অবিস্মরণীয় ৭ নভেম্বর
সম্পাদকীয়
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ০৯:১২ এএম
১৯৭৫ সালের ৭ নভেম্বর এদেশের ইতিহাসে এক অনন্য সাধারণ দিন। সেদিন গভীর অন্ধকারযাত্রা থেকে বাংলাদেশ আলোর পথে ফিরে আসতে পেরেছিল। সিপাহি-জনতার মিলিত সফল বিপ্লব জাতিকে আধিপত্যবাদী শক্তির নাগপাশ ছিন্ন করে মাথা উঁচু করে বজ্রনিনাদে উচ্চারণের সুযোগ এনে দিয়েছিলÑ আমরা বাংলাদেশি, আমরা বীরের জাতি। এ জাতি কভু পরাভব মানে না কোনো অপশক্তির।
১৯৭৫ সালের ১৫ আগস্ট এক রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থানে পরিবারের কয়েকজন সদস্যসহ তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হলে দেশে এক গভীর রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়। যদিও শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠজন ও তার মন্ত্রিসভার সদস্য খন্দকার মোশতাক আহমদের নেতৃত্বে একটি সরকার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়। বাকশাল সরকারের উত্তরসূরি সে সরকার সৃষ্ট রাজনৈতিক শূন্যতা পূরণে সক্ষম ছিল না। ফলে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অরাজকতা বিরাজ করতে থাকে। তারই অবশ্যাম্ভাবী প্রতিক্রিয়ায় সেনাবাহিনীর মধ্যেও বহুধাবিভক্তি দেখা দেয়।
অন্যদিকে সেনাবাহিনীর অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা আধিপত্যবাদী শক্তির তল্পিবাহকরা গোপনে ষড়যন্ত্রে লিপ্ত থাকে পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের। তারই ফলে ৩ নভেম্বর সেনাবাহিনীর তৎকালীন চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে একটি পাল্টা অভ্যুত্থান সংঘটিত হয়। তারা সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমানকে জোরপূর্বক ইস্তফাদানে বাধ্য করে এবং গৃহবন্দি করে রাখে। জিয়াউর রহমানকে গৃহবন্দি করার বিষয়টি সাধারণ সৈনিকদের মনে বিদ্রোহের আগুন জ্বেলে দেয়। অন্যদিকে সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত কর্নেল তাহের, যিনি জাসদের সশস্ত্র সংগঠন গণবাহিনীর প্রধান ছিলেন, তিনি বিপ্লবী সৈনিক সংস্থা নামের একটি উচ্ছৃঙ্খল সংগঠনের মাধ্যমে অভ্যুত্থান ঘটিয়ে রাষ্ট্রক্ষমতা দখলের পরিকল্পনা করেন।
৭ নভেম্বর মধ্যরাতে তারা সে অভ্যুত্থান শুরু করলেও অল্পক্ষণ পরই সাধারণ সৈনিকরা তা নস্যাৎ করে দেয়। তারা সেনাপ্রধান জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে সেনা সদরে নিয়ে আসে। ওদিকে ৩ নভেম্বরের ব্যর্থ অভ্যুত্থানের হোতা ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ কয়েকজন সঙ্গীসহ নিহত হন। সৈনিকরা সেনানিবাস থেকে রাস্তায় বেরিয়ে এলে সাধারণ মানুষ তাদের স্বাগত জানায়। সিপাহি-জনতার এই মিলনের মাধ্যমে স্থাপিত হয় এক ঐতিহাসিক জাতীয় সংহতি। সাধারণ সিপাহিদের বিপ্লব সফল হয়। সেদিন সিপাহি-জনতার সফল বিপ্লবের ফলে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আধিপত্যবাদী শক্তির গভীর নীলনকশা থেকে রক্ষা পায়।
৭ নভেম্বর আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রতীক বিধায় তা আধিপত্যবাদী শক্তি ও তাদের এদেশীয় দোসরদের গাত্রদাহ সৃষ্টি করে। তাই ২০০৬ সালের পর ওই শক্তির শিখণ্ডীরা রাষ্ট্রক্ষমতায় থাকার কারণে দিবসটি পালন করতে দেয়নি। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সে অপশক্তি ক্ষমতার দৃশ্যপট থেকে বিদায় নিলেও পরবর্তী দুই বছর অন্তর্বর্তী সরকার দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেনি। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জাতীয়তাবাদী দল সরকার গঠন করার পর ৭ নভেম্বর মূলত বন্দিদশা থেকে মুক্তি পেয়েছে। দিবসটি এবার রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষা এবং জাতীয় সংহতি সুদৃঢ় করার লক্ষ্যে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। সরকার দিবসটি উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে।
প্রত্যেক জাতির জীবনেই এমন ক্রান্তিকাল উপস্থিত হয়, যখন এর নেতৃত্বকে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের জন্য ছিল তেমনি একটি ক্রান্তিলগ্ন। তবে তখন জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো দৃশ্যমান কেউ ছিলেন না। কিন্তু নেতৃত্বের আসন কখনোই অপূর্ণ থাকে না। সেদিনও থাকেনি। সেনাবাহিনী প্রধান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জেনারেল জিয়াউর রহমান সেদিন নেতৃত্বের সে শূন্যতা দূর করেছিলেন। তারপরের ইতিহাস এদেশের মানুষ জানে। ৭ নভেম্বরের প্রেক্ষাপটে দেশের রাজনীতির মঞ্চে আবির্ভূত হয়ে জেনারেল জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ১৯ দফা কর্মসূচি প্রণয়ন করে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে তুলে দেন। আর সেজন্য ৭ নভেম্বরকে অভিহিত করা হয় বাংলাদেশের ইতিহাসের বাঁকবদলের শুভলগ্ন হিসেবে।
আজ দীর্ঘ বিশ বছর পর জাতি মহা উৎসাহ-উদ্দীপনায় পালন করছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। তবে গতানুগতিক উদযাপনের মোড়কে মহান এ দিনকে আবদ্ধ রাখলে চলবে না। এর তাৎপর্য উপলব্ধি করে ভবিষ্যতে বাংলাদেশ যাতে কোনো অপশক্তির করতলগত না হয়, সেজন্য সবাইকে অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করতে হবে। মনে রাখতে হবে, সময় বদলালেও আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের দুশমন বদলায়নি। অধিপত্যবাদী শক্তি ও তাদের দোসররা এখনও তৎপর। তাই এদিন আমাদের নতুন করে শপথ নিতে হবে, সে অপশক্তিকে প্রতিহত করে স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করার।