ড. এস এম জাহাঙ্গীর আলম। প্রতিকৃতি: প্রতিদিনের বাংলাদেশ
জাতিসংঘের সাধারণ পরিষদে ২৯ অক্টোবর ২০২৬ তারিখে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণের সময়সীমা তিন বছর পেছানো হয়েছে। ফলে ২০২৬ সালের নভেম্বরের পরিবর্তে ২০২৯ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ এলডিসি থেকে আনুষ্ঠানিকভাবে উত্তরণ করবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের বিষয়টি নিয়ে আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে স্থগিতাদেশ বা উত্তরণ পিছিয়ে দেওয়ার প্রশ্ন। দুঃখজনকভাবে, এই আলোচনার ভিড়ে টেকসই ও মসৃণ উত্তরণ কীভাবে নিশ্চিত করা যায়, সেই গুরুত্বপূর্ণ বিষয়টি অনেকটাই আড়ালে পড়ে যাচ্ছে। অথচ এলডিসি উত্তরণ নিয়ে আলোচনা যদি বাস্তবসম্মত ও কার্যকর হতে হয়, তা হলে স্থগিতাদেশের সম্ভাব্যতা নিয়ে অনুমাননির্ভর বিতর্কে না গিয়ে বরং কীভাবে এই উত্তরণকে নির্বিঘ্ন ও টেকসই করা যায়, সেদিকেই মনোযোগ দেওয়া জরুরি। স্মরণ করা যেতে পারে, অন্তর্বর্তী সরকার প্রথমদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশের এলডিসি উত্তরণ কার্যকর করার সিদ্ধান্তে অটল ছিল।
এ প্রসঙ্গে স্মরণযোগ্য যে, ২০২৫ সালের নভেম্বরের শুরুতে সরকার জাতিসংঘের উন্নয়ন নীতিবিষয়ক কমিটির (ইউএন-সিডিপি) কাছে বাংলাদেশের কান্ট্রি রিপোর্ট জমা দেয়। এটি ছিল এলডিসি থেকে উত্তরণকারী দেশগুলোর প্রস্তুতি মূল্যায়নের জন্য গৃহীত এনহ্যান্সড মনিটরিং মেকানিজমের (ইএমএম) অংশ। এই রিপোর্ট এবং সিডিপির নিজস্ব মূল্যায়নের ভিত্তিতে সিডিপি একটি দেশের প্রস্তুতির অবস্থা নিরূপণ করে। যেমনটি জানা আছে, সিডিপির সুপারিশের ভিত্তিতেই দেশগুলোকে জাতিসংঘের ইকোসক ও সাধারণ পরিষদে এলডিসি থেকে উত্তরণের জন্য সুপারিশ করা হয়। বাংলাদেশ প্রথমবার ২০১৮ সালে এবং দ্বিতীয়বার ২০২১ সালে সিডিপির ত্রিবার্ষিক পর্যালোচনায় উত্তরণের জন্য সুপারিশপ্রাপ্ত হয়। এরই ধারাবাহিকতায় ২০২১ সালের ২৪ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশ (নেপাল ও লাও পিডিআরের সঙ্গে) এলডিসি থেকে উত্তরণের সিদ্ধান্ত গ্রহণ করে। উল্লিখিত কান্ট্রি রিপোর্টটি এলডিসি থেকে উত্তরণে দেশের প্রস্তুতির অবস্থা সম্পর্কে বাংলাদেশ নিজে কীভাবে মূল্যায়ন করছে তার একটি ধারণা প্রদান করে। ‘Performance of Economy and Preparations for Sustainable Graduation from LDC Status During the Preparatory Period’ শিরোনামের এই দেশীয় প্রতিবেদনটি তিনটি গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরে।
প্রতিবেদনটিতে অর্থনীতিকে প্রভাব বিস্তারকারী বিভিন্ন ঝুঁকির কথাও উল্লেখ করা হয়েছে এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বাধ্যবাধকতা পালনের ক্ষেত্রে বিশেষ ও পৃথক আচরণ সুবিধা (এস অ্যান্ড ডি টি)-সহ আন্তর্জাতিক সহায়তা ব্যবস্থাগুলো (আইএসএম) হারানোর ফলে যেসব প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে, সেগুলোর কথাও তুলে ধরা হয়েছে। রিপোর্টের ‘ভবিষ্যৎ করণীয়’ অংশে সরকার, বেসরকারি খাত, উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের জন্য আলাদা আলাদা করণীয় নির্ধারণ করা হয়েছে। এগুলো উত্তরণের আগে ও পরে উভয় সময়েই আন্তরিকভাবে বাস্তবায়ন করতে হবে। সামগ্রিকভাবে কান্ট্রি রিপোর্টের সুর হলো, গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাংলাদেশ ২০২৬ সালের নভেম্বরে এলডিসি থেকে উত্তরণের পথে রয়েছে। অন্যদিকে আগেই বলা হয়েছে, কিছু উচ্চপর্যায়ের নীতিনির্ধারক ও সরকারি কর্মকর্তা প্রকাশ্যে বলছেন যে, উত্তরণ স্থগিত করলে বাংলাদেশ আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে।
মজার বিষয় হলো, যেসব অংশীজন একসময় এই উত্তরণকে তৎকালীন সরকারের একটি অসাধারণ সাফল্য হিসেবে স্বাগত জানিয়েছিলেন, তারাই বর্তমানে উত্তরণ স্থগিতের সবচেয়ে সরব সমর্থক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এ বিষয়ে কোনো দ্বিমত নেই যে, উত্তরণের ফলে বিভিন্ন ক্ষেত্রে গুরুতর প্রভাব পড়বে। বৈশ্বিক পর্যায়ে তাৎপর্যপূর্ণ বাণিজ্যিক সুবিধা হ্রাস এবং বাণিজ্য পরিবেশে পরিবর্তনের কারণে এবং অভ্যন্তরীণ পর্যায়ে কঠোর কমপ্লায়েন্স চাহিদা, শুল্ক যৌক্তিককরণ, ভর্তুকি ও প্রণোদনা ব্যবস্থাপনায় কঠোর নিয়ম-কানুন, আরও জটিল মান এবং সার্টিফিকেশন প্রয়োজনীয়তা, কঠোর শ্রম-লিঙ্গ-পরিবেশগত কমপ্লায়েন্স বিধান, অধিকতর কঠোর মেধাস্বত্ব প্রয়োগ ব্যবস্থা এবং আরও বহু ক্ষেত্রে চ্যালেঞ্জ সৃষ্টি হবে।
যেমনটি জানা যায়, যুক্তরাষ্ট্র ব্যতীত প্রায় সব উন্নত দেশ এবং বহু উন্নয়নশীল দেশের বাজারে এলডিসি দেশগুলো থেকে আগত তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা প্রদান করা হয়। একইভাবে, দেশের ওষুধ শিল্পও ট্রিপস চুক্তি থেকে অব্যাহতির আওতায় পেটেন্ট বা লাইসেন্স সংক্রান্ত বাধ্যবাধকতা ছাড়াই পেটেন্টকৃত ওষুধ উৎপাদন ও রপ্তানির সুবিধা ভোগ করে। ফলে বাণিজ্যিক সুবিধা, বিশেষ ও পৃথক আচরণ সুবিধা (এস অ্যান্ড ডি টি) এবং সামগ্রিকভাবে আন্তর্জাতিক সহায়তা ব্যবস্থাগুলো (আইএসএম) হারানোর বিষয়ে উদ্বেগ থাকা স্বাভাবিক। উল্লেখ্য, উত্তরণ স্থগিতের প্রশ্নে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখনও কোনো সুস্পষ্ট অবস্থান নেয়নি এবং এ বিষয়ে প্রাসঙ্গিক আলোচনাতেও সক্রিয়ভাবে অংশ নিচ্ছে না।
বাংলাদেশ যদি সত্যিই এলডিসি উত্তরণ স্থগিত করতে চায়, তা হলে তাকে আনুষ্ঠানিকভাবে এই স্থগিতাদেশের জন্য আবেদন করতে হবে। এই আবেদন উন্নয়ন নীতিবিষয়ক জাতিসংঘ কমিটির (সিডিপি) কাছে বিবেচনার জন্য জমা দেওয়া যেতে পারে, অথবা সরাসরি জাতিসংঘে জমা দেওয়া যেতে পারে। বাংলাদেশ যদি স্থগিতাদেশের জন্য আবেদন করে, তা হলে সেই আবেদন হতে হবে সুস্পষ্ট ও শক্ত যুক্তিতে সমর্থিত। কেন এই আবেদন করা হচ্ছে, তার যৌক্তিক ভিত্তি স্পষ্টভাবে তুলে ধরতে হবে। যদি একই দিনে উত্তরণ হওয়ার কথা থাকা অন্য দুই এলডিসি দেশ, নেপাল ও লাও পিডিআর উত্তরণ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়, তা হলে বাংলাদেশের অবস্থান নিঃসন্দেহে দুর্বল হয়ে পড়বে। সে ক্ষেত্রে অনেক জাতিসংঘ সদস্য দেশ বাংলাদেশের আবেদনের পক্ষে ভোট দিতে অনিচ্ছুক হতে পারে। এর মানে এই নয় যে, বাংলাদেশের পক্ষে কোনো শক্ত যুক্তি নেই। বরং বাস্তবতা হলো, এলডিসি হিসেবে পাওয়া বিশেষ আন্তর্জাতিক সহায়তা ব্যবস্থা (আইএসএম) এবং বিশ্ব বাণিজ্য সংস্থার বিভিন্ন চুক্তির আওতায় বিশেষ ও পৃথক আচরণ সুবিধা (এস অ্যান্ড ডি টি) থেকে বাংলাদেশই সবচেয়ে বেশি লাভবান হয়েছে। ফলে এগুলো হারানোর ঝুঁকিও বাংলাদেশের ক্ষেত্রেই সবচেয়ে বেশি। এ কারণে টেকসই উত্তরণ নিশ্চিত করা বাংলাদেশের জন্য অন্যান্য গ্র্যাজুয়েটিং এলডিসি দেশের তুলনায় অনেক বেশি চ্যালেঞ্জিং।
ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং আরও কিছু প্রধান দেশ উত্তরণের পর অতিরিক্ত তিন বছর শুল্কমুক্ত বাজার সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছে, এটি নিঃসন্দেহে প্রস্তুতির জন্য কিছু বাড়তি সময় দেবে। তবে এই সুবিধা কেবল বাজারে প্রবেশাধিকারের ক্ষেত্রে প্রযোজ্য। এলডিসিভুক্ত দেশ হিসেবে পাওয়া অন্যান্য বিশেষ সুবিধা ও ছাড় (এস অ্যান্ড ডি টি এবং আইএসএম) বাংলাদেশ এলডিসি তালিকা থেকে বের হয়ে গেলে সঙ্গে সঙ্গেই কার্যত বন্ধ হয়ে যাবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, গ্র্যাজুয়েশন যদি স্থগিত করা হয়, তা হলে সেটি কি কঠিন সিদ্ধান্তগুলো আরও পিছিয়ে দেওয়ার অজুহাত হবে? নাকি এই অতিরিক্ত সময় সত্যিকার অর্থেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে এবং গৃহকর্ম সম্পন্ন করতে কাজে লাগানো হবে? উত্তরণ স্থগিত নিয়ে আলোচনার কেন্দ্রে এই প্রশ্নটিই থাকা উচিত। অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ফেব্রুয়ারিতে যে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি (এসটিএস) প্রণয়ন করেছে, সেটি একটি সুসংগঠিত ও কার্যকর কর্মপরিকল্পনা। এই কৌশল সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশের উত্তরণ টেকসই করার পথে বড় অগ্রগতি সম্ভব হবে।
স্মরণযোগ্য যে, অন্তর্বর্তী সরকার উত্তরণের প্রস্তুতির সার্বিক তদারকির জন্য একটি উচ্চপর্যায়ের স্টিয়ারিং কমিটি গঠন করেছিল। পাশাপাশি এসটিএস বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দলও গঠন করা হয়েছে। সরকার, বেসরকারি খাত ও অন্যান্য অংশীজন সবাইকে অংশীদারত্বের ভিত্তিতে এবং জরুরি মনোভাব নিয়ে কাজ করতে হবে, যাতে উত্তরণের আগে ও পরবর্তী সময়ে এসটিএসের নির্ধারিত লক্ষ্যগুলো বাস্তবায়িত হয়। বাংলাদেশ এমন একসময়ে এলডিসি থেকে উত্তরণ করতে যাচ্ছে, যখন বৈশ্বিক ভূ-অর্থনৈতিক ও ভূ-কৌশলগত পরিস্থিতি দ্রুত বাঁক নিচ্ছে। যুক্তরাষ্ট্রের তথাকথিত রিসিপ্রোকাল ট্যারিফ নীতি এবং ইউরোপীয় ইউনিয়নের কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজমের (ইইউ-সিবিএএম) মাধ্যমে কার্বন নিঃসরণ কর আরোপ, এসব বৈশ্বিক বাণিজ্যে নতুন মাত্রা যোগ করছে। এসব চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য এলডিসি উত্তরণকে টেকসই করা আরও কঠিন করে তুলবে।
এই নতুন বাস্তবতায় বাংলাদেশ কীভাবে নিজেকে সবচেয়ে ভালোভাবে প্রস্তুত করবে, তা এক বিরাট প্রশ্ন। রপ্তানিকারক, উদ্যোক্তা ও ব্যবসায়ীরা গত প্রায় পাঁচ দশক ধরে (১৯৭৫ সালের ডিসেম্বর থেকে) যে এলডিসি ভিত্তিক বিশেষ সুবিধা ভোগ করে আসছেন, তা হারানোর ক্ষতি কীভাবে পুষিয়ে নিতে পারবেন, তাও ভেবে দেখতে হবে। এসব প্রশ্ন নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট সব পক্ষকে গভীরভাবে খতিয়ে উচিত।
লেখক: সাবেক কর কমিশনার ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যানÑ ন্যাশনাল এফএফ ফাউন্ডেশন