প্রতিকৃতি: প্রতিদিনের বাংলাদেশ
প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি উপন্যাসের নাম ‘হলুদ হিমু কালো র্যাব’। গল্পটি এরকমÑ গভীর রাতে র্যাব (বর্তমানে এসআরবি) হিমুকে রাস্তা থেকে ধরে নিয়ে এক থানায় হস্তান্তর করে। থানার হাজতে গিয়ে পরিচয় হয় ‘কানকাটা মজিদ’ নামের এক সন্ত্রাসীর সঙ্গে। পুলিশ এসে কানকাটা মজিদের কাছে জানতে চায়, রাতে সে কী খেতে চায়। এটাও জানায়, ওটাই হবে দুনিয়ায় তার শেষ খাওয়া। মজিদ জানায়, মরার আগে সে তার প্রিয় খাবার আলু ভর্তা ও মসুরের ডাল দিয়ে গরম ভাত খেতে চায়। হিমু জানতে পারে, মজিদকে ওই রাতে ‘ক্রসফায়ারে’ দেওয়া হবে। কিছু জিজ্ঞাসাবাদের পর হিমুকে সে রাতে ছেড়ে দেওয়া হয়। একদিন পরে হিমু সংবাদপত্রে একটি খবর পড়ে চমকে ওঠে। খবরে বলা হয়েছে, ‘ইতোপূর্বে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী কানকাটা মজিদকে নিয়ে অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে পুলিশ যখন তার গোপন আস্তানায় যাচ্ছিল, পথিমধ্যে তোর সঙ্গী-সাথী সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলিবর্ষণ করে। এ সময় পালাতে গিয়ে ক্রসফায়ারে পড়ে মজিদ নিহত হয়।’ কিছুদিন পরে আবার হিমুকে ওই থানায় নেওয়া হলে সে জানতে চায়, গুলি করে মারার আগে মজিদকে আলু ভর্তা ও মসুরের ডাল দিয়ে গরম ভাত খাওয়ানো হয়েছিল কি না।
হুমায়ূন আহমেদের এ উপন্যাসটি পাঠকমহলে ব্যাপক সাড়া জাগানোর পাশাপাশি পুলিশ ও র্যাবের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। উপন্যাসের লেখক হুমায়ুন আহমেদ না হয়ে অন্য কেউ হলে তার পরিণতি কানকাটা মজিদের মতো না হলেও হেনস্তা থেকে রেহাই পেতেন বলে মনে হয় না। উপন্যাসটি প্রকাশিত হয়েছিল ২০০৬ সালের ফেব্রুয়ারি মাসে অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে। রাষ্ট্রক্ষমতায় তখন বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার। প্রশাসনের কেউ কেউ চেয়েছিলেন রাষ্ট্রীয় বাহিনী নিয়ে অমন নিন্দাসূচক একটি উপন্যাস লেখার ‘অপরাধে’ হূমায়ুন আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। কিন্তু প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কারণে তা হয়ে ওঠেনি। তিনি লেখকের স্বাধীনতার মর্যাদা দিতে জানতেন। কেউ স্বীকার করুক বা না করুক, আমাদের দেশে এযাবৎ যত ক্রসফায়ারের গল্প সাজানো হয়েছে, তার সবগুলো একই ধরনের। এমনকি নিরাপত্তা হেফাজতে যে হত্যাকাণ্ডটি বাংলাদেশে প্রথম ক্রসফায়ার হিসেবে স্বীকৃত, সেটার গল্পও ছিল একই ধরনের। ১৯৭৫ সালের ২ জানুয়ারি কমরেড সিরাজ সিকদারকে হত্যার কারণ হিসেবে সরকারি ভাষ্যে বলা হয়েছিল, ‘অস্ত্র উদ্ধারের জন্য গোপন আস্তানায় যাওয়ার সময় পালাতে গিয়ে তিনি নিহত হয়েছেন।’ তবে সে গল্প কারও কাছে বিশ্বাসযোগ্য হয়নি।
প্রথম দিকে ক্রসফায়ার নামের হত্যাকাণ্ডে বিভিন্ন স্তরের সন্ত্রাসীরাই নিহত হতো। ফলে তা জনসাধারণের একধরনের মৌন সমর্থন পেয়েছিল। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে যখন বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের ক্রসফায়ারে হত্যা করা হচ্ছিল, তখন তা দেশ-বিদেশে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন ক্রসফায়ারের নামে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ বন্ধ করতে তৎকালীন লীগ সরকারের প্রতি আহ্বান জানায়। কিন্তু শেখ হাসিনার সরকার তাতে কর্ণপাত না করে বিএনপি নেতাকর্মীদের নিধনযজ্ঞ অব্যাহত রাখে। একপর্যায়ে যুক্তরাষ্ট্র র্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এমনকি সংস্থাটির তৎকালীন প্রধান বেনজীর আহমদ, যিনি পরে আইজিপি হয়েছিলেন, তিনিসহ বেশ কয়েকজন কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বাংলাদেশ মানবাধিকার হরণকারী রাষ্ট্র হিসেবে পরিচিতি পায়।
অন্যদিকে ক্রসফায়ারের নামে র্যাবের নির্বিচার হত্যাকাণ্ডে বিএনপি তীব্র প্রতিবাদ জানায় এবং এ এলিট ফোর্সটির বিলুপ্তির দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করে। দেশ-বিদেশের বহু বাংলাদেশি র্যাব বিলুপ্তির সে গণস্বাক্ষরে অংশ নেয়। বিএনপি তখন প্রতিশ্রুতি দেয় যে তারা সরকার গঠন করলে র্যাবকে বিলুপ্ত করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের ‘বাই প্রোডাক্ট’ হিসেবে বিএনপি সরকার গঠনের পর বিভিন্ন মহল থেকে তাদের সে পূর্বপ্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। এ ক্ষেত্রে বিএনপি সরকার একটি স্থূল কৌশল অবলম্বন করে। তারা র্যাব বিলুপ্ত না করে এর নাম পরিবর্তন করে। ফলে পুরনো র্যাব এখন এসআরবি, মানে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ হিসেবে বহাল তবিয়তে আছে। এ যেন ‘নতুন বোতলে পুরনো মদ’ প্রবাদের সার্থক উদাহরণ। অন্যদিকে রসিক ব্যক্তিরা এটাকে র্যাবের ‘কসমেটিক সার্জারি’ বলেও কটাক্ষ করে থাকেন।
দীর্ঘদিন পরে ক্রসফায়ার প্রসঙ্গটি আবার আলোচনায় এনেছেন স্বয়ং পুলিশপ্রধান আলী হোসেন ফকির। গত ২৭ অক্টোবর রাজধানীর চকবাজারে একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় যেখানে ক্রসফায়ার প্রয়োজন, সরকার যদি অনুমতি দেয়, তাহলে তারা সেটা করবেন। তার এ বক্তব্য সঙ্গত কারণেই চারদিকে হইচই ফেলে দিয়েছে। রাজনৈতিক, মানবাধিকার ও সামাজিক সংগঠনগুলো তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। সংবাদমাধ্যমে চলছে বিতর্ক ও সমালোচনার ঝড়। সংবিধান ও মানবাধিকার পরিপন্থী বক্তব্যের জন্য অনেকে আইজিপি আলী হোসেন ফকিরের অপসারণও দাবি করেছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আইজিপির বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি এ বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যাও দাবি করেছে। সংস্থাটি বলেছে, আইজিপির বক্তব্য আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা মোকাবিলার পরিবর্তে বিচারবহির্ভূত হত্যাকে অপরাধ দমনের গ্রহণযোগ্য হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠার বিপজ্জনক বার্তা দেয়। একই সঙ্গে টিআইবি আইজিপির বক্তব্যের আনুষ্ঠানিক ব্যাখ্যা, প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও তার প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে।
আইজিপি আলী হোসেন ফকিরের সংবিধান ও মানবাধিকার পরিপন্থী বক্তব্যে দেশব্যাপী তীব্র অসন্তোষ সৃষ্টি হওয়ায় ওই দিনই সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে একটি ব্যাখ্যাসূচক বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, আইজিপি তার বক্তব্যে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে পুলিশের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি এ ক্ষেত্রে আইনের কঠোরতা বোঝাতে ‘ক্রসফায়ার’ শব্দটি ‘রূপক’ অর্থে উল্লেখ করেছেন। কয়েকটি সংবাদপত্রের খবরে বলা হয়েছে, পুলিশ সদর দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে প্রথমে ‘ক্রসফায়ার’ শব্দটি ‘আক্ষরিক’ অর্থে বলে উল্লেখ করা হলেও পরে তা সংশোধন করে ‘রূপক’ অর্থে উল্লেখ করার কথা জানিয়েছে। পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তির ব্যাখ্যা কারও কাছে গ্রহণযোগ্য হয়েছে, এটা বলা যাবে না। কেননা চকবাজারের ওই অনুষ্ঠানটি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষের সাহিত্যের ক্লাস কিংবা কোনো সাহিত্য সংগঠনের পাঠচক্রের অনুষ্ঠান ছিল না, যেখানে আইজিপি ‘রূপক’ অর্থে কোনো কথা বলতে পারেন। বরং তিনি যে ‘আক্ষরিক’ অর্থেই বিগত বছরগুলোতে আমাদের দেশে নিন্দিত-ধিকৃত ‘ক্রসফায়ার’কেই বুঝিয়েছেন, তা নিয়ে সংশয়ের অবকাশ নেই। বিশেষত পুলিশ সদর দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি সেটাই প্রমাণ করে।
‘ক্রসফায়ার’ শব্দটির আভিধানিক অর্থ হলো, একই সময়ে দুই বা ততোধিক দিক থেকে ছুটে আসা বন্দুকের গুলির ‘ক্রসিং পয়েন্ট’ বা ছেদনকারী অবস্থান। অর্থাৎ দুই বা ততোধিক বন্দুকধারী গ্রুপের গোলাগুলির মাঝখানে পড়ে যখন কেউ নিহত হয়, তখন তাকে ক্রসফায়ারে নিহত বলা যায়। কিন্তু আমাদের দেশে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকা ব্যক্তিকে রাতের অন্ধকারে জনবিরল এলাকায় এক বা একাধিক গুলিতে হত্যা করা ক্রসফায়ার হয় কী করেÑ এ প্রশ্নের জবাব পুলিশ, র্যাব বা সরকার কখনও দেয়নি। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে আইজিপি সাহেব দুষ্কৃতকারী দমনের জন্য কথিত ক্রসফায়ারের প্রয়োজন অনুভব করলেন কেন? এ পর্যন্ত তার বক্তব্যের যেসব প্রতিক্রিয়া গণমাধ্যমে এসেছে, তাতে একজনও তাকে সমর্থন করেছেনÑ এমন প্রমাণ নেই। সরকারের মন্ত্রী-উপদেষ্টারাও বলেছেন, আইজিপির বক্তব্য সমীচীন হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী যদিও বলেছেন “আইজিপি ‘সরলমনে’ কথাটি বলে ফেলেছেন, তবে ঠিক হয় নি”, তবে তিনি এটাও জানিয়েছেন, প্রধানমন্ত্রী দেশে প্রত্যাবর্তনের পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর শেষ করে দেশে ফিরেছেন। এখন দেখার অপেক্ষা, তিনি কী সিদ্ধান্ত নেন আইজিপির এখতিয়ারবহির্ভূত ও আইনবিরোধী বক্তব্যের জন্য; যা সরকারকে চরম বিব্রতকর অবস্থায় ফেলেছে। জনসাধারণ উন্মুখ হয়ে আছে, আইজিপি আলী হোসেন ফকির কী ধরনের দণ্ডের মুখোমুখি হন, তা দেখার জন্য। তিনি কি যথাযথ শাস্তির সম্মুখীন হবেন, নাকি ‘গুরু পাপে লঘু দণ্ড পেয়ে’ এ যাত্রায় বেঁচে যাবেন। তবে অভিজ্ঞজনরা বলছেন, বিষয়টি হালকাভাবে নিলে সরকার ভুল করবে। কেননা এটা তাহলে নজির হয়ে যাবে এবং অন্যরাও এ ধরনের বালখিল্য বক্তব্য-মন্তব্য করতে সাহস পাবে; যা একটি ডিসিপ্লিন্ড বাহিনীর জন্য ক্ষতিকর হতে পারে। তা ছাড়া আইজিপির বক্তব্য হঠাৎ আবেগপ্রসূত বা স্লিপ আব টাং ছিল না, ছিল সুচিন্তিত। দেশের পুলিশপ্রধানের এমন আইন ও মানবাধিকারবিরোধী বক্তব্যজনিত অপরাধকে উপেক্ষা করার কোনো সুযোগ আছে বলে মনে হয় না। বিষয়টি গভীরভাবে ভেবে দেখতে হবে সরকারকে।
স্মরণযোগ্য, স্বাধীনতা-পরবর্তী সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেছিলেন ‘নকশাল দেখামাত্র গুলি করা হবে।’ তার এ হুমকির জবাবে মজলুম জননেতা মওলানা ভাসানী বলেছিলেন, ‘মজিবর, নকশাল কারও গায়ে লেখা থাকে না। কারে গুলি করবা তুমি?’ উল্লেখ্য, সে সময়ে মুজিব সরকারবিরোধী বামপন্থীদের ভারতীয় নকশালপন্থী হিসেবে চিত্রিত করা হতো। বলা নিষ্প্রয়োজন, রাষ্ট্রে প্রধান নির্বাহীর আসনে উপবিষ্ট শেখ মুজিবুর রহমানের উল্লিখিত উক্তি তাকে মানবাধিকারবিরোধী রাজনীতিকের তকমা এঁটে দিয়েছিল।
আলী হোসেন ফকির রাষ্ট্রের শীর্ষস্থানীয কোনো নির্বাহী নন। একজন সিনিয়র পাবলিক সার্ভেন্ট মাত্র। তার মুখ দিয়ে যখন মানবাধিকার পরিপন্থী এমন কদর্য উক্তি উচ্চারিত হয়, তখন সেটাকে আইনের শাসন প্রতিষ্ঠার আকাশে কালো মেঘের ঘনঘটা হিসেবে গণ্য করা অসমীচীন নয় বোধ হয়। এখন দেখার বিষয়, সরকার বা সরকারপ্রধান এ বিষয়ে কী পদক্ষেপ নেন।
লেখক: সহকারী সম্পাদক, প্রতিদিনের বাংলাদেশ