রাকিবুল হাসান মুন্না
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ ১১:৪৯ এএম
বঙ্গোপসাগর-মেঘনা নদীর মোহনায় অবস্থিত ২,১০০ বর্গকিলোমিটারেরও বেশি আয়তনের এই দ্বীপে অর্থনৈতিক প্রবৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে। ছবি: বিবিসি
নদী ও সমুদ্রের মিলনভূমি হাতিয়া দ্বীপ প্রকৃতির হাতে আঁকা সম্ভাবনার এক মানচিত্র। অথচ সেই মানচিত্রে ছড়িয়ে থাকা সম্পদকে টেকসই উন্নয়নের চালিকাশক্তিতে রূপান্তর করার কাজ এখনও অনেক বাকি। বঙ্গোপসাগর-মেঘনা নদীর মোহনায় অবস্থিত ২,১০০ বর্গকিলোমিটারেরও বেশি আয়তনের এই দ্বীপে অর্থনৈতিক প্রবৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে। তবে জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবে দ্বীপটির মানুষকে প্রতিনিয়ত টিকে থাকার সংগ্রাম চালাতে হচ্ছে। হাতিয়ার উত্তরাঞ্চলে ভূমিক্ষয় ঘটলেও দক্ষিণে রয়েছে উর্বর চরাঞ্চল এবং সমৃদ্ধ বাস্তুতন্ত্র। এসব প্রাকৃতিক বৈশিষ্ট্য উপকূলীয় জীবনযাত্রাকে করেছে বৈচিত্র্যময়। প্রায় সাড়ে ৭ লাখ মানুষের ৬৩ শতাংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি, গবাদিপশু পালন, মৎস্য আহরণের ওপর নির্ভরশীল। তাই দূরবর্তী দুর্যোগপ্রবণ দ্বীপ হিসেবে হাতিয়াকে সীমাবদ্ধ করে দেখার সুযোগ নেই। বরং বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উপকূলীয় অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিকাশকেন্দ্র হয়ে ওঠার প্রাকৃতিক সম্ভাবনা রয়েছে দ্বীপটির। বারবার নদীভাঙনে ভিটেমাটি হারানো মানুষের দীর্ঘমেয়াদি আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে সমুদ্র সম্পদের সমন্বিত টেকসই ব্যবহার অপরিহার্য।
সামুদ্রিক পরিবেশ সুরক্ষার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও উপকূলীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নের সমন্বিত ধারণাই হলো সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি। সমুদ্র সম্পদের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশের জাতীয় রূপকল্প-২০৪১, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা-২১০০ এবং জাতীয় অভিযোজন পরিকল্পনায় সুনীল অর্থনীতিকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিষ্ঠিত ব্লু ইকোনমি সেলসহ বিভিন্ন জাতীয় সংস্থা ভূমিকা রাখছে।
জাতীয় খাদ্য নিরাপত্তায় প্রোটিনের চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম। দেশের মোট প্রাণিজ প্রোটিনের প্রায় ৬০ শতাংশ এ খাত থেকে সরবরাহ করা হয়। মেঘনা নদীর মোহনা ও বঙ্গোপসাগরের সংযোগস্থলে অবস্থিত হাতিয়ার উপকূলীয় অঞ্চল মৎস্য সম্পদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক প্রজননক্ষেত্র। বিশেষ করে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত ইলিশ উৎপাদনে হাতিয়া সংলগ্ন অভয়াশ্রমগুলোর অবদান অসামান্য। এ ছাড়া রূপচাঁদা, ভেটকি, পোয়া, ছুরিমাছ, চিংড়িসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ এ অঞ্চলে পাওয়া যায়। তবে অনিয়ন্ত্রিত মৎস্য আহরণ রোধ এবং ক্ষতিকর জালের ব্যবহার নিয়ন্ত্রণে সমুদ্রের মাছের প্রকৃত জৈবভর নিরূপণসহ বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা জরুরি।
হাতিয়ার সামুদ্রিক অর্থনীতির বিপুল সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ দূর করা জরুরি। বর্তমানে খাতভিত্তিক দৃষ্টিভঙ্গির কারণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ প্রায় ২০টি সরকারি সংস্থা নিজ নিজ ক্ষেত্রে পৃথকভাবে সিদ্ধান্ত গ্রহণ করছে। ফলে সমন্বিত সুনীল অর্থনীতির বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। সামুদ্রিক সম্পদ বিষয়ক বৈজ্ঞানিক তথ্য-উপাত্তের ঘাটতি, অনিয়ন্ত্রিত অবৈধ মৎস্য আহরণ, উপকূলীয় প্লাস্টিক দূষণ, অপর্যাপ্ত নজরদারি এবং স্থানীয় জনগোষ্ঠীর সীমিত অংশগ্রহণ টেকসই সামুদ্রিক উন্নয়নের পথে বড় অন্তরায়। টেকসই মৎস্য ব্যবস্থাপনা, জলোচ্ছ্বাস মোকাবিলায় জলবায়ু-সহনশীল উপকূলীয় বাঁধ নির্মাণ, সংবেদনশীল ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র সংরক্ষণ ও স্থানীয় জনগণের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির জন্য সমন্বিত জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন অপরিহার্য। এই প্রেক্ষাপটে হাতিয়া, ভোলা, নিঝুম দ্বীপ সংলগ্ন মেঘনা মোহনায় সামুদ্রিক স্থানিক পরিকল্পনা প্রয়োগের বিষয়ে গবেষণাভিত্তিক দিকনির্দেশনা একটি গুরুত্বপূর্ণ নীতিগত অগ্রাধিকার হিসেবে বিবেচিত হতে পারে। বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা ২১০০ এবং টেকসই উন্নয়ন অভীষ্ট ১৪-এর লক্ষ্য অর্জনে সমুদ্র উপকূলীয় জলসীমাকে বৈজ্ঞানিক মূল্যায়নের ভিত্তিতে বাণিজ্যিক মৎস্য আহরণ এলাকা, পরিবেশবান্ধব মেরিকালচার অঞ্চল, সংরক্ষিত সামুদ্রিক এলাকা, নিরাপদ নৌ-পরিবহন চ্যানেলে নির্ধারিত ইকোট্যুরিজম অঞ্চলে ভাগ করে সুনির্দিষ্ট ব্যবস্থাপনা নীতি প্রয়োগ করা প্রয়োজন।
সামুদ্রিক অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগাতে সময়োপযোগী নীতি বাস্তবায়নের জন্য তিন ধাপের একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা যেতে পারে। প্রথমত, স্বল্পমেয়াদি পর্যায়ে (১-২ বছর) বঙ্গোপসাগর-মেঘনা মোহনায় মাছের মজুদ জরিপ, বায়োমাস নিরূপণ, ব্লু ইকোনমি স্যাটেলাইট অ্যাকাউন্ট (বিবিইএসএ) চালুর সম্ভাব্যতা যাচাই এবং আধুনিক প্রযুক্তিনির্ভর জাতীয় তথ্যভান্ডার গড়ে তোলা জরুরি।
দীর্ঘমেয়াদি জাতীয় পরিকল্পনা, বদ্বীপ পরিকল্পনা ২১০০ ও জলবায়ু অভিযোজন কৌশলের সঙ্গে উপকূলীয় প্রান্তিক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে হাতিয়া বাংলাদেশের সমুদ্রনির্ভর প্রবৃদ্ধির অন্যতম কেন্দ্রে পরিণত হতে পারে। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা করে বঙ্গোপসাগরের বিপুল সম্পদের সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করার এই সমন্বিত উদ্যোগ বাংলাদেশের বদ্বীপভিত্তিক অর্থনীতির দিগন্ত প্রসারিত করবে। হাতিয়ার ভবিষ্যৎ নির্ভর করছে সমুদ্র উপকূলের সম্পদ কতটা বিজ্ঞানসম্মত, ন্যায়সঙ্গত, পরিবেশবান্ধব উপায়ে কাজে লাগানো যায় তার ওপর। সমুদ্রের সম্ভাবনাকে স্থানীয় মানুষের সমৃদ্ধি, কর্মসংস্থান এবং টেকসই অর্থনৈতিক অগ্রগতিতে রূপান্তর করতে পারলেই হাতিয়া বাংলাদেশের সুনীল অর্থনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।
লেখক: শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর