অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা
সম্পাদকীয়
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ০৯:১৫ এএম
ফাইল ছবি
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে খুন, সহিংসতা, ককটেল বিস্ফোরণ, হামলা এবং নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। এসব ঘটনাকে নিছক আইনশৃঙ্খলাজনিত অপরাধ হিসেবে দেখার সুযোগ থাকলেও এর সামগ্রিক প্রভাব রাষ্ট্রের স্থিতিশীলতা, জননিরাপত্তা এবং গণতান্ত্রিক পরিবেশের ওপর পড়ছে কি নাÑ সেটা গভীরভাবে পর্যালোচনা করা জরুরি। বিশেষ করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক সহিংস ঘটনা স্বাভাবিক জনজীবনকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। উল্লেখ করা প্রয়োজন, মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) তথ্যমতে, ২০২৬ সালের প্রথম ৯ মাসে দেশে রাজনৈতিক সহিংসতার ১ হাজার ১৩টি ঘটনায় ৭৩ জন নিহত হয়েছে। একই সময়ে মব সহিংসতা ও গণপিটুনির ৩৯৮টি ঘটনায় নিহত হয়েছে ১৮৭ জন। কারাগারে মারা গেছে ৯৫ জন বন্দি। নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন ৫১৮ জন সাংবাদিক। এ পরিসংখ্যান পরিস্থিতির গুরুত্ব অনুধাবনের জন্য যথেষ্ট।
গতকাল প্রতিদিনের বাংলাদেশ-এ ‘অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা’ শিরোনামের প্রতিবেদনে এ সংক্রান্ত একাধিক ঘটনার তথ্য উঠে এসেছে। ঘটনাগুলোর সময়কাল ও ধারাবাহিকতা বিশ্লেষণে এটা স্পষ্ট যে, দেশে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে। বিশেষ করে অতি সম্প্রতি বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তা তাহসিফ সৌরীর মরদেহ তুরাগ নদ থেকে উদ্ধার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিস্ফোরণ, রাজধানীতে একের পর এক সহিংস ঘটনা এবং দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডÑ সব মিলিয়ে এসব পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের পর রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য সেবাকেন্দ্র রাক্কা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়া এবং ইসিসি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাটের ঘটনা জনমনে চাঞ্চল্য সৃষ্টি করেছিল। ওই দুটি ঘটনায় রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তিদের সম্পৃক্ততার তথ্যও গণমাধ্যমে এসেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এমন উদ্বেগের মধ্যেই সরকারের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি জোরদার করছে বিরোধী দলগুলো। তারা গতকাল শনিবার ঢাকা থেকে খুলনা, যশোর, ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া অভিমুখে লংমার্চের ডাক দিয়েছে।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেছেন, এসব ঘটনা কাকতালীয় নয়। এগুলোর পেছনে অন্তঃসংযোগ থাকতে পারে। তার মতে, পরাজিত ফ্যাসিস্ট শক্তির পক্ষ থেকেও এমন পরিকল্পনা থাকতে পারে, যাতে সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছেÑ এমন একটি ধারণা জনমনে তৈরি হয়। পুলিশের সাবেক মহাপরিদর্শক ময়নুল ইসলামও মনে করেন, ধারাবাহিক বিস্ফোরণ ও সহিংসতার ঘটনা দেখে বলা যায়, এগুলো পরিকল্পিত। পরিকল্পনা ছাড়া এমন কিছু ঘটানো সম্ভব নয়। এসব মন্তব্যই প্রমাণ করে, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রায় অস্থিরতা যুক্ত হয়েছে।
আমরা মনে করি, প্রতিটি ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের পরিচয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। তাহসিফ সৌরীর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে। তবে ময়নাতদন্ত ও তদন্তের চূড়ান্ত ফল প্রকাশের আগে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সমীচীন নয়। একইভাবে বিস্ফোরণের ঘটনাগুলোর পেছনে কারা রয়েছে, তাদের উদ্দেশ্য কী এবং এর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা নিরপেক্ষ তদন্তে বের করে আনতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছেÑ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্যে অপরাধীরা কীভাবে বারবার এমন সহিংসতা সংঘটনের সুযোগ পাচ্ছে?
রাষ্ট্রের প্রথম ও প্রধান দায়িত্ব নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। রাজনৈতিক মতপার্থক্য, ক্ষমতার দ্বন্দ্ব কিংবা আদর্শিক বিরোধ কোনো অবস্থায়ই সহিংসতার বৈধতা দিতে পারে না। বিচারকের বাসভবনে হামলা শুধু একজন বিচারকের নিরাপত্তার প্রশ্ন নয়; এটি বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসনের জন্যও উদ্বেগজনক বার্তা। একইভাবে কোনো রাজনৈতিক দলের কার্যালয় কিংবা নাগরিকের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হওয়া গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী। এ পরিস্থিতিতে সরকারের উচিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় করা। প্রতিটি ঘটনার দ্রুত তদন্ত, অপরাধীদের শনাক্তকরণ, নেপথ্যের পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনা এবং অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে কার্যকর অভিযান পরিচালনার মাধ্যমে সমাজকে সন্ত্রাসমুক্ত করা সম্ভব। তবে অপরাধ দমনের নামে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি অবশ্যই রাখতে হবে।
দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছেÑ এ অশুভ আলামত যখন স্পষ্ট হয়ে ওঠে, তখন প্রতিটি নাগরিক উদ্বিগ্ন না হয়ে পারে না। আমরা বলতে চাই, অপশক্তি ভালোভাবে মাথাচাড়া দিয়ে ওঠার আগেই মাথা ভেঙে দিতে হবে। টুঁটি চেপে ধরতে হবে সব অপশক্তির। রাষ্ট্র ও সমাজকে নাগরিকদের জন্য নিরাপদ করতে এর বিকল্প নেই।