আবারও এলপিজির মূল্যবৃদ্ধি
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
বর্তমান সময়ে দেশের সাধারণ ও নিম্ন-আয়ের মানুষের কাছে বিভীষিকার নাম নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি। তবে সবচেয়ে বেশি ভোগাচ্ছে এলপিজি (লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) বা সিলিন্ডার গ্যাসের দামের লাগামহীন বৃদ্ধি। উল্লেখ্য, বাসাবাড়িতে রান্নার বিকল্প ব্যবস্থা না থাকায় এবং পাইপলাইনের গ্যাসের সংযোগ বন্ধ থাকায় দেশের একটি বিশাল জনগোষ্ঠী এখন এলপিজির ওপর সম্পূর্ণ নির্ভরশীল। কিন্তু পণ্যটির দাম যেভাবে দফায় দফায় বাড়ছে, তাতে সাধারণ মানুষের সংসার-বাজেট পুরোপুরি ভেঙে পড়েছে।
জ্বালানি মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অনুষঙ্গÑ এটা চরম বাস্তবতা। তাই ভোক্তা পর্যায়ে এর মূল্যবৃদ্ধি মানেই জনজীবনে নতুন বিড়ম্বনা। গতকাল প্রতিদিনের বাংলাদেশসহ জাতীয় দৈনিকসমূহের প্রতিবেদনে জানা যায়, ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি কেজি এলপিজির দাম ১৫৩ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ১৭১ টাকা ৬৮ পয়সা করা হয়েছে। এর আগে অক্টোবর মাসেও ১২ কেজির সিলিন্ডারের দাম বেড়েছিল ২১২ টাকা। অর্থাৎ মাত্র দুই মাসে একটি সিলিন্ডারের দাম বেড়েছে মোট ৪৭৫ টাকা। যদিও বাজারে সরকারের বেঁধে দেওয়া দামের থেকে ৫০০ থেকে ৭০০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে ক্রেতাকে। বিইআরসি এক প্রজ্ঞাপনে সোমবার রাত থেকেই নতুন দাম কার্যকরের কথা জানানো হয়েছে।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারদর বেড়ে যাওয়া, আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানোর কারণে এই মূল্যবৃদ্ধি। উল্লেখ্য, এই মূল্যবৃদ্ধি শুধু ভোক্তা পর্যায়েই নয়, গাড়িতে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (অটোগ্যাস) দামও প্রতি লিটার ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা করা হয়েছে। আগের মাসে অটোগ্যাসের দাম ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছিল। এই মূল্যবৃদ্ধিও জনজীবনে নতুন করে অর্থনৈতিক চাপ তৈরি করেছে।
আসলে এলপিজির এই মূল্যবৃদ্ধির প্রভাব কেবল রান্নাঘরের ব্যয় বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয়। এর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতিতে। বাসাবাড়িতে রান্নার খরচ বাড়ার পাশাপাশি হোটেল-রেস্তোরাঁ, ক্ষুদ্র খাদ্যব্যবসা, খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এবং বিভিন্ন বাণিজ্যিক কর্মকাণ্ডের পরিচালন ব্যয় বাড়বে। ব্যবসায়ীরা বাড়তি ব্যয়ের চাপ সামাল দিতে পণ্যের দাম বাড়ালে তার বোঝা শেষ পর্যন্ত বহন করতে হবে ভোক্তাকেই। ফলে খাদ্যপণ্য ও নিত্যপ্রয়োজনীয় সেবার বাজারেও মূল্যস্ফীতির নতুন চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
উদ্বেগজনক হলো, বিইআরসি নির্ধারিত দামে সাধারণ ভোক্তারা সব সময় এলপিজি পাচ্ছেন না। অভিযোগ রয়েছে, নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৭০০ টাকা বেশি দিয়ে সিলিন্ডার কিনতে হচ্ছে ভোক্তাদের। অর্থাৎ সরকারি মূল্যবৃদ্ধির বাইরেও ব্যবসায়ীদের একটি অংশের অতিরিক্ত মুনাফার চাপ ভোক্তাদের বহন করতে হচ্ছে। তাই প্রশ্ন দেখা দিয়েছে, নিয়ন্ত্রক সংস্থা দাম নির্ধারণ করলেও সেই দাম কার্যকর করার দায়িত্ব কার? বাজারে যদি নির্ধারিত দামের কোনো প্রতিফলনই না থাকে তা হলে মূল্য নির্ধারণের সুফল সাধারণ মানুষ পাবে কীভাবে? ফলে সরকারের বাজার নিয়ন্ত্রণ যেমন প্রশ্নবিদ্ধ হচ্ছে, তেমনি জনসাধারণের ভোগান্তিও সীমাহীন হয়ে পড়ছে।
এখানে শুধু আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধি কিংবা আমদানি ব্যয়ের অজুহাত দিয়ে দায় এড়ানোর সুযোগ নেই। আমদানি-নির্ভর জ্বালানির ক্ষেত্রে বৈশ্বিক বাজারের প্রভাব ধর্তব্য হলেও স্থানীয় বাজারে সরবরাহ, পরিবহন, মজুদ, পরিবেশক ও খুচরা বিক্রির প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা দরকার। বিশেষ করে, কৃত্রিম সংকট তৈরি, অবৈধ মজুদ ও অতিরিক্ত দাম আদায়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না থাকলে মূল্যবৃদ্ধির সুযোগে অসাধু ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠবে।
আমরা মনে করি, সরকারের দায়িত্ব কেবল দাম নির্ধারণের মধ্যেই সীমাবদ্ধ নয়। নিয়মিত বাজার তদারকি, নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করা, অনিয়মকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ এবং সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা প্রতিষ্ঠা করাও সমদায়িত্ব। একই সঙ্গে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় জ্বালানি সরবরাহ ও মূল্যনীতি পুনর্বিবেচনা করা প্রয়োজন।
মনে রাখতে হবে, রান্নার জ্বালানি কোনো বিলাসসামগ্রী নয়, এটি মানুষের মৌলিক প্রয়োজনের সঙ্গে সম্পর্কিত। একদিকে আয় না বাড়া, অন্যদিকে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিÑ এই দ্বিমুখী চাপে সাধারণ মানুষের জীবন ক্রমেই অসহনীয় হয়ে উঠছে। তাই এলপিজির এই মূল্যবৃদ্ধির লাগাম টেনে ধরা এবং বাজারে নির্ধারিত দাম কার্যকর করাÑ সময়ের দাবি। বিজ্ঞানী নিউটনের ‘প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে’Ñ গতিসূত্রকে মনে রেখেই সরকারের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। যেভাবে অগ্র-পশ্চাৎ বিবেচনা না করে সরকার ক্রমাগত এলপিজির মূল্য বাড়িয়ে চলেছেÑ এতে জনমনে যে তীব্র বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে, সেটা সরকারের নীতিনির্ধারকদের বিবেচনায় নিতে হবে।