রাজধানীতে শপিং মল বন্ধ
সম্পাদকীয়
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ ১১:১৪ এএম
রাজধানী ঢাকার পুরনো ও মাঝারি আকারের শপিং মলগুলোতে ক্রেতা কমছে, কমছে বিক্রিও। কোথাও দোকান ফাঁকা পড়ে আছে, কোথাও দিনের পর দিন শাটার বন্ধ। অথচ দোকান ভাড়া, কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল ও সার্ভিস চার্জের মতো পরিচালন ব্যয় কমেনি। ফলে বিক্রির সঙ্গে ব্যয়ের ভারসাম্য হারিয়ে অনেক ব্যবসায়ী লোকসান গুনছেন। কেউ পুঁজি ভেঙে ব্যবসা টিকিয়ে রাখার চেষ্টা করছেন, কেউবা দোকান ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। কেউ আবার ঋণের বোঝা মাথায় নিয়ে ব্যবসা গুটিয়ে ফেলার কথা ভাবছেন। গতকাল প্রতিদিনের বাংলাদেশ-এ ‘মন্দায় বন্ধ হচ্ছে শপিং মল’ শীর্ষক এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। শপিং মলগুলোর এমন চিত্র নিছক কয়েকজন ব্যবসায়ীর দুর্দশা নয়, এটি নগর অর্থনীতির একটি উদ্বেগজনক বাস্তবতা। সম্প্রতি কাকরাইলের কর্ণফুলী গার্ডেন সিটি বন্ধ হয়ে যাওয়ার ঘটনা এই উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে।
প্রতিবেদনে ঢাকার অন্তত ১৫টি শপিং মলে বিদ্যমান সংকটের চিত্র তুলে ধরা হয়েছে। ১ অক্টোবর কাকরাইলের কর্ণফুলী গার্ডেন সিটি বন্ধ হওয়ার পর অন্যান্য বড় বড় শপিং মলের সংকটের খবর মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে। সংশ্লিষ্টরা বলছেন, মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়া, অনলাইন কেনাকাটার বিস্তার, আধুনিক মেগা শপিং মলগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পারা, দোকান ভাড়া ও পরিচালন ব্যয়ের চাপ এবং মার্কেট বন্ধের সময়সীমাÑ সব মিলিয়ে পিছিয়ে পড়ছে এই শপিং মলগুলো। অন্যদিকে শপিং মলগুলোর জন্য ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে ফেসবুক লাইভ ও ই-কমার্স জাতীয় অনলাইন ব্যবসা। এখন পোশাক, থ্রি-পিস, প্রসাধনী ও জুতাসহ নানা পণ্য পাওয়া যাচ্ছে অনলাইনে। ঘরে বসে পণ্য দেখা, অর্ডার দেওয়া ও ছাড়ে কেনার সুযোগ থাকায় ক্রেতাদের একটি অংশ মার্কেটে আসছেন না। যানজট ঠেলে কেনাকাটা করতে যাওয়ার বদলে, তারা অনলাইনকে পণ্য কেনার সহজ মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। পাশাপাশি যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটির মতো মেগা মলে কেনাকাটার সঙ্গে খাবার, বিনোদন ও সিনেমার সুবিধা থাকায় সেদিকে ঝুঁকছেন ক্রেতারা। ফলে দেখা যাচ্ছে, ইস্টার্ন প্লাজা, ইস্টার্ন মল্লিকা, কনকর্ড টুইন টাওয়ার্স ও মৌচাক মার্কেটের মতো একসময়ের ব্যস্ত শপিং মলগুলোতেও আগের মতো ক্রেতার ভিড় নেই। এ ব্যাপারে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেছেন, মূল্যস্ফীতির চাপে মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। আয়-রোজগার কমে যাওয়ায় কেনাকাটাও কমেছে। এর সঙ্গে দোকান বন্ধের সময়সীমা যুক্ত হয়ে ব্যবসায়ীদের সংকট বাড়িয়েছে।
আমরা মনে করি, একটি শপিং মল বন্ধ হওয়ার অর্থ শুধু কিছু দোকানের বাণিজ্যিক কার্যক্রম থেমে যাওয়া নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার বিনিয়োগ, কর্মচারীদের জীবিকা, সরবরাহকারী এবং সংশ্লিষ্ট বিভিন্ন ব্যাকওয়ার্ড লিংকের সঙ্গে যুক্ত হাজার হাজার মানুষের আয়। লাখ লাখ টাকা অগ্রিম দিয়ে দোকান ভাড়া বা পজিশন নেওয়া ব্যবসায়ীদের জন্য এ এক বিপর্যয়কর পরিস্থিতি।
শপিং মলগুলোর ক্রেতা কমে যাওয়ার পেছনে একাধিক কারণ থাকা স্বাভাবিক। নতুন ও আধুনিক শপিং মলের বিস্তার, অনলাইন কেনাকাটার জনপ্রিয়তা, যানজট ও পার্কিং-সংকট, মলগুলোর অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং ক্রেতাদের রুচি ও কেনাকাটার অভ্যাসে পরিবর্তনÑ সবকিছুর প্রভাব বিবেচনায় নিয়ে আমরা বলছি, এই সংকট মোকাবিলায় প্রয়োজন বাস্তব পরিস্থিতির নিরপেক্ষ মূল্যায়ন। কোন শপিং মলে ক্রেতা কমার প্রধান কারণ কী, কোথায় অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন, কোথায় ব্যবস্থাপনার দুর্বলতা রয়েছে তা চিহ্নিত করতে হবে। শপিং মল মালিক ও দোকান মালিক সমিতিকে আলোচনার মাধ্যমে ভাড়া ও সার্ভিস চার্জ যৌক্তিক পর্যায়ে রাখার উদ্যোগ নিতে হবে। ব্যবসায়িক মন্দার সময়ে সাময়িক ভাড়ায় ছাড়, কিস্তিতে বকেয়া পরিশোধ এবং অন্যান্য ব্যয় পুনর্বিন্যাসের বিষয় বিবেচনা করা যেতে পারে। পাশাপাশি শপিং মলগুলোর নিরাপত্তা, পরিচ্ছন্নতা, আলোকসজ্জা, শৌচাগার, অগ্নিনিরাপত্তা, পার্কিং ও যাতায়াত ব্যবস্থার উন্নয়ন জরুরি। ক্রেতাদের আকৃষ্ট করতে আধুনিক বিপণন কৌশল, অনলাইন উপস্থিতি এবং ডিজিটাল পেমেন্টের সুযোগ বাড়াতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে ব্যবসায়ী ও মালিকপক্ষের সঙ্গে সমন্বয় করে পুনরুজ্জীবন পরিকল্পনা গ্রহণ করতে হবে।
মনে রাখতে হবে, একটি শপিং মল কেবল ইট-পাথরের স্থাপনা নয়, এটি বহু মানুষের কর্মসংস্থান ও বিনিয়োগের ক্ষেত্র। বাজারের পরিবর্তিত বাস্তবতায় সংকটাপন্ন শপিং মলগুলোকে প্রতিযোগিতায় টিকে থাকার উপযোগী করে তোলা এখন সময়ের দাবি। কর্ণফুলী গার্ডেন সিটির পরিণতি যেন অন্য শপিং মলগুলোর ক্ষেত্রে না ঘটে, সেজন্য শপিং মল কর্তৃপক্ষ, দোকান মালিক ও সরকারÑ এ ত্রিপক্ষীয় আলোচনার ভিত্তিতে সমস্যা উত্তরণের উপায় উদ্ভাবনে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। আর তা গ্রহণ করতে হবে সমস্যা সংকটে রূপ নেওয়ার আগেই।