মাহমুদুল হাসান কমল
প্রকাশ : ১০ মিনিট আগে
আপডেট : ৯ মিনিট আগে
জলবায়ু পরিবর্তনের অভিঘাত এখন আর কেবল পরিবেশগত বিপর্যয়ের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি বৈশ্বিক অর্থনীতি, খাদ্যনিরাপত্তা, জ্বালানি রাজনীতি, অভিবাসন এবং রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। অথচ এই সংকটের জন্য দায়ী দেশগুলোর সঙ্গে এর সবচেয়ে বড় ভুক্তভোগী দেশগুলোর মধ্যে রয়েছে গভীর বৈষম্য। বাংলাদেশের ক্ষেত্রে এই বৈপরীত্য বিশেষভাবে স্পষ্ট।
Climate Watch -এর ২০২২ সালের তথ্য অনুযায়ী, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশেরও কম। দেশটির মাথাপিছু নিঃসরণ ১.৪৮ টন কার্বন ডাই-অক্সাইড (CO₂) সমতুল্য, যেখানে বৈশ্বিক গড় ৬.৩৬ টন। বিপরীতে, ভৌগোলিক অবস্থান, ঘনবসতি এবং অর্থনীতির জলবায়ু-সংবেদনশীল খাতগুলোর কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। এই বৈপরীত্যই জলবায়ু ন্যায়বিচারের প্রশ্নকে বাংলাদেশের জন্য নৈতিক অবস্থানের পাশাপাশি অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থের বিষয়ে পরিণত করেছে।
এই বাস্তবতাকে সামনে রেখেই ৯ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ৩১তম আসর COP31, যা চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এবারের সম্মেলনে তুরস্ক আয়োজক ও সভাপতিত্বের দায়িত্ব পালন করছে এবং অস্ট্রেলিয়া আলোচনার প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছে। সম্মেলনের আলোচনায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, অভিযোজন অর্থায়ন, পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর এবং পূর্ববর্তী আন্তর্জাতিক প্রতিশ্রুতির বাস্তবায়ন বিশেষ গুরুত্ব পাচ্ছে। জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর তাগিদ দিয়েছেন; অন্যদিকে, ক্ষতিগ্রস্ত দেশগুলো পূর্বানুমানযোগ্য ও অনুদানভিত্তিক অর্থায়নের দাবি পুনর্ব্যক্ত করেছে। অর্থাৎ জলবায়ু সংকটের সমাধান নিয়ে আন্তর্জাতিক ঐকমত্যের কথা বলা হলেও অর্থনৈতিক দায়বণ্টন ও বাস্তবায়নের প্রশ্নে মতপার্থক্য এখনও প্রবল।
এই মতপার্থক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ জলবায়ু অভিযোজন অর্থায়ন। COP29-এ ২০৩৫ সালের মধ্যে উন্নত দেশগুলোর নেতৃত্বে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার অর্থায়নের লক্ষ্য নির্ধারিত হয়। একই সঙ্গে সব উৎস মিলিয়ে বছরে ১.৩ ট্রিলিয়ন ডলারের অর্থায়ন সম্প্রসারণের বৃহত্তর লক্ষ্য সামনে আনা হয়। কিন্তু প্রতিশ্রুতির অঙ্ক এবং বাস্তবে প্রয়োজনীয় অর্থের মধ্যে ব্যবধান এখনও বিশাল।
বাংলাদেশের জন্য এই অর্থায়ন সংকটের তাৎপর্য আরও গভীর। সরকারের National Adaptation Plan (NAP) ২০২৩-২০৫০ অনুযায়ী, ১১৩টি অভিযোজন কার্যক্রম বাস্তবায়নে প্রায় ২৩০ বিলিয়ন ডলার বা ২০ লাখ কোটি টাকারও বেশি বিনিয়োগ প্রয়োজন। এর মধ্যে ৯০টি উচ্চ অগ্রাধিকার এবং ২৩টি মধ্যম অগ্রাধিকারের কার্যক্রম রয়েছে। পরিকল্পনাটিতে বছরে গড়ে ৮.৫ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রয়োজনীয়তা নির্ধারণ করা হয়েছে, যার প্রায় ৬ বিলিয়ন ডলার আন্তর্জাতিক অর্থায়ন ও উন্নয়ন সহযোগীদের কাছ থেকে সংগ্রহের লক্ষ্য রয়েছে।
তবে আন্তর্জাতিক অর্থায়নের দাবি তোলার পাশাপাশি বাংলাদেশের নিজস্ব প্রস্তুতির মূল্যায়নও জরুরি। অর্থ মন্ত্রণালয়ের Climate Financing Budget Report ২০২৫-২৬ অনুযায়ী, ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য নির্ধারিত বাজেটে জলবায়ু-সংশ্লিষ্ট কার্যক্রমে বরাদ্দ রাখা হয়েছে ৪১ হাজার ২০৮ কোটি ৯৭ লাখ টাকা, যা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মোট বরাদ্দের ১০.০৭ শতাংশ। কিন্তু বরাদ্দই বাস্তব অগ্রগতির নিশ্চয়তা নয়। একই প্রতিবেদনে দেখা যায়, ২০১৯-২০ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত সংশোধিত জলবায়ু বরাদ্দের বিপরীতে গড় ব্যয়ের হার ছিল ৮৭ শতাংশ; উন্নয়ন ব্যয়ের ক্ষেত্রে গড় বাস্তবায়ন হার ছিল ৮২ শতাংশ। অর্থাৎ অর্থ বরাদ্দের পরও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ঘাটতি রয়েছে।
জলবায়ু পরিবর্তনের অর্থনৈতিক অভিঘাতও বাংলাদেশের জন্য উদ্বেগজনক। বিশ্বব্যাংকের Country Climate and Development Report অনুযায়ী, বাংলাদেশে গড়ে প্রতিবছর ঘূর্ণিঝড়ের কারণে প্রায় ১ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়। ২০৫০ সালের মধ্যে জলবায়ু পরিবর্তন ও চরম আবহাওয়ার কারণে কৃষি খাতের জিডিপির এক-তৃতীয়াংশ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। একই প্রতিবেদনে বলা হয়েছে, কৃষি, পানির সংকট ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রভাবে আগামী ৩০ বছরে প্রায় ১ কোটি ৩৩ লাখ মানুষ দেশের অভ্যন্তরেই বাস্তুচ্যুত হতে পারে। এসব পরিসংখ্যান কেবল দুর্যোগের সম্ভাব্য ক্ষতির হিসাব নয়; এগুলো ভবিষ্যৎ শ্রমবাজার, নগরায়ণ, খাদ্য সরবরাহ এবং সামাজিক নিরাপত্তার ওপর চাপেরও ইঙ্গিত দেয়। ফলে জলবায়ু অভিযোজনকে শুধু পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব হিসেবে দেখার সুযোগ নেই। কৃষি, পানি, স্বাস্থ্য, স্থানীয় সরকার, নগর পরিকল্পনা এবং সামাজিক সুরক্ষা, সব খাতের সমন্বিত নীতিগত প্রস্তুতি প্রয়োজন।
এবারের COP31-এ বাংলাদেশের একটি উল্লেখযোগ্য উদ্যোগ হলো Global Rooftop Solar Declaration-এ স্বাক্ষর। বাংলাদেশ, অস্ট্রেলিয়া, কেনিয়া, নাইজেরিয়া ও ভানুয়াতু এই ঘোষণাকে সমর্থন করেছে। এর লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বিশ্বে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সুবিধাসম্পন্ন বাড়ির সংখ্যা আনুমানিক ১৫ কোটি থেকে ৩০ কোটিতে উন্নীত করা। উদ্যোগটি পরিচ্ছন্ন জ্বালানির প্রসার, বিদ্যুৎ ব্যয় কমানো এবং বিকেন্দ্রীভূত বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা তৈরি করতে পারে। তবে ঘোষণাটি স্বেচ্ছামূলক ও বাধ্যতামূলক নয়। ফলে এর বাস্তব সাফল্য নির্ভর করবে জাতীয় নীতি, বিনিয়োগ, বিদ্যুৎ সঞ্চয় প্রযুক্তি, গ্রিড সক্ষমতা এবং সাধারণ মানুষের জন্য সৌরবিদ্যুৎ স্থাপনের ব্যয় কতটা সাশ্রয়ী করা যায় তার ওপর। বাংলাদেশের ক্ষেত্রে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্ভাবনা থাকলেও শিল্পকারখানা, আবাসিক ভবন ও গ্রামীণ অঞ্চলে এর সম্প্রসারণের জন্য সুস্পষ্ট প্রণোদনা ও বাস্তবায়ন পরিকল্পনা প্রয়োজন। শুধু আন্তর্জাতিক ঘোষণায় সমর্থন নয়, দেশের বিদ্যুৎ উৎপাদন কাঠামোয় এর পরিমাপযোগ্য অবদান নিশ্চিত করাই হবে গুরুত্বপূর্ণ।
জলবায়ু কূটনীতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো Loss and Damage বা জলবায়ু পরিবর্তনের ফলে ইতোমধ্যে সংঘটিত ও এড়ানো সম্ভব নয় এমন ক্ষয়ক্ষতির জন্য অর্থায়ন। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা, নদীভাঙন ও ঘূর্ণিঝড়ের কারণে জমি, বসতভিটা, জীবিকা এবং স্থানীয় সংস্কৃতির ক্ষতি হচ্ছে। এসব ক্ষতির সবকিছু প্রচলিত অবকাঠামোগত পুনর্গঠন দিয়ে পূরণ করা সম্ভব নয়। বিশেষত নদীভাঙনে বসতভিটা হারানো একটি পরিবার কিংবা লবণাক্ততার কারণে কৃষি থেকে জীবিকা হারানো একজন কৃষকের ক্ষতি কেবল আর্থিক নয়; এর সঙ্গে সামাজিক পরিচয় ও প্রজন্মের জীবনযাত্রাও জড়িত। তাই Loss and Damage তহবিল থেকে দ্রুত, সহজ ও ন্যায্য অর্থপ্রাপ্তি নিশ্চিত করা বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত। একই সঙ্গে ঋণের পরিবর্তে অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
সবশেষে, COP31 বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সুযোগ হলেও এর সাফল্য নির্ধারিত হবে সম্মেলনের সিদ্ধান্ত ও প্রাপ্তিগুলো বাস্তবায়নের মাধ্যমে। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে হলে একদিকে উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায় ও অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি তুলতে হবে, অন্যদিকে নিজস্ব পরিকল্পনা, তথ্যভিত্তিক দরকষাকষি এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহি শক্তিশালী করতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বাংলাদেশের লড়াই কেবল বৈশ্বিক সহানুভূতি অর্জনের বিষয় নয়; এটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, খাদ্যনিরাপত্তা, মানবসম্পদ এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার প্রশ্ন। তাই আনতালিয়ার সম্মেলন কক্ষে বাংলাদেশের প্রকৃত অর্জন পরিমাপ করা উচিত কতটি প্রতিশ্রুতি পাওয়া গেল তা দিয়ে নয়, বরং সেই প্রতিশ্রুতির কতটা অর্থায়নে রূপ নিল, কতটা কার্যকরভাবে ব্যবহৃত হলো এবং কত মানুষের জীবন ও জীবিকা সুরক্ষিত হলো, তার ভিত্তিতে।
লেখক: শিক্ষার্থী ও বাংলাদেশ স্টাডি ফোরামের (বিডিএসএফ) মুখপাত্র