× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গার্মেন্টস শিল্পে শ্রমের অবমূল্যায়ন

ফাহমিদা তাবাসসুম ফারহা

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ১১:৩০ এএম

বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অনুযায়ী, এদেশের প্রায় ৪৫ লাখ শ্রমিক গার্মেন্টস শিল্পে নিয়োজিত, যা মোট শ্রমশক্তির প্রায় ৬ শতাংশ। অথচ এই বিশালসংখ্যক শ্রমিক তাদের জীবন অতিবাহিত করছে স্বল্প বেতন, দীর্ঘ কর্মঘণ্টা ও উচ্চ মূল্যস্ফীতির চাপে। তা ছাড়া চাকরির অনিশ্চয়তা, বিরতিহীন কাজের শারীরিক ক্ষয় এবং প্রয়োজনীয় ছুটির অভাব তাদের জীবনকে করে তুলছে আরও কঠিন। এটি প্রমাণ করে যে, আমাদের বিশ্বজয়ের এই মূল ভিত্তিটি দাঁড়িয়ে আছে শ্রমের পদ্ধতিগত ও কাঠামোগত অবমূল্যায়নের ওপর।

সরকারি মজুরি কাঠামো (২০২৩) অনুযায়ী, একজন প্রারম্ভিক পোশাক শ্রমিকের সর্বনিম্ন মোট মজুরি ১২,৫০০ টাকা। অন্যদিকে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী, দৈনিক ৮ ঘণ্টা এবং ওভারটাইমসহ সর্বোচ্চ ১০ ঘণ্টা কাজের অনুমোদন থাকলেও অনেক প্রতিষ্ঠানেই তা অগ্রাহ্য করা হয়। সুনির্দিষ্ট আইন থাকা সত্ত্বেও শ্রমিকদের কাজ করে যেতে হয় প্রায় ১২ ঘণ্টা বা তারও বেশি সময়। ফলে দীর্ঘস্থায়ী ঘাড় ও পিঠের ব্যথা শ্রমিকদের জন্য একটি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। 

স্বাস্থ্যগত ঝুঁকি ছাড়াও রয়েছে মারাত্মক অবকাঠামোগত দুর্বলতা। স্বল্প খরচে অধিক উৎপাদনের পেছনে ছুটতে গিয়ে কারখানাগুলো গড়ে উঠেছে ঝুঁকিপূর্ণ ভবনে; যেখানে না মানা হয় বিল্ডিং কোডের অনুমোদন, আর না আছে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ও জরুরি সুরক্ষা ব্যবস্থা। ফলে সামান্য অসাবধানতায় ভবন ধসে পড়ে কিংবা আগুনে পুড়ে অঙ্গার হয়ে যায় শত শত শ্রমিকের প্রাণ। ২০১২ সালের তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ড কিংবা ২০১৩ সালের রানা প্লাজা ধস কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না; বরং তা ছিল চরম অবকাঠামোগত ও প্রাতিষ্ঠানিক অবহেলার ফল।

শ্রমের চরম অবমূল্যায়নের সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ হলো আগামী অ্যাপারেলসের সুমি আক্তারের মৃত্যুর নির্মম ঘটনা। ১৭ অক্টোবর সুমি কাজের সময় গুরুতর অসুস্থ বোধ করলে কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেন। কিন্তু উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ ও শিপমেন্ট ডেডলাইনের জন্য তাকে আর ছুটি দেওয়া হয় না। ফলে তাকে এই শারীরিক কষ্টের মধ্য দিয়েই কাজ চালিয়ে যেতে হয় এবং একপর্যায়ে তাকে সেখানেই মৃত্যুবরণ করতে হয়। সুমির সহকর্মীরা কাজ বন্ধ ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করলেও কোনো পরিবর্তন এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি। এই দীর্ঘ কর্মঘণ্টা ও মারাত্মক পেশাগত স্বাস্থ্যঝুঁকির বিপরীতে তারা যা পান, তা বর্তমান বাজারের মূল্যস্ফীতির সামনে কোনোভাবেই পর্যাপ্ত নয়। এমনকি পরিবারের একাধিক সদস্য কাজ করলেও তাদের বাসা ভাড়া, চিকিৎসা ও সন্তানের ভরণপোষণ চালাতে হিমশিম খেতে হচ্ছে।

অধিকাংশ পরিবারে স্বামী-স্ত্রী উভয়ই কাজ করেন। ফলে এসব পরিবারের শিশুরা তাদের মা-বাবার সঙ্গে পর্যাপ্ত সময় অতিবাহিত করতে পারে না। অনেক ক্ষেত্রে শিশুরা গ্রামে তাদের দাদা-দাদি বা নানা-নানির কাছে বড় হয়। উভয় ক্ষেত্রেই মা-বাবার সঠিক দিকনির্দেশনা ও শাসনের অভাবে একদিকে যেমন কিশোর অপরাধ ও মাদক গ্রহণের প্রবণতা বৃদ্ধি পায়, অন্যদিকে শিশু নির্যাতনের ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। তা ছাড়া অর্থের অভাবে অনেক মা-বাবা তাদের সন্তানকে শিশুশ্রমের দিকে ঠেলে দেন।

শ্রমিকদের প্রতি এই অবহেলার অন্যতম কারণ হলো বৈশ্বিক সাপ্লাই চেইনে দেশের ব্যাকওয়ার্ড লিংকেজের দুর্বলতা। তৈরি পোশাক শিল্পের জন্য প্রয়োজনীয় অধিকাংশ কাঁচামালÑ যেমন তুলা, কাপড় ও রাসায়নিক দ্রব্যাদি দেশে উৎপাদিত হয় না। ফলে এসব কাঁচামাল বিদেশ থেকে চড়া মূল্যে আমদানি করতে হয়। আর এই চড়া উৎপাদন খরচ সমন্বয় করতে গিয়ে কারখানা মালিকরা মূল কোপটি বসান শ্রমিকের মজুরি ও সুরক্ষার ওপর; যার ফলে শ্রমিকের ওপর শোষণ আরও বৃদ্ধি পায়। সুতরাং ব্যাকওয়ার্ড লিংকেজে স্বনির্ভরতা অর্জন ও অভ্যন্তরীণ কাঁচামাল উৎপাদন বাড়াতে পারলে তা এই অমানবিক শোষণের চাপ কমাতেও প্রত্যক্ষ ভূমিকা রাখবে।

তা ছাড়া শ্রমিকদের জীবনমান উন্নয়নে কেবল নগদ বেতন বৃদ্ধি কোনো টেকসই সমাধান নয়; বরং এটি স্থানীয় মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে, যার চূড়ান্ত মাশুল আবার শ্রমিকদেরই গুনতে হয়। তাদের অবস্থার গুণগত পরিবর্তনে রাষ্ট্র, বায়ার ও মালিকপক্ষের যৌথ উদ্যোগে ৫টি প্রাতিষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। প্রথমত. প্রতিটি কারখানায় সার্বজনীন ও বিনামূল্যে সম্পূর্ণ চিকিৎসার সুযোগ নিশ্চিত করা। দ্বিতীয়ত. শ্রমিকরা যাতে পর্যাপ্ত পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে পারেন, সেজন্য ভর্তুকি মূল্যে নিত্যপণ্য সরবরাহ ও রেশনিং ব্যবস্থা চালু করা। তৃতীয়ত. শিল্পাঞ্চলে স্বল্পমূল্যের সমবায় আবাসন ও ফ্রি পরিবহনের সুব্যবস্থা করা। চতুর্থত. কারখানা সংলগ্ন এলাকায় প্রাতিষ্ঠানিক ডে-কেয়ার সেন্টার স্থাপন ও চাইল্ড প্রোটেকশন ফান্ড গঠন করা এবং পঞ্চমত. বাধ্যতামূলক আইনি অসুস্থতার ছুটি ও কারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা।

বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৬ শতাংশ আসে এই তৈরি পোশাক খাত থেকে (রপ্তানি উন্নয়ন ব্যুরো)। সিপিডি এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার যৌথ সমীক্ষা অনুযায়ী বর্তমানে তৈরি পোশাক খাতে নারী শ্রমিকের হার প্রায় ৫৫ শতাংশ। অর্থাৎ এই খাত একদিকে যেমন নারীর ক্ষমতায়নকে ত্বরান্বিত করে, অন্যদিকে আমাদের ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সুরক্ষায় মুখ্য ভূমিকা পালন করে। অর্থনীতির এত গুরুত্বপূর্ণ একটি চালিকাশক্তি যদি দিন শেষে অবহেলা ও অনবরত অবমূল্যায়নের মধ্য দিয়ে পরিচালিত হয়, তবে দেশের টেকসই উন্নয়ন আর যাই হোকÑ কখনোই সম্ভব নয়।


লেখক: সমাজকর্ম বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা