× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঐক্য ও সংহতির প্রতীক জিয়া

নাহিদ নজরুল

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১১:০৪ এএম

ঐক্য ও সংহতির প্রতীক জিয়া

সাত নভেম্বর একটি সফল বিপ্লব ও সংহতির কাঙ্ক্ষিত মোহনা। সীমাহীন অতীত থেকে নীরবে-নিভৃতে প্রবাহিত জাতীয়তাবাদের সফেদ ঊর্মিমালা। শেষ পর্যন্ত দেশপ্রেমের মহাতরঙ্গ হয়ে, গণতন্ত্রের ফুলরেণু হয়ে বিকশিত হয়েছে আত্মপরিচয়ের বর্ণাঢ্য ফুলদলে। সাত নভেম্বর আমাদের সময়ের রাজ্যে এক অবিনশ্বর ঐশ্বর্য। এ দিনটিতে মূলত বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের অভিযাত্রার শুভসূচনা হয়েছে।

স্বাধীনতার সমগ্রতায় একাকার হওয়ার দিনপঞ্জি সাত নভেম্বর। বাংলাদেশের আত্মমর্যাদার সৌরভ ও সমৃদ্ধির এক অলংকৃত উপঢৌকন। বন্ধ্যা তামাটে বিরান ভূমিতে সীমাহীন হলদে ধান শিষের বিপুল সমারোহ। সাত নভেম্বর কোনো দল কিংবা গোষ্ঠীর রাজনৈতিক চাওয়াপাওয়া, প্রাপ্তি-প্রত্যাশার হিসাবনিকাশ মেলানোর চারণভূমি নয়। এ দিনটিকে দলীয় মোড়কে রূপায়ণের সুযোগও নেই। ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশের ভেতরে বসবাসকারী সব শ্রেণির জাতি-গোষ্ঠীর প্রতিটি বাংলাদেশি নাগরিকের আত্মপরিচয় ও মর্যাদার সম্মিলিত গ্রাফিতি। 

সাত নভেম্বর নিয়ে যারা বিষোদগারের বয়ান ছড়ায় তারা বাকশালী প্রেতাত্মা, গণতন্ত্র হরণকারী কুৎসিত ঘাতক, বাংলাদেশের অস্তিত্ব বিকিয়ে দেওয়া নির্লজ্জ বর্গি। ৩ নভেম্বর জিয়াউর রহমানকে সপরিবারে গৃহবন্দি করা হয়েছিল ক্যান্টনমেন্টে। যাদের ইন্ধনে গৃহবন্দি করা হয়েছিল প্রকৃতপক্ষে তারা ১৫ আগস্টের পাল্টা একটি আবহ তৈরি করতে চেয়েছিল বাংলাদেশের রাজনীতিতে। বলা যায়, বাংলাদেশে ফের বাকশাল কায়েমের অপচেষ্টা হচ্ছিল। স্বাধীনতা-পরবর্তীকালে আধিপত্য ও সম্প্রসারণবাদের বিরুদ্ধে সৈনিক-জনতা ঐক্য ও সংহতির মাধ্যমে দেশপ্রেমের পাহাড়সম নজির স্থাপন করেছিল পঁচাত্তরের সাত নভেম্বর। সিপাহি-জনতা সম্মিলিতভাবে জিয়াউর রহমানকে সপরিবারে মুক্ত করে। এই ঐক্য ও সংহতির এবং সফল বিপ্লবের কেন্দ্রীয় প্রাণপুরুষ ছিলেন তখনকার মেজর জেনারেল জিয়াউর রহমান। সাত নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব ও সংহতি অর্জনের বিশালত্ব একজন দেশপ্রেমিক, স্বাধীনতার মহান ঘোষক জিয়াউর রহমানকে গোটা বাংলাদেশের নেতৃত্বের পুরোভাগে নিয়ে আসে। প্রকৃতপক্ষে সময়ই ইতিহাস সমৃদ্ধ করে তোলে, ইতিহাসের গতিপথ নির্ধারণ করে দেয় বাস্তবতার প্রেক্ষাপটে। বাংলাদেশের ভাগ্যাকাশে শকুনদের ডানা ঝাপটানো ছিল, কালো মেঘের অবিরাম দাপাদাপিতে সূর্যালোক ঢেকে পড়েছিল অসহায়ভাবে। সেই পরিস্থিতিতে একজন জিয়াকে সময়ই আবিষ্কার করেছিল বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্বের বরপুত্র হিসেবে। একাত্তরে একজন জিয়াই চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে নির্ভয়ে নির্ভীক চিত্তে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তার উচ্চারণ ছিলÑ আমি মেজর জিয়া বলছি। আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। এবং তিনি আরও বলেছিলেন “We Revolt”। বাংলাদেশের ইতিহাসে যদি সাত নভেম্বর সৈনিক-জনতার এই সফল বিপ্লব সম্ভব না হতো, সফল না হতো নিশ্চয়ই দেশের ইতিহাস ভিন্ন দিকে মোড় নিত। আজকে যে স্বাধীন, সার্বভৌম দেশের মর্যাদা নিয়ে আমরা বেঁচে আছি, সারা বিশ্বে এই মর্যাদা নিশ্চয়ই ভূলুণ্ঠিত হতো। ১৫ আগস্ট-পূর্ববর্তী পুরনো বাকশালের নয়া ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতো জনগণের আশা-আকাঙ্ক্ষার বিপরীতে। এই যে, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলছি, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার কথা বলছি, তার ছিটেফোঁটাও কি জুটত আমাদের ভাগ্যে? অবশ্যই প্রতিবেশী দেশের করদ রাজ্যের মর্যাদাহীন পরিচয়ে বেঁচে থাকতে হতো আমাদের। স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাসী বহুদলীয় গণতন্ত্র চর্চায় বিশ্বাসী প্রতিটি নাগরিককে আজকে সাত নভেম্বরের মর্যাদাকে সমুন্নত রাখা ব্রত নিয়েই জীবন ধারণ করতে হবে। সাত নভেম্বরের ভাবগাম্ভীর্য ও মর্যাদা সমুন্নত ও প্রতিষ্ঠিত করার দায়িত্ব শুধু এককভাবে সরকারের ওপর বর্তায় না। গণতন্ত্রের অভিযাত্রা ব্যাহত হলে রাজনৈতিক কালচার ও শিষ্টাচার ব্যাহত হলে অপপ্রচারের মাধ্যমে চলমান রাজনীতিকে স্থবির করে দেওয়া হলে সাত নভেম্বরের আদর্শ ও উদ্দেশ্য অবশ্যই পানসে হতে বাধ্য। 

সাত নভেম্বর এক অবিনাশী আলোকবর্তিকা, যার আলোয় গণতন্ত্রের রুদ্ধ পথ আলোকিত হয়, জাতীয়তাবাদের বহুমাত্রিক শিরা-ধমনিতে টগবগে লাল রক্ত প্রবাহিত হয়, স্বাধীনতা-সার্বভৌমত্বের হৃৎপিণ্ড হয়ে ওঠে সজীব, প্রাণবন্ত। সাত নভেম্বরের ঐতিহাসিক পটভূমি একজন জিয়াউর রহমানের দেশপ্রেমের জীবনগাথার মতোই অলংকৃত, নন্দিত। সাত নভেম্বর, জিয়াউর রহমান ও বাংলাদেশ এক অবিচ্ছেদ্য নাম। বস্তুত ৭ নভেম্বর এদেশের স্বাধীনতাপ্রিয় মানুষকে এক গ্রন্থিতে গ্রথিত করেছে। আর সে ঐক্য ও সংহতির প্রতীক শহীদ জিয়াউর রহমান। 


লেখক: কবি ও কলাম লেখক
শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা