× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এইচএসসির ফল বিপর্যয়

শিক্ষার মানের সর্বনাশা অধোগতি

সম্পাদকীয়

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১২:২৩ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৬ ১২:২৪ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গতকাল একযোগে দেশের ১১টি শিক্ষা বোর্ডের চলতি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর সর্বত্র হতাশার সুর বেজে উঠেছে। এবার পাসের হার ৫২ দশমিক ২১ শতাংশ, যা বিগত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। এবার মোট পরীক্ষার্থী ছিল ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন আর পাস করেছে ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ প্রাপ্তির হারও। এবার জিপিএ-৫ পেয়েছে ৩৫ হাজার ৯৪৮ জন, গত বছর পেয়েছিল ৬৩ হাজার ২১৯ জন। অন্যদিকে একজন শিক্ষার্থীও পাস করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। এবার সারা দেশে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাস করতে পারেনি। গত বছর এ সংখ্যা ছিল ২০২টি। অর্থাৎ এক বছরে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি। এবারের ফল বিপর্যয়ের অবশ্যম্ভাবী প্রতিক্রিয়ায় আগামী শিক্ষাবর্ষে উচ্চশ্রেণিতে শিক্ষার্থী সংকট দেখা দিতে পারে বলে অভিমত প্রকাশ করেছেন অনেক শিক্ষাবিদ। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের দুই মাসের মধ্যে পুনঃপরীক্ষাদানের সুযোগ দেওয়া হবে।

এসএসসি বা এইচএসসির মতো পাবলিক পরীক্ষার ফলাফল নিয়ে আমাদের দেশে একটি ভুল ধারণা প্রচলিত আছে। ফলাফল খারাপ হলে অনেকে বলেন, শিক্ষা বোর্ড তথা সরকার পাসের হার কমিয়ে দিয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে বলে মনে হয় না। কেননা, ইতোমধ্যে সামাজিক মাধ্যমে এ নিয়ে নানা মুনির নানা মত প্রকাশ পাচ্ছে। তবে ধারণাটি মোটেও বাস্তবানুগ নয়। কেননা, একজন শিক্ষার্থী পাস করলে তাকে জোর করে কেউ ফেল করিয়ে দিতে পারে না। শিক্ষা বোর্ড বা সরকার কখনও পাসের হার নির্ধারণ করে দেয় না। কৃতকার্য মোট শিক্ষার্থীর গড় হিসাব অনুযায়ী পাসের হার জানানো হয়। তবে কখনও কখনও শিক্ষা বোর্ড নানা কারণে পাসের হার বাড়ানোর পদক্ষেপ নিয়ে থাকে। এজন্য নিরীক্ষকদের নমনীয়ভাবে খাতা দেখা ও দু’চার নম্বর বাড়িয়ে পাস করিয়ে দেওয়ার গোপন নির্দেশ দেওয়া হয়ে থাকে। 

এ গোপন নির্দেশের ফলাফল আমরা দেখেছি বিগত বছরগুলোতে। তখন পাসের হার যেমন ৭০-৮০ শতাংশ ছুঁয়েছিল, তেমনি জিপিএ ৫-এরও ছিল ছড়াছড়ি। এটা ছিল লীগ সরকারের সস্তা জনপ্রিয়তা অর্জন কিংবা শিক্ষায় বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতি প্রদর্শনের অপরিণামদর্শী ভাবনার বহিঃপ্রকাশ। বলা নিষ্প্রয়োজন, তাদের সে অবিমৃশ্যকারী চিন্তাভাবনা ও পদক্ষেপের ফলে দেশের শিক্ষাব্যবস্থায় লেজেগোবরে অবস্থার সৃষ্টি হয়েছে। অন্যদিকে চব্বিশের গণঅভ্যুত্থানের পর অটো পাসের যে সর্বনাশা দাবি শিক্ষার্থীরা করতে থাকে এবং শিক্ষা মন্ত্রণালয় তথা অন্তর্বর্তীকালীন সরকার কতিপয় শিক্ষার্থীর মব-সন্ত্রাসের কাছে নতি স্বীকার করে, তা পুরো শিক্ষাব্যবস্থাকে খাদের কিনারায় নিয়ে গেছে। 

এবারের এইচএসসির ফলাফলে কেউ কেউ বিস্মিত হলেও সচেতন ব্যক্তিগণ মোটেই বিস্মিত হননি। ফলাফলে যে বিপর্যয় নেমে এসেছে, অনেকের মতে এটাই অনিবার্য ছিল। বিশেষত, বিগত বছরগুলোতে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ও বই-খাতা বিমুখতা এবং একশ্রেণির শিক্ষকের পাঠদানে অনীহা সামগ্রিক শিক্ষাব্যব্স্থায় যে অরাজক অবস্থার সৃষ্টি করেছে, ফলাফলের এই লজ্জাজনক হার তার বড় প্রমাণ। বলাই বাহুল্য, শিক্ষার্থীদের ক্লাসরুম এখন আর শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় জায়গা নয়। তারা আকৃষ্ট তথ্যপ্রযুক্তির অপব্যবহারে নানা ধরনের কর্মকাণ্ডে। রাজধানীর কিছু স্কুল-কলেজে অবশ্য মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। তবে দেশের তাবৎ শিক্ষাপ্রতিষ্ঠানে ফাইভ-সিক্স শ্রেণির শিক্ষার্থীদের হাতেও মোবাইল ফোন দেখা যায়। 

এটা অস্বীকার করা যাবে না, বর্তমান প্রজন্মকে বইমুখী করার তেমন কোনো প্রচেষ্টা লক্ষ করা যায় না। শিক্ষার্থীদের অভিভাবকগণ বা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ এ দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। ফলে শাসন না থাকায় শিক্ষার্থীরা পাঠে মনোযোগী হওয়ার পরিবর্তে ভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হচ্ছে, জড়িয়ে যাচ্ছে কিশোর গ্যাংয়ের ভয়ংকর অপরাধপ্রবণতায়। 

এবারের এইচএসসির ফলাফল বিপর্যয়ের জন্য এককভাবে কাউকে দায়ী করা যাবে না। কেননা, শিক্ষকগণ যেমন ক্লাসে পড়ানোর পরিবর্তে কোচিং ব্যবসায়ে বেশি মনোযোগী, তেমনি অভিভাবকগণও সন্তানকে শিক্ষপ্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দিয়েই তাদের দায়িত্ব সম্পন্ন করেন। সন্তান কী শিক্ষা গ্রহণ করল কিংবা কতটুকু জ্ঞানার্জন করল, তার খোঁজখবর নেওয়ার কোনো তাগিদ তারা অনুভব করেন না। তাদের এ ঔদাসীন্য শিক্ষার্থীদের পাঠে অমনোযোগী হওয়ার অন্যতম কারণ। 

আমরা বলে থাকি, আজকের শিশু বা শিক্ষার্থী আগামীর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে। কিন্তু তাদের সেভাবে গড়ে তোলার জন্য যে তদারকি দরকার আমরা তা করি না। আর এখানেই আমাদের ব্যর্থতার মূল কারণ লুক্কায়িত। আমরা মনে করি, আজ যেসব শিক্ষর্থী অকৃতকায হয়েছে, এ ব্যর্থতা তাদের নয়, এ ব্যর্থতা প্রতিটি অভিভাবক এবং শিক্ষকের। ব্যর্থতা সব সময় সাফল্যের পথনির্দেশ করে। আজ যারা কাঙ্ক্ষিত ফল লাভে ব্যর্থ হয়েছে, মনোবল অটুট রেখে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে আগামীতে নিশ্চয়ই তারা সাফল্যের সূর্যকে স্পর্শ করতে পারবে। আমরা কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি অকৃতকার্যদের দ্বিগুণ উৎসাহে পড়াশোনায় মনেনিবেশ করার আহ্বান জানাই। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা