× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনা কি বিচ্ছিন্ন জনপদ

সন্ত্রাস দমনে চাই কঠোর পদক্ষেপ

সম্পাদকীয়

প্রকাশ : ১৩ মিনিট আগে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যা আইনশৃঙ্খলা পরিস্থিতি। সন্ত্রাসীদের উদ্বাহু নর্তনকুর্দনে দেশে যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা সবার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিদিন সংবাদপত্রে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, খুন, অপহরণ, ধর্ষণসহ নানারকম অপরাধের খবর প্রকাশিত হচ্ছে। কোথাও কোথাও দুয়েকজন অপরাধী পুলিশের হাতে গ্রেপ্তারও হচ্ছে। কিন্তু তাতে অপরাধের কমতি নেই। বরং দিন দিন তা বেড়েই চলেছে। অপরাধীদের দৌরাত্ম্যে কোনো অঞ্চল সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত হয়ে উঠেছে। তেমনি একটি অঞ্চল খুলনা। গত কয়েক মাসে সেখানে অপরাধ এতটাই বেড়েছে যে, নগরবাসী চরম নিরাপত্তাহীনতায় দিনযাপন করছে। 

খুলনার এ পরিস্থিতির বিশদ বিবরণ তুলে ধরা হয়েছে গতকালের প্রতিদিনের বাংলাদেশে। বিশেষ ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে খুলনা মহানগরী ও জেলার বিভিন্ন এলাকায় খুনের ঘটনা ঘটেছে ৭৮টি। চাঁদাবাজি ও হত্যার হুমকির কারণে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে সেখানকার নাগরিকগণ। সাধারণ মানুষ তো বটেই, চিকিৎসক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জীবন ও সম্পদের নিরাপত্তাহীনতায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। আতঙ্কিত মানুষ খুলনা নগর ছেড়ে চলে যাচ্ছে। ব্যাপক চাঁদাবাজির কারণে বন্ধ হয়ে যাচ্ছে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। সন্ত্রাসীদের হামলা থেকে রেহাই পাচ্ছে না হাসপাতাল-ক্লিনিক, রেস্তোরাঁ এমনকি কোচিং সেন্টারও।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছরে এ পর্যন্ত জেলা ও মহানগর মিলিয়ে মোট ৭৮টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এর মধ্যে মহানগরীতে ৩৭টি ও জেলায় ঘটেছে ৪১টি হত্যাকাণ্ড। অব্যাহত চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে নগরীর অন্তত ১০টি ওষুধের দোকান বন্ধ হয়ে গেছে। তিন দিনের মধ্যে চাঁদাবাজি বন্ধ করতে না পারলে খুলনার সব ফার্মেসি বন্ধ করার ঘোষণা দিয়েছে ব্যবসায়ীরা।

দেশের একটি গুরুত্বপূর্ণ নগরীর আইনশৃঙ্খলার এহেন পরিস্থিতি যে স্বাভাবিক নয়, তা বলার অপেক্ষা রাখে না। প্রশ্ন উঠেছেÑ পুলিশ, এসআরবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা তৎপর থাকা সত্ত্বেও একটি নগরী বা জেলা আতঙ্কের জনপদে পরিণত হলো কেন? এটা কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা, নাকি সরকারের অভ্যন্তরে লুকিয়ে থাকা কোনো শক্তির নাশকতা? এটা সরকারকেই খুঁজে বের করতে হবে। সাধারণ মানুষের জন্য অস্বস্তি ও ভীতির বিষয় হলো, তারা যাদের ওপর ভরসা করে, সরকারের সে দায়িত্বপ্রাপ্ত নেতা-কর্মকর্তাগণও প্রকাশ্যেই তাদের অসহায়ত্ব ও ভীতির কথা বলেছেন।

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু প্রতিদিনের বাংলাদেশকে যে কথা বলেছেন, তাতে তার অসহায়ত্বের কথাই ফুটে উঠেছে। তিনি বলেছেন, পাঁচ-ছয়টি অপরাধী গোষ্ঠী মানুষকে জিম্মি ও হত্যার ভয় দেখিয়ে কোটি কোটি টাকা চাঁদা আদায় করছে। হাসপাতাল, ক্লিনিক রেস্তোরাঁ ও কোচিং সেন্টারেও হামলা, ভাঙচুর ও চাঁদাবাজি চলছে। এর ফলে ব্যবসায়ীরা শহর ছাড়ছেন, আতঙ্কে রয়েছেন চিকিৎসকরাও, বলেছেন নজরুল ইসলাম মঞ্জু। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। প্রয়োজনে যৌথ বাহিনীর অভিযান এবং কারফিউ জারিরও দাবি জানিয়েছেন। 

ক্ষমতাসীন দলের একজন উচ্চ পর্যায়ের নেতা ও একটি সিটি করপোরেশনের প্রশাসক যখন নিজেই এ ধরনের দাবি জানান, তখন সাধারণ মানুষের যাওয়ার কোনো জায়গা থাকে কি? খুলনা মহানগরীর অনির্বাচিত অভিভাবক হলেও তার দায়িত্ব নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া। তা করতে ব্যর্থ প্রশাসক এখন সংবাদপত্র মারফত দাবি জানাচ্ছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের, যৌথ বাহিনীর অভিযান ও কারফিউ জারির। এটা দেশবাসীর জন্য দুর্ভাগ্যজনক ছাড়া আর কী হতে পারে?

সবচেয়ে বড় কথা, তিনি নিজেই স্বীকার করেছেন, পাঁচ-ছয়টি অপরাধী গ্রুপ খুলনায় চাঁদাবাজি-সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। সুতরাং আমরা ধরে নিতে পারি, ওই চাঁদাবাজ-সন্ত্রাসী গ্রুপগুলোর পরিচয় তার জানা। তা হলে আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে তিনি ওইসব অপরাধী চক্রকে নির্মূলের উদ্যোগ নিচ্ছেন না কেন? জনসাধারণ তথা খুলনাবাসী তো তাদের নগর অভিভাবকের কাছ থেকে অসহায়ত্বের বাণী কিংবা দাবি উত্থাপন শুনতে চায় না। তারা নিরাপদে বসবাসের নিশ্চয়তা চায়। আর তা করার ক্ষেত্রে সিটি প্রশাসক হিসেবে নজরুল ইসলাম মঞ্জুর দায়দায়িত্বের কথা তো অস্বীকার করা যাবে না। 

আমরা বলতে চাই, খুলনা বাংলাদেশের বিচ্ছিন্ন কোনো জনপদ নয়। সেখানে সরকারের সব প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্তাব্যক্তিরা রয়েছেন। রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তাহলে সেখানে সন্ত্রাসীরা অপরাধের রাজত্ব কায়েমের সুযোগ পায় কীভাবে? তাহলে কি ভূত তাড়ানোর শর্ষের মধ্যেই ভূত বাসা বেঁধে বসে আছে? অপরাধী-সন্ত্রাসীদের কি রাজনৈতিক দল, সংগঠন বা সরকারি কোনো সংস্থা থেকে মদদ দেওয়া হচ্ছে? এসব প্রশ্নের উত্তর সরকারকেই খুঁজে বের করতে হবে। কেননা, নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধানের দায়িত্ব সরকারের। সে দায় কোনো অজুহাতেই সরকারের এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা