× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজনৈতিক আশ্রয়ের ইতিবৃত্ত

নূরুদ্দীন দরজী

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১২:১৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

২০২৪ সালে জনরোষে পড়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। একই বছর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদও গৃহযুদ্ধের টালমাটাল অবস্থায় দেশ ছেড়ে রাশিয়ার মস্কোতে আছেন। বিগত কয়েক বছরে এমন বেশ কয়েকটি দেশের শীর্ষ ব্যক্তিত্ব রাজনৈতিক দ্বন্দ্বের কারণে অন্য দেশের আশ্রয়ে আছেন। রাষ্ট্রপ্রধানরা পলিটিক্যাল অ্যাসাইলামকে যেকোনো মুহূর্তে বরণ করে নেওয়ার মানসিকতা পোষণ করেন। কিন্তু বাস্তবে বিষয়টি খুবই দুর্বিষহ।

প্রাচীন রোম এবং গ্রিসে ও এমন আশ্রয়-প্রশ্রয় ছিল। রোমান থেকে মধ্যযুগের সূচনা পর্যন্ত রাজা মহারাজাদের মধ্যে ছিলেন পম্পে, সম্রাট চারকুইন দ্য গ্ৰেট এবং প্রাচীন এথেন্সের মহান সেনাপতি সেমিস্টোক্লিস। পারস্য রাজা সাইরাস দ্য গ্ৰেটের সমসাময়িক অনেক দেশের শাসকেরা বিদেশিদের দ্বারা আক্রান্ত হয়ে আত্মরক্ষার্থে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে আবার কেউ কেউ ফিরে এসে পুনরায় ক্ষমতায় বসেছেন। ৫৪৭ খ্রিস্ট পৃর্বাব্দে সাইরাস লিডিয়া আক্রমণ করলে লিডিয়ার রাজা ক্রোয়েসাস ব্যাবিলনের কাছে সাহায্য চেয়েছিলেন। কিন্তু মহান সাইরাস দ্য গ্ৰেট পরিজিত ক্রোয়েসাসকে শাস্তি না দিয়ে উপদেষ্টা বানিয়েছিলেন। আবার সাইরাস ব্যাবিলন আক্রমণ করলে ব্যাবিলনীয় রাজা নাবোনিদাস অন্যত্র আশ্রয় নিয়েছিলেন। ইংল্যান্ডের রাজ সিংহাসনের অনেকে বিভিন্ন সময়ে অভ্যন্তরীণ কোন্দলের কারণে দেশ ছেড়ে গেছেন। গৃহযুদ্ধের কারণে পিতার শিরশ্ছেদ করা হলে রাজা দ্বিতীয় চার্লস পালিয়ে ফ্রান্স ও নেদারল্যান্ডসে আশ্রয় গ্ৰহণ করেছিলেন। 

পাক-ভারত উপমহাদেশে ও অনুরূপ ঘটনা রয়েছে। প্রথম দিকের মৌর্য ও গুপ্ত বংশের কোনো রাজা বা শাসককে অন্যত্র আশ্রয় নেওয়ার কথা জানা যায় না। তবে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম গ্ৰহণ করার পর আধ্যাত্মিক সাধনার জন্য কর্ণাটকে আমৃত্যু আশ্রয় গ্ৰহণ করেছিলেন। পাল আমলেও ধর্মীয় কারণে অনেকে সিংহাসন ত্যাগ করে ধর্ম সাধনা করেছেন। সেন আমলে এমন দেশ ত্যাগের ঘটনা নেই। যদিও বখতিয়ার খিলজি আক্রমণ করলে লক্ষণ সেন নদিয়া থেকে পালিয়ে তৎকালীন বিক্রমপুরে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু বিক্রমপুর লক্ষণ সেনের অধীনে ছিল বলে অন্যদেশে আশ্রয় হিসেবে গণ্য হয় না।

এমন অনেক শাসকের বিদেশে আশ্রয় গ্ৰহণের ছোটখাটো ঘটনা ঘটলেও সম্রাট হুমায়ুনের কথা সবার আগে আসে। শেরশাহ সুরির কাছে দুটি যুদ্ধে পরাজিত হয়ে প্রাণ বাঁচানোর তাগিদে পারস্যের সাফাভি বংশের রাজা শাহ তাহমাম্পের দরবারে আশ্রয় নিয়েছিলেন। ১৫ বছর পর পারস্যের সহায়তায় তিনি মুঘল সাম্রাজ্য পুনরুদ্ধারও করেছিলেন। মুঘল বংশের অন্যান্য সুলতানের মধ্যে ভ্রাতৃদ্বন্দ্বে সম্রাট শাহজাহান পুত্র শাহ সুজা আরাকানে, আওরঙ্গজেবের পুত্র মুহাম্মদ আকবর পারস্যে এবং শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর রেঙ্গুনে নির্বাসিত জীবনযাপন করেছেন। সম্রাট বাবরও প্রথম জীবনে অনেক জায়গায় পালিয়ে ও আত্মগোপনের পর ভারতে তার সিংহাসন নিরাপদ করেছিলেন। তাছাড়া পারস্য বা বর্তমান ইরানের অনেককে অন্য দেশে নির্বাসিত থাকতে হয়েছে। সাফাভি বংশের রুস্তম মির্জা সাফাভি পালিয়ে ভারতে মুঘল সম্রাট আকবরের দরবারে আশ্রয় নিয়েছিলেন। এ বংশের আরও কয়েকজন অভ্যন্তরীণ কোন্দলের মুখে ভারতে আশ্রয় নেন। সম্রাট হুমায়ুনের দুর্দিনে সাফাভি বংশে তার ঠাঁই হয়েছিল বলে সব মুঘল সম্রাটই সাফাভিদের বিষয়ে নমনীয় ছিলেন। মুঘলদের সাথে সাফাভিদের আত্মীয়তার সম্পর্কও গড়ে উঠেছিল। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের আগে প্রধান নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি তুরস্ক, ইরাক এবং ফ্রান্সে আশ্রিত ছিলেন। বিপ্লবের মাধ্যমে দেশে ফিরে এলে তৎকালীন শাসক মোহাম্মদ রেজা শাহ পাহলভী কয়েকটি দেশে আশ্রয় নিয়ে নিয়ে সবশেষে মিসরে যান ও সেখানেই মারা যান।

ফরাসি বিপ্লব ও গৃহযুদ্ধের কারণে তাদের শীর্ষ নেতারা জীবন বাঁচাতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। অনেকের মধ্যে সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ১৮৭৫ সালে ওয়াটারলুর যুদ্ধে ব্রিটিশ মিত্র বাহিনীর কাছে পরাজিত হয়ে আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেন দ্বীপে নির্বাসিত হন। সেই দ্বীপেই তার মৃত্যু হয়েছিল। ফ্রান্সের জেনারেল চার্লস দ্য গল, রাজা লুই ফিলিপ, সম্রাট তৃতীয় নেপোলিয়ন, রাজা দশম চার্লস দেশ থেকে বিদেশের মাটিতে আশ্রয় নিয়েছিলেন। তাদের মধ্যে রাজা লুই, চার্লস দ্য গল আবার ক্ষমতায় ফিরে এসেছিলেন। ১৯১৭ সালে রাশিয়ায় জারতন্ত্রের পতন, বলশেভিক ও স্টালিনের মধ্যে ক্ষমতার লড়াইয়ের কারণে বেশ কয়েকজনকে বিদেশে আশ্রয় নিতে হয়েছিল। যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ভ্লাদিমির লেলিন। তিনি রাশিয়া থেকে পালিয়ে যথাক্রমে সুইজারল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও ইংল্যান্ডে আশ্রয় নেন। চীনের ইতিহাসে ১৯১১ বিপ্লব এবং ১৯৪৯ সালের কমিউনিস্ট বিপ্লবের কারণে বহু শীর্ষ নেতাকে রাজনৈতিক আশ্রয় নিতে হয়েছে। চিয়াং কাই শেক, চতুর্দশ দালাইলামা, সুয়েন ইয়াং, সম্রাট আইসিন ওয়াং, জিংউইয়ের মতো অনেককে অন্য দেশে চলে যেতে হয়েছে। একমাত্র দেং শিয়াং পিং পুনরায় ফিরে আসতে পেরেছিলেন। দুটি বিশ্বযুদ্ধ এবং নাৎসি আমলে জার্মান থেকে অনেকে বিদেশে আশ্রয় নিয়েছেন। যাদের মধ্যে চ্যান্সেলর ব্রান্ট, দ্বিতীয় কায়সার, আলবার্ট আইনস্টাইন, এরিখ হোনকার, কালমাক্স, বিশেষভাবে উল্লেখযোগ্য। একমাত্র ব্রান্টই ক্ষমতায় ফিরে এসেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের পরাজয়ের মধ্য দিয়ে।

আফ্রিকা থেকে উগান্ডার ইদি আমিন, তিউনিসিয়ার জয়নাল আবেদীন বেন আলী, গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়া জাম্বোহ, ইথিওপিয়ার মারিয়াম, কঙ্গোর মোবুতু সেকোকে এক সময়ে বিদেশে চলে যেতে হয়েছে। তাদের মধ্যে কেউ পুনরায় ক্ষমতায় ফিরে আসতে পারেনি। বর্ণবাদী শ্বেতাঙ্গদের কারণে দক্ষিণ আফ্রিকার নির্যাতিত অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। ম্যান্ডেলা ছদ্মবেশে দেশ ছেড়ে ইথিওপিয়া, তানজানিয়া, আলজেরিয়া এবং মরক্কোতে আশ্রয় নিয়েছিলেন। আবার ১৯৬২ সালে দেশে ফিরে এসে গ্ৰেপ্তার হন। সেই গ্ৰেপ্তারে দীর্ঘ ২৭ বছর কারাভোগ করে ১৯৯০ সালে নির্বাচনে জয়ী হয়ে তিনি আফ্রিকার প্রেসিডেন্ট হয়েছিলেন। ব্রিটিশদের চোখ ফাঁকি দিয়ে ছদ্মবেশে নেতাজি সুভাষ চন্দ্র বসু দেশ ছেড়েছিলেন। অত্যন্ত দুঃখজনক, তার প্রিয় মাতৃভূমি ভারত স্বাধীন হলেও তিনি দেশে ফিরে আসতে পারেনি। চিরতরে নিখোঁজ হয়ে যান। 

বিশ্ব ইতিহাসে বহু নারী, রানী ও শাসককে রাজনৈতিক কারণে নিজের দেশ ছাড়তে হয়েছে। সর্বকালের সেরা সুন্দরী মিসরের রানী ক্লিউপেট্রা ভ্রাতা-ভগ্নি দ্বন্দ্বের কারণে পালিয়ে সিরিয়ায় আশ্রয় নিয়েছিলেন। পরে অবশ্য জুলিয়াস সিজারের সহায়তায় পুনরায় মিসরে ক্ষমতা ফিরে পান। সিরিয়ার রানী জানোবিয়া পালমিরাকে বিদেশে আশ্রয়ে থাকতে হয়েছে। ইংল্যান্ডের সিংহাসনের উত্তরাধিকারিণী এমপ্রেস মাটিন্ডা, মেরি কুইন অব স্কটস, স্পেনের ইসাবেলা, মাদাগাস্কারের রানী রাধাভালোনা অভ্যন্তরীণ ষড়যন্ত্রে পড়ে বিদেশে আশ্রয় নিয়েছিলেন। পাকিস্তানের সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টোকে দুইবার বিদেশে আশ্রয় নিতে হয়েছে। শ্রীলঙ্কার নারী প্রেসিডেন্ট চদ্রিকা কুমারাতুঙ্গা যুক্তরাজ্যে নির্বাসিত জীবনযাপন করেছেন। পরে ফিরে আবার ক্ষমতাসীন হন। থাইল্যান্ডের প্রধান নারী প্রধানমন্ত্রী ইনলাক সিনাওয়াত্রা দুর্নীতির অভিযোগে গোপনে পালিয়ে অন্য দেশে চলে যান। এ ছাড়া অনেক নারী নেত্রী রাজনৈতিক কারণে দেশের অভ্যন্তরে আত্মগোপনে অথবা অন্যত্র অন্তরীণ হয়েছেন। সম্রাজ্ঞী নূরজাহানকে দিল্লি থেকে লাহোরে অন্তরীণ করা হয়েছিল। 

আমেরিকা ও অস্ট্রেলিয়া মহাদেশ ব্যতীত পৃথিবীর অনেক দেশেই রাজনীতিকে কেন্দ্র করে অনেক রাষ্ট্রপ্রধান অথবা বিদ্রোহী নেতাকে দেশ ছাড়তে হয়েছে। আবার অত্যাচারী বিদেশি বেনিয়াদের দ্বারা আক্রান্ত হয়ে সাধারণ নাগরিকদেরও দেশ ত্যাগ করে পরদেশে শরণার্থী হিসেবে থাকতে হয়েছে। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় পাকিস্তানিদের নির্মম হত্যাযজ্ঞের সময় প্রায় এক কোটি বাঙালিকে ভারতে আশ্রয় নিতে হয়েছিল। বর্তমানে মিয়ানমার থেকে দশ লাখের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। আফগানিস্তান থেকে ৬০ লাখের বেশি পাকিস্তান ও ইরানে, ভিয়েতনামের যুদ্ধের পর প্রায় ৩০ লাখ মালেশিয়া ও থাইল্যান্ডে, সিরিয়ার সংকটে পরে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ তুরস্ক, লেবানন ও জর্ডানে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করেছে। জাতিসংঘের তথ্যানুসারে গাজা ভূখণ্ডের প্রায় ২০ লাখ বাস্তুচ্যুত শরণার্থী অর্থাৎ গাজার মোট জনসংখ্যার ৯০% ভাগ মানুষ মূল বাড়িঘর ছেড়ে অন্যত্র বসবাস করছে। 

বর্তমান সময়ে সিরিয়ার বাসার-আল-আসাদ, বাংলাদেশের শেখ হাসিনা, আফগানিস্তানের আশরাফ ঘানি, শ্রীলঙ্কার গোটাবায়া রাজাপাকসে, থাইল্যান্ডের সিনাওয়াত্রা, ইউক্রেনের ভিক্টর ইয়ানুকোভিচ, মাদাগাস্কার আন্দ্র রাজোয়েলিনা, গাম্বিয়ার ইয়াহয়াহ জামেহ, ইথিওপিয়ার মেঙ্গিসতু, মধ্য আফ্রিকার ফ্রাঁসোয়া বোজিজে এবং বলিভিয়ার ইভো মোরালেস বিদেশের আশ্রয়ে আছেন। মাঝেমধ্যে কারও কারও অবস্থান পরিবর্তন হয়। বর্তমান দেশান্তরীদের ভবিষ্যৎ কেউ সঠিকভাবে বলতে পারবেন না। ভবিষ্যৎই জানে কার ভাগ্যে কী আছে। রাজনীতিতে বন্ধু বা শত্রু চিরস্থায়ী হয় না। ক্ষমতার সমীকরণ অনেক সময় রাজনীতির প্রেক্ষাপটকে বদলে দেয়। অনেক শাসক চিরকালের জন্যই মানুষের ঘৃণার পাত্র হয়ে থাকেন। আবার কেউ কেউ ফিরে পান হারানো রাজদণ্ড। সবই রাজনীতি নামের ভেলকিবাজির খেলা।


লেখক: কলামিস্ট ও সাবেক শিক্ষা অফিসার

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা