প্রতিকৃতি: প্রতিদিনের বাংলাদেশ
জাপানের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক জাপান সফর এবং টোকিওতে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে তার বিনিয়োগ আহ্বান সেই সম্ভাবনাকে নতুন করে সামনে এনেছে। ২৮ অক্টোবর জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) সদর দপ্তরে দেওয়া মূল বক্তব্যে প্রধানমন্ত্রী বাংলাদেশের পাঁচটি অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।
৩০ অক্টোবর প্রতিদিনের বাংলাদেশসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির শীর্ষ বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো, প্রযুক্তি ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। দুই দেশের যৌথ ঘোষণায় জাপানি বেসরকারি বিনিয়োগের সম্ভাবনার পাশাপাশি সরবরাহ-ব্যবস্থা শক্তিশালী করা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সফরে সরকারি পর্যায়ে চারটি সমঝোতা স্মারক, দুটি অনুদান চুক্তি ও একটি অভিপ্রায়পত্র স্বাক্ষরের কথা বলা হয়েছে। দুই দেশের প্রতিষ্ঠানের মধ্যে বেসরকারি খাতে ১৭টি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে। বিনিয়োগ, বাণিজ্য, প্রযুক্তি হস্তান্তর, কৃষি, পরিবেশ, অবকাঠামো ও দক্ষতা উন্নয়নের উদ্যোগগুলো বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার খুলেছে।
জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। আমাদের মহান মুক্তিযুদ্ধে জাপানের সমর্থন এবং স্বাধীনতা-পরবর্তী যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে সহযোগিতা দুই দেশের বন্ধুত্বের এক গৌরবোজ্জ্বল অধ্যায় রয়েছে। বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য ও মানবসম্পদ বিকাশে জাপানের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় সব সরকারের সময়েই জাপান উন্নয়ন সহযোগী হিসেবে আস্থা, আন্তরিকতা ও ধারাবাহিকতার পরিচয় দিয়েছে। জাপানের এই সহযোগিতা কেবল আর্থিক সহায়তায় সীমাবদ্ধ নয়; বরং প্রযুক্তি, দক্ষতা, শৃঙ্খলা ও উন্নয়ন অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়েও দেশটি বাংলাদেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখছে। এ কারণেই জাপানের প্রতি বাংলাদেশের মানুষের প্রত্যাশা স্বাভাবিকভাবেই অনেক বেশি। আমরা বিশ্বাস করি, এই সফরের মাধ্যমে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন উন্নয়ন আকাঙ্ক্ষার ভিত্তিতে বাংলাদেশ-জাপান সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে। রোহিঙ্গা সংকট, অর্থনৈতিক রূপান্তর, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে জাপানের সহযোগিতা বাংলাদেশের সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
পরিসংখ্যান বলছে, বর্তমানে বাংলাদেশে প্রায় ৩৫০টি জাপানি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। অথচ দেশটির প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ ৫০ কোটি ডলারের নিচে। গত অর্থবছরে জাপানে বাংলাদেশের রপ্তানি ছিল ১৩৬ কোটি ডলার, বিপরীতে আমদানি ছিল ২১৬ কোটি ডলার। অর্থাৎ দুই দেশের বাণিজ্যে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। এই ব্যবধান কেবল বাণিজ্যিক ভারসাম্যের প্রশ্ন নয়; এটি বাংলাদেশের উৎপাদন সক্ষমতা, পণ্যের বৈচিত্র্য এবং বৈশ্বিক সরবরাহ-ব্যবস্থায় অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তাও নির্দেশ করে। প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর বিনিয়োগ বাড়াতে যে পাঁচটি খাত চিহ্নিত করেছেন, সেগুলোর সম্ভাবনা তাই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার। কিন্তু সম্ভাবনার তালিকা তৈরি করলেই হবে না; প্রতিটি খাতে বিনিয়োগের বাস্তব বাধা চিহ্নিত করে তার সমাধান করতে হবে।
বিনিয়োগ আকর্ষণের আলোচনায় অনেক সময় কর-সুবিধা, বিশেষ অর্থনৈতিক অঞ্চল কিংবা শ্রমের প্রাপ্যতাকে অগ্রাধিকার দেওয়া হয়। কিন্তু উৎপাদনমুখী শিল্পের জন্য এসব সুবিধার কার্যকারিতা শেষ পর্যন্ত নির্ভর করে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের ওপর। একটি কারখানায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হলো, দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হলো, বিদেশি ক্রেতার সঙ্গে রপ্তানি চুক্তিও হলো কিন্তু উৎপাদনের গুরুত্বপূর্ণ সময়ে গ্যাসের চাপ কমে গেল অথবা বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হলো; তখন শুধু উৎপাদন ব্যাহত হয় না, বাড়ে প্রতি ইউনিট পণ্যের খরচ, পিছিয়ে যায় সরবরাহের সময়সীমা এবং ক্ষতিগ্রস্ত হয় আন্তর্জাতিক ক্রেতার আস্থা। জাপানি বিনিয়োগকারীদের জন্য বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ।
গাড়ি উৎপাদন, যন্ত্রাংশ তৈরি, ইলেকট্রনিকস, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও আধুনিক শিল্পকারখানায় উৎপাদনের নির্দিষ্ট মান এবং সময়সীমা বজায় রাখা অপরিহার্য। এসব খাতে বিদ্যুৎ সরবরাহের অনিশ্চয়তা উৎপাদন পরিকল্পনাকে ব্যাহত করতে পারে; একইভাবে গ্যাসনির্ভর শিল্পের জন্যও। তাই সরকারকে একই সঙ্গে জ্বালানি সরবরাহের বাস্তবতা ও ব্যয়ের বিষয়টি বিবেচনা করতে হবে। আমদানি-নির্ভর জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও উৎপাদন ব্যয়ের ওপর চাপ তৈরি করতে পারে। তাই নতুন বিনিয়োগের পাশাপাশি জ্বালানির বহুমুখীকরণ, জ্বালানি দক্ষতা বৃদ্ধি, সঞ্চালন ও বিতরণ-ব্যবস্থার আধুনিকায়ন এবং শিল্পকারখানায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি।
গাড়ি উৎপাদন বাংলাদেশের জন্য নতুন শিল্পায়নের সুযোগ তৈরি করতে পারে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, টয়োটা বাংলাদেশে গাড়ি উৎপাদন স্থাপনা গড়ে তোলার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এবং ২০২৯ সালের মধ্যে পূর্ণাঙ্গ উৎপাদনের লক্ষ্য রয়েছে। উদ্যোগটি বাস্তবায়িত হলে স্থানীয় যন্ত্রাংশ উৎপাদন, প্রকৌশল দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান এবং সংশ্লিষ্ট ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের সুযোগ তৈরি হতে পারে। তবে গাড়ি সংযোজন এবং পূর্ণাঙ্গ উৎপাদন-শিল্প এক নয়। স্থানীয় যন্ত্রাংশ নির্মাতা গড়ে তোলা, মান নিয়ন্ত্রণের সক্ষমতা বাড়ানো, দক্ষ প্রকৌশলী তৈরি এবং দীর্ঘমেয়াদি সরবরাহ-ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। নীতিসহায়তা এমন হওয়া প্রয়োজন, যাতে বিনিয়োগকারীর পাশাপাশি দেশীয় শিল্পও প্রযুক্তিগতভাবে সক্ষম হয়ে ওঠে।
প্রযুক্তি খাতেও একই ধরনের প্রস্তুতি দরকার। কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, রোবোটিকস ও ইলেকট্রনিকস উৎপাদনকে কেন্দ্র করে বাংলাদেশ-জাপান প্রযুক্তি পার্ক প্রতিষ্ঠার পরিকল্পনা উচ্চমূল্য সংযোজনের সুযোগ তৈরি করতে পারে। কিন্তু শুধু অবকাঠামো নির্মাণ করলেই প্রযুক্তি-শিল্প গড়ে ওঠে না। প্রয়োজন নির্ভরযোগ্য ইন্টারনেট, তথ্য সুরক্ষা, গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ এবং শিল্পের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষ জনবল। রেল ও লজিস্টিকস খাতে জাপানের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা ও বরিশালকে যুক্ত করে দ্রুতগতির রেল নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনার কথা প্রধানমন্ত্রী তুলে ধরেছেন। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে বাংলাদেশের সম্ভাবনা তুলনামূলকভাবে বিস্তৃত। ফল, সবজি, মাছ, মাংস ও অন্যান্য কৃষিপণ্য প্রক্রিয়াজাত করে দেশীয় বাজারের পাশাপাশি জাপানসহ আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ রয়েছে।
আমাদের প্রধানমন্ত্রী জাপানি কোম্পানিগুলোর উত্থাপিত কয়েকটি উদ্বেগের কথা স্বীকার করেছেনÑ নির্ভরযোগ্য জ্বালানি, দক্ষ অবকাঠামো এবং শুল্ক ও করব্যবস্থার পূর্বানুমান-যোগ্যতা। এই স্বীকৃতি গুরুত্বপূর্ণ। এখন প্রয়োজন ঘোষণাকে বাস্তব সংস্কারে রূপ দেওয়া। জমি বরাদ্দ, পরিবেশগত ছাড়পত্র, ইউটিলিটি সংযোগ ও প্রশাসনিক অনুমোদনে দীর্ঘসূত্রতা কমাতে হবে। বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়িয়ে বিনিয়োগকারীদের জন্য কার্যকর একক সেবা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে চুক্তির স্বচ্ছতা, প্রতিযোগিতামূলক ক্রয়প্রক্রিয়া, দুর্নীতি প্রতিরোধ এবং বিরোধ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
টোকিওর ফোরামে ১৭টি বিনিয়োগ ও সহযোগিতা প্রকল্পের ঘোষণা ইতিবাচক অগ্রগতি। তবে সমঝোতা স্মারক, বিনিয়োগের আগ্রহ এবং বাস্তবে অর্থ ছাড় করে প্রকল্প বাস্তবায়নÑ এগুলোকে এক করে দেখার সুযোগ নেই। প্রতিটি উদ্যোগের আর্থিক আকার, অর্থায়নের উৎস, বাস্তবায়নের সময়সীমা এবং কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা আলাদাভাবে যাচাই করা প্রয়োজন। সরকার চাইলে ঘোষিত প্রকল্পগুলোর জন্য একটি নিয়মিত অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করতে পারে। কোন প্রকল্প সম্ভাব্যতা যাচাইয়ের পর্যায়ে রয়েছে, কোনটির জমি ও অনুমোদন সম্পন্ন হয়েছে, কোনটিতে অর্থায়ন নিশ্চিত হয়েছে এবং কোনটি উৎপাদনে যাচ্ছেÑ এসব তথ্য জনসমক্ষে থাকলে জবাবদিহি বাড়বে। একই সঙ্গে বিনিয়োগের পরিমাণের পাশাপাশি প্রযুক্তি স্থানান্তর, স্থানীয় কর্মসংস্থান, রপ্তানি আয় এবং দেশীয় প্রতিষ্ঠানের অংশগ্রহণও মূল্যায়ন করতে হবে।
বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বা ইপিএ নিয়েও বাস্তব প্রস্তুতি জরুরি। জানা গেছে, চুক্তির আওতায় বাংলাদেশের ৭ হাজার ৩৭৯টি পণ্য জাপানের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। এই সুযোগ কাজে লাগাতে পণ্যের মান, উৎপাদন সক্ষমতা, উৎসবিধি অনুসরণ এবং সরবরাহের সময়সীমা নিশ্চিত করতে হবে। বাজারে প্রবেশের সুযোগ তৈরি হওয়া আর সেই বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা এক বিষয় নয়। মানবসম্পদ উন্নয়নও তাই বিনিয়োগ কৌশলের অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত। জাপানি ভাষা শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের অংশীদারত্ব এবং কর্মক্ষেত্রভিত্তিক দক্ষতা উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে। এতে জাপানি প্রতিষ্ঠানগুলো দক্ষ কর্মী পাবে, আর বাংলাদেশের তরুণেরা পাবে উন্নত কর্মসংস্থান ও প্রযুক্তি শেখার সুযোগ।
জাপানি বিনিয়োগের আহ্বানকে সফল করতে হলে সরকারের সামনে এখন তিনটি অগ্রাধিকার থাকা উচিত : প্রথমত, শিল্পাঞ্চলে নির্ভরযোগ্য ও প্রতিযোগিতামূলক ব্যয়ের জ্বালানি নিশ্চিত করা; দ্বিতীয়ত, বিনিয়োগ-সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া সহজ ও পূর্বানুমানযোগ্য করা; তৃতীয়ত, ঘোষিত প্রকল্পগুলোর বাস্তবায়ন, কর্মসংস্থান এবং অর্থনৈতিক সুফল নিয়মিতভাবে পরিমাপ করা। কেননা বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের সম্ভাবনার কথা শুনবেন, কিন্তু সিদ্ধান্ত নেবেন বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে। তাদের কাছে আস্থার সবচেয়ে বড় প্রমাণ হবে এমন একটি কারখানা, যেখানে উৎপাদন পরিকল্পনা অনুযায়ী চলছে; এমন একটি বন্দর, যেখানে পণ্য সময়মতো খালাস হচ্ছে; এমন একটি নীতিব্যবস্থা, যেখানে নিয়ম হঠাৎ বদলে যাচ্ছে না; এবং এমন একটি প্রশাসন, যেখানে প্রতিশ্রুত সেবা নির্ধারিত সময়ে পাওয়া যাচ্ছে।
প্রধানমন্ত্রীর জাপান সফর নতুন সম্ভাবনার বার্তা দিয়েছে। এখন সেই সম্ভাবনাকে বাস্তব শিল্পায়নে রূপ দেওয়ার দায়িত্ব বাংলাদেশের। আমরা মনে করি, এই মুহূর্তে বিনিয়োগকারীদের প্রবেশ করানো, তাদের উৎপাদনে যেতে সহায়তা করা এবং দীর্ঘ মেয়াদে ব্যবসা সম্প্রসারণের আস্থা দেওয়া জরুরি। পাশাপাশি নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ, নির্ভরযোগ্য অবকাঠামো ও কার্যকর নীতির নিশ্চয়তা দিতে পারলেই জাপানের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছানোর বাস্তব ভিত্তি তৈরি হবে।
লেখক: কলামিস্ট ও শিল্পোদ্যোক্তা