× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোবাইল-প্রযুক্তি এবং এইচএসসি ফল

শুভ কর্মকার

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১৩:০৬ পিএম

মোবাইল-প্রযুক্তি এবং এইচএসসি ফল

প্রতিটি শিক্ষার্থীর জীবনে বোর্ড পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ অংশ। বোর্ড পরীক্ষাগুলোই শিক্ষাজীবনের ভিত্তি তৈরি করে দেয়। এই পরীক্ষায় অনেকেই খুব ভালো ফলাফল করে এবং অনেকেই খুবই খারাপ করে। যারা ভালো করে তারা বেশিরভাগই সামনের দিকে এগিয়ে যায়। অন্যদিকে যারা খারাপ করে, তাদের মধ্যে অনেকেই তুলনামূলকভাবে পেছনের দিকে চলে যায় এবং একপর্যায়ে ঝরে পড়ে। তবে কিছু ব্যতিক্রমী শিক্ষার্থী থাকে, যারা খারাপ ফলাফল করার পরেও উচ্চশিক্ষায় অনেক ভালো করে। কিন্তু হাতেগোনা খুব কম শিক্ষার্থীই খারাপ ফলাফলের পর নিজের মনোবল ধরে রেখে সামনে এগিয়ে যেতে পারে। তাই শিক্ষার্থীদের জীবনে এসএসসি ও এইচএসসি খুবই গুরুত্বপূর্ণ দুটি বোর্ড পরীক্ষা। 

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে ৩১ অক্টোবর। তুলনামূলকভাবে বিগত বছরের চেয়ে এ বছর ফলাফল খুবই হতাশাজনক। সব বোর্ড মিলিয়ে এ বছর পাসের হার মাত্র ৫২.১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। এ ছাড়া শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ১৩৯টি এবং শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২৯৩টি। ফলাফলের এই চিত্র সত্যিই উদ্বেগজনক। একটু পেছনে ফিরে তাকালে দেখা যায়, ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী। ২০২৫ সালে পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৬৯ হাজার ৯৭ জন। আর ২০২৬ সালে পাসের হার নেমে এসেছে ৫২.১২ শতাংশে এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪০ হাজার ৮৪ জনে। অর্থাৎ দুই বছরের ব্যবধানে পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। 

অন্যদিকে শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২০২৫ সালের ২০২টি থেকে বেড়ে ২০২৬ সালে হয়েছে ২৯৩টি। এই পরিসংখ্যান আমাদের শিক্ষাব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে শিক্ষার্থীদের ফলাফল এতটা খারাপ হওয়ার পেছনে কারণ কী? শিক্ষার্থীরা কি আগের তুলনায় পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ছে? নাকি আমাদের শিক্ষাব্যবস্থার কোথাও বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে? এই প্রশ্নগুলোর পাশাপাশি বর্তমান সময়ে আরেকটি বিষয় সামনে চলে আসে, সেটি হচ্ছে মোবাইল ফোন ও প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার। প্রায় প্রতিটি শিক্ষার্থীর হাতে স্মার্টফোন রয়েছে। প্রযুক্তির ব্যবহার আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। ঘরে বসেই শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে জানতে পারছে, অনলাইন ক্লাস করতে পারছে এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সংগ্রহ করতে পারছে।

ফেসবুক, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘ সময় ব্যয় করতে দেখা যায়। বিশেষ করে রিলস ও শর্ট ভিডিও দেখার প্রতি একধরনের আসক্তি তৈরি হচ্ছে। কয়েক মিনিটের জন্য মোবাইল হাতে নিলেও কখন যে এক-দুই ঘণ্টা পার হয়ে যাচ্ছে, তা অনেকেই বুঝতে পারে না। ফলে পড়াশোনার জন্য নির্ধারিত সময় কমে যাচ্ছে। অনেক শিক্ষার্থী রাতে দীর্ঘ সময় মোবাইল ব্যবহার করে, যার প্রভাব পরদিনের পড়াশোনা ও মনোযোগের ওপর পড়ে। তবে প্রযুক্তিকে পুরোপুরি দায়ী করাও ঠিক হবে না। কারণ প্রযুক্তির সঠিক ব্যবহার একজন শিক্ষার্থীর জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমস্যা হচ্ছে প্রযুক্তির প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা এবং এর অনিয়ন্ত্রিত ব্যবহার। 

আমরা কি কখনও ভেবে দেখেছি, একজন শিক্ষার্থী প্রতিদিন কত ঘণ্টা পড়াশোনা করছে আর কত ঘণ্টা মোবাইলের পেছনে ব্যয় করছে? অভিভাবকেরা অনেক সময় সন্তানকে ভালো ফলাফল করার জন্য চাপ দেন। কিন্তু তার দৈনন্দিন অভ্যাস ও সময়ের সঠিক ব্যবহার সম্পর্কে কতটা খোঁজ রাখেন? আবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও কি শিক্ষার্থীদের শুধু পরীক্ষার জন্য প্রস্তুত করছে, নাকি প্রকৃত শিক্ষা অর্জনের সুযোগ তৈরি করছে? এইচএসসি পরীক্ষায় খারাপ ফলাফল করা শিক্ষার্থীদের জন্য যেমন হতাশার, তেমনি এটি আমাদের শিক্ষাব্যবস্থার জন্যও একটি সতর্কবার্তা। শুধু শিক্ষার্থীদের দায়ী করে বসে থাকলে সমস্যার সমাধান হবে না। বরং কোথায় ঘাটতি রয়েছে, তা খুঁজে বের করতে হবে। শিক্ষার্থীদের প্রযুক্তির সঠিক ব্যবহার শেখাতে হবে, পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করতে হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে, মোবাইল ফোন ও প্রযুক্তি আমাদের এগিয়ে যাওয়ার অন্যতম মাধ্যম। কিন্তু সেই প্রযুক্তিই যদি আমাদের পড়াশোনা, সময় ও মনোযোগ কেড়ে নেয়, তাহলে তা আমাদের জন্য আশীর্বাদের পরিবর্তে অভিশাপ হয়ে দাঁড়াবে। তাই এখনই সময় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠান সবার সচেতন হওয়ার। নতুবা ভবিষ্যতে আমাদের শিক্ষাব্যবস্থা আরও বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে।


লেখক: শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা