ডা. উজ্জ্বল কুমার রায়
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১১:৫৪ এএম
ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে হৃদকম্পন কেঁপে চলছে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের। ছবি: সংগৃহীত
ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে হৃদকম্পন কেঁপে চলছে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের। গতি এক থাকলেও অপেক্ষায় থাকা ফলপ্রত্যাশীদের হৃদকম্পন চলতে চলতে ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশিত হয়েছে। গড় হার ৫২.১২ শতাংশ হলেও বরিশাল-যশোর বোর্ডসহ উপজেলা পর্যায়ে বিপর্যয় হয়েছে। এমনকি দেশের ২৯৩টি কলেজে কেউ পাসই করেনি। ফলাফল প্রত্যাশী পরিবার-শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্ছ্বাসের পরিবর্তে হতাশা বিরাজ করছে। যদিও শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন এক-দুই বিষয়ে অকৃতকার্যদের মাসখানেকের মধ্যে পুনরায় পরীক্ষা নিতে চাই। যাই হোক, আপাতত ফল বিপর্যয়ের শঙ্কায় অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই কাম্য নয়। বিগত সময়ে অকৃতকার্য শিক্ষার্থীদের আত্মহত্যার স্মৃতি বিষণ্ন করে তোলে।
আমাদের ছোটবেলা থেকে পড়াশোনার মাঝেই বেশ কিছু মহাপুরুষের জীবনী নিয়েও পঠন-পাঠন করিয়ে শিক্ষা দেওয়া হয়। পড়াশোনা আমাদের বুদ্ধি বিকাশের মাধ্যম আর মহাপুরুষদের জীবনী চরিত্র গঠনের উন্মেষ ঘটায়। এটুকু জানতে অবশ্য পারি যে পরিশ্রম জীবনের সমার্থক শব্দ, যা কিছু সাফল্য সংক্ষিপ্ত সময়ে এসে আমাদের ধরা দেয় তা একদিন দ্রুত চলে যাবে। তাই শুধু সংক্ষিপ্ত সময়ে আসা সাফল্য অন্ধ হয়ে না থেকে পরিশ্রমী হলে সেই সাফল্য বিলম্বিত হলেও দীর্ঘায়িত হয়Ñ এই ধারণাতেও বিশ্বাসী হওয়া সম্ভব। ইতিহাস থেকে সাম্প্রতিক অতীত অবধি এর ব্যতিক্রম হয়নি।
বিগত সময়ে এসএসসি-এইচএসসি ফল প্রকাশের ৭২ ঘণ্টায় তিন থেকে বাইশ জন অবধি শিক্ষার্থী মৃত্যুর খবর আমাদের বিবেককে নাড়া দিয়েছে। সেই সাথে এক অস্বাভাবিকতার জন্ম দিয়েছে। যেকোনো পেশার কাজই শ্রমভিত্তিক মানদণ্ডের ওপর সফলতা দেয়। আত্মঘাতী শিক্ষার্থীরা সামান্য সাফল্যের পাহাড়ে চড়ে ভবিষ্যৎ সম্পর্কে অত্যন্ত ভারী কিছু পরিকল্পনা করে এগোতে গিয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়লে আত্মহননকেই শেষ রাস্তা হিসেবে বেছে নেন। এরা সবাই বয়সে তরুণ-তরুণী। সামনে পুরো জীবন পড়ে ছিল। অল্প সময়ে সবার ফলাফল একরকম হবেÑ এমনটা ভাবা বোকামি। সাফল্য আস্তে আস্তে আসে এই কথা ধারণা করেনি। অতএব বিগত বছরগুলোর ঘটনার একটা সাধারণ যোগসূত্র রয়েছেÑ উচ্চাকাঙ্ক্ষা। উচ্চাকাঙ্ক্ষা মানুষকে তো মানসিক শান্তি দেয় না উল্টো একটা বিষাদময় জীবনের পরিণতি এনে দেয়। এর আগেও এমন ঘটনা ঝিনাইদহে মাত্রাতিরিক্ত দেখা দিয়েছিল। অথচ স্কুলে-কলেজে শ্রেণিকক্ষে বেশ প্রতিশ্রুতিবান ছিল।
দিন দিন এই আত্মহননের খবর প্রায়ই খবরের সম্মুখভাগে উঠে আসছে। তদন্ত করে দেখা যাচ্ছে এর একটাই কারণ উচ্চাকাঙ্ক্ষা অভিভাবকদের দেখে তাদের বা তাদের মানসিকতায় পোষিত হয়ে সন্তানেরা বড় হয়। অভিভাবকেরা যা পাননি তার অভিলাষ মেটাতে চায় তাদের সন্তানের ওপর দিয়ে। কখনও কখনও তাদের জীবনযাপনও প্রভাবিত করে সন্তানদের। একটু মানসিক অবসাদে বা না পাওয়া অথবা ব্যর্থতার তাদের স্বাভাবিক আচরণ সন্তানদের মনেও ছাপ ফেলে। এ ছাড়া দোসর হিসেবে অবাধে নেট পরিচালন তো আছেই। এর ফলে বাহ্যিক পৃথিবীর সাথে যোগাযোগ শূন্য হয়ে পড়ে তারা। এসব কিছু নিয়েই সন্তানটি যখন বড় হয় সে আর মোটেই সুস্থ মানবসন্তান থাকে না। অসুস্থ প্রতিযোগিতায় গা ভাসিয়ে মনের বিশ্বাস বলে অবশিষ্ট কিছু থাকে না। বেঁচে থাকে জিদ, সে হয়ে ওঠে উচ্চাকাঙ্ক্ষী। আর তার চাহিদার অন্যথা হলেই মানসিক অবসাদে ভুগতে থাকে। জীবনে শ্রমভিত্তিক সাফল্যের কথা তারা পাঠ পায় না বলেই অল্পেই ভেঙে পড়ে আর দিশাহীন মনে করে জীবনের ইতি টেনে আনে।
সব সময় সফলতা আসে না। অনাগত জীবন অসীম তাই সম্ভাবনাও অসীম। পৃথিবীকে যারা নিয়ন্ত্রণ করে তাদের দিকে তাকাও, তাদের জীবন সম্পর্কে জানো। দেখে শেখো, ঠকেও শেখো, তবুও আত্মহনন নয়। জীবনের বিশ্লেষণ করা ছেড়ে দাও, এটা জীবনকে আরও জটিল করে দেবে। অতএব সফলতার উচ্চাকাঙ্ক্ষার পেছনে না ছুটে জীবনকে সহজভাবে উপলব্ধি করতে পারলেই জীবনের সুখ মিলবে। যে কাজে যতটুকু পরিশ্রম করা প্রয়োজন ন্যূনতম সেটাই আমাদের সম্পূর্ণভাবেই দিতে হবে। ফাঁক থাকলে চলবে না। সফলতা আসবে, আবার যাবেও। পড়ে থাকবে মানুষটি আর তার জীবনটি। এই ওঠাপড়া নিয়েই হতে পারে আরেকটি গল্প। আগামী প্রজন্মের কাছে উৎসাহ প্রদানকারী একটি বার্তা। তার আগেই যদি জীবনকে এভাবে থামিয়ে দেওয়া হয় সেটা মোটেও সুখকর নয়। ঠিক এই অনুভবটি করার ক্ষমতা ছিল মহাত্মা ব্যক্তিবর্গের আর তাই তাদের জীবনী, উপদেশ পাঠ আজও যে কতটা মূল্যবান তা বেশ ভালোভাবেই উপলব্ধি করা যায়।
লেখক: চিকিৎসক ও কলামিস্ট