ড. বিভূতি ভূষণ মিত্র
প্রকাশ : ৩৭ মিনিট আগে
সুন্দরবন। ছবি: সংগৃহীত
সুন্দরবন বাংলাদেশের ম্যানগ্রোভ বন। এখানে বিভিন্ন ধরনের বৃক্ষ, লতা-গুল্ম থাকলেও সুন্দরী গাছের কারণেই এর নামকরণ হয়েছে সুন্দরবন। বঙ্গোপসাগর সংলগ্ন এ বনের অধিকাংশ এলাকায় জোয়ার-ভাটা হয়। ফলে এ বনের গাছপালা বেশ লবণাক্তসহিষ্ণু হয়ে থাকে। সুন্দরী ছাড়াও গেওয়া, গরান, বাইন, ধুন্দুল, কেওড়া, গোলপাতা এসব এ বনের প্রধান বৃক্ষ।
এ ছাড়া এখানকার উল্লেখযোগ্য বন্য প্রাণী হলো রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, বানর ইত্যাদি। বাংলাদেশের উপকূলীয় এলাকা যেমন খুলনা, পটুয়াখালী, নোয়াখালী ও চট্টগ্রাম জেলায় উপকূলীয় বন অবস্থিত। এর আয়তন প্রায় ৫,২০,০০০ হেক্টর। প্রধানত সুন্দরী, গেওয়া, গরান, ধুন্দুল, আমুর, ডাকুর প্রভৃতি পাওয়া যায়। এখানে ঝাউ, কেরু, পনিয়াল, কাঠবাদাম, পিপুল, নিশিন্দার দেখা মেলে।
সুন্দরবনে প্রায় ২৮৯ প্রজাতি স্থলজ প্রাণীর বসবাস। এর মধ্যে ৪২ প্রজাতির স্তন্যপায়ী, ৩৫ প্রজাতির সরীসৃপ, ৮ প্রজাতির উভচর ও মাছসহ ২১৯ প্রজাতির জলজ প্রাণী আছে। এখানে প্রায় ৫০ প্রজাতির পাখির বাস। একটি তথ্য মতে, সুন্দরবনে হুমকির মুখে আছে ২ প্রজাতির উভচর, ১৪ প্রজাতির সরীসৃপ, ২৫ প্রজাতির পাখি ও ৫ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। ১৯৯৬ সালে সুন্দরবনে তিনটি অভয়ারণ্য প্রতিষ্ঠা করা হয়। ২০১২ সালে এখানে ৩টি ডলফিন অভয়ারণ্য করা হয়। ২০১৪ সালে সোয়াচ অব নো গ্রাউন্ডকে মেরিন প্রটেকটেড এরিয়া ঘোষণা করা হয়। ১৯৯২ সালে এটি ৫৬০তম রামসার সাইট হিসেবে স্বীকৃতি লাভ করে। ১৯৯৭ সালে ইউনেস্কো ৭৯৮তম বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে।
উপকূলবর্তী হওয়ায় এই বনটি সমুদ্র দ্বারা প্রভাবিত। সৈকত, মোহনা, জলাভূমি, মাটির প্রকৃতির কারণে এটি একটি স্বতন্ত্র বাস্তুতন্ত্র গঠন করেছে। এর ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে। ইউনেস্কোর প্রতিবেদন অনুযায়ী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সুন্দরবনের ৭৫ শতাংশ ধ্বংস হয়ে যেতে পারে। বিভিন্ন সময়ে আইলা, আম্ফান ও ইয়াসের মতো ঘূর্ণিঝড়ের কারণে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ের ফলে বনে লবণাক্ত পানি প্রবেশ করে। মিষ্টি পানি প্রবাহ কমে যায়। এতে করে সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। ফলে সুন্দরী, কেওড়া, গোলপাতাসহ বিভিন্ন গাছ মারা যায়। ঘূর্ণিঝড় রিমালের কারণে সুন্দরবনের অনেক জায়গা ক্ষতিগ্রস্ত হয়।
এই সুন্দরবন নানাভাবে আমাদের রক্ষা করে। সুন্দরবনের কারণে ঘূর্ণিঝড় আম্ফানের গতি ৭০ কিলোমিটার কমেছে। এটি জলোচ্ছ্বাসের উচ্চতা কমিয়েছে তিন থেকে ৪ ফুট। অথচ ১৯৬০ সালের পর থেকে আমাদের দেশে যতগুলো ঘূর্ণিঝড় হয়েছে তার মধ্যে আম্ফান ছিল সবচেয়ে দীর্ঘ। এত দীর্ঘ হওয়ার পরও সিডর বা আইলার চেয়ে এর ক্ষয়ক্ষতি অনেক কম করতে পেরেছে। কেননা সুন্দরবনে এসেই এই ঝড়ের গতি কমতে শুরু করে। জলোচ্ছ্বাসের উচ্চতা পনেরো থেকে আঠারো ফুট হওয়ার শঙ্কা থাকলেও সুন্দরবনের কারণে এটি কমে দশ থেকে বারো ফুট হয়। ২০০৭ সালে সিডর আর ২০০৯ সালে যে আইলার তাণ্ডব দেখা গেছে বাংলাদেশে তারও ক্ষয়ক্ষতি কমিয়েছে সুন্দরবন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের একটি গবেষণা প্রতিবেদন মতে ঘূর্ণিঝড় সিডরের সময় সুন্দরবন ৪৮৫.২৯ মিলিয়ন ডলারের সম্পদ রক্ষা করেছিল।
অথচ এই সুন্দরবনের ওপর চলছে নানা অন্যায়-অত্যাচার। সম্প্রতি ‘ইকোলজিক্যাল মনিটরিং অব সুন্দরবন’ নামের একটি গবেষণা পরিচালনা করেছে পানিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগী প্রতিষ্ঠান সেন্টার ফল এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস ও আরণ্যক ফাউন্ডেশন। তারা দুই বছর ধরে এই গবেষণা করে। তাদের গবেষণা ফলাফল অনুযায়ী প্রতি ১০টি সুন্দরীগাছের মধ্যে ৪টি গাছ আগামরা বা টপ ডাইং রোগে আক্রান্ত। বর্তমানে এই রোগে আক্রান্ত গাছের সংখ্যা ১২ কোটি ৯৫ লাখ। এর মধ্যে মারাত্মকভাবে আক্রান্ত সুন্দরীগাছের সংখ্যা ২ কোটি ২ লাখ ৪০ হাজার।
সুন্দবনের প্রায় ৩৩ কোটি সুন্দরীগাছ রয়েছে। এসবের মধ্যে ২৫ শতাংশের কম আক্রান্ত গাছের সংখ্যা ৮ কোটি ৩০ লাখ ৩০ হাজার। ৫০ শতাংশ আক্রান্ত গাছের সংখ্যা ২ কোটি ৫০ লাখ ৮০ হাজার। সুস্থ গাছের সংখ্যা ২০ কোটির মতো। সবচেয়ে বেশি সুন্দরীগাছ আক্রান্ত হয়েছে খুলনা রেঞ্জের পাটকোস্টাম, কাগা দোবেকি ও গেওয়াখালী এলাকায়। সাতক্ষীরা রেঞ্জের দোবেকি, চান্দপাই রেঞ্জের হারবাড়িয়া, চড়াপুটিয়া এবং শরণখোলা রেঞ্জের কোকিলমনি এলাকা একটু কম আক্রান্ত।
সুন্দরীগাছের প্রধান রোগ হলো টপ ডাইং রোগ। যেটাকে আগামরা রোগ বলা হয়। এই রোগে গাছের ওপরের ডালপালা ও পাতার দিক থেকে শুরু করে আস্তে আস্তে পুরো গাছটা শুকিয়ে মরে যেতে থাকে। গাছের মগডাল থেকে শুরু করে মরতে শুরু করে বা শুকিয়ে যায় বলে একে টপ ডাইং রোগ বা শুকিয়ে মরে যাওয়া রোগও বলে। এটি ছাড়াও সুন্দরী গাছে ছত্রাক সংক্রমণের ঘটনা ঘটে। এতে গাছের শিকড়, বাকল ও কাণ্ডে ছত্রাক আক্রমণ করে। এ ছাড়া সুন্দরী গাছের গায়ে কাণ্ড বা বাকল পচে যাওয়া রোগও হয়। বাকল পচে গিয়ে গাছ দুর্বল হয়ে যায়।
নানা কারণে এসব রোগের বিস্তার ঘটে। জলবায়ুর পরিবর্তন ও সুন্দরবনের নদ-নদীর মিঠা পানির প্রবাহ কমে যাওয়ায় লবণাক্ততা বেড়ে যায়। এতে সমুদ্রের লবণাক্ত পানি বনাঞ্চলে ঢুকে পড়ে। অতিরিক্ত লবণের কারণে গাছের বৃদ্ধি থেমে যায় এবং গাছ মারা যায়। এ ছাড়া মিঠা পানির অভাবের কারণে গাছের খাদ্য প্রস্তুত প্রক্রিয়া ব্যাহত হয়। বিপাক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়। মাটির স্বাভাবিক গঠন নষ্ট হয়ে গেলেও গাছপালায় অসুখ হয়। সুন্দরবনের মাটিতে অতিরিক্ত পলি জমার কারণে গাছের শিকড় অক্সিজেন পায় না। ফলে গাছের শ্বাসমূল ক্ষতিগ্রস্ত হয়। সমুদ্রের পানির অনুপ্রবেশ ঠেকাতে হবে।
এই অবস্থায় সুন্দরবনের নদীগুলোতে মিঠা পানির প্রবাহ বাড়াতে হবে। মিঠা পানির স্বাভাবিক প্রবাহ থাকলে জোয়ার-ভাটার নিয়মিত চলাচল নিশ্চিত করতে পারলে লবণাক্ততা কমে যাবে। এতে গাছের বিভিন্ন রোগের প্রকোপ কমবে। বিশেষ করে টপ ডাইং রোগ কমে আসবে। পূর্বে যে গাছগুলোতে টপ ডাইং রোগ হতো, সেসব গাছ কেটে ফেলা হতো। পরে দেখা গেছে এতে রোগ কমে না। এই অবস্থায় টপ ডাইংয়ের মতো রোগ কীভাবে কমিয়ে আনা যায় সে ব্যাপারে গবেষণা বাড়িয়ে দেওয়া দরকার। স্যাটেলাইট ইমেজের মাধ্যমে বেশি অসুস্থ গাছ চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।
এ ছাড়া লবণাক্ত সহনশীল অন্যান্য জাতের চারা রোপণের পাশাপাশি সুন্দরীগাছের চারা রোপণ করতে হবে। তা না হলে সুন্দরবনের প্রাণ প্রতীক যে সুন্দরী গাছ তা অচিরেই বিলুপ্ত হওয়া শুরু করবে। আর আমরা যে বনটি নানা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস থেকে প্রাকৃতিকভাবে আমাদের রক্ষা করে, সেই বনটিকেই হারিয়ে ফেলব।
লেখক: পরিবেশ বিষয়ক লেখক