ড. এসএম জাহাঙ্গীর আলম
প্রকাশ : ১২ মিনিট আগে
বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা প্রকট আকার ধারণ করে। এমতাবস্থায় প্রতিটি দেশেই জ্বালানি তেলের দাম ৪০ থেকে ৭০ শতাংশ বেড়েছে। পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে অর্থনীতি, শিল্পোৎপাদন, বিদ্যুৎ ব্যবস্থা এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় গভীর প্রভাব পড়তে পারে। তাই এ সংকট মোকাবিলায় বাস্তবভিত্তিক স্বল্প ও দীর্ঘমেয়াদি কৌশল অবিলম্বে নেওয়া আবশ্যক।
এই ক্ষেত্রে প্রথমত. স্বল্পমেয়াদি পরিকল্পনার ক্ষেত্রে প্রথমেই গ্রিন এনার্জি হিসেবে খ্যাত সৌরশক্তিকে (সোলার এনার্জি) সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বাংলাদেশে সৌরশক্তি শুধু বিকল্প নয়, এটি একটি কৌশলগত সমাধান। সীমিত ভূমি থাকা সত্ত্বেও ছাদভিত্তিক সোলার, কৃষিজমির সঙ্গে সমন্বিত অ্যাগ্রো সোলার এবং ভাসমান সোলার প্রকল্পের মাধ্যমে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব। সৌরশক্তির সবচেয়ে বড় সুবিধা হলো, এটি দ্রুত স্থাপনযোগ্য এবং ছোট ও মাঝারি স্কেলে তুলনামূলক কম খরচে বাস্তবায়ন করা যায়। বাংলাদেশে সৌরশক্তির সম্ভাবনা অত্যন্ত বেশি, কারণ দেশটি বছরে প্রায় ৩০০ দিনের বেশি সূর্যালোক পায় এবং প্রতিদিন গড়ে ৪-৫ kWh/সূক্ষ্ম সৌর বিকিরণ পাওয়া যায়, যা বিদ্যুৎ উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী।
ঘনবসতিপূর্ণ দেশ হওয়ায় ছাদভিত্তিক সোলার সিস্টেম দ্রুত সম্প্রসারণ করা সম্ভব। এক্ষেত্রে বর্তমান সরকার জরুরিভিত্তিতে একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করতে পারে। যেমনÑ নির্দিষ্ট সময়ের মধ্যে (৬০-৯০ দিন) সোলার সিস্টেম ইনস্টল করলে সরকার খরচের উল্লেখযোগ্য অংশ বহন করবে। এতে মানুষ দ্রুত সোলার সিস্টেম গ্রহণ করবে, অল্প সময়ে উল্লেখযোগ্য বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে এবং আমদানিনির্ভর জ্বালানির ওপর চাপ কমবে।
দ্বিতীয়ত. ডে লাইট সেভিংস চালু করে বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। বিশ্বের উন্নত দেশগুলো গ্রীষ্মকালে কর্মঘণ্টা সূর্যালোকের সঙ্গে সামঞ্জস্য করে। বাংলাদেশেও যদি সকাল ৭টা থেকে অফিস শুরু করে বেলা ৩টার মধ্যে শেষ করা হয়, তাহলে দিনের প্রাকৃতিক আলো সর্বোচ্চভাবে ব্যবহার করা সম্ভব হবে। সকালে তাপমাত্রা কম থাকায় ফ্যান ও এয়ার কন্ডিশনারের ব্যবহারও কমবে, যা বিদ্যুৎ খরচ কমাতে সহায়তা করবে।
তৃতীয়ত. বিদ্যুৎ ব্যবহারে নিয়ন্ত্রণ ও সচেতনতা দ্রুত বাস্তবায়নযোগ্য। সরকারি অফিসে এসি ২৫ ডিগ্রি তাপমাত্রায় নির্ধারণ এবং অপ্রয়োজনীয় আলোকসজ্জা নিয়ন্ত্রণ (বিলবোর্ড, শপিং মল ও বাণিজ্যিক স্থাপনাগুলোয় অতিরিক্ত আলো কমানো) উল্লেখযোগ্য বিদ্যুৎ সাশ্রয় করবে।
চতুর্থত. কার্যকর লোড ম্যানেজমেন্ট ও অগ্রাধিকারভিত্তিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করলে শিল্প, হাসপাতাল ও কৃষি খাতে অগ্রাধিকার বজায় থাকবে। এতে অর্থনৈতিক কার্যক্রম চলমান থাকবে, খাদ্য উৎপাদন ব্যাহত হবে না এবং জনস্বাস্থ্য সুরক্ষিত থাকবে। নির্ধারিত সময়সূচিভিত্তিক লোডশেডিং জনগণ ও ব্যবসায়ীদের পূর্বপ্রস্তুতির সুযোগ দেবে, যা উৎপাদনশীলতা ও দৈনন্দিন জীবনযাত্রায় বাধা কমাবে।
পঞ্চমত. স্বল্পমেয়াদে জরুরিভিত্তিতে বিদ্যুৎ আমদানি বৃদ্ধি এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার করা কার্যকর। উদাহরণস্বরূপ, প্রতিবেশী দেশ যেমন ভারত, নেপাল ও ভুটান থেকে কম খরচে বিদ্যুৎ আনা সম্ভব। বিশেষ করে নেপাল ও ভুটানের জলবিদ্যুৎ প্রকল্প থেকে তুলনামূলকভাবে কম খরচে বিদ্যুৎ পাওয়া যেতে পারে, যা দীর্ঘমেয়াদে টেকসই সমাধানের পথ তৈরি করবে।
অন্যদিকে দীর্ঘমেয়াদে বাংলাদেশকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে একটি সুসংগঠিত ‘এনার্জি ট্রানজিশন স্ট্র্যাটেজি’ গ্রহণ করতে হবে, যেখানে নবায়নযোগ্য জ্বালানিকে কেন্দ্র করে একটি টেকসই জ্বালানি কাঠামো গড়ে তোলা হবে। বড় আকারের সোলার পার্ক স্থাপন বাংলাদেশের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। কারণ দেশটি ভৌগোলিকভাবে পর্যাপ্ত সূর্যালোক পায় এবং বছরের অধিকাংশ সময় সূর্যপ্রকাশ থাকে, যা সোলার বিদ্যুৎ উৎপাদনের জন্য উপযোগী। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলে উইন্ড এনার্জি প্রকল্প বাস্তবায়ন করলে সাগরপাড়ের বায়ুপ্রবাহকে কাজে লাগিয়ে একটি নতুন জ্বালানি উৎস তৈরি করা যাবে, যা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বাড়াবে। একইভাবে জলাশয়ে ভাসমান সোলার প্রকল্প গ্রহণ করলে কৃষিজমি নষ্ট না করেই বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে- যা ভূমি সংকটপূর্ণ বাংলাদেশের জন্য একটি কার্যকর সমাধান। এরই সঙ্গে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে জোর দিলে আমদানিনির্ভরতা কমবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।
বৈদ্যুতিক যানবাহন (ইভি) দীর্ঘমেয়াদে বাংলাদেশের চলমান জ্বালানি সংকট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমানে দেশে প্রায় ৯৫ শতাংশ যানবাহন ডিজেল বা পেট্রোলভিত্তিক। এর ফলে বৈশ্বিক তেলের মূল্যবৃদ্ধি ও ভূ-রাজনৈতিক অস্থিতিশীলতার সময় দেশ অত্যন্ত সংবেদনশীল হয়ে পড়ে। যদি পরিবহন ব্যবস্থাকে ধাপে ধাপে পেট্রোল-ডিজেল থেকে বিদ্যুতের দিকে স্থানান্তর করা যায়, তাহলে তেলের চাহিদা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
জাতীয় এনার্জি নীতি
এসব পদক্ষেপ কার্যকর করতে হলে একটি শক্তিশালী জাতীয় এনার্জি পলিসি থাকা অপরিহার্য। এটি কেবল প্রকল্প বাস্তবায়নের রোডম্যাপ নয়, দেশের নবায়নযোগ্য ও ফসিল জ্বালানির জন্য দীর্ঘমেয়াদি নীতিগত ভিত্তি তৈরি করবে। সরকারি, বেসরকারি ও শিল্প খাতকে একই লক্ষ্য ও রোডম্যাপে নিয়ে আসবে, বিনিয়োগকারীদের জন্য স্থিতিশীল নীতিমালা নিশ্চিত করবে এবং জ্বালানি নিরাপত্তা জোরদার করবে। এজন্য দেশীয় ও আন্তর্জাতিক এনার্জি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি পরামর্শক বোর্ড গঠন করা জরুরি। বোর্ডটি জ্বালানি উৎপাদন, বিতরণ, নবায়নযোগ্য শক্তি, এনার্জি এফিসিয়েন্সি এবং প্রযুক্তিগত উদ্ভাবন বিশ্লেষণ করে বাস্তবসম্মত পরিকল্পনা সাজাবে।
সর্বোপরি বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলেও এটি এক গুরুত্বপূর্ণ সুযোগও। স্বল্পমেয়াদে দ্রুত পদক্ষেপ এবং দীর্ঘমেয়াদে সুপরিকল্পিত বিনিয়োগ ও নীতি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ তার জ্বালানি খাতকে শক্তিশালী, স্বনির্ভর এবং পরিবেশবান্ধব করতে সক্ষম হবে। সরকারের শিল্প খাতের এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টাই পারে এ সংকটকে উত্তরণের সুযোগে রূপান্তরিত করতে এবং একটি নিরাপদ জ্বালানি ভবিষ্যৎ নিশ্চিত করতে। মধ্যপ্রাচ্যে যুদ্ধকে কেন্দ্র করে পুরো বিশ্বে বেশ বড়সড় ধাক্কা লেগেছে জ্বালানি তেলে। যার প্রভাব থেকে রেহাই পায়নি বাংলাদেশও। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার থেকে উৎপাদন কারখানা সব ক্ষেত্রেই প্রভাব পড়েছে এই জ্বালানি সংকট। তবে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে দেশের শিল্প খাতে।
দেশে জ্বালানি সরবরাহে সংকট কিংবা দীর্ঘসূত্রতায় শিল্পে উৎপাদন ব্যাহত হচ্ছে। এর সরাসরি প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে পড়ার পাশাপাশি সমস্যা তৈরি হয়েছে পণ্য পরিবহন ও বিপণনেও। এমন পরিস্থিতিতে শিল্প খাতকে অগ্রাধিকার দিয়ে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা খুব জরুরি। বিশেষ করে খাদ্যসামগ্রী, ভোজ্য তেল, ওষুধ, সার এবং কৃষি সম্পর্কিত উৎপাদন অব্যাহত রাখতে সরকারকে দ্রুত কার্যকর নীতি নিতে হবে। শিল্প উদ্যোক্তারা বলছেন, উৎপাদন অব্যাহত রাখতে জ্বালানি সরবরাহ স্থিতিশীল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনও তারা পর্যাপ্ত জ্বালানি পাচ্ছেন না। শিল্প খাতের জন্য অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।
এ ছাড়া জ্বালানি ঘাটতির কারণে শুধু উৎপাদনই নয়, পুরো সরবরাহ ব্যবস্থাও চাপের মুখে পড়েছে। অনেক ক্ষেত্রে শ্রমিকদের নিয়মিতভাবে কাজে নিয়োজিত করা যাচ্ছে না। কারণ উৎপাদন লাইন স্বাভাবিকভাবে চালু রাখা সম্ভব হচ্ছে না। পাশাপাশি পরিবহনের জন্য পর্যাপ্ত তেল না থাকায় প্রস্তুত পণ্য নির্ধারিত সময়ে বাজার বা গন্তব্যে পাঠানোও কঠিন হয়ে পড়ছে। শিল্প খাত বিশেষ করে রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পের জন্য জ্বালানি তেলের বিশেষ বরাদ্দ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে দ্রুত ও নিয়মিত সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা হলে উৎপাদন ও বিতরণ কার্যক্রম স্বাভাবিক রাখা সম্ভব হবে। গার্মেন্টস শিল্প দেশের অর্থনীতি, রপ্তানি আয় ও কর্মসংস্থানের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। তাই এই খাতের কার্যক্রম সচল রাখা সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইন্ডাস্ট্রি যেন তাদের সক্ষমতা অনুযায়ী কাজ করতে পারে, সেজন্য অবশ্যই চাহিদামতো ফুয়েল সাপ্লাই দিতে হবে। কারখানা মালিকরা এমনিতেই ক্ষতিগ্রস্ত। কারখানায় যদি কাজ করতে না পারে, তাহলে শ্রমিকদের বেতন দেবে কীভাবে? এ জন্য অবশ্যই এই খাতে নজর দেওয়া উচিত। আমাদের দেশে ডিজেল কনজাম্পশন এক্সট্রিমলি হাই। এখন একটা ফুয়েলের ওপরে থাকা উচিত না। আমাদের অন্য ফুয়েলে শিফট করা উচিত। আমরা করেছি, কিছুটা সিএনজিতে গেছে। এটি আরও করা উচিত। বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য এবং উৎপাদনশীল শিল্প খাতে যাতে কার্যক্রম বাধাগ্রস্ত না হয়, সেজন্য জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ নিশ্চিত করা জরুরি। জ্বালানি সরবরাহ বিঘ্নিত হলে পণ্য পরিবহন, সংরক্ষণ ও বিতরণÑ সবক্ষেত্রেই সমস্যা দেখা দেয়, যা শেষ পর্যন্ত বাজারে সরবরাহ ব্যবস্থাকে দুর্বল করে দিতে পারে। তাই এসব বিষয় সরকারকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।
লেখক: সাবেক কর কমিশনার ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ন্যাশনাল এফএফ ফাউন্ডেশন