মাহজাবিন আলমগীর
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ ১২:৪২ পিএম
গ্রাফিক্স: সংগৃহীত
সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়া আজকের দিনে আমাদের জীবনযাপনের এক অনিবার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। অনেকে এর দ্বারা এতটাই প্রভাবিত যে এর বাইরে জীবনযাপন ভাবতে পারেন না। তবে বিশ্বব্যাপী তথ্য আর প্রযুক্তি বিপ্লব দ্বারা সমস্ত পৃথিবী যখন মানুষের হাতের মুঠোয়, তখন সামাজিক মাধ্যম থেকে পুরোপুরিভাবে নিজেকে দূরে সরিয়ে রাখাও সম্ভব নয়।
কিন্তু সামাজিক মাধ্যমগুলো ব্যবহারে কিছুটা সতর্কতা অবশ্যই দরকার। আমরা কতটা দায়িত্বশীলতার সাথে সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করছি যেটা আজকের যুগে একটা চ্যালেঞ্জ হয়ে উঠেছে। কারও ব্যক্তিগত পোস্ট, কমেন্ট বা শেয়ার করার আগে আমাদের যথেষ্ট সতর্ক থাকা প্রয়োজন। কেননা আজকাল প্রায়ই এমন ঘটেছে, কোনো খবর ভালোভাবে না পড়েই আমরা অনেক সময় কারও সাথে শেয়ার করে ফেলি বা সে প্রসঙ্গে কোনো তির্যক মন্তব্য ছুড়ে দিতে পিছপা হই না। অনেক সময় দেখা যাচ্ছে কোনো ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সমাজে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আমাদের সামান্য সচেতনতার অভাবে এভাবে সমাজে গুজব বা অপতথ্য দ্রুত ছড়িয়ে পড়েছে। অনেকে যেমন বিভিন্ন ব্যক্তিগত বিষয় নিয়ে তির্যক মন্তব্য করেন, এইসব নেতিবাচক আচরণে সমাজে পারস্পরিক সম্প্রীতি আর সৌহার্দ্যের পরিবেশ নষ্ট করতে সাহায্য করে। তাই কোনো তথ্য বা খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করাটা খুবই প্রয়োজন। পাশাপাশি অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা আর ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি মাথায় রাখা উচিত।
সামাজিক মাধ্যমের পোস্টগুলোতে কীভাবে অন্যের কাছে নিজেকে সেরা প্রমাণ করা যায় সেই অদৃশ্য প্রতিযোগিতায় আমরা যেন মেতে থাকি, অথচ অন্যের চোখে নিজেকে সেরা প্রমাণ করতে গিয়ে নিজেদের বিবেকের আয়নায় নিজেকে দেখতে ভুলে যাই। কেননা মানুষের জীবনে কেবল সফলতার গল্পই থাকে না, হাসি-কান্না, সাফল্য, ব্যর্থতা সবকিছু নিয়েই মানুষের জীবন। কিন্তু আমাদের জীবনের সেই নেপথ্যের কাহিনীগুলো সোশ্যাল মিডিয়ায় অধরাই থেকে যায়। কেননা আমরা কেবল সেখানে সফলতার দিকগুলোই শেয়ার করি।
কোনো দম্পতি হয়তো তাদের বিবাহবার্ষিকীর দারুণ কিছু ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করলেন। ছবিগুলো দেখে আমাদের মনে হলো, সেই দম্পতির মাঝে কেমিস্ট্রি কী অসাধারণ। তারা যেন কত সুখী! কিন্তু বাস্তব জীবনে আসলে তাদের সম্পর্ক কেমন সেটা কি আমরা জানতে পারি? একইভাবে কারও হয়তো অফিসে প্রমোশন হয়েছে। সহকর্মীদের সাথে সেই সাফল্য উদযাপনের দারুণ কিছু ছবি পোস্ট করল। কিন্তু আমরা কি জানার চেষ্টা করি এই সফলতা অর্জন করতে গিয়ে ঐ ব্যক্তিকে বিগত কয়েক বছর কত পরিশ্রম করতে হয়েছে। কত কাঠ-খড় পুড়িয়ে তবেই সে সাফল্যের সন্ধান পেয়েছে। তাই সবসময় মনে রাখতে হবে সোশ্যাল মিডিয়া আমাদেরকে জীবনের সব সময় এডিটেড ভার্সনটাই দেখায়, তখন আমরা তুলনা করতে শুরু করি নিজেদের জীবন নিয়ে, ভাবি সবাই যেন কত ভালো আছে, অথচ আমরা অতটা ভালো থাকতে পারছি না কেন? সোশ্যাল মিডিয়ার এই ক্ষতিকর প্রভাব থেকে রেরিয়ে আসতে হলে আমাদের বাস্তববাদী হতে হবে। মনে রাখতে হবে জীবন কেবল সোশ্যাল মিডিয়ায় দেখানো সুখের প্রজেক্টের নাম নয়। বরং গোলাপে যেমন কাঁটা থাকে, তেমনি জীবনে সাফল্যের পাশাপাশি রয়েছে অনেক ব্যর্থতারও গল্প। এই সত্য যখন আমরা মনেপ্রাণে উপলব্ধি করব তখন জীবনে সামান্য ব্যর্থতা এলে ভেঙে পড়ব না বরং সাহসের সাথে মোকাবিলা করব।
তথ্য বিপ্লবের জোয়ারে প্রযুক্তি এখন তৃণমূল পর্যায়ে মানুষের হাতে পৌঁছে গেছে। প্রযুক্তি যখন তৃণমূল পর্যায়ে পৌঁছায় তখন তার কিছুটা অপব্যবহার হবেই, তা আমরা আটকাতে পারব না। তবে আমরা যারা শিক্ষিত সচেতন জনগোষ্ঠী আছি তাদের উচিত সামাজিক মাধ্যম খুব সতর্কতার সাথে ব্যবহার করা। কেননা সোশ্যাল মিডিয়ার নির্মমতার ছোবল থেকে আজকাল বাদ যাচ্ছে না কোমলমতি শিশুরা পর্যন্ত। অনেক অভিভাবকই আছেন, যারা সন্তানের ব্যক্তিগত জীবনের অনেক কিছুই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অথচ তারা বুঝতেই চান না নিজেদের অজান্তেই তারা সন্তানের কত ক্ষতি করে চলেছেন। কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে এক গবেষণায় দেখা গেছে, যেসব দম্পতি সারাক্ষণ সন্তানদের নানা রকম ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তাদের অনেকেই সাইবার ক্রাইমের শিকার হন। এখনকার সমাজে এমন অনেকেই আছেন, যারা ব্যক্তিজীবনের খুঁটিনাটি বিষয় সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করলে যেন শান্তিতে ঘুমোতেও পারেন না। মনে রাখেতে হবে, সামাজিক মাধ্যমের সর্বগ্রাসী নেশায় আক্রান্ত হচ্ছেন আজকাল শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলে। এই আসক্তি আমাদের সারাক্ষণ একটা মানসিক চাপে আটকে রাখে। সুতরাং সুস্থ-স্বাভাবিক জীবনযাপনের জন্য এই চাপ থেকে বেরিয়ে আসা দরকার, কেননা এই চাপ ধীরে ধীরে মানুষকে হতাশার দিকে নিয়ে যায়। ফেসবুকে অকারণ স্ক্রলিং করা থেকেও বেরিয়ে আসা দরকারÑ এতে আমাদের মূল্যবান সময় ও শক্তি দুটোরই মারাত্মক অপচয় হয়। এর পরিবর্তে কোনো সৃষ্টিশীল বা গঠনমূলক কোনো কাজে নিজের অবসর সময় ব্যয় করা যেতে পারে। তাতে যেমন আমাদের সৃজনশীলতার বিকাশ ঘটবে, পাশাপাশি সামাজিক মাধ্যম অতি ব্যবহারের আসক্তি থেকেও আমরা বেরিয়ে আসতে পারব।
ইদানীং সমাজে সামাজিক বিকৃতি এতটাই বৃদ্ধি পেয়েছে যে সুস্থ-স্বাভাবিক চিন্তাচেতনার বোধটা মানুষের যেন দিন দিন লোপ পাচ্ছে। সবাই যেন যুগের হাওয়ায় গা ভাসিয়ে এক অদৃশ্য প্রতিযোগিতায় লিপ্ত। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ বিকাশের এ যুগে সামাজিক মাধ্যমের সাথে পুরোপুরি সম্পর্ক এড়িয়ে চলা কারও পক্ষে সম্ভব নয়। তবে সেখানে আমরা কী পোস্ট করব, কী শেয়ার করব আর কী বা কমেন্ট করব তা অবশ্যই আমাদের বুদ্ধি-বিবেচনায় রাখতে হবে। মনে রাখতে হবে সব বিষয়ের মতো তথ্যপ্রযুক্তির বেলায়ও ভালোমন্দ দুটো দিকই আছে। তাই এর ব্যবহারে দায়িত্বশীল হওয়া অত্যন্ত জরুরি। এক্ষেত্রে ভালোকে গ্রহণ ও মন্দকে বর্জনই বাঞ্ছনীয়।
লেখক: শিক্ষিকা, মোহাম্মদপুর, ঢাকা