মহিউদ্দিন খান মোহন
প্রকাশ : ১২ মিনিট আগে
রাজনীতি সম্বন্ধে আমাদের সমাজের অধিকাংশ মানুষের মধ্যে একটি নেতিবাচক ধারণা রয়েছে। এ ধারণাটি হঠাৎ করে সৃষ্টি হয়নি। রাজনীতির মানুষদের একটি অংশের দীর্ঘদিনের কর্মকাণ্ড সাধারণ মানুষকে ভাবতে শিখিয়েছেÑ এটি কতিপয় ব্যক্তির ভাগ্য গড়ার প্রক্রিয়া। এ ধরনের নেতিবাচক ধারণার জন্য আম-পাবলিককে দোষ দেওয়া যায় না। তারা সাদা চোখে যা দেখে তার ওপর ভিত্তি করেই একটি সিদ্ধান্তে পৌঁছে। তারা যখন দেখে সমাজে নিন্দিত-ধিকৃত ব্যক্তিরা টাকার বদৌলতে রাজনৈতিক সভামঞ্চের শোভ বর্ধন করছে, তখন তাদের কাছে এটা প্রতীয়মান হয় যে, দেশপ্রেম, মানবপ্রেম, সততা ও নিষ্ঠার চেয়ে অর্থই রাজনীতিতে ওপরে ওঠার সিঁড়ি পাওয়ার প্রধান উপায়।
সম্প্রতি গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক গবেষণাপত্রে বলেছে, রাজনৈতিক অর্থায়নের প্রক্রিয়ায় বাংলাদেশের দলগুলো ক্ষমতাকেন্দ্রিক ‘ব্যবসায়ের মডেলে’ পরিণত হয়েছে। গত ১ নভেম্বর প্রকাশিত ওই গবেষণাপত্রে টিআইবি বলেছে, রাজনৈতিক দলগুলোর অর্থায়নে ব্যক্তিনির্ভরতা এবং ‘অনানুষ্ঠানিক খাত’ বা উৎসের প্রাধান্য দলগুলোর ব্যক্তি ও পরিবারকেন্দ্রিক রাজনীতি বিকাশে সহায়তা করছে। এ প্রেক্ষিতে গণতন্ত্রের অন্যতম প্রতিষ্ঠান রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সুশাসন নিশ্চিত করতে অভ্যন্তরীণ সংস্কার অপরিহার্য। আর এ সংস্কারের দায়দায়িত্ব রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে।’
টিআইবির গবেষণাপত্রে আমাদের দেশের রাজনীতির নানা বিষয়ে আলোকপাত করা হলেও এতে মুখ্য হিসেবে প্রতিভাত হয়ে উঠেছে রাজনৈতিক দলের অর্থায়ন ও অর্থশক্তির বিষয়টি। কেননা, বিগত প্রায় তিন দশকের রাজনৈতিক ঘটনাপ্রবাহ বা ইতিহাস পর্যালোচনা করলে একটি বিষয় কারও নজরই এড়াবে না, রাজনীতিতে এখন দুটি শক্তির প্রাধান্য। ১. অর্থশক্তি, ২. পেশিশক্তি। আর এ দুই শক্তিতে যিনি বা যারা শক্তিমান, তাদের দাপটের কাছে আমজনতাকে থাকতে হয় থরহরি কম্প। অর্থশক্তি যার বা যাদের রয়েছে, তারা কোনো যোগ্যতা না থাকলেও রাজনৈতিক দলে পেয়ে যাচ্ছেন সুউচ্চ আসন। আর পেশিশক্তির দ্বারা তারা বিরুদ্ধবাদীদের নিষ্ঠুরভাবে দমন করে নিজের রাজত্বকে নিরঙ্কুশ করতে পারেন সহজেই।
টিআইবির গবেষণাপত্রে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সুশাসন নিশ্চিত করতে অভ্যন্তরীণ সংস্কার অপরিহার্য এবং সে সংস্কারের দায়দায়িত্ব রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। অর্থাৎ দলগুলোর ভেতরে সুশাসন না থাকায় সুস্থ রাজনৈতিক প্রক্রিয়া গড়ে উঠছে না। সংস্কার নিয়ে আমাদের দেশে এন্তার আলোচনা-সমালেচনা, তর্ক-বিতর্ক, বাদানুবাদ হয়েছে। কিন্তু সংস্কার নামের সোনার হরিণটি এখনও অধরাই রয়ে গেছে। আর তা কখনও ধরা দেবে তেমন কোনো সম্ভাবনা এখনও পযন্ত দেখা যাচ্ছে না। সবারই স্মরণ থাকার কথা, ২০০৭ সালের জরুরি অবস্থার সময়ে দেশে একবার রাজনৈতিক দলের সংস্কারের জিগির উঠেছিল। কিন্তু সৎ উদ্দেশ্যের অভাবে সে সংস্কার উদ্যোগ মাঠে মারা গেছে।
মূলত সে কথিত সংস্কারের মূল উদ্দেশ্য ছিল এদেশের রাজনীতি থেকে তৎকালীন দুই প্রধান নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাকে মাইনাস করা। সে সময়ে ওই আধা সামরিক সরকারের কথিত সংস্কার প্রক্রিয়া ‘মাইনাস টু’ ফর্মুলা হিসেবে সমধিক পরিচিতি পেয়েছিল। সে প্রক্রিয়ার প্রধান লক্ষ্য ছিল দুই নেত্রীকে হটিয়ে ভিন্ন কাউকে রাজনৈতিক মঞ্চে টেনে আনা। এর একজন ছিলেন পরবর্তীকালে চব্বিশের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সবারই মনে থাকার কথা, খালেদা-হাসিনার শূন্য স্থান পূরণের উদ্দেশ্যে জেনারেল মইন উ আহমেদের পৃষ্ঠপোষকতায় তিনি দেশের রাজনৈতিক নদীতে একটি নয়া তরী ভাসাতে চেয়েছিলেন। কিন্তু জনসমর্থনের অভাবে সে তরী বেয়ে বেশিদূর এগোতে পারেননি। ‘নাগরিক শক্তি’ নাম দিয়ে গড়তে চাওয়া সে রাজনৈতিক দলকে সমর্থনের জন্য দেশবাসীকে আহ্বান জানিয়ে গণমাধ্যমে খোলা চিঠিও লিখেছিলেন। কিন্তু দেশবাসী তার সে খোলা চিঠিকে পাত্তা দেয়নি। তাই তিন মাসের মাথায় আরেক চিঠি লিখে রাজনীতিকে গুডবাই জানিয়েছিলেন।
একই সময়ে কথিত ওই সংস্কার প্রক্রিয়ার অভিঘাতে প্রায় বিধ্বস্ত অবস্থায় উপনীত হয়েছিল আজকের ক্ষমতাসীন দল বিএনপি। আর সে প্রক্রিয়ার নাটের গুরু ছিলেন দলটির তৎকালীন মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া। ২০০৭ সালের জুন মাসে তিনি যে ২৫ দফা সংস্কার প্রস্তাব উত্থাপন করেছিলেন, তার মূল উদ্দেশ্য ছিল দল ও রাজনীতি থেকে চেয়ারপারসন খালেদা জিয়াকে মাইনাস করা।
তার এ প্রক্রিয়ায় তখন শামিল হয়েছিলেন দলটির ছোটবড় অনেক নেতাই। এমনকি ওই বছর ৩০ অক্টোবর মধ্যরাতে সাবেক মন্ত্রী এম সাইফুর রহমানের বাসায় এক সভায় মিলিত হয়ে সংস্কারপন্থীরা দল হাইজ্যাকেরও চেষ্টা করেছিলেন। তারা খালেদা জিয়াকে বাদ দিয়ে এম সাইফুর রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মেজর হাফিজ উদ্দিন আহমদ (অব.) (বর্তমানে জাতীয় সংসদের স্পিকার)-কে অস্থায়ী মহাসচিব নিয়োগ দিয়েছিল। তবে সে সময় মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের নির্ভীকতা, দল ও নেত্রীর প্রতি তার বিশ্বস্ততা এবং দলটির তৃণমূল নেতাকর্মীদের শক্ত অবস্থানের কারণে সাইফুর রহমান-মান্নান ভূঁইয়া-মেজর হাফিজ গংয়ের ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গিয়েছিল।
পুরনো সে ইতিহাসের কথা নতুন করে বলার কারণ হলো, উদ্দেশ সৎ না হলে ইতিবাচক উদ্যোগও জনপরিত্যক্ত হয়, ব্যর্থ হয়। রাজনীতি কিংবা রাজনৈতিক দলের সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়টি দীর্ঘকাল ধরেই সচেতন ব্যক্তিরা অনুভব করে আসছেন। গতানুগতিক রাজনৈতিক ধারা যে দেশকে ভালো কিছু দিতে পারেনি সে কথা অস্বীকার করবে কে? তবে সে সংস্কার মানুষের আলোচনার মধ্যেই রয়ে গেছে। এর কারণ, সংস্কার স্বার্থের হানি ঘটাতে পারেÑ এ আশঙ্কায় সংশ্লিষ্ট মহল তার বাস্তবায়নে আগ্রহী হয় না। এখন টিআইবি যে সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলেছে, তা কি দেশের রাজনৈতিক মহলকে খুশি করতে পারবে? না পারারই কথা। কেননা, টিআইবি এমন কিছু খাতের কথা উল্লেখ করেছে, যেগুলোর সঙ্গে রাজনৈতিক দলের মালিক-মোক্তারদের প্রকাশ্য ও গোপন স্বার্থ জড়িত।
টিআইবি বলেছে, রাজনৈতিক দলগুলোর অর্থায়নে ব্যক্তি-নির্ভরতা এবং ‘অনানুষ্ঠানিক খাত’ বা উৎসের প্রাধান্য দলগুলোর ব্যক্তি ও পরিবারকেন্দ্রিক রাজনীতি বিকাশে সহায়তা করছে। আমরা জানি রাজনৈতিক দল চলে কর্মী-সমর্থকদের প্রদত্ত চাঁদা এবং শুভাকাঙ্ক্ষীদের অনুদানে। বড় বড় ব্যবসায়ী ও শিল্পতিরাও রাজনৈতিক দলগুলোকে অনুদান দিয়ে থাকেন। এটা একটি প্রথাসিদ্ধ ব্যবস্থা। চলে আসছে বহুকাল পূর্ব থেকে। গান্ধীজি, যিনি মহাত্মা গান্ধী হিসেবে সম্মানিত, তিনিও তার সংগঠন চালাতে চাঁদা বা অনুদানের শরণাপন্ন হয়েছেন। তিনি তার আত্মকথায় উল্লেখ করেছেন, একটি পত্রিকা প্রকাশের ছাপাখানা প্রতিষ্ঠার জন্য একজন ব্যবসায়ীর কাছ থেকে পঁচিশ হাজার টাকা অনুদান গ্রহণ করেছিলেন। এখনও রাজনৈতিক দলগুলো চাঁদা বা অনুদান নিয়ে থাকে।
তবে তা নিয়ে নানা কথা চালু আছে। টিআইবি যেটাকে ‘অনানুষ্ঠানিক খাত’ বলেছে, ঝামেলাটা সেখানেই। নেতাকর্মীদের প্রদত্ত চাঁদা ও অনুদানের বাইরে আজকাল এমন কিছু উৎস থেকে দলগুলো অর্থ সংগ্রহ করে, যা সবাই জানেন, কিন্তু দালিলিক কোনো প্রমাণ থাকে না। সেটাই আসলে ‘অনানুষ্ঠানিক খাত’। সাধারণত অনানুষ্ঠানিক বলতে প্রচলিত বিধিবিধান বা দাপ্তরিক নিয়মের বাইরে সংঘটিত কর্মকাণ্ডকে বোঝায়। রাজনৈতিক দলের অর্থায়নের অনানুষ্ঠানিক খাত হলো বৈধ চাঁদা বা অনুদানের বাইরে নিয়ম বহির্ভূতভাবে অর্থ সংগ্রহ। আর এ নিয়ম-বহির্ভূত অর্থ সংগ্রহ প্রক্রিয়াই সব অনিয়মের উৎস।
সদস্যদের দেওয়া চাঁদা বা অনুদানের বাইরে রাজনৈতিক দলগুলোর তহবিল সংগ্রহের অন্যতম উৎস নির্বাচনে মনোয়ন ফরমের পত্রের সঙ্গে অফেরতযোগ্য নির্দিষ্ট পরিমাণ অর্থ গ্রহণ। এটা দৃশ্যমান একটি প্রক্রিয়া এবং আইনেও বাধা নেই। তবে এর বাইরে গোপন লেনদেনের মাধ্যমে মনোনয়ন বেচাকেনা হয়ে থাকে। আর সে বেচাকেনা থেকে সংগৃহীত অর্থ দলীয় ফান্ডের পরিবর্তে জমা হয় বড় বড় নেতাদের পকেটে। এটা এখন একরকম ওপেন সিক্রেট। মনোনয়ন বেচাকেনার সে হাটে অর্থবিত্তে প্রতিপত্তিশালীদের কদর বেশি; কোরবানির হাটে যেমন কদর বেশি হৃষ্টপুষ্ট পশুর।
রাজনৈতিক দলগুলো তখন প্রার্থীর যোগ্যতা, শিক্ষা, দল ও দেশের প্রতি আনুগত্য বা জনগণের কাছে গ্রহণযোগ্যতা, কোনোটিই বিবেচনায় নেয় না। যিনি বেশি অর্থ দিতে পারেন, তার ভাগ্যেই ছেঁড়ে মনোনয়নের শিকে। যিনি বেশি দাম হাঁকতে পারেন, বিডিংয়ে তিনিই জয়লাভ করেন। সংসদ নির্বাচনে মনোনয়ন বেচাকেনার ফলে সমাজে বদলোক হিসেবে চিহ্নিত ব্যক্তিরা রাষ্ট্রের আইন প্রণয়নের সর্বোচ্চ ফোরামের ‘মাননীয়’(!) সদস্য হিসেবে আসন লাভ করার সুযোগ পাচ্ছে। সারাজীবন বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত থেকে যে ব্যক্তি অর্থবিত্তের পাহাড় গড়েছেন, তিনিই বনে যান আইনপ্রণেতা! বিদেশ থেকে অর্থ লুট করে দেশে এসে ‘শিল্পপতি’ বনে যাওয়া অসাধু ব্যক্তিটিও নোটের জোরে মনোনয়ন বাগিয়ে ভোটের প্রহসনে এমপি বনে গেছেন- এমন উদাহরণও আছে ।
শুধু নির্বাচনে মনোনয়ন নয়, আজকাল কোনো কোনো দলের কেন্দ্রীয় থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত পদও বিক্রি হওয়ার অভিযোগ পাওয়া যায়। এ ক্ষেত্রে প্রক্রিয়াটি অনেকটা ‘মাল্টি লেভেল মার্কেটিং’ (এমএলএম) কোম্পানির মতো। কেন্দ্রের একটি পদ বাগাতে যে অর্থ খরচ করতে হয়, জেলা পর্যায়ে পদ বিক্রি করে তার কয়েকগুণ আদায় করে সংশ্লিষ্ট ‘নেতা’। জেলার নেতা তার খরচ উসুল করেন উপজেলা কমিটির পদ বিক্রি করে। আর উপজেলা কমিটির নেতা তার খরচ পুষিয়ে নেন, ইউনিয়ন-ওয়ার্ড কমিটি থেকে।
অনেকেই প্রশ্ন করেন, আমাদের রাজনীতি এমন কলুষিত হয়ে পড়ল কেন? এর সোজাসাপ্টা জবাব হয়তো কারও কাছে নেই। তবে এটা বলা যায়, রাজনীতির যারা চালক-নিয়ন্ত্রক, তাদের একটি বড় অংশের নৈতিক অধঃপতনই এর মূল কারণ। আগে রাজনীতি ছিল দেশ ও মানুষের কল্যাণে কাজ করার ব্রত। আর এখন সেটা পরিণত হয়েছে অর্থবিত্ত অর্জনের সবচেয়ে সহজ মাধ্যমে। এজন্যই একটি কথা এখন প্রবচনে রূপ নিয়েছে- ‘রাজনীতি হলো বিনা পুঁজির ব্যবসায়’। জনসমাজে প্রচলিত এ ধারণার সঙ্গে টিআইবির বক্তব্যের যে সাযুজ্য রয়েছে, তা নিশ্চয়ই অস্বীকার করা যাবে না।’
লেখক: সহকারী সম্পাদক, প্রতিদিনের বাংলাদেশ