্রশাসনের গতিবৃদ্ধির জন্য সরকারের রেড অ্যালার্টকে আমলে নিয়ে সংশ্লিষ্টদের কাজে মনোযোগী হতে হবে। একই সঙ্গে এ ক্ষেত্রে যারা অবজ্ঞা-উদাসীনতা প্রদর্শন করবে, তাদের প্রাতিষ্ঠানিক জবাবদিহির আওতায় আনতে হবে। অন্যথায় গতিশীল রাষ্ট্র গড়ার স্বপ্ন, স্বপ্নই থেকে যাবে।