× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ই-মেইল থেকে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ০৯:৪৯ এএম

ই-মেইল থেকে

পাখির খাদ্যসংকট দূর হোক

প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির ভূমিকা অপরিসীম। ভোরের পাখির কলতানে মানুষের ঘুম ভাঙে, আকাশে পাখির ওড়াউড়ি প্রকৃতিকে করে প্রাণবন্ত। অথচ মানুষের অপরিকল্পিত কর্মকাণ্ড, নির্বিচারে গাছ কাটা, জলাভূমি ভরাট, কীটনাশকের যথেচ্ছ ব্যবহার এবং প্রাকৃতিক আবাসস্থল ধ্বংসের কারণে পাখিদের জীবন আজ ক্রমেই বিপন্ন হয়ে উঠছে। একসময় গ্রামের বাড়ির উঠান, পুকুরপাড়, ধানক্ষেত, ফলের বাগান ও গাছের ডালে পাখিদের অবাধ বিচরণ দেখা যেত। এখন অনেক স্থানেই সেই পরিচিত দৃশ্য নেই বলে চলে। এখন বড় প্রশ্ন উঠছে, পাখিরা কোথায় খাদ্য খাবে? কোথায় বাসা বাঁধবে? কোথায় নিরাপদে বেঁচে থাকবে?

পাখির খাদ্যসংকট শুধু পাখিদের অস্তিত্বের জন্য হুমকি নয়Ñ এটি জীববৈচিত্র্য ও পরিবেশের জন্যও অশনিসংকেত। তাই পাখিদের খাদ্যাভাব দূর করা এবং তাদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা এখন পরিবেশের স্বার্থে প্রয়োজন।

বাংলাদেশ নদী, খাল, বিল, হাওর, বাঁওড়, বনভূমি ও কৃষিজমিতে সমৃদ্ধ একটি দেশ। এই প্রাকৃতিক পরিবেশ একসময় অসংখ্য দেশি-বিদেশি পাখির বিচরণক্ষেত্র ছিল। শালিক, দোয়েল, চড়ুই, বাবুই, টুনটুনি, ঘুঘু, কোকিল, মাছরাঙা, বকসহ নানা প্রজাতির পাখি প্রকৃতিকে সমৃদ্ধ করেছে। কিন্তু নগরায়ণ, বসতবাড়ি ও শিল্পকারখানার সম্প্রসারণ, গাছপালা নিধন এবং জলাশয় দখলের কারণে তাদের খাদ্য ও আশ্রয়ের ক্ষেত্র দিন দিন সংকুচিত হচ্ছে। ফলে অনেক পাখিকে খাদ্যের সন্ধানে দূরে উড়ে যেতে হচ্ছে। কোথাও কোথাও খাদ্যের অভাবে পাখির পুষ্টি কমে যাওয়ার আশঙ্কাও তৈরি হচ্ছে।

পাখির প্রধান খাদ্যগুলোর মধ্যে রয়েছে শস্যদানা, ফলমূল, পোকামাকড়, কেঁচো, মাছ ও জলজ প্রাণী। প্রজাতিভেদে তাদের খাদ্যাভ্যাস ভিন্ন। কিন্তু কৃষিজমিতে অতিরিক্ত কীটনাশক প্রয়োগের ফলে পোকামাকড় কমে গেলে কীটভুক পাখিরা খাদ্যসংকটে পড়ে। আবার গাছ কেটে ফেললে ফলভুক পাখিদের খাবার ও আশ্রয় দুটোই নষ্ট হয়। জলাশয় দূষিত ও ভরাট হলে মাছ ও জলজ প্রাণী খেয়ে বেঁচে থাকা পাখিদের জীবনও কঠিন হয়ে ওঠে। প্রকৃতির প্রতিটি উপাদানের সঙ্গে পাখির জীবন নিবিড়ভাবে যুক্ত। পাখি শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না; পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক পাখি ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষির উপকার করে। কিছু পাখি ফুলের পরাগায়নে সহায়তা করে, আবার ফল খাওয়ার পর বীজ ছড়িয়ে দিয়ে নতুন গাছ জন্মানোর প্রক্রিয়াকে এগিয়ে নেয়। মৃত প্রাণী ও জৈববর্জ্য খেয়ে কিছু পাখি পরিবেশ পরিষ্কার রাখতেও ভূমিকা রাখে। তাই পাখির সংখ্যা কমে গেলে প্রকৃতির খাদ্যশৃঙ্খল ও বাস্তুতন্ত্রের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। পাখি হারানো মানে প্রকৃতির ও পরিবেশের বন্ধুর একটি গুরুত্বপূর্ণ অংশ হারিয়ে ফেলা।

পাখিদের স্থায়ী খাদ্যসংকট দূর করার সবচেয়ে কার্যকর উপায় হলো তাদের প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ। রাস্তার পাশে, বাড়ির আঙিনায়, শিক্ষাপ্রতিষ্ঠানে ও পতিত জমিতে উপযোগী দেশি ফলদ ও ছায়াবৃক্ষ রোপণ করা। গাছ লাগানোর পাশাপাশি সেগুলো বড় হওয়ার আগ পর্যন্ত পরিচর্যা করাও জরুরি। পুকুর, খাল, বিল ও জলাভূমি দখল ও দূষণমুক্ত রাখতে হবে। কৃষিতে অপ্রয়োজনীয় কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব পদ্ধতি উৎসাহিত করা যেতে পারে। বাসা বাঁধার মৌসুমে গাছের ডালপালা কাটা এবং পাখির বাসা নষ্ট করা থেকে বিরত থাকা।

শিশু-কিশোরদের মধ্যে পাখি ও প্রকৃতি সংরক্ষণের শিক্ষা ছড়িয়ে দেওয়া প্রয়োজন। বিদ্যালয়ে পাখি পর্যবেক্ষণ, বৃক্ষরোপণ ও পরিবেশ-পরিচ্ছন্নতা কর্মসূচি চালু করা যেতে পারে। স্থানীয় জনপ্রতিনিধি, পরিবেশবাদী সংগঠন, এনজিও ও স্বেচ্ছাসেবীদের উদ্যোগে পাখির আবাসস্থল চিহ্নিত করে সেগুলো রক্ষার ব্যবস্থা নেওয়া সম্ভব। একই সঙ্গে বন্য পাখি ধরা, অবৈধভাবে বিক্রি করা এবং নির্বিচারে পাখি শিকার বন্ধে বিদ্যমান আইন কার্যকর করা। এ বিষয়ে ব্যাপক গণজনসচেতনতা এবং কার্যকর তদারকির বিকল্প নেই।

পাখি বাঁচলে প্রকৃতি বাঁচবে, প্রকৃতি বাঁচলে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। পাখিরা কোথায় খাদ্য খাবেÑ এই প্রশ্নের উত্তর আমাদেরই খুঁজে বের করতে হবে। পাখির জন্য নিরাপদ আবাসস্থল ও পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্যের ব্যবস্থা করা শুধু মানবিক দায়িত্ব নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করার অঙ্গীকারও বটে। আসুন, আমরা সবাই মিলে পাখিপ্রেমী হই। পাখির প্রতি সহমর্মী, প্রকৃতিকে ভালোবাসি এবং সম্মিলিত উদ্যোগে দেশে গড়ে তুলি পাখিবান্ধব আগামীর প্রত্যাশিত বাংলাদেশÑ এই আমাদের সবার অঙ্গীকার।

নজরুল ইসলাম
গণমাধ্যমকর্মী ও সমাজচিন্তক



বাংলাদেশ থেকে এক টুকরো কাঞ্চনজঙ্ঘা 

হেমন্তের এক ভোর। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহানন্দা নদীর তীরে দাঁড়িয়ে আছেন একদল মানুষ। নদীর ওপারে ভারতের ভূখণ্ড। চারপাশে তখনও সকালের কোমল আলো। হঠাৎ উত্তরের দূর আকাশে চোখ রাখতেই দেখা যায়, নীল দিগন্তের ওপর ভেসে উঠেছে সাদা কিছু পর্বতচূড়া। সূর্যের প্রথম আলো পড়তেই সেগুলো কখনও গোলাপি, কখনও সোনালি, আবার কখনও ঝকঝকে সাদা হয়ে উঠছে। দেখে মনে হতে পারে, আকাশের গায়ে কেউ যেন বরফের পাহাড় এঁকে রেখেছে। এই দৃশ্য দেখতেই প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো প্রকৃতিপ্রেমী ছুটে যান পঞ্চগড়ে। তাদের গন্তব্য তেঁতুলিয়া। উদ্দেশ্য একটাইÑ বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা দেখা।

অনেকেই তেঁতুলিয়ায় গিয়ে বলেন, তারা হিমালয় দেখতে এসেছেন। আবার কেউ বলেন, কাঞ্চনজঙ্ঘা দেখতে এসেছেন। কথাগুলো কাছাকাছি হলেও ভৌগোলিকভাবে দুটি নামের অর্থ আলাদা। হিমালয় হলো এশিয়ার একটি সুবিশাল পর্বতমালা। এর বিস্তৃতি ভারতীয় উপমহাদেশের উত্তরাংশজুড়ে। এই পর্বতমালার মধ্যেই রয়েছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টসহ অসংখ্য উঁচু পর্বত। অন্যদিকে কাঞ্চনজঙ্ঘা হলো হিমালয় পর্বতমালার একটি পর্বতগুচ্ছ, যার প্রধান শৃঙ্গ সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ৫৮৬ মিটার বা প্রায় ২৮ হাজার ১৬৯ ফুট উঁচু। বাংলাদেশের মাটি থেকে আসলে কতটুকু দেখা যায়? এটি সম্ভবত পর্যটকদের সবচেয়ে কৌতূহলোদ্দীপক প্রশ্ন। তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘার সম্পূর্ণ পর্বত, তার পাদদেশ কিংবা নিচের বিস্তৃত উপত্যকা দেখা যায় না। দেখা যায় দূরের দিগন্তের ওপর উঁচু হয়ে থাকা বরফঢাকা শৃঙ্গ ও পর্বতগুচ্ছের দৃশ্যমান ওপরের অংশ। দূরত্ব, পৃথিবীর বক্রতা, বায়ুমণ্ডলের অবস্থা এবং মাঝখানের ভূপ্রকৃতির কারণে পর্বতের নিচের অংশ আড়ালে থাকে। 

কাঞ্চনজঙ্ঘা বছরের প্রতিটি দিন একই জায়গায় থাকে। তাহলে বছরের নির্দিষ্ট কয়েকটি মাসেই কেন বাংলাদেশের মানুষ এর দেখা পান? এর উত্তর লুকিয়ে আছে আবহাওয়ায়। সাধারণত অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের শেষ পর্যন্ত সময়টিকে কাঞ্চনজঙ্ঘা দেখার সবচেয়ে অনুকূল মৌসুম হিসেবে বিবেচনা করা হয়। তবে সেপ্টেম্বরের শেষভাগেও কখনও এর দেখা পাওয়া যায়। অনুকূল আবহাওয়ায় ডিসেম্বর কিংবা জানুয়ারিতেও দৃশ্যমান হতে পারে। ২০২৬ সালের আগস্টেও স্বাভাবিক সময়ের আগেই পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হওয়ার খবর প্রকাশিত হয়েছে। এই ব্যতিক্রমী ঘটনাও মনে করিয়ে দেয়, পর্বত দেখার সময়টি ক্যালেন্ডারের নির্দিষ্ট তারিখের চেয়ে আবহাওয়ার ওপর বেশি নির্ভরশীল।

বাংলাদেশে কাঞ্চনজঙ্ঘা দেখার সবচেয়ে পরিচিত ও জনপ্রিয় স্থান পঞ্চগড়ের তেঁতুলিয়া। তবে শুধু তেঁতুলিয়া থেকেই পর্বতটি দেখা যায় এমন ধারণা পুরোপুরি সঠিক নয়। পঞ্চগড় জেলার বিভিন্ন উন্মুক্ত স্থান থেকে পরিষ্কার আবহাওয়ায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এমনকি পাশের ঠাকুরগাঁও জেলা থেকেও একাধিকবার পর্বতটির দৃশ্যমান হওয়ার খবর প্রকাশিত হয়েছে। তেঁতুলিয়া ডাকবাংলো ও মহানন্দা নদীর তীর : কাঞ্চনজঙ্ঘা দর্শনের সবচেয়ে জনপ্রিয় স্থান। নদীর উঁচু পাড় থেকে উত্তর দিগন্তের বিস্তৃত দৃশ্য দেখা যায়। সামনে মহানন্দা, ওপারে ভারতীয় ভূখণ্ড আর দূরে বরফঢাকা পর্বতÑ সব মিলিয়ে জায়গাটি পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। 

কাঞ্চনজঙ্ঘা আমাদের ভূগোলের এক বিস্ময়কর অভিজ্ঞতা। বাংলাদেশের সমতল ভূমিতে দাঁড়িয়ে দূরের অন্য দেশের একটি সুবিশাল পর্বতশৃঙ্গ দেখা যায়Ñ এটি শুধু পর্যটনের আকর্ষণ নয়; প্রকৃতির বিশালতা অনুভব করারও সুযোগ। তেঁতুলিয়ার মহানন্দা নদীর পাড়ে দাঁড়ালে সামনে থাকে বাংলাদেশের মাটি, নদীর ওপারে ভারতীয় ভূখণ্ড, আর বহু দূরে ভারত-নেপাল সীমান্তে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে কাঞ্চনজঙ্ঘা। 


মাসফিকুল হাসান
শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর 


সাজেক: সৌন্দর্যের আড়ালে নিরাপত্তাহীনতা

নীল আকাশের বুকে ভেসে বেড়ানো সাদা মেঘ, দিগন্তজোড়া সবুজ পাহাড়, আঁকাবাঁকা পাহাড়ি পথ আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যÑ সব মিলিয়ে সাজেক বাংলাদেশের পর্যটন মানচিত্রে এক অনন্য আকর্ষণ। নাগরিক জীবনের ব্যস্ততা ও ক্লান্তি থেকে সাময়িক মুক্তি পেতে প্রতিবছর অসংখ্য পর্যটক ছুটে যান রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার এই পাহাড়ি জনপদে। মেঘের রাজ্য হিসেবে পরিচিত সাজেক যেন প্রকৃতিপ্রেমীদের কাছে এক স্বপ্নের গন্তব্য। অথচ এই মনোমুগ্ধকর সৌন্দর্যের আড়ালেই মাঝেমধ্যে সামনে আসে নিরাপত্তাহীনতা, সড়ক অবরোধ, সংঘর্ষ এবং পর্যটকদের আটকে পড়ার মতো উদ্বেগজনক ঘটনা। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, যে পাহাড়ে মানুষ প্রশান্তির খোঁজে যান, সেখানে তাদের নিরাপত্তা নিয়ে কেন বারবার অনিশ্চয়তা তৈরি হবে?

২০২৬ সালের অক্টোবর মাসে সাজেকের পরিস্থিতি সেই প্রশ্নকে নতুন করে সামনে এনেছে। প্রকাশিত সংবাদ অনুযায়ী, ১১ অক্টোবর নিরাপত্তাজনিত কারণে পর্যটকদের যাতায়াত সাময়িকভাবে বন্ধ করে দেয় রাঙামাটি জেলা প্রশাসন। পরবর্তী সময়ে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হলেও ২২ অক্টোবর সড়ক অবরোধ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের খবরে আবারও উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে প্রায় তিন হাজার পর্যটক সাজেকে আটকা পড়ে। পরে নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে তাদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

এসব ঘটনা কেবল একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্রের সাময়িক অচলাবস্থার চিত্র তুলে ধরে না; বরং পার্বত্য অঞ্চলের জননিরাপত্তা, স্থানীয় জনগোষ্ঠীর অধিকার, প্রশাসনিক প্রস্তুতি এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তাকেও সামনে নিয়ে আসে। সাজেকের মতো একটি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রে বারবার নিরাপত্তাজনিত অনিশ্চয়তা তৈরি হলে তার প্রভাব শুধু পর্যটকদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং স্থানীয় জনজীবন ও অর্থনীতিতেও ছড়িয়ে পড়ে।

মানুষ সাধারণত ভ্রমণে যান আনন্দ, মানসিক প্রশান্তি এবং নতুন অভিজ্ঞতা অর্জনের আশায়। একটি ভ্রমণের পরিকল্পনায় থাকে যাতায়াত, আবাসন, দর্শনীয় স্থান পরিদর্শন এবং নিরাপদে বাড়ি ফেরার প্রত্যাশা। কিন্তু সেই পরিকল্পনার মাঝপথে যদি সশস্ত্র সংঘাতের আশঙ্কা, সড়ক অবরোধ কিংবা প্রশাসনিক নিষেধাজ্ঞা দেখা দেয়, তা হলে আনন্দময় ভ্রমণ মুহূর্তেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে, দুর্গম পাহাড়ি অঞ্চলে বিকল্প যোগাযোগব্যবস্থা সীমিত হওয়ায় এ ধরনের পরিস্থিতি পর্যটকদের জন্য আরও জটিল হয়ে উঠতে পারে।

সাজেকের নিরাপত্তা সংকটকে শুধু পর্যটকদের দুর্ভোগের মধ্যে সীমাবদ্ধ রাখলে সমস্যার একটি বড় অংশ আড়ালেই থেকে যাবে। কারণ সাজেক পর্যটকদের কাছে কয়েক দিনের ভ্রমণগন্তব্য হলেও স্থানীয় বাসিন্দাদের কাছে এটি তাদের স্থায়ী আবাসভূমি, জীবিকা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। পর্যটকেরা কয়েক দিন পর ফিরে যেতে পারেন, কিন্তু পাহাড়ের মানুষকে প্রতিদিনের জীবনযাপন চালিয়ে যেতে হয় একই বাস্তবতার মধ্যে।

পাহাড়ে বসবাসকারী জনগোষ্ঠীকে কেবল পর্যটনশিল্পের সঙ্গে সম্পৃক্ত মানুষ হিসেবে বিবেচনা করা যথেষ্ট নয়। তাদের নিজস্ব ইতিহাস, সংস্কৃতি, সামাজিক বাস্তবতা এবং অধিকার রয়েছে। উন্নয়ন ও পর্যটন সম্প্রসারণের পরিকল্পনায় তাদের মতামত, নিরাপত্তা এবং জীবিকার বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে হবে। পর্যটনের বিকাশ তখনই অর্থবহ হবে, যখন স্থানীয় জনগোষ্ঠীও এর সুফল ন্যায্যভাবে ভোগ করতে পারবেন।

সাজেকের অর্থনীতিতে পর্যটনশিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পর্যটকদের আগমনকে কেন্দ্র করে গড়ে উঠেছে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, পরিবহনসেবা, স্থানীয় দোকান এবং নানা ধরনের ক্ষুদ্র ব্যবসা। এসব প্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বহু মানুষের জীবিকা জড়িয়ে আছে। পর্যটনকেন্দ্র হঠাৎ বন্ধ হয়ে গেলে কিংবা নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হয়। 

শান্তি প্রতিষ্ঠার অর্থ কেবল সংঘর্ষ বন্ধ হওয়া নয়। প্রকৃত শান্তি তখনই প্রতিষ্ঠিত হয়, যখন মানুষ ভয় ও অনিশ্চয়তা ছাড়া স্বাভাবিক জীবনযাপন করতে পারে; শিশুরা নির্বিঘ্নে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারে; কৃষক নিশ্চিন্তে উৎপাদিত পণ্য বাজারে নিতে পারেন; অসুস্থ মানুষ সময়মতো চিকিৎসাসেবা পান এবং পর্যটনসংশ্লিষ্ট কর্মীরা নিরাপদ পরিবেশে জীবিকা নির্বাহ করতে পারে। 

আমি মনে করি, সাজেকের মেঘ, পাহাড় আর সবুজের সৌন্দর্য তখনই পূর্ণতা পাবে, যখন সেখানে বেড়াতে আসা পর্যটক যেমন নিরাপদে বাড়ি ফেরার নিশ্চয়তা পাবে, তেমনি পাহাড়ের স্থায়ী বাসিন্দারাও নিজেদের ঘরে নিরাপদে ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার নিশ্চয়তা পাবে। কারণ পর্যটনের প্রকৃত সাফল্য শুধু পর্যটকের সংখ্যা কিংবা অবকাঠামোর বিস্তারে নয়, বরং সেই অঞ্চলের মানুষের নিরাপত্তা, শান্তি ও কল্যাণ নিশ্চিত করার মধ্যেই নিহিত।

রহমত উল্লাহ
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়


বিভাগীয় শহরেও হোক নিয়োগ পরীক্ষা

বাংলাদেশের সব চাকরির নিয়োগ পরীক্ষা শুধু রাজধানীতে আয়োজন না করে বিভাগীয় শহরে নেওয়া উচিত। দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত অনেক চাকরিপ্রার্থীর পক্ষে সব সময় রাজধানীতে এসে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব হয় না। চাকরিপ্রার্থীদের মধ্যে অনেকের আর্থিক অবস্থা বেশ সংকটাপন্ন। অনেকে টিউশনির টাকা জমিয়ে, কেউবা ধারদেনা করে পরীক্ষার উদ্দেশ্যে রাজধানীতে আসেন। রাজধানীতে এসে তাদের আশ্রয়ের ঠিকানা খুঁজে পাওয়াও মুশকিল হয়ে পড়ে। এতে চাকরিপ্রার্থীদের চরম আর্থিক ক্ষতি ও ভোগান্তি পোহাতে হয়। যাতায়াত ও আবাসনের এই অতিরিক্ত খরচের ভয়ে অনেক শিক্ষার্থী চাকরির নিয়োগ পরীক্ষায় আবেদনই করেন না, যা তাদের মধ্যে গভীর হতাশার জন্ম দেয়।

রাজধানীতে সব চাকরির নিয়োগ পরীক্ষা আয়োজনের ফলে একসঙ্গে প্রায় দুই থেকে তিন লাখ চাকরিপ্রার্থীর আগমন ঘটে। এতে রাজধানীর পরিবহন ও আবাসন ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। দেশের সব বিভাগীয় শহরে পরীক্ষার আয়োজন করলে কেবল ঢাকার ওপরই চাপ কমবে তা নয়, বরং চাকরিপ্রার্থীদের সময় ও অর্থের ব্যয় অনেকটাই কমে যাবে।

সময়ের সঙ্গে জনসংখ্যা বহুগুণ বৃদ্ধি পেলেও সেই অনুযায়ী মানুষের জীবনযাত্রার মান বাড়েনি। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনেক সময় পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় শিক্ষার্থীরা ভর্তি হতে চান না। ফলে আসন ফাঁকা থেকেই যায়। বিকেন্দ্রীকরণের মাধ্যমে বিভাগীয় শহরে এসব পরীক্ষার আয়োজন করা হলে প্রান্তিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোরও গুরুত্ব বাড়বে। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যেখানে বিভাগীয় শহরে নেওয়া হচ্ছে, সেখানে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেও একই পথ অনুসরণ করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।

হয়তো দেশব্যাপী এসব পরীক্ষার আয়োজন করা কিছুটা ব্যয়বহুল হবে, কিন্তু বেকার তরুণদের ভোগান্তি ও আর্থিক ক্ষতির কথা বিবেচনা করে এই উদ্যোগ নেওয়া জরুরি। এ বিষয়ে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।


মো. শরীফুল ইসলাম
শিক্ষার্থী, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি


মানবসভ্যতায় মানুষ কই

মানুষ একদিন আগুন জ্বালিয়ে অন্ধকার দূর করেছে, নদীর বুকে সেতু গড়েছে, সমুদ্র পাড়ি দিয়ে মহাদেশ জয় করেছে। সেই মানুষই আজ পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে নিজের অস্তিত্বের চিহ্ন রেখে চলেছে। বিজ্ঞানের বিস্ময়, প্রযুক্তির প্রসার ও অর্থনৈতিক সমৃদ্ধি মিলিয়ে আধুনিক সভ্যতা পৌঁছেছে অভাবনীয় উচ্চতায়। অথচ এই আলোকোজ্জ্বল পৃথিবীরই কোনো এক কোণে একটি শিশু ক্ষুধা নিয়ে ঘুমায়, কোনো অসুস্থ মানুষ চিকিৎসার অপেক্ষায় দিন গোনে, আর কোনো বৃদ্ধ আপনজনের মাঝেও একাকিত্বের ভার বহন করেন। বাইরে সভ্যতার জয়ধ্বনি, ভেতরে মানুষের দীর্ঘশ্বাস। উন্নতির এই বিপুল আয়োজনের মধ্যেও মানবিকতার জায়গাটি যেন ক্রমেই সংকুচিত হচ্ছে। পৃথিবীকে জয় করতে গিয়ে মানুষ ভুলতে বসেছে তার সবচেয়ে বড় পরিচয়Ñ সে নিজেও একজন মানুষ।

সভ্যতার প্রকৃত পরিচয় অট্টালিকা, মহাসড়ক কিংবা প্রযুক্তির উৎকর্ষে নয়; বরং অসহায়ের পাশে দাঁড়ানো, অন্যের দুঃখ অনুভব করা এবং ভিন্নমতকে সম্মান করার মানসিকতায়। অথচ বর্তমান সমাজে অনেক সময় মানুষের মূল্য নির্ধারিত হয় তার অর্থ, পদমর্যাদা কিংবা সামাজিক পরিচিতি দিয়ে। একজন বিত্তবান মানুষের সামান্য সমস্যাও যেখানে আলোচনার বিষয় হয়ে ওঠে, সেখানে দরিদ্র মানুষের দীর্ঘশ্বাস সহজেই উপেক্ষিত থাকে। রাস্তায় পড়ে থাকা অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে তাকে ঘিরে ভিডিও ধারণে ব্যস্ত হয়ে পড়ার প্রবণতাও আমাদের ভাবিয়ে তোলে। প্রযুক্তি আমাদের দৃশ্য ধারণ করতে শিখিয়েছে। কিন্তু সেই দৃশ্যের পেছনে লুকিয়ে থাকা মানুষের যন্ত্রণা অনুভব করার শিক্ষা কি আমরা যথেষ্ট পেয়েছি? মানবিকতার সংকট সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে মানুষের সঙ্গে মানুষের আচরণে। 

সভ্যতার অগ্রগতি তখনই অর্থবহ হয়, যখন তার সুফল সবার কাছে পৌঁছায়। একদিকে খাদ্যের অপচয়, অন্যদিকে অভাবের কারণে বহু মানুষের প্রয়োজনীয় খাবার জোগাড় করতে না পারা; একদিকে বিলাসী জীবনের প্রতিযোগিতা, অন্যদিকে চিকিৎসা ও শিক্ষার ব্যয় বহন করতে গিয়ে অসহায় পরিবারের হিমশিম খাওয়াÑ এই বৈপরীত্যগুলো উন্নয়নের প্রকৃত মানদণ্ড নিয়ে প্রশ্ন তোলে। শ্রমিকের ঘাম, কৃষকের পরিশ্রম কিংবা পরিচ্ছন্নতাকর্মীর অবদান ছাড়া আধুনিক জীবন সচল রাখা সম্ভব নয়। অথচ যাদের শ্রমে সমাজ এগিয়ে চলে, তাদের ন্যায্য সম্মান, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার বিষয়টি অনেক ক্ষেত্রেই উপেক্ষিত থাকে। 

সভ্যতার ইতিহাসে মানুষের সবচেয়ে বড় বিজয় পৃথিবীর ওপর আধিপত্য প্রতিষ্ঠা করা নয়, বরং পৃথিবীকে সবার জন্য বাসযোগ্য করে তোলা। যে হাতে মহাকাশযান তৈরি হয়, সেই হাতেই ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দিতে হবে; যে মেধা নতুন আবিষ্কারের পথ দেখায়, সেই মেধাকেই মানুষের দুঃখ লাঘবের উপায় খুঁজতে হবে। উন্নয়নের প্রতিটি ধাপে অবহেলিত মানুষের অধিকার নিশ্চিত করতে হবে, প্রতিটি অর্জনের আনন্দে বঞ্চিত মানুষেরও অংশীদারত্ব থাকতে হবে। মানুষের পরিচয় সম্পদে নয়, মনুষ্যত্বে নির্ধারিত হলেই সভ্যতার প্রকৃত সৌন্দর্য ফুটে উঠবে। 


আমানুর রহমান
শিক্ষার্থী, হাবিবুল্লাহ বাহার কলেজ, শান্তিনগর, ঢাকা


শব্দদূষণ রাজপথে

শহরের সড়ক, আবাসিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের আশপাশে উচ্চ শব্দে হর্ন, মাইক ও সাউন্ডবক্স ব্যবহারে জনজীবন অতিষ্ঠ। শব্দদূষণ নিয়ন্ত্রণে বিধান থাকলেও এর কার্যকর প্রয়োগ কতটা দৃশ্যমান, তা নিয়ে প্রশ্ন রয়েছে। অতিরিক্ত শব্দ শুধু বিরক্তির কারণ নয়; এটি ঘুম, মনোযোগ ও শারীরিক-মানসিক সুস্থতার ওপরও বিরূপ প্রভাব ফেলতে পারে। অভিযান পরিচালনার ঘোষণা কিংবা জরিমানা আরোপই যথেষ্ট নয়; অনিয়ম বন্ধ হচ্ছে কি না, সেটিই মূল বিবেচ্য। কোথায় কতবার অভিযান চলছে, কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অভিযোগের পর পরিস্থিতি কতটা বদলাচ্ছে এসব তথ্য প্রকাশ করা প্রয়োজন। শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারি, অভিযোগ জানানোর সহজ ব্যবস্থা এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ধারাবাহিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বিশেষ করে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে বিধিনিষেধ কার্যকর করা জরুরি। আইন কাগজে থাকলেই জনস্বস্তি আসে না; তার প্রয়োগে দৃশ্যমান পরিবর্তনই প্রকৃত সাফল্য।


মুহিবুল হাসান রাফি
শিক্ষার্থী, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ


জবাবদিহির মুখোশে দায়মুক্তির রাজত্ব

কোনো অনিয়মের অভিযোগ উঠলেই তদন্ত কমিটি গঠন, কারণ দর্শানোর নোটিস কিংবা ব্যবস্থা নেওয়ার আশ্বাস সবই দেখা যায়। কিছুদিন চলে তৎপরতা, সংবাদমাধ্যমে আলোচনা হয়, কর্তৃপক্ষও সক্রিয় থাকার বার্তা দেয়। তারপর ধীরে ধীরে সবকিছু স্তিমিত হয়ে আসে। তদন্তের ফল কী, দায়ী কে, সুপারিশ বাস্তবায়িত হলো কি নাÑ এসব প্রশ্নের উত্তর আর মেলে না। এভাবেই জবাবদিহির আনুষ্ঠানিকতা বজায় থাকে, অথচ দায়মুক্তির বাস্তবতা অটুট থাকে। জবাবদিহি মানে শুধু কাউকে তলব করা বা তদন্তের ঘোষণা দেওয়া নয়। এর অর্থ হলো সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া, অনিয়মের দায় নির্ধারণ, ক্ষতির প্রতিকার এবং অপরাধ প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ। এসব নিশ্চিত না হলে জবাবদিহি জন-অসন্তোষ সামাল দেওয়ার আনুষ্ঠানিক কৌশলে পরিণত হয়।

সরকারি উন্নয়ন প্রকল্পে নিম্নমানের কাজের অভিযোগ উঠলে শুধু ঠিকাদারকে দায়ী করলেই চলে না; প্রকল্পের মান যাচাই, ব্যয়ের হিসাব এবং তদারকির দায়িত্বে থাকা ব্যক্তিদের ভূমিকাও পরীক্ষা করতে হয়। হাসপাতালে অব্যবস্থাপনা কিংবা সরকারি দপ্তরে নাগরিক হয়রানির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ব্যক্তির পাশাপাশি সেই প্রাতিষ্ঠানিক দুর্বলতাগুলো চিহ্নিত করতে হবে, যেগুলো অনিয়মের সুযোগ তৈরি করে। অথচ অনেক ক্ষেত্রে একজনকে বদলি করা কিংবা সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়াকেই ব্যবস্থা গ্রহণের প্রমাণ হিসেবে তুলে ধরা হয়। কিন্তু বদলি শাস্তি নয়, আর পদ পরিবর্তন মানেই দায় নির্ধারণ নয়। নিরপেক্ষ তদন্ত, প্রমাণ যাচাই ও সংশ্লিষ্ট সবার ভূমিকা মূল্যায়ন ছাড়া প্রকৃত জবাবদিহি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। একই সঙ্গে অভিযোগ উঠলেই কাউকে দোষী সাব্যস্ত করা যাবে না; আত্মপক্ষ সমর্থনের সুযোগসহ ন্যায়সঙ্গত প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।

তদন্তের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন রয়েছে। প্রতিবেদন জমা পড়েছে কি না, সুপারিশ বাস্তবায়িত হয়েছে কি না, বিলম্বের কারণ কীÑ এসব তথ্য নাগরিকের জানার সুযোগ থাকা উচিতÑ আইনগত সীমাবদ্ধতা সাপেক্ষে। রাজনৈতিক প্রভাব, প্রাতিষ্ঠানিক পক্ষপাত কিংবা ঊর্ধ্বতন পর্যায়ের হস্তক্ষেপ তদন্তকে প্রভাবিত করলে পরিস্থিতি আরও জটিল হয়। একই ধরনের অভিযোগে ভিন্ন ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন মানদণ্ড প্রয়োগ ন্যায়বিচারের প্রতি আস্থা নষ্ট করে। পদমর্যাদা বা প্রভাব নয়, প্রমাণ ও প্রযোজ্য বিধিই হতে হবে ব্যবস্থা গ্রহণের ভিত্তি। ক্ষমতাবান ও সাধারণ কর্মীর জন্য আলাদা মানদণ্ড থাকলে জবাবদিহি বিশ্বাসযোগ্যতা হারায়। এই পরিস্থিতি বদলাতে অভিযোগ নিষ্পত্তি ও তদন্তের সময়সীমা নির্ধারণ, দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের ভূমিকা স্পষ্ট করা এবং অগ্রগতি নিয়মিত প্রকাশ করা জরুরি। 

অনিচ্ছাকৃত ভুল, দায়িত্বে অবহেলা ও ইচ্ছাকৃত অনিয়মের মধ্যে পার্থক্য করে প্রমাণের ভিত্তিতে দায় নির্ধারণ করতে হবে। ন্যায়সঙ্গত শুনানি ও আপিলের সুযোগ নিশ্চিত করলেই প্রকৃত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং নির্দোষ ব্যক্তিকে সুরক্ষা দেওয়া সম্ভব। সবচেয়ে জরুরি হলো, জবাবদিহিকে ঘটনাভিত্তিক তৎপরতা থেকে নিয়মিত প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় রূপ দেওয়া। প্রকৃত জবাবদিহি তখনই প্রতিষ্ঠিত হবে, যখন ক্ষমতা ও পদমর্যাদা নির্বিশেষে প্রত্যেককে নিজের কাজের জন্য জবাব দিতে হবে এবং সেই জবাবের ভিত্তিতে দৃশ্যমান পরিণতি নিশ্চিত হবে।


মুহিবুল হাসান রাফি
শিক্ষার্থী, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ

 

রাজধানীতে পার্কিংয়ের দখলদারত্ব

রাজধানী ঢাকার অন্যতম সমস্যা অতিরিক্ত যানজট। যানজট সৃষ্টির নানাবিধ কারণ থাকলেও অন্যতম একটি কারণ হিসেবে দেখা যায় অবৈধ পার্কিং সিস্টেম। যেসব স্থান দিয়ে যানবাহন চলাচল করার কথা যেসব স্থান দিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকছে ব্যক্তিগত গাড়ি, বাস, ট্রাক, মোটরসাইকেল, রিকশাসহ অন্যান্য যানবাহন। ফলে একদিকে যেমন যানবাহন চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে, অন্যদিকে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতেও অসুবিধা পোহাচ্ছে। 

রাস্তাগুলো সংকুচিত হয়ে পড়ায় দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। মূলত অবৈধ পার্কিংয়ের অন্যতম কারণ পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না থাকা এবং সড়কে বিদ্যমান আইন প্রয়োগের অভাব। রাজধানীতে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে যানবাহনের সংখ্যাও দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। ফলে দেখা যায় স্কুল, কলেজ, হাসপাতাল কিংবা গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের সামনে অবৈধ পার্কিংয়ের দখলদারত্ব বেড়েই চলছে। যার ফলে সড়কে দুর্ঘটনার ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থান সৃষ্টি করা। অবৈধ পার্কিং সৃষ্টিকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোতে কঠোর নজরদারি নিশ্চিত করা। ট্রাফিক পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারিই পারে অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে।


রাখি আক্তার
শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ, ঢাকা


রাজনৈতিক ফায়দার নাম ‘ট্যাগিং’

মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম প্রধান ভিত্তি। কিন্তু কোনো অন্যায়, অনিয়ম কিংবা রাজনৈতিক সিদ্ধান্তের সমালোচনা করলেই যদি কাউকে নির্দিষ্ট রাজনৈতিক পরিচয়ের তকমা দেওয়া হয়, তা হলে মুক্তচিন্তা ও গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হওয়া স্বাভাবিক। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এমন প্রবণতার পরিচিত নাম ‘ট্যাগিং’। আওয়ামী লীগ সরকারের আমলে সরকারের সমালোচনা কিংবা ভিন্নমত প্রকাশের কারণে অনেককেই বিএনপি-ছাত্রদলের, জামায়াত বা শিবিরের অনুসারী হিসেবে চিহ্নিত করার অভিযোগ উঠত। কোনো বক্তব্যের যৌক্তিকতা যাচাইয়ের পরিবর্তে বক্তার রাজনৈতিক পরিচয় সামনে আনার প্রবণতা দেখা যেত। সময়ের পালাবদলে সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু ট্যাগিংয়ের সংস্কৃতি কি বদলেছে?

বর্তমান রাজনৈতিক বাস্তবতায়ও ভিন্নমত প্রকাশকারীদের ‘শিবির’ কিংবা ‘গুপ্ত’ বা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বা আওয়ামী লীগের আখ্যা দেওয়ার প্রবণতা নিয়ে আলোচনা রয়েছে। কারও বক্তব্য পছন্দ না হলেই তাকে রাজনৈতিক পরিচয়ের ছাঁচে ফেলে বিচার করার এই প্রবণতা প্রশ্ন তোলে সরকার বদলালেও কি রাজনৈতিক অসহিষ্ণুতার সংস্কৃতি বদলায়নি?

ট্যাগিংয়ের সবচেয়ে বড় সমস্যা হলো, এতে মূল বক্তব্যের চেয়ে বক্তার পরিচয় বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কেউ সরকারের কোনো সিদ্ধান্তের সমালোচনা করলেই তিনি বিরোধী দলের সমর্থক হয়ে যান না। একইভাবে, কোনো সিদ্ধান্তের প্রশংসা করলেই কেউ ক্ষমতাসীনদের অনুসারী হয়ে যান না। একজন নাগরিকের নিজস্ব মতামত থাকতে পারে, যা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের অবস্থানের সঙ্গে মিলতেও পারে, আবার নাও পারে।

গণতন্ত্রের সৌন্দর্য শুধু ক্ষমতার পালাবদলে নয়; বরং ভিন্নমত প্রকাশের স্বাধীনতা ও সমালোচনা গ্রহণের মানসিকতায়। সরকার যে দলেরই হোক, নাগরিকের প্রশ্ন করার অধিকার অক্ষুণ্ন থাকা প্রয়োজন। তাই আওয়ামী লীগ সরকারের আমল হোক কিংবা বর্তমান সময় ভিন্নমতকে রাজনৈতিক তকমা দিয়ে দমনের প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ, যুক্তি দিয়ে বক্তব্যের জবাব দেওয়ার পরিবর্তে কাউকে ট্যাগ দেওয়া সহজ। কিন্তু এই সহজ পথই সমাজে বিভাজন বাড়ায় এবং গণতান্ত্রিক পরিবেশকে দুর্বল করে।


মনির খান
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়


নারী নির্যাতন ও যৌতুকপ্রথা 

বাংলাদেশে নারী নির্যাতনের প্রকৃত সংখ্যা নির্ধারণ করা কঠিন, কারণ সামাজিক লজ্জা ও ভয়ের কারণে অনেক ঘটনা পুলিশের কাছে অভিযোগ হিসেবে নথিভুক্ত হয় না। তা সত্ত্বেও বিভিন্ন মানবাধিকার সংস্থা সংবাদপত্র, অভিযোগ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে এক ভয়াবহ উদ্বেগের পরিসংখ্যান প্রকাশ করে। মানবাধিকার সহায়তা সংস্থার HRSS তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ পাঁচ বছরে অন্তত ১১,৭৫৮ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হন। একই প্রতিবেদনে যৌতুকের কারণে ২৯০ জন নারীর মৃত্যুর তথ্য উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের সংবাদপত্র ভিত্তিক হিসাবে নারী ও মেয়েদের বিরুদ্ধে ২,৫২৫টি নির্যাতনের ঘটনা নথিভুক্ত হয়।

২০২৫ বাংলাদেশ মহিলা পরিষদের হিসাবে এ ধরনের ঘটনা বেড়ে ২,৮০৮টিতে পৌঁছে। ২০২৫ সালের জানুয়ারি-জুন আইন ও সালিশ কেন্দ্রের ASK হিসাবে যৌতুককে কেন্দ্র করে ৪৫টি নির্যাতনের ঘটনা ঘটে। এর মধ্যে ২৩ জন নারী মারা যান। আইন ও সালিশ কেন্দ্রের তথ্যের ভিত্তিতে ২০২৪ সালের জানুয়ারি-জুন পর্যন্ত যৌতুক-সংশ্লিষ্ট ৩৩টি ঘটনার মধ্যে ১২ জন নারী নির্যাতনের কারণে মারা যান। আরও চারজন নির্যাতনের পর আত্মহত্যা করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশে যৌতুকপ্রথা প্রতিরোধে যৌতুক নিরোধ আইন, ২০১৮ প্রণয়ন করা হয়েছে। এই আইনের ৩ ধারায় যৌতুক প্রদান, গ্রহণ এবং এতে সহায়তার বিষয়ে শাস্তির বিধান রয়েছে। অন্যদিকে, ৪ ধারায় যৌতুক দাবি করাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। আইন অনুযায়ী, সংশ্লিষ্ট অপরাধে এক থেকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড, সর্বোচ্চ ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। আইনের ৫ ধারায় যৌতুক-সংক্রান্ত চুক্তিকে বাতিল ঘোষণা করা হয়েছে এবং ৬ ধারায় জেনেশুনে ক্ষতিসাধনের উদ্দেশ্যে মিথ্যা মামলা বা অভিযোগ দায়েরের শাস্তির বিধান রয়েছে। 

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এবং পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন, ২০১০ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এ ছাড়া নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার ১০৯ নম্বরের জাতীয় হেল্পলাইন চালু করেছে। এর মাধ্যমে নির্যাতনের শিকার নারী ও তাদের পরিবারের সদস্যরা আইনি পরামর্শ, প্রয়োজনীয় সেবার তথ্য, মানসিক সহায়তা এবং বিশেষ পরিস্থিতিতে উদ্ধারের সহায়তা চাইতে পারেন। বিনামূল্যে অসচ্ছল ও অসহায় নারীদের আইনি পরামর্শ ও সহায়তা দেওয়ার ব্যবস্থা রয়েছে। সরকারি আইনগত সহায়তার জন্য ১৬৪৩০ নম্বরে যোগাযোগ করা যায়। মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নির্যাতনের শিকার নারীদের নিরাপদ আশ্রয়, আইনি সহায়তা, কাউন্সেলিং এবং প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয়। নারী নির্যাতন ও যৌতুকপ্রথার সামাজিক কারণ ও প্রতিরোধের উপায় নারী নির্যাতন ও যৌতুকপ্রথার পেছনে রয়েছে পুরুষতান্ত্রিক মানসিকতা, সামাজিক কুসংস্কার, অর্থনৈতিক বৈষম্য, নারীর প্রতি অসম্মান এবং আইনের যথাযথ প্রয়োগের অভাব। 

যৌতুকপ্রথা নির্মূল করতে শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়; প্রয়োজন আইনের কার্যকর প্রয়োগ, দ্রুত বিচার, অপরাধীর জবাবদিহি এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করা। পাশাপাশি মেয়েদের শিক্ষার সুযোগ বৃদ্ধি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং পরিবারে সমান মর্যাদা প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম, সামাজিক সংগঠন ও ধর্মীয় নেতারা জনসচেতনতা নিশ্চিত করা জরুরি। নারীর নিরাপত্তা, মর্যাদা ও সমান অধিকার প্রতিষ্ঠিত হলেই যৌতুকমুক্ত ও বৈষম্যহীন সমাজ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বিয়েতে যৌতুক দেওয়া বা নেওয়াকে সামাজিক মর্যাদার বিষয় হিসেবে দেখার পরিবর্তে অপরাধ ও বৈষম্যমূলক প্রথা হিসেবে বিবেচনা করতে হবে।

নারী নির্যাতন প্রতিরোধে পরিবার, সমাজ, রাষ্ট্র ও আইন প্রয়োগকারী সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নির্যাতনের শিকার নারীদের দোষারোপ না করে তাদের পাশে দাঁড়ানো, অভিযোগ জানানোর নিরাপদ পরিবেশ তৈরি করা এবং আইনি সহায়তা বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব।


রিনা আক্তার
শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ 


ত্রুটি মেরামতের দায় কার

উন্নয়নকাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই সড়কে গর্ত, নালায় ভাঙন কিংবা অবকাঠামোয় ত্রুটি দেখা দেওয়ার অভিযোগ নতুন নয়। এতে জনদুর্ভোগ বাড়ে, অপচয় হয় জনগণের অর্থ। প্রশ্ন হলো, নিম্নমানের কাজের দায় নেবে কে? প্রকল্পের উদ্বোধন কিংবা কাজ বুঝিয়ে দেওয়ার মধ্যেই যেন সংশ্লিষ্টদের দায়িত্ব শেষ। অথচ নির্মাণের মান যাচাই, নিয়মিত তদারকি ও ত্রুটি মেরামতের জবাবদিহি নিশ্চিত করা জরুরি। দায় নির্ধারণ না হওয়ায় একই অবকাঠামো বারবার মেরামতে অর্থ ব্যয়ের আশঙ্কা থাকে। তাই উন্নয়ন প্রকল্পে নির্দিষ্ট সময় পর্যন্ত ত্রুটি মেরামতের দায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ওপর নিশ্চিত করতে হবে। 

পাশাপাশি কাজের মান যাচাই, তদারকিতে অবহেলার তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। উন্নয়নের নামে অর্থ ব্যয়ই সাফল্য নয়; টেকসই অবকাঠামো নিশ্চিত করাই প্রকৃত সাফল্য। জনগণের অর্থে নির্মিত স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব, কোনো অনুগ্রহ নয়।


মুহিবুল হাসান রাফি
শিক্ষার্থী, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ 


বিলুপ্তপ্রায় দোয়েল পাখি

একসময় ভোরের নীরবতা ভাঙত দোয়েল পাখির মিষ্টি শিসে। গ্রামবাংলায় বাড়ির আঙিনা, গাছের ডাল কিংবা টিনের চালÑ প্রায় সবখানেই ছিল এই পাখির বিচরণ। কিন্তু বর্তমান সময়ে পরিবেশ দূষণ ও নগরায়ণের ফলে এই পাখিটি আজ অস্তিত্ব সংকটে। প্রাকৃতিক সংরক্ষণের আন্তর্জাতিক ইউনিয়ন ‘আইইউসিএন’-এর তথ্যমতে বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল ন্যূনতম উদ্বেগজনক প্রজাতিগুলোর মধ্যে একটি। 

‎দোয়েল সাধারণত পোকামাকড় খেয়ে বেঁচে থাকে, কিন্তু কৃষিজমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে তাদের প্রধান খাদ্য উৎস বিষাক্ত হয়ে যাচ্ছে অথবা ধ্বংস হচ্ছে। এ ছাড়া ঝোপঝাড় এবং পুরাতন দালান বা কোটরযুক্ত গাছ কমে যাওয়ায় তারা বাসা তৈরির নিরাপদ স্থান হারাচ্ছে। অপরদিকে এই পাখিদের ওয়েটল্যান্ড ও নদী তীরবর্তী বাসস্থানের দ্রুত ধ্বংস হয়ে যাওয়ার কারণে দোয়েল পাখির সংখ্যা কমে যাচ্ছে। রাসায়নিক পদার্থ অতিরিক্ত নির্গমন বিপজ্জনকভাবে কমিয়ে দিচ্ছে দোয়েলের সংখ্যা। জলবায়ু পরিবর্তন এবং শিকারিদের উপদ্রবও এই চঞ্চল পাখির সংখ্যা কমে যাওয়ার পেছনে বড় কারণ। প্রাণিবিজ্ঞানীদের মতে, দোয়েলকে রক্ষা করতে হলে কৃষিজমিতে কীটনাশকের ব্যবহার কমাতে হবে, গাছপালা সংরক্ষণ করতে হবে এবং পাখির জন্য নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যেও পাখি ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন।

‎দোয়েল পাখির মিষ্টি শিস বাঙালি জাতির প্রকৃতি, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। তাই এই দোয়েলের অস্তিত্ব টিকিয়ে রাখতে আমাদের সকলের একান্ত ও সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‎

‎মো. মাহাবুব আলম সরকার
‎শিক্ষার্থী, ‎বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর


যাত্রীদের ভোগান্তি

২৪ অক্টোবর বিকালে যখন কিশোরগঞ্জ এক্সপ্রেসের মাধ্যমে আমি যাত্রা শুরু করি তখন শুরুটা খুব ভালো ছিল। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই শুরু হয় যাত্রীদের ভোগান্তি। সাধারণ যাত্রীরা ট্রেনের আসন না পেয়ে বাধ্য হয়ে একটা টিকিটের জন্য ২৫০-৩০০ টাকা দিতে হয়। অথচ বিপুল পরিমাণ অর্থ আদায়ের পরও রেলওয়ে পুলিশ ও কর্মচারীদের মধ্যে তুমুল বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা যাত্রীদের এক বগি থেকে অন্য বগি বা বের করে দিতে চায়।

সাধারণ মানুষেরা নিরাপত্তাহীনতায় ভোগে? এই ভোগান্তির দায়ভার কার ও শেষ কোথায়? সরেজমিনে দেখা যায়, নির্ধারিত টাকা দেওয়ার পরও যাত্রীরা স্বস্তিতে যাতায়াত করতে পারছে না। এ ছাড়াও মেইল বগির ভিতরে ময়লা-আবর্জনায় নোংরা পরিবেশ বিদ্যমান। রেলপথে নিরাপদ ও শান্তিপূর্ণ ভ্রমণ নিশ্চিত করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা কেবল বিলাসবহুল সেবা আশা করছে না, বরং একটি নিরাপদ, সময়নিষ্ঠ ও পরিচ্ছন্ন যাত্রীবান্ধব যাতায়াত ব্যবস্থা চায়। কিশোরগঞ্জের যাত্রীদের মানসম্মত রেলসেবা নিশ্চিত করা কোনো উপেক্ষিত বিষয় নয়, বরং এটা তাদের প্রাপ্য অধিকার। তাই জনদুর্ভোগ লাঘবের জন্য কার্যকর পদক্ষেপ নিন। বাংলাদেশ রেলওয়ে ও ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।


মো. শরীফুল ইসলাম
শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি


স্লিপার ডাবল ডেকার বাস: নিরাপত্তা ঝুঁকি

মানুষ স্বভাবতই আরাম-আয়েশ বিলাসী। দৈনিক জীবনকে সহজ ও সুন্দর করতে কতই না তাদের আবিষ্কার। আবিষ্কারের এই ধারায় যুগান্তকারী বিপ্লব নিয়ে আসে যানবাহনের আবিষ্কার, প্রথমে গরুচালিত গাড়ি হলে পরবর্তীতে তা বিপ্লবের ছোঁয়ায় যন্ত্রচালিত গাড়িতে পরিণত হয়। ফলে পূর্বের তুলনায় কয়েকগুণ দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করা যায়। পরিবর্তনের এই ছোঁয়ায় ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে তৈরি হয় বাস। কিন্তু পরিবর্তনের এই প্রতিযোগিতা করতে গিয়ে এই যন্ত্রাংশগুলো যখন আমাদের মৃত্যুর কারণ হয়ে ওঠে তখন এই পরিবর্তনগুলোকে কি বিপ্লব বলা যায়? নাকি এইসব যন্ত্রাংশ হয়ে ওঠে একেকটা মৃত্যুকূপ?

বর্তমানে বিমানের উচ্চমূল্য ও ট্রেনের অপ্রাপ্যতার কারণে এক শহর থেকে অন্য শহরে পাড়ি দিতে প্রায় সকলেরই বাসের ওপর নির্ভরশীল হতে হয়। মাইলের পর মাইল পাড়ি দেওয়ার যাত্রাকে সহজ ও আরামদায়ক করার জন্য বর্তমানের বাসসমূহে করা হয়েছে বিভিন্ন ধরনের পরিবর্তন।

বর্তমানে আধুনিক বিশ্বের বাসসমূহে নিত্য প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধাসহ রয়েছে অত্যাধুনিক নেটওয়ার্ক ব্যবস্থা, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, ওয়াশরুম সুবিধা, লাইভ লোকেশন ট্র্যাকিং ব্যবস্থা, আরামদায়ক সিট, এমনকি শুয়ে শুয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে, যা দূরপাল্লার যাত্রীদের ভ্রমণকে করে তুলেছে সহজ ও আরামদায়ক। এ ছাড়া বাসগুলোতে প্রয়োজন অনুসারে যুক্ত হচ্ছে আরও নানা নতুন নতুন সুযোগ-সুবিধা, যা ভ্রমণকে নিরাপদ ও সুন্দর করছে প্রতিনিয়ত।

সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের সীতাকুণ্ড ও কক্সবাজারের ডাবল ডেকার বাস ভয়াবহ দুর্ঘটনার মূলে এই অবৈধ মডিফিকেশনই দায়ী। স্লিপার ডাবল ডেকার কোচে চলন্ত অবস্থায় ইঞ্জিনের ওভারহিটিং ও শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়, অপ্রস্তুত এই দুর্ঘটনায় সামান্যর জন্য হতাহতের হাত থেকে রক্ষা পাওয়া যায়। বাংলাদেশ সড়ক পরিবহন আইন, ২০১৮ (৪০ ধারা) অনুযায়ী, অনুমতি ছাড়া গাড়ির মূল কাঠামো পরিবর্তন করা সম্পূর্ণ নিষেধ। ৮৪ ধারা মতে, এই নিয়মের লঙ্ঘন, সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড বা ৩ লাখ টাকা জরিমানাযোগ্য অপরাধ হিসেবে বিবেচ্য।

প্রযুক্তি আমাদের জন্য তখনই আশীর্বাদ যখন তা আমাদের জন্য কল্যাণকর। দুর্নীতি এবং মুনাফালোভীদের খপ্পরে পড়ে বাংলাদেশের বাস সেক্টর যেই অগ্রগতি তা কখনও আমাদের জন্য কল্যাণকর নয়। আমাদের সকলকে এই সম্পর্কে সচেতন হতে হবে, এইসব অবৈধ যানবাহন ব্যবহারে সকলকে অনুৎসাহিত করতে হবে। স্থানীয় প্রশাসনের সহায়তায় স্থানীয় ওয়ার্কশপগুলোতে নিয়মিত তদারকি করতে হবে যেন অবৈধ কোনো যন্ত্রাংশ তৈরি না হয়। স্থানীয় ওয়ার্কশপে দক্ষ ইঞ্জিনিয়ার ও মেকানিক নিয়োগের দিকে মনোযোগ দিতে হবে এবং এই লক্ষ্যে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। 

সেই সঙ্গে, বাস মালিকদের সাথে আলোচনা করে এইসব বাস তৈরি সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। ভ্রমণকে আরাম ও আনন্দদায়ক করতে বাইরের দেশ থেকে উন্নত মানের বাস আমদানির ব্যবস্থা করতে হবে। এ ছাড়া দেশেও উন্নত মানের বাস নির্মাণের দিকে নজর দিতে হবে। সর্বোপরি নিরাপদ ভ্রমণ ব্যবস্থার জন্য সকলের একযোগে কাজ করতে হবে।


মোহাম্মদ ইয়াছিন
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা