প্রধানমন্ত্রীর জাপান সফর
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের জাপান সফর বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী পরীক্ষিত বন্ধু জাপানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর করা, দীর্ঘমেয়াদি বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি বহুমুখীকরণ এবং কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরির লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত এ সফর বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই তাৎপর্যপূর্ণ। বিশেষ করে আগামী পাঁচ বছরে বাংলাদেশে জাপানি বেসরকারি খাতের এক লাখ কোটি ইয়েন পর্যন্ত বিনিয়োগের সম্ভাবনা এবং এর মাধ্যমে প্রায় দুই লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির প্রত্যাশা নতুন আশার সঞ্চার করেছে।
প্রতিদিনের বাংলাদেশসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির শীর্ষ বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো, প্রযুক্তি ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। দুই দেশের যৌথ ঘোষণায় জাপানি বেসরকারি বিনিয়োগের সম্ভাবনার পাশাপাশি সরবরাহব্যবস্থা শক্তিশালী করা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সফরে সরকারি পর্যায়ে চারটি সমঝোতা স্মারক, দুটি অনুদান চুক্তি ও একটি অভিপ্রায়পত্র স্বাক্ষরের কথা বলা হয়েছে। দুই দেশের প্রতিষ্ঠানের মধ্যে বেসরকারি খাতে ১৭টি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে। বিনিয়োগ, বাণিজ্য, প্রযুক্তি হস্তান্তর, কৃষি, পরিবেশ, অবকাঠামো ও দক্ষতা উন্নয়নের উদ্যোগগুলো বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলেছে।
এ প্রসঙ্গে সাবেক কূটনীতিক ও পররাষ্ট্রনীতি বিশ্লেষক এম হুমায়ুন কবির প্রতিদিনের বাংলাদেশকে বলেন, প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। এখন প্রয়োজন এসব উদ্যোগ বাস্তবায়নে কার্যকর কাঠামো গড়ে তোলা, সরকারি দক্ষতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগ। বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, জাপানের সঙ্গে যেসব সমঝোতা স্মারক ও অনুদান চুক্তি হয়েছে, সেগুলো বাস্তবায়ন করা গেলে লাভবান হবে বাংলাদেশ। বিশেষজ্ঞ ও ব্যবসায়ী নেতারা বলছেন, জাপানের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হওয়া বাংলাদেশের অর্থনীতি ও শিল্পায়নের জন্য বড় সুযোগ। এখন এসব উদ্যোগ বাস্তবায়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বয় বাড়ানোই হবে প্রধান চ্যালেঞ্জ।
আমরা বলতে চাই, এসব অর্জনের গুরুত্ব শুধু চুক্তি, সমঝোতা কিংবা বিনিয়োগের সম্ভাব্য অঙ্ক দিয়ে বিচার করলে চলবে না। প্রকৃত সাফল্য নির্ভর করবে প্রতিশ্রুত বিনিয়োগ কতটা বাস্তব প্রকল্পে রূপ নেয়, কত দ্রুত শিল্পকারখানা গড়ে ওঠে এবং কত মানুষের জন্য মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি হয়, তার ওপর। মনে রাখতে হবে, এক লাখ কোটি ইয়েনের বিনিয়োগ একটি প্রত্যাশিত লক্ষ্যমাত্রা; এটি এখনই নিশ্চিত বিনিয়োগপ্রাপ্তি নয়। ফলে এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সরকারের ধারাবাহিক উদ্যোগ, কার্যকর কূটনৈতিক যোগাযোগ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো জরুরি।
মনে রাখতে হবে, জাপানি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ হলো ব্যবসার পরিবেশের উন্নয়ন। আমলাতান্ত্রিক জটিলতা, নীতির অনিশ্চয়তা, জমি ও জ্বালানির সংকট, বন্দর ব্যবস্থাপনার সীমাবদ্ধতা এবং অবকাঠামোগত দুর্বলতা দূর করতে হবে। কর ও শুল্ক-ব্যবস্থার স্বচ্ছতা, দ্রুত অনুমোদন, চুক্তির আইনি সুরক্ষা এবং বিনিয়োগকারীদের জন্য ওয়ান-স্টপ সেবা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে দুর্নীতি নিয়ন্ত্রণ ও নীতির ধারাবাহিকতা বজায় রাখতে হবে। বলা প্রয়োজন, বিদেশি বিনিয়োগকারীরা শুধু সম্ভাবনা দেখেন না, তারা বিনিয়োগের নিরাপত্তা ও মুনাফা প্রত্যাবাসনের নিশ্চয়তাও চান।
রপ্তানি বহুমুখীকরণের ক্ষেত্রেও জাপান বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। তৈরি পোশাকের বাইরে গাড়ি ও যন্ত্রাংশ, ইলেকট্রনিকস, তথ্যপ্রযুক্তি, ওষুধ, কৃষি প্রক্রিয়াজাতকরণ এবং মৎস্য খাতে যৌথ উদ্যোগ গড়ে তোলার সুযোগ রয়েছে। তবে এ ক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তর, স্থানীয় উদ্যোক্তাদের অংশগ্রহণ এবং দক্ষ জনশক্তি তৈরির বিষয়টি নিশ্চিত করতে হবে। মাতারবাড়ী-মহেশখালী অঞ্চলকে কেন্দ্র করে বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্টের সম্প্রসারণ এবং ‘বিগ-বি ফর শেয়ার্ড প্রসপারিটি’ উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ আঞ্চলিক উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হওয়ার সুযোগ পাবে। এ সম্ভাবনা কাজে লাগাতে বন্দর, সড়ক, রেল, জ্বালানি ও শিল্প অবকাঠামোর সমন্বিত উন্নয়ন অপরিহার্য।
আমরা বিশ্বাস করি, জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ভিত্তি দীর্ঘদিনের আস্থা, উন্নয়ন সহযোগিতা ও বন্ধুত্ব। এখন প্রয়োজন সেই সম্পর্ককে উৎপাদন, প্রযুক্তি, বাণিজ্য ও কর্মসংস্থান-নির্ভর অংশীদারত্বে রূপ দেওয়া। প্রধানমন্ত্রীর জাপান সফর সম্ভাবনার যে নতুন দিগন্ত উন্মোচন করেছে, তা কাজে লাগাতে সরকারের সামনে এখন সবচেয়ে বড় দায়িত্ব বাস্তবায়ন নিশ্চিত করা। কূটনৈতিক সাফল্য তখনই অর্থবহ হবে, যখন তার সুফল পৌঁছাবে শিল্প, শ্রমবাজার, রপ্তানি আয় এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে। প্রতিশ্রুতির আলো যেন বাস্তব উন্নয়নের সূর্যে পরিণত হয়Ñ এটাই এখন প্রত্যাশা।