× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পোশাক শিল্পে অস্থিরতা

এ চক্রান্ত নস্যাৎ করতে হবে

সম্পাদকীয়

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ ১২:২৪ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

সিঁদুরে মেঘ দেখলেই ঘরপোড়া গরু যেমন ভীতসন্ত্রস্ত হয়ে ওঠে; তেমনি কিছু কিছু ঘটনা আমাদের মনে শঙ্কার জন্ম দেয়। সেসব ঘটনার আবরণের অন্তরালে যে ভয়ংকর ষড়যন্ত্র লুকায়িত থাকে, তা অনেক সময় দৃশ্যমান থাকে না। ফলে চক্রান্তকারীরা তাদের অসদুদ্দেশ্য হাসিল করার সুযোগ পেয়ে যায়। এতে দেশ ও জাতি চরমভাবে ক্ষতির কবলে পড়ে। বর্তমানে দেশের পোশাক শিল্পাঙ্গনে যে অস্থিরতা চলছে, অভিজ্ঞ মহল তাকে দেশি-বিদেশি চক্রের সুদূরপ্রসারী ষড়যন্ত্র বলে মনে করছে। তারা মনে করেন, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে চরম প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও আমাদের পোশাক শিল্প যে অবস্থান এখনও পর্যন্ত ধরে রাখতে পেরেছে, কুচক্রী মহলের তা গাত্রদাহ সৃষ্টি করেছে। তাই কথিত মজুরি সংক্রান্ত শ্রমিক অসন্তোষকে পুঁজি করে মহলটি নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের নীলনকশা এঁটেছে।

গতকাল প্রতিদিনের বাংলাদেশসহ দেশের সব জাতীয় দৈনিকে গত রবিবার রাজধানীর মিরপুর, সাভার ও গাজীপুরের পোশাক শিল্পাঞ্চলে সংঘটিত সংঘর্ষের যে বিবরণ প্রকাশিত হয়েছে, তাতে আঁতকে ওঠার যথেষ্ট কারণ রয়েছে। খবরে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে উল্লিখিত অঞ্চলের প্রায় ৩০০ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করতে হয়েছে। উচ্ছৃঙ্খল শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে পুলিশকে লাঠিচার্জ, জলকামান ব্যবহার ও টিয়ার শেল নিক্ষেপ করতে হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক হলো, শ্রমিক বিক্ষোভকে কাজে লাগিয়ে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী ক্যাডাররা পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে। এর প্রমাণ পোশাক শ্রমিক নয় অথচ বিক্ষোভ-ভাঙচুরে অংশ নেওয়া অন্তত ৩০ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, এরা সবাই নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সদস্য।

দ্রব্যমূল্যসহ জীবনযাত্রার আনুষঙ্গিক ব্যয় বাড়ার কারণে পোশাক শ্রমিকদের বেতন বা মজুরি বৃদ্ধির দাবি অযৌক্তিক নয়। বরং বলা যায়, এটা তাদের ন্যায্য দাবি। তবে সে দাবি আদায়ে অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো সহিংস কর্মকাণ্ড কোনোমতেই গ্রহণযোগ্য হতে পারে না। শ্রমিকরা নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা দাবি করেছেন। এখনও পর্যন্ত তাদের দাবির ব্যাপারে পোশাক মালিকদের সংগঠন কিংবা সরকার কোনো পক্ষই নেতিবাচক প্রতিক্রিয়া জানায়নি। বরং মজুরি বৃদ্ধির বিষয়টি বিবেচনা ও নতুন মজুরি স্কেল প্রণয়নের লক্ষ্যে সরকার গত পরশু নতুন মজুরি বোর্ড গঠন করেছে; যে বোর্ডে পোশাক শিল্প শ্রমিকদের প্রতিনিধিরাও রয়েছেন। ফলে এটা মনে করার কোনো কারণ নেই, পোশাক শিল্প শ্রমিকদের মজুরির বিষয়ে সরকার উদ্বেগহীন বা নির্বিকার রয়েছে। সরকার চাচ্ছে পোশাক শিল্প মালিক, সরকার ও শ্রমিক সংগঠনÑ এই তিন পক্ষের সমঝোতার ভিত্তিতে একটি সুষম ও গ্রহণযোগ্য মজুরি কাঠামো প্রণয়ন ও বাস্তবায়ন করতে। সেজন্য সর্বাগ্রে প্রয়োজন শান্তিপূর্ণ পরিবেশ এবং কারখানায় উৎপাদন অব্যাহত রাখা। 

প্রধানমন্ত্রী তারেক রহমান গত রবিবার সচিবালয়ে এক জরুরি বৈঠকে শ্রমিক অসন্তোষ নিরসনকল্পে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে তিনি সহিংসতা, উচ্ছৃঙ্খলতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোরতা অবলম্বনের কথাও বলেছেন। প্রধানমন্ত্রীর এ কঠোর বার্তা সময়োপযোগী সন্দেহ নেই। কেননা, ‘সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়’ বলে যে প্রবাদটি চালু রয়েছে, এক্ষেত্রে তা অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ উচ্ছৃঙ্খল ব্যক্তিদের যদি এক্ষুনি কঠোর হাতে দমন করা না হয়, তাহলে শুধু ঢাকা বা তার আশপাশের নয়, এই সুপরিকল্পিত ষড়যন্ত্রের বাতাস গোটা দেশের শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। তাতে আমাদের পোশাক শিল্পের অস্তিত্ব হুমকির পড়তে পারে। এমনিতে আন্তর্জাতিক নানা টানাপড়েনের কারণে দেশের শিল্পোৎপাদন ও রপ্তানি বাণিজ্য স্মরণকালের সবচেয়ে কঠিন সময় পার করছে। সেসময়ে যদি দাবি আদায়ের ছদ্মাবরণে পতিত রাজনৈতিক শক্তির অপতৎপরতায় পোশাক শিল্প খাতে নতুন অস্থিরতা সৃষ্টি হয়, তাহলে আমাদের অর্থনীতির অন্যতম এই স্তম্ভ মুখ থুবড়ে পড়ার আশঙ্কা রয়েছে। উল্লেখ্য, আমাদের পোশাক শিল্পের ক্রম অগ্রযাত্রা প্রতিবেশী কয়েকটি দেশের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা নানাভাবে চেষ্টা করে আসছে আমাদের এ শিল্প খাতকে স্থবির করে দিতে। সেক্ষেত্রে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করে বিদেশি ক্রেতাদের এখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা বহু দিনের। এবারও এর ব্যতিক্রম হয়েছে বলে মনে হয় না। 

আমরা বলতে চাই, সরকারকে সঠিক ও কার্যকর পন্থা অবলম্বন করে সব চত্রান্ত নস্যাৎ করে আমাদের পোশাক শিল্পকে রক্ষা করতে হবে। সেসঙ্গে এ শিল্পের চাকা যারা সচল রাখেন, সেই শ্রমিকদের ন্যায্য মজুরিপ্রাপ্তি নিশ্চিত করতে হবে। সব পক্ষের সদিচ্ছা ও আন্তরিকতায় এ সংকট উত্তরণ সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা